রবীন্দ্রনাথ: বাঙলা ব্যাকরণে তির্যক রূপ
কেউ কেউ বলেছেন, ওসব না জেনেও তো বেশ চলছে। সে তো অন্ধজনও সাদা ছড়ির সাহায্যে রাস্তায় বেশ চলাচল করে। ওটা অভ্যেস। কিন্তু চক্ষুষ্মানের জন্য তেমন অভ্যেস ভালো না।
বাঙলা ব্যাকরণ নিয়ে কথা বলা, আলোচনা করা, পর্যালোচনা বা গবেষণা ইত্যাদি একেবারে তলানিতে ঠেকেছে। কিন্তু শেষ হয়ে যায়নি। এখনও যে অনেক কথাই বলা বাকি। সেগুলো বাদ দিই কীভাবে? বাঙলা আমাদের মাতৃভাষা। আত্মপরিচয়ের ভাষা। জীবনের সর্বস্তরের ভাষা। মানছি, এর ব্যাকরণ বিশ্লেষণ তন্ন তন্ন করে পড়া সবার জন্য নয়। তবে পরীক্ষায় পাশের জন্য কিছু পড়তেই হয়, সেটা সবটুকুই মুখস্থবিদ্যার ব্যাপার। সাধারণত শেখা হয় না কিছুই। স্বভাবতই প্রশ্ন জাগে, আমরা কি বাঙলা ব্যাকরণ লিখতে চাই? শেখাতে চাই প্রজন্মকে? কতোটা শেখাতে চাই? রবীন্দ্রনাথ বাঙলা ব্যাকরণ তির্যক রূপের কথা বলেছেন শতাব্দীকালেরও আগে। কী সেই বিষয়? আজকের সংক্ষিপ্ত আলোচনা সেই প্রসঙ্গে।
স্কুল কলেজের ব্যাকরণ বইতে তির্যক রূপের বিষয়টা আমি পাইনি। ২০১২ সালে দুই বাঙলার একাডেমি প্রণীত ‘প্রমিত বাঙলা ভাষার ব্যাকরণ’ বইতেও বিষয়টা আমরা অন্তর্ভুক্ত করিনি। কেউ কেউ বলেছেন, ওসব না জেনেও তো বেশ চলছে। সে তো অন্ধজনও সাদা ছড়ির সাহায্যে রাস্তায় বেশ চলাচল করে। ওটা অভ্যেস। কিন্তু চক্ষুষ্মানের জন্য তেমন অভ্যেস ভালো না। কাঙ্ক্ষিতও নয়। কারণ, আমরা বাঙলা ব্যাকরণ তো পড়িই (থুড়ি মুখস্থ করি)। সেটুকু একটু বুঝে নিতে আপত্তি কোথায়? মাতৃভাষা সম্পর্কিত বিশ্লেষণের বিদ্যেটা না হয় আর একটু জানলাম।
রবীন্দ্রনাথ বলেছেন, “মারাঠি হিন্দি প্রভৃতি অধিকাংশ গৌড়ীয় ভাষায় শব্দকে আড় করিয়া বলিবার একটা প্রথা আছে। যেমন হিন্দিতে 'কুত্তা' সহজ রূপ, ‘কুত্তে' বিকৃত রূপ। 'ঘোড়া' সহজ রূপ, ‘ঘোড়ে' বিকৃতরূপ। এই বিকৃত রূপকে ইংরেজি পারিভাষায় ‘ oblique form' বলা হয়। আমরা ইহাকে তির্যক রূপ নাম দিব।”
