০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

তৌফিক জহুর

তৌফিক জহুর

তৌফিক জহুরের জন্ম ১৫ ডিসেম্বর ১৯৭৩, বগুড়ায়।  মূলত কবি, প্রবন্ধকার ও সাংস্কৃতিক সংগঠক। বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রিধারী তিনি সাংবাদিকতার হাত ধরে সৃজনযাত্রা শুরু করেন, যা ক্রমে বিস্তৃত হয় কবিতা, গবেষণা ও সাহিত্য-সংস্কৃতি চর্চায়।

২০০৪ সালে প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থ আল-মাহমুদ এবং অন্যান্য ব্যাপক আলোচিত হয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তৃষ্ণার্ত চোখের আকুতি (২০১৬), পাখি বিক্রি কাহিনি (২০১৯), কে তোমাকে ডেকে নিয়ে যায় বারেবারে (২০২০), এই শহরে আমার কোনো প্রেমিকা নাই (২০২১)। যৌথভাবে প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে ঠান্ডা মাংস ও আগুনের চুলি (তৃষ্ণা বসাক, ২০২১), শব্দের ওঙ্কার: The Magical Echo of Sound (কুশল ভৌমিক, ২০২২) এবং দ্বিভাষিক কবিতা-সংকলন নবুবা ও মালতীনগর (২০২৫)।

১৯৯৮ সাল থেকে তিনি সম্পাদনা করছেন উদ্যান, শিল্প-সাহিত্য-দর্শনের ছোট কাগজ। তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন দেশ-বিদেশের বহু সম্মাননা, যেমন— জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার (২০২০), সিজার ভ্যালেজ্জো পুরস্কার ( প্যারিস,২০২২), অপরাজিত সাহিত্য পুরস্কার (২০২২), সৌমেন বসু স্মৃতি পুরস্কার (কলকাতা, ২০২২) প্রভৃতি।

তাঁর কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকী, দৈনিক ও ছোটকাগজে এবং অনূদিত হয়েছে ইংরেজি, আরবি, উজবেক, তাজিক, বুলগেরীয় ও স্প্যানিশ ভাষায়। তিনি বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে কবিতা উৎসবে অংশগ্রহণ করেছেন।

একজন সংগঠক হিসেবেও তৌফিক জহুর বিশেষভাবে পরিচিত। উদ্যান পত্রিকার উদ্যোগে ২০২০ সাল থেকে তিনি অনলাইন ভিজ্যুয়াল কার্যক্রম শুরু করেন, যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী কবিদের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁর বিশ্বাস— “কবিতার আকাশ এক, কবির ভাষা বহু, কিন্তু কবিতার সুর সর্বজনীন।”

বর্তমানে তিনি টিউনিসিয়ার Cultural Salon, মেক্সিকোর UMEA, মার্কিন যুক্তরাষ্ট্রের The Passion of Poetry (POP) সহ নানা আন্তর্জাতিক সংগঠনের সাংস্কৃতিক রাষ্ট্রদূত ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি Peace Ambassador (২০২৫–২০৩০) হিসেবে মনোনীত হয়েছেন ইন্দোনেশিয়ার সুপরিচিত সংগঠন Asih Sasami কর্তৃক। সম্প্রতি গ্রীসের বিখ্যাত কবিতা সংগঠন Poetry Unites People এর বাংলাদেশ থেকে এম্বাসাডর নিযুক্ত হয়েছেন।