২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীনাথ ভাদুড়ীর ‘ঢোঁড়াই চরিত মানস’

বিহারের অখ্যাত জিরানিয়া অঞ্চলে ধাঙড় পাড়ার কাছাকাছি অবহেলিত একটি গ্রামের নাম তাৎমাটুলি। এই গ্রামের বাসিন্দারা অতীতে নিজেদের তাঁতি বংশোদ্ভূত বলে গর্ব করলেও বাস্তবে তাদের জীবন অত্যন্ত অবহেলিত। প্রতিবেশী কর্মঠ ধাঙড়রাও তাদের ‘নোংরা জানোয়ার’ বলে অবজ্ঞা করে। তাৎমা মেয়েরা সাধারণত বছরে একবার স্নান করে—এমন কথাও উপন্যাসে উল্লেখ আছে।

আশরাফ আহমেদ

Published : 31 Mar 2026, 12:57 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

জেলেদের জীবন নিয়ে অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ ছাড়া সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন নিয়ে যৎসামান্য যা পড়েছি, তার কোনোটিকেই খুব বস্তুনিষ্ঠ বলে মনে হয়নি। তা জেলেদের জীবনই বলুন, ধাঙড়দের জীবনই বলুন, কিংবা সাঁওতাল বা পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথাই বলুন। শুধু তাই নয়, বাংলার সংখ্যাগরিষ্ঠ কৃষিজীবী মানুষের প্রাত্যহিক জীবন নিয়েও বাস্তবভিত্তিক লেখা চোখে পড়েছে খুব কম। নাগরিক জীবনে অভ্যস্ত লেখকেরা প্রমোদভ্রমণে গিয়ে দূর থেকে দেখা প্রান্তিক জনগোষ্ঠীকে নাগরিক দৃষ্টিকোণ থেকেই তাঁদের লেখায় উপস্থাপন করেছেন। ফলে সেই জনগোষ্ঠীর মনোজগৎ, সংস্কৃতি, চিন্তা-চেতনা এবং আশা–আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন সেখানে অনুপস্থিত থেকেছে। যেন ভিক্ষুকের প্রয়োজন বোঝার চেয়ে তাকে কিছু দান করাই মুখ্য—ফলে পাঠকও ভিক্ষুকের প্রকৃত চাওয়া–পাওয়ার ধারণা পান না।

প্রায় তিন বছর আগে এই অভিমত ব্যক্ত করলে সাহিত্য সমালোচক আহমদ মাযহার আমাকে একটি পুরোনো বই পড়ার পরামর্শ দেন। সেটি ছিল সতীনাথ ভাদুড়ীর ‘ঢোঁড়াই চরিত মানস’, যা ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর বই আকারে বের হয়। বইটির পিডিএফ কপি ইন্টারনেট থেকে নামিয়ে তখনই একটানে পড়ে ফেলেছিলাম। বইটি না পড়লে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ উপন্যাস পড়া থেকে আমি বঞ্চিত থাকতাম।

উপন্যাসটি পড়তে গিয়ে মনে হয়েছিল, লেখক যেন সমাজের সেই প্রান্তিক জনগোষ্ঠীরই একজন প্রতিনিধি। যে জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও অভিজ্ঞতা নিয়ে এই উপন্যাস লেখা হয়েছে, তা আমার কাছে এতটাই অপরিচিত ছিল যে প্রতিটি অংশ বারবার পড়েও তৃপ্তি মেলেনি। সম্প্রতি ড. জাহিদুল হক নামের এক বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া মুদ্রিত সংস্করণটি আবার পড়লাম। নিচে সেই পাঠ-অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তুলে ধরছি।

‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসের সময়কাল বিংশ শতাব্দীর প্রথমার্ধ (১৯০০–১৯৪৭)। বিষয়বস্তু সামাজিক ও রাজনৈতিক। বিহারের অখ্যাত জিরানিয়া অঞ্চলে ধাঙড় পাড়ার কাছাকাছি অবহেলিত একটি গ্রামের নাম তাৎমাটুলি। এই গ্রামের বাসিন্দারা অতীতে নিজেদের তাঁতি বংশোদ্ভূত বলে গর্ব করলেও বাস্তবে তাদের জীবন অত্যন্ত অবহেলিত। প্রতিবেশী কর্মঠ ধাঙড়রাও তাদের ‘নোংরা জানোয়ার’ বলে অবজ্ঞা করে। তাৎমা মেয়েরা সাধারণত বছরে একবার স্নান করে—এমন কথাও উপন্যাসে উল্লেখ আছে। তাদের খড়ের ঘরগুলো এতটাই নড়বড়ে যে দেশলাইয়ের বাক্স পায়ে চেপে চেপ্টে যাওয়ার পর সোজা করার চেষ্টা করলে যেমন হয়, তেমনই দেখায়।