না না। তা হবে না, শ্রদ্ধাভাজন ঠাকুর। প্রথম, তির্যক রূপ হলো 'বলিবার প্রথা'। সেটা এক প্রকার ভাষিক বৈশিষ্ট্য হতে পারে। আমরা ব্যবহার করি 'বলিবার প্রথা' হিসেবে। লাগসই প্রায়োগিক যোগ্যতার গুণেই তা আমাদের মুখে এসে যায়। যেমন,’ কামাল পাশা’, 'কাবাব’, আরবি শব্দ দুটির তুর্কি উচ্চারণ 'কেমাল পাশা, কেবাব'। এখানে তুর্কি ভাষার বৈশিষ্ট্যই প্রধান। তারা আড় করেই উচ্চারণ করে। সেটা তাদের আড় করে বলার প্রথা। তির্যকরূপ নয়। রবীন্দ্রনাথও 'কেমাল পাশা' লিখেছেন তাঁর প্রবন্ধে। তির্যকরূপ হিসেবে নয়, ভাষিক বৈশিষ্ট্য হিসেবে পাওয়া।
কিন্তু যদি 'কুত্তে, ঘোড়ে' শব্দরূপকে 'বিকৃতরূপ' বলা হয়, তার মধ্যে একটা রাগ বা ঘৃণার ভাব থাকে। সেটাকেও ভাষিক বৈশিষ্ট্যই বলা যায়। একটা কথা মনে রাখতে হবে, ভাষাবিজ্ঞানে 'বিকৃত রূপ' বলে কোনও শব্দের পরিচয় নেই। সংজ্ঞাও নেই। ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. সুনীতিকুমার এবং ড. এনামুল হকের বাঙ্গালা ব্যাকরণে ধ্বনিপ্রকরণ পর্বে স্বরধ্বনির 'বিকৃত উচ্চারণ' শব্দটি পাওয়া যায়। রবীন্দ্রনাথও ব্যবহার করেছেন 'বিকৃত ধ্বনি' শব্দটা। এখন সেটি আর উচ্চারিত হয় না। কারণ এখন আমরা জানি, বিকৃত উচ্চারণ বলতে ধ্বনিপ্রকরণ পর্বে তাঁরা যা বোঝাতে চেয়েছেন, তা আসলে সহধ্বনি। মূল ধ্বনির টানে, প্রগত বা পরাগত সন্ধির কারণে উৎপাদিত ধ্বনি। যাদের অস্তিত্ব শুধু শ্রুতিতে, যাদের প্রতীক থাকে না। কিন্তু সে প্রসঙ্গ এখানে নয়।
দ্বিতীয়, তির্যকরূপ আর 'অবলিক ফর্ম' এক নয়। 'আড় করিয়া বলিবার প্রথা'-কে রবীন্দ্রনাথ তির্যক রূপ তথা ইংরেজি পারিভাষিক মেনে 'অবলিক ফর্ম' বলেছেন। আসলে তা নয় বলে আমার ধারণা। যথাস্থানে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা হবে। শুধু এটুকু বলে রাখা যায়, তির্যক রূপ 'ভাষিক বৈশিষ্ট্য' হলে, অবলিক ফর্ম হলো 'ভাষিক নিয়ম'। ভাষিক বৈশিষ্ট্যের রকমফের কখনও হতেও পারে, কিন্তু ভাষিক নিয়ম, ব্যতিক্রম ছাড়া, অবিচলিত। তির্যক রূপের সাথে প্রত্যয় যুক্ত হওয়ার নিয়ম এবং অবলিক ফর্মের সাথে প্রত্যয় যুক্ত হওয়ার নিয়মও তাই আলাদা। মারাঠিতে অবলিক ফর্মকে বলা হয় 'সামান্য রূপ'। মানে, পরিবর্তিত রূপ। তির্যক রূপ নয়।
তৃতীয়, শুধু বিশেষ্য বা বিশেষ্যপদবাচ্য শব্দরূপই প্রত্যয় গ্রহণের আগে পরিবর্তিত হয়ে অবলিক ফর্ম তৈরি করে। বাঙলা ক্রিয়াপদের জন্য এটা প্রযোজ্য নয়।
রবীন্দ্রনাথ বলেছেন, "অন্যান্য গৌড়ীয় ভাষার ন্যায় বাঙলা ভাষাতেও তির্যক রূপের দৃষ্টান্ত আছে। যেমন; বাপা, ভায়া (ভাইয়া ), চাঁদা, লেজা, ছাগলা, পাগলা, গোরা, কালা, আমা, তোমা, কাগাবগা, কাকবক, বাদলা, বামনা, কোণা, ইত্যাদি"।
রবীন্দ্রনাথ তির্যক রূপ হিসেবে বাঙলা যে শব্দগুলোর দৃষ্টান্ত দিয়েছেন, সেগুলোর সবগুলোই বিশেষ্য পদবাচ্য শব্দরূপ। কিন্তু সবগুলো 'তির্যক রূপ' কিনা, তা বিশ্লেষণের অপেক্ষা রাখে। আমাদের প্রবণতাই হলো, বাঙলা ব্যাকরণের বিশ্লেষণে নতুন কিছু পেলে তাকে হয় সংস্কৃত, নয় ইংরেজির আদলে ঢেলে মানিয়ে নেয়া। বাঙলারও যে নিজস্ব বিশ্লেষণ এবং নিয়ম-নীতি আছে, সে কথা মনেই আসে না। এবার শব্দগুলো বিশ্লেষণ করা যাক:
বিশেষ্য: বাপা, ভায়া, চাঁদা, লেজা, কাগাবগা, ছাগলা, পাগলা, বাদলা, বামনা,
কোণা
বিশেষণ: গোরা, কালা,
সর্বনাম: আমা, তোমা
এবার দেখা যাক তির্যক রূপ আর অবলিক ফর্ম তথা সামান্য রূপের পার্থক্য কোথায়?
বাপা: 'বাপ' হলো সম্পর্ক। সেখান থেকে বাপা। আদরের ডাক। 'বাপ' একটা সম্পর্ক, অন্যটা, মানে 'বাপা' হলো, সম্বোধন। প্রত্যয় গ্রহণের আগে বাপ-কে 'বাপা' হতেই হবে, এমন কিন্তু নয়। সেটা অবলিক ফর্মের প্রধান বৈশিষ্ট্যই। তাছাড়া সম্বোধনটাই 'বাবা'। তাই 'বাবা+কে, বাবা+দের, বাবা+রা, ইত্যাদি খুব সাধারণ বুৎপত্তিজাত শব্দ। এখানে আড় করে বলার সুযোগ নেই। প্রয়োজনও নেই। একে তির্যক রূপও বলা যায় না। আবেগে আহ্লাদে 'ব হয়েছে 'প'। হয়েছে বাবা> বাপা।
এটা নিয়ম নয়, বরং বলা যায়, আবেগলগ্ন শব্দ। অবলিক ফর্ম হলে নিয়ম হতো। তখন প্রত্যয় গ্রহণের সময় 'বাপা'+ প্রত্যয় যুক্ত হতো। যেমন; বাপা+রা / দের / কে, হতেই হবে। তা কিন্তু নাও হতে পারে। এখানে জীবন্তভাষার অন্যতম বৈশিষ্ট্য 'এনালজি' কাজ করেছে বলে মনে করি।
ভায়া: এটাও তাই। 'ভাই / ভাইয়া / ভায়া' হলো সম্বোধন। ভাই হলো সম্পর্ক। ভায়া না বললে শব্দরূপটা যে প্রত্যয় নিতে পারবে না, ব্যাপারটা মোটেই তা নয়।
চাঁদা: বস্তুটার নাম চাঁদ। তাকে আদরার্থে বলা হয় 'চাঁদা। 'চাঁদা' একটা ভিন্ন শব্দও বটে। এমন নয় যে, চাঁদের তির্যক ফর্ম ‘চাঁদা' না হলে শব্দরূপ প্রত্যয় গ্রহণ করতে পারবে না। আমরা অনায়াসে যেমন বলতে পারি, ‘ভাই+কে, ভাই+দের, ভাই+গুলো; তেমনি বলতে পারি, চাঁদ+কে, চাঁদ+এর, চাঁদ+নি।
সুতরাং বলা যায়, বাঙলায় 'ভায়া, চাঁদা', আড় করে বলার আবেগিক রূপ। ভাষিক বৈশিষ্ট্য বা তির্যক ফর্ম মাত্র। অবলিক ফর্ম বা ভাষিক নিয়ম নয়। তাই 'ভায়া+গুলো', 'ভায়া+দের', 'ভায়া+কে' বলতেই হবে এমন নয় বলেই মানা যায়। প্রমিত বাঙলায় আমরা সেরকম বলিও না।
লেজা, কাগাবগা: লেজ-কে 'লেজা' বলাটা ভাষিক বৈশিষ্ট্য। এর মধ্যে কিছু আঞ্চলিকতা আছে। 'কাগাবগা'ও তাই। প্রমিত বাঙলায় 'লেজা বা কাগাবগা' বলা হয় না। ধরা যাক, বলা হলো, মাছের লেজ+টা, মাছের লেজ+এ কাঁটা বেশি, মাছের লেজ+গুলো প্রেশার কুকারে রান্না করি। 'লেজা+য়' কাঁটা বেশি, 'লেজা+গুলো' রান্না করি, এমন বলা হচ্ছে না। এখানে কোথাও, প্রত্যয় গ্রহণের আগে তির্যক রূপ 'লেজা' প্রমিত বাঙলায় ব্যবহার করা হচ্ছে না। অতএব, প্রমিত বাঙলায় একে অবলিক ফর্ম বলা যায় না।
কাগাবগা-ও তাই। প্রমিত বাঙলায় এর ব্যবহার নেই। আঞ্চলিক বাঙলায় আছে 'কাগাবগা' শব্দের ব্যবহার। এটা আড় করে বলা নয়, এমনি করেই বলে। আঞ্চলিক ভাষিক বৈশিষ্ট্য হিসেবেই বলে। বরং প্রমিত বাঙলাভাষিদের বলতে শুনেছি, 'কাকেবকে' খেয়ে যাবে। 'কাকবকের' উৎপাত বেড়েছে। 'কাগাবগা' খাবে বা 'কাগাবগা’+র উৎপাত হয়েছে, বলতে শুনিনি।
'ছাগলা, পাগলা’ শব্দ দুটি আড় করে বলার রীতির মধ্যে পড়ে না। এবং এরা তির্যক রূপ তথা অবলিক ফর্মও নয়। কারণ মৌলিক শব্দ দুটি স্বাভাবিক রূপেই প্রত্যয় গ্রহণ করতে পারে। যেমন:
ছাগল+ কে, ছাগল+গুলো, ছাগল+এর
পাগল+কে, পাগল+দের, পাগল+এর
লিখতে কোনও অসুবিধে নেই। প্রত্যয় গ্রহণের আগে 'পাগলা+ , ছাগলা+ রূপ হতেই হবে, তা নয়। এখানে ভাষিক নিয়ম খুঁজে পাই না। তাই এগুলোকে অবলিক ফর্ম বলা যায় না।
এছাড়াও পাগল-কে পাগলা বলার মধ্যে একটা আদর আদর ভাব থাকে। অন্যদিকে 'ছাগল-কে ছাগলা বলার মধ্যে তুচ্ছতার ভাব থাকে। এগুলো প্রায়োগিক বাঙলার ব্যবহারসীমায় স্থিত।
বাদলা, বামনা, কোণা, শব্দ তিনটেরও কোনওটাই তির্যক রূপ নয়। 'বাদল, বামন' থেকে 'বাদলা, বামনা' রূপ নির্মিত হয়েছে। কিন্তু 'বাদল, বামন' শব্দরূপও অনায়াসে প্রত্যয় গ্রহণ করতে পারে। আবার আমরা বলি ঘরের 'কোণ+এ' ময়লা। 'কোণায়+ও' বলতে পারি। তার মানে, বাঙলায় ‘কোণা' তির্যক বা অবলিক ফর্ম নয়। 'বলিবার প্রথাও' নয়। ভাষিক ব্যবহারে প্রায়োগিকতাই তার নিয়ামক।
'বাদলা, বামনা’ শব্দরূপে আঞ্চলিকতার ছাপ স্পষ্ট। অঞ্চল বিশেষে এমন উচ্চারণকে ভাষিক বৈশিষ্ট্যই বলা যায়। এটা ভাষিক নিয়ম নয় বলেই অবলিক ফর্ম নয়। কবিতায় রূপগুলো পাওয়া যায় ( হয়তো ছন্দের কারণে ) তির্যকরুপ হিসেবে। প্রমিত বাঙলা গদ্যে পাওয়া যায় না।
'গোরা, কালা'-কে মারাঠীতে বলবে শুন্য অবলিক ফর্ম। মৌলিক শব্দরূপেই তারা প্রত্যয় গ্রহণ করতে পারে।
কালো শব্দের সামান্য আড় ফর্ম 'কালা'। কিন্তু প্রত্যয় গ্রহণের আগে এই ফর্ম আবশ্যিক নয়। বরং 'কালা' শব্দরূপের ব্যবহার আছে আঞ্চলিক ভাষায়। প্রমিত বাঙলায় চলে না।
তুলনা করে দেখার জন্য কয়েকটা মারাঠি অবলিক তথা সামান্যরূপের নমুনা দেয়া যাক:
ক) হাত > হাতা, তার সাথে প্রত্যয় যুক্ত হবে। যেমন; হাতা+ওয়ার (হাতের ওপর), হাতা+চা ( হাতের ), হাতা+পাশি ( হাতের কাছে),
খ) গলা > গলাইয়া, তারপর গলাইয়া+ওয়ার (গলার ওপর), গলাইয়া+চা ( গলার), গলাইয়া+পাশি (গলার কাছে)
গ) পুস্তক > পুস্তকা , পুস্তকা+চে ( পুস্তকের ), পুস্তকা+ওয়ার ( পুস্তকের ওপর), পুস্তকা+লা (পুস্তকের দিকে)
'হাত, গলা, পুস্তক' শব্দরূপ নিজের দেহ-কাঠামো পরিবর্তিত করে প্রথমে 'সামান্য' রূপের (অবলিক) কাঠামো নেবে অনিবার্যভাবে, তারপর প্রত্যয় যুক্ত হবে। সাদা চোখেই বিশ্লেষণগুলো দেখা যাচ্ছে।
মনে রাখতে হবে: প্রত্যয় গ্রহণের আগে শব্দ দেহের পরিবর্তিত রূপ বা কাঠামোকে 'অবলিক ফর্ম' বলে। এটা ভাষিক নিয়ম। 'বলিবার প্রথা' নয়। শব্দরূপের অবলিক ফর্ম বা সামান্য রূপ নির্মিত না হলে প্রত্যয় গ্রহণ অসম্ভব।
তবে বাঙলায় খাঁটি অবলিক ফর্ম আছে। সর্বনাম পদে তা স্পষ্ট বোঝা যায়। যেমন:
আমি > আম, আমা
তুমি > তোম, তোমা
আপনি > আপন, আপনা
তিনি > তা
তুই > তো
সে > তা
কে > কা
তিনি > তা
সব > সবা
তালিকা দেখেই বোঝা যাচ্ছে, 'আমি' শব্দরূপ যদি পরিবর্তিত হয়ে 'আম' বা 'আমা' রূপ গ্রহণ না করে, তাহলে 'আম+রা' বা 'আমা+কে / দের' শব্দরূপ গঠন করা সম্ভব নয়। 'আমি+রা > আমিরা’, 'আমি-কে > আমিকে' বাঙলার শব্দরূপ নয়। আমরা জানি, মৌলিক শব্দকে আর ভাঙা যায় না। কিন্তু অবলিক ফর্ম গঠনের জন্য মৌলিক শব্দরূপও নিজেকে ভেঙে সামান্যরূপ গ্রহণ করে।
