'নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী' শুরু হচ্ছে শিল্পকলায়
দুটি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের “২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫” এর বিশেষ সংযোজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী 'নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী'।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই প্রদর্শনী চলবে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত। এবার ৬৮১জন শিল্পীর ১ হাজার ৩৯৩টি শিল্পকর্ম জমা পড়েছে। সেখান থেকে বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেছে।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমি জানিয়েছে, প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম যেমন: চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে।
দুটি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের “২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫” এর বিশেষ সংযোজন।
শিল্পকলা একাডেমির আমন্ত্রণে প্রতিবারের মত এবারেও প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর চারুকলা অনুষদ এবং শিল্পশিক্ষা প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) তাদের শিল্পকর্মের “কিউরেটেড শো” উপস্থাপন করছে।
এবারের আয়োজনে নতুন সংযোজন “রূপান্তর” শিরোনামে ১২ জন আমন্ত্রিত তরুণ শিল্পীর কিউরেটেড উপস্থাপনা।
উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাছাইকৃত ১৯১ জন শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
যার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে নগদ দুই লাখ টাকা ও ১টি গোল্ড কোটেড মেডেল, দ্বিতীয় প পুরস্কার নগদ দেড় লাখ টাকা এবং ১ লাখ টাকা দেওয়া হবে তৃতীয় পুরস্কার হিসেবে। এছাড়া সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে সাত জনকে। এই সাত পুরস্কারের প্রতিটির মূল্যমান পঁচাত্তর হাজার টাকা।
নীতিমালাতে সম্মানসূচক পুরস্কার ৫টির ঘোষণা থাকলেও এবার ২টি সম্মানসূচক পুরস্কার বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার এবং অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
১৯৭৫ সাল থেকে শিল্পকলার বিকাশে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের প্রদর্শনীর শিল্পকর্ম বাছাই কমিটির সদস্য হিসেবে ছিলেন শিল্পী অধ্যাপক নাইমা হক, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী মোহাম্মদ আলী, শিল্পী আজমীর হোসাইন, শিল্পী আসমিতা আলম শাম্মী।
পুরস্কার মনোনয়নের জন্য বিচারকমণ্ডলীর সভাপতি হিসেবে ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক। বিচারকমণ্ডলীর অন্য সদস্যরা হলেন শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম, চারুশিল্পী আনিসুজ্জামান সোহেল, ইয়াসমিন জাহান নূপুর, শিল্পী ইমাম হোসেন সুমন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচাল শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এবং একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