পুরুষদের কাজ কুয়ো কাটা ও পরিষ্কার করা, কিংবা বাঙালি বাবুদের ঘরে খড়ের চাল ঠিক করা। কিন্তু দিনে একবেলা পেটে কিছু পড়লেই অনেকেই আর কাজ করতে আগ্রহী হয় না। মসুর ডাল তাদের কাছে বিলাসিতা—তারা বিশ্বাস করে এটি ‘গরম’ এবং কুষ্ঠরোগের কারণ হতে পারে। তবে সন্তান জন্মের পর মেয়েরা শরীরের শক্তি ফেরানোর জন্য মসুর ডাল খায়। তাদের বিশ্বাস—ছেলের শক্তি মায়ের দুধে, আর মায়ের দুধ হয় মসুর ডালে। এমন বিচিত্র বিশ্বাসে ভরা এই সমাজে এক বোবা সন্ন্যাসী—বৌকা বাওয়া—একটি গাছের গুঁড়িকে পূজা করতে শুরু করলে জায়গাটি এক সময় তীর্থক্ষেত্রে পরিণত হয়।

এই সমাজেই জন্ম নেয় ঢোঁড়াই নামের এক শিশু। তার জন্মদাতা কে, সে বিষয়ে তার মা-ও নিশ্চিত নন। পিতার মৃত্যুর পর ঢোঁড়াই বড় হতে থাকে বৌকা বাওয়ার আশ্রয়ে ভিক্ষা করে করে। তবে মায়ের স্নেহ থেকেও সে পুরোপুরি বঞ্চিত নয়—কারণ মা পরে এক ক্ষমতাধর চাপরাসীকে বিয়ে করে।

ঢোঁড়াইয়ের জীবনকথাই উপন্যাসের মূল উপজীব্য। তার বেড়ে ওঠা, প্রেম, বিবাহ, সমাজের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়া—সব মিলিয়ে এক বিশাল জীবনচিত্র গড়ে উঠেছে উপন্যাসে।

কৈশোরে ঢোঁড়াই ধাঙড় বন্ধুদের সঙ্গে সরকারি রাস্তার কাজ করতে গেলে তাৎমা সমাজের আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয়। সমাজপতিরা বিচার করলেও পরে ঢোঁড়াইয়ের সাহস ও কর্মদক্ষতায় তারা মুগ্ধ হয়। পরে সে রামিয়া নামে এক মেয়েকে বিয়ে করে সংসার গড়ে তোলে। কিন্তু প্রতারণা ও অভিমানের কারণে স্ত্রী ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সে দূরবর্তী বিসকান্দা গ্রামে চলে যায়।

এই গ্রামে এসে ঢোঁড়াই কৃষিজীবী মানুষের দুর্দশা দেখে তাদের নেতৃত্বে এগিয়ে আসে। তাদের দাবি ধীরে ধীরে গান্ধীর স্বরাজ, সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলন–এর সঙ্গে যুক্ত হয়ে যায়। বহু অত্যাচার ও কারাবাসের পর দেশ স্বাধীন হয়, কিন্তু প্রান্তিক মানুষের ভাগ্যে বিশেষ পরিবর্তন আসে না। হতাশ ঢোঁড়াই রাজনীতি ত্যাগ করে ছদ্মবেশে আবার তাৎমাটুলিতে ফিরে আসে—স্ত্রী রামিয়ার খোঁজে। সেখানে এসে জানতে পারে, তার অন্তর্ধানের বহু আগে সন্তান প্রসবের সময় রামিয়া ও শিশুটি মারা গেছে। নিজের পরিচয় গোপন রেখেই ঢোঁড়াই আবার অজানার পথে পাড়ি দেয়। এখানেই উপন্যাসের সমাপ্তি।

দ্বিতীয়বার পড়েও বইটি আমাকে সম্পূর্ণ তৃপ্ত করতে পারেনি—বরং নতুন প্রশ্ন জাগিয়েছে। তাৎমা সমাজের প্রতিটি বিশ্বাস, আচরণ ও চরিত্র পাঠকের মনে গভীর মমতার ছাপ ফেলে। মনে হয়, ঐ সমাজে জন্ম না হলে তাদের মনোজগৎ এত জীবন্তভাবে তুলে ধরা সম্ভব নয়।

সতীনাথ ভাদুড়ীর জীবনপথও বিস্ময়কর। ১৯০৬ সালে বিহারের পূর্ণিয়ায় এক খ্যাতনামা আইনজীবীর ঘরে তাঁর জন্ম। পিতার ইচ্ছায় বিলাতে পড়তে যাওয়ার সুযোগ থাকলেও তিনি পূর্ণিয়াতেই থেকে আইনচর্চা শুরু করেন। পরে গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৩৯–১৯৪৭ সময়কালে জিরানিয়া অঞ্চলের গ্রামগুলোতে