অর্থাৎ অবলিক ফর্ম হলো এমন এক শব্দরূপ, যা শব্দমূলের চেয়ে সাধারণত ছোটো এবং সেই ছোটো ফর্ম সাহিত্যে ব্যবহৃত হতে পারে।
তেমনি 'তুমি' থেকে 'তোম' এবং 'তোমা' অবলিক ফর্ম না হলে, ‘তোম+রা, তোমা+র, তোমা+দের' শব্দরূপ নির্মাণ করা যাবে না।
আপনি থেকে 'আপন, আপনা’, তারপর আপনা+র / কে / দের
'তুই' থেকে 'তো' তারপর তো+র, তো+দের, তো+কে
'সে' থেকে 'তা', তারপর তা+র / কে / দের
'কে' থেকে 'কা', তারপর কা+র / কে / দের / উকে
তিনি' থেকে 'তাঁ' , তারপর তাঁ+র, তাঁ+কে / দের
'সব' থেকে 'সবা' , তারপর সবা+(ই)কে / র / রে
এগুলোর কোনওটাই আড় করিয়া বলিবার প্রথা নয় বা তির্যক রূপ নয়। এগুলো অবলিক ফর্ম। আমি যাকে 'ক্রান্তিকালিন' ফর্ম বলি। এমন ফর্মের অর্থ থাকে না, কিন্তু প্রায়োগিক অনিবার্যতার কারণে সাহিত্যে ব্যাবহারযোগ্যতা থাকে। যে ফর্ম বা শব্দরূপ মৌলিক শব্দরূপের চেয়ে ছোটো, কিন্তু বুৎপত্তিজাত শব্দ নির্মাণের জন্য অপরিহার্য এবং অনিবার্য।
অবলিক ফর্মের ব্যবহারযোগ্যতার নমুনা:
কবিতায় / গদ্যে: আমা পানে / হতে, তোমা পানে / হতে, আপনা হতে / ভুলিয়া, কা তব কান্তা, তা দিয়ে তোমার কাজ কি, তাকে আমার দরকার নেই, সবাই এসো।
একই প্রবন্ধে রবীন্দ্রনাথ আরও বলেছেন, "সকল, সব' দুটি বিশেষণ পদ। ইহারা তির্যক রূপ ধারণ করিলে তবেই বিশেষ্যপদ হয়।"
আবার মতান্তরের কথা বলতে হচ্ছে। পদান্তরিত হওয়ার জন্য শব্দরূপ 'তির্যক রূপ' ধারণ করে না।
তির্যকরূপ তথা 'অবলিক ফর্ম' অথবা 'সামান্য রূপ' তৈরিই হয় শুধুমাত্র প্রত্যয় গ্রহণের যোগ্যতা অর্জনের জন্য।
রবীন্দ্রনাথ আরও বলেন, "সামান্য বিশেষ্যপদ যখন জীববাচক হয় প্রায় তখনই তাহা তির্যক রূপ ধারণ করে।" যেমন, বানরে লাফায়।
কিংবা বিশেষ্যপদে চেতনা আরোপ করে রূপকভাবে চেতন বাচকের মর্যাদা দিলে শব্দরূপ তির্যকরূপ লাভ করে। যেমন, প্লেগে ধরেছে, ম্যালেরিয়ায় ধরেছে।
প্রশ্ন হলো, 'বানরে, প্লেগে, ম্যালেরিয়ায়' কি তির্যক রূপ বা সামান্য রূপ? প্রত্যয় গ্রহণের জন্য এমন তির্যক রূপের প্রয়োজন কি অনিবার্য? আমরা কি বলি না, বানর লাফায়, প্লেগ ছড়িয়ে পড়ছে, ম্যালেরিয়া বিদায় নিয়েছে?
বানরে+গুলো/কে/দের তো বাঙলার ফর্মই নয়। তাহলে বানর-কে তির্যকরূপে পরিণত করার জন্য 'বানরে' করাটা অনিবার্য নয় বলেই মনে করি। 'বানর+যে কোনও প্রত্যয়' হতে পারে। অর্থাৎ তির্যক তথা সামান্য রূপের প্রধান শর্তটাই এখানে অনুপস্থিত।
ম্যালেরিয়া শূন্য প্রত্যয়ের শব্দরূপ। এই রূপের সাথে যে কোনও প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন, ম্যালেরিয়া+র, ম্যালেরিয়া+য়, ম্যালেরিয়া+কে, ইত্যাদি। তাই 'ম্যালেরিয়ায়' -কে তির্যকরূপ বলা যায় না। অর্থাৎ 'ম্যালেরিয়ায়+প্রত্যয়' রূপের দেখা বাঙলায় নেই। যেমন, ম্যালেরিয়ায়+কে / এর / তে, ইত্যাদি ফর্ম বাঙলায় নেই। তেমনি নেই প্লেগে+ এর / প্লেগে+ কে, আমরা বলি না। ম্যালেরিয়া এবং প্লেগ অবলিক ফর্ম গঠন করা ছাড়াই প্রত্যয় গ্রহণ করতে পারে। যেমন, ম্যালেরিয়া+কে ভয় পাই, প্লেগ+কে আর দেখতে চাই না। সুতরাং এদেরকে তির্যক রূপ বা অবলিক ফর্ম বলা যায় না বলেই মনে করি।
একটা কথা খুব ভালো করে মানি, তা হলো, বাঙলাভাষাকে রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন। বুঝতে চেয়েছেন এই ভাষার আসল রূপ-শক্তি-শোভা। তন্ন তন্ন করে খুঁজেছেন এবং দেখতে চেষ্টা করেছেন, বাঙলার গা থেকে সংস্কৃতের 'নামাবলি' ছাড়িয়ে নিলে কেমন লাগে দেখতে এই ভাষা? এই ব্যাপারেই উনি আমার অনুসরণীয় এবং অনুকরণীয়। আমিও তাই-ই চাই। কবির দৃষ্টি দিয়ে বাঙলার রূপ দেখা নয়, বিজ্ঞানের আলোকে বাঙলার রূপ দেখতে চাই।
উচ্চারণানুগ বানানের জন্য অনেক কথা বলেছেন রবীন্দ্রনাথ। গভীর সন্ধিৎসু মনে অধ্যয়ণ করে উচ্চারণের কিছু নিয়ম আবিষ্কার করেছেন। আমার মতে, বার বার সেগুলো বাঙলাভাষা সচেতন মানুষের পড়া দরকার। ইংরেজি শব্দের উচ্চারণ লেখার জন্য নতুন বর্ণ আমদানি করার কথাও বলেছেন তিনি। সুনীতি বাবুকে অনুরোধ করেছিলেন নতুন বর্ণ আমদানি করার জন্য। বাঙলায় বিদেশি শব্দের উচ্চারণ লেখার জন্য যে নতুন বর্ণের প্রয়োজন, সেই কথাটা প্রথম জানালেনই রবীন্দ্রনাথ। তিনি প্রথম "বাংলা" বানান লিখেছিলেন। সেটাই ছিল উচ্চারণানুগ বানান। প্রয়োজন অনুভব করেছিলেন একটা দন্ত-জ বর্ণের। কাজটা কঠিন ছিল না মোটেও। বর্গিয়-জ-এর নিচে একটা ছোট মাত্রা দিয়েও তা বোঝানো যেতো। আমরা পারিনি আজও। কোলকাতায় করেছে 'জ’-এর নিচে একটা ডট' দিয়ে। সেটাও গ্রহণ করিনি আমরা। অথচ "দন্ত-জ" বর্ণের প্রয়োজনটা এখনও আছে।
রবীন্দ্রনাথের অনুরোধ এবং একান্ত চেষ্টায় কোলকাতা বিশ্ববিদ্যালয় বাঙলা বানান সংস্কার কমিটি গঠন করে। উদ্দেশ্য ছিল, উচ্চারণানুগ বানান লেখা। যদিও অকথিত এবং অলিখিত ছিলো কারণটি। সেই সময় (১৯৩৪--৩৬) কোলকাতা বানান কমিটি স্বরবর্ণের তালিকায় 'অ্যা' বর্ণের আমদানি করে। অসাধারণ বৈপ্লবিক আবিষ্কার ছিল সেটি। বাংলা ভাষার প্রয়োজন ছিলো এই বর্ণটার। বিশেষ করে উচ্চারণানুগ বানান লেখার জন্য। প্রায় একশো বছর লাগল আমাদের সেই 'নতুন বড়ি'-র স্বাদ নিতে। এখনও অহেতুক সংশয় থেকে গেছে অনেকের মনে এই বিজ্ঞানমন্ত প্রেস্ক্রিপশন অনুসরন করতে।
এমনকি বর্তমান বিষয় ,'বাঙলা ব্যাকরণে তির্যক রূপ', সেটাও বাঙলা ব্যাকরণের জন্য নতুন দিগন্তের সংবাদ। কবি, দার্শনিক, গীতিকার, কথাসাহিত্যিক নোবেলবিজয়ী রবীন্দ্রনাথকে তাই ভাষাবিজ্ঞানী হিসেবেও অপরিমিত শ্রদ্ধা জানাতেই হবে। একইসাথে বাঙলা ব্যাকরণিক বিষয়ে তাঁর সাথে মতান্তর হলে, ভাষাবিজ্ঞানের আলোকে সে কথাও আলোচনায় আনতে হবে বলে মনে করি। কারণ বিজ্ঞান থেমে থাকে না। বাঙলার ভাষাবিজ্ঞানও এক জায়গায় আটকে নেই। নতুন নতুন বিশ্লেষণের আলোকে খুঁজে পেতে কেটে-চিরে দেখতে হবে বাঙলাভাষার নির্মাণকৌশল। এসব বোঝা তো আমাদেরও অনিবার্য কাজ।
সেই কোন কালে বীমস সাহেবের বাংলা ব্যাকরণ দেখে তিনি বলেছিলেন, “আমরা কেনো বাংলা ব্যাকরণ লিখিতে গিয়া সংস্কৃত ব্যাকরণ লিখি, আমাদের কোনও শিক্ষিত লোককে বাঙলা ভাষার ব্যাকরণের নিয়ম জিজ্ঞাসা করিলে তাঁহার চক্ষু স্থির হইয়া যায় কেন, এসব কথা ভাবিলে নিজের উপর ধিক্কার এবং সাহেবের উপর শ্রদ্ধা জন্মে।"
আসলে বাংলা ব্যাকরণ লেখার পথিকৃৎ তো বিদেশিরাই। মানুয়েল দ্য আসসুম্প সাঁও এবং হ্যালহেড সাহেব শুরু করেছিলেন বাংলা ব্যাকরণ লেখা। তারপর রামমোহন রায় (ইংরেজিতে বাংলা ব্যাকরণ, বিদেশিদের জন্য), বিদ্যাসাগর প্রমুখ বাঙলাপ্রেমি ব্যক্তিরাও উপহার দিয়েছেন বাংলা ব্যাকরণ। আমরা সেখান থেকে কতটুকু এগিয়েছি? রবীন্দ্রনাথের কাল থেকেই বা এগিয়েছি কতটুকু? আজও বাঙলা ব্যাকরণ লিখতে গেলে আমরা সংস্কৃত বা ইংরেজি ব্যাকরণের সাথে তুলনা খুঁজি। বাঙলার মতো শক্তিশালি অনার্য ভাষারও যে নিজস্ব ব্যাকরণ আছে, আছে নিজস্ব নিয়ম-নীতি, সেটা ভাবতেই পারি না। এই হীনম্মন্যতা আমাদের কবে কাটবে জানি না।
[এই প্রবন্ধে রবীন্দ্রনাথ 'নাম বিশেষ্য এবং সামান্য বিশেষ্য' সম্বন্ধে ইংরেজি ব্যাকরণের Proper noun এবং Common noun এর সাথে বাঙলা ব্যাকরণের তুলনামুলক আলোচনার যে প্রসঙ্গ তুলেছেন, তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করার ইচ্ছে রইল অন্যখানে।]
