১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নৈতিকতা শিক্ষার জন্য পরিবারের সঙ্গে প্রকৃতিও গুরুত্বপূর্ণ‘

“কোনটা ভাল ও কোনটা খারাপ এটা বুঝতে পারাই নৈতিকতা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 01:21 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

নৈতিকতা শিক্ষার জন্য পরিবার ও প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম।

তিনি বলেছেন, “নৈতিকতা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ—পরিবার; একইভাবে প্রকৃতিও। পরিবারে খাবার টেবিলে সবাই মিলে যে আলোচনা হয়, সেখানে নৈতিকতার ভিত্তি গড়ে ওঠে। 

“নৈতিক চর্চা হারিয়ে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি। এছাড়া প্রকৃতির কাছ থেকেও আমাদের নৈতিকতা শিখতে হবে।”

শনিবার ঢাকায় সিদীপের মিলনায়তনে নৈতিকতা বিষয়ক আলোচনা এবং ছোটকাগজ 'নী' এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘এবং বই’ ও ‘শিক্ষালোক’ এ অনুষ্ঠান আয়োজন করে।

নৈতিক দর্শনের ছোটকাগজ নী-এর পাঠ উন্মোচন পর্বে ইউল্যাবের খণ্ডকালীন শিক্ষক খান মো. রবিউল আলম বলেন, “ধর্মের বাইরেও আমাদের নৈতিকতার দুটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞান ও প্রকৃতি।”

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কুদরতে খোদা বলেন, “কোনটা ভাল ও কোনটা খারাপ এটা বুঝতে পারাই নৈতিকতা। নৈতিকতাবিহীন সমাজ ধনী হতে পারে, কিন্তু মহৎ হতে পারে না।” 

সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক আমীন আল রশীদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক ফাতিহুল কাদির সম্রাট, কবি সৈকত হাবিব, কবি ইমরান মাহফুজ, যুক্তরাষ্ট্র-প্রবাসী গবেষক ও লেখক আশরাফ আহমেদসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালন করেন নী এর নির্বাহী সম্পাদক নাজনীন সাথী ও সম্পাদকমণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ।