২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমার দরোজায়

বলেছো, কমলার কোয়ার মতো তোমার ঠোঁটের / কোণে বাঁকা হাসি, / তোমার কথার কিছুখানি তেজ,

তোমার দরোজায়
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

নীলিমা আকতার

Published : 22 Sep 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

তোমার দরোজায় বহুবার

গিয়েছে আমার শাড়ির পাড়।

সেগুনের কারুকাজ তোমার দরোজায়,

সূঁচের শৈলী শিফন শাড়িতে আমার। 

আঁচলটা দেখে নিয়ে কড়া নাড়ি,

তুমি দোর খুলে বললে, এসো, এসো।

আমি ভাবি কী হয়, কী হয় —

সঙ্কোচে চটুল, সংশয়ে চেয়ে দেখি চারিদিক।

তুমি বললে, নিজ হাতে কফি দেবো তোমায়!

— এক কাপ কালো কফি, চিনি বিহীন।

— নিজে মিষ্টি বলে চিনি খাও না বুঝি?

অথবা ওসব বলোনি কিছু।

বলেছো, কমলার কোয়ার মতো তোমার ঠোঁটের  

কোণে বাঁকা হাসি, 

তোমার কথার কিছুখানি তেজ,

আর তোমার অথৈ আবেগের অগ্নিগিরি 

নিয়ে বসো — বসো না সোফায়।

— আমার সব দেখি পড়েছেন খুব, 

আমিও পড়ে নেবো আপনার সংবিধান।

বললে, দ‍্যাখো আমার কৃষ্ণচূড়ায় তোমার সবুজ,

দ‍্যাখো, ম‍্যাগনেটে তোমার রবি ঠাকুর —

ভালোবেসে সখি।

— নামটি লিখেছেন কি? 

বড্ড কালির অভাব? 

— লিখেছি তো, 

তুমি নারী চাও বড় বেশি।

— কী কালিতে লিখেছেন নাম,

না বুঝি, না ভুলি। 

এসবের কোন এক কাহিনি ঘটেছিল,

কিংবা তুমি দরজার টোকাই শোননি,

কিংবা 

তোমার দরোজায় আমার শাড়ির পাড় 

যায়নি কখনো। 

কল্পনার কুহকে — কী যে সত্য জানা নেই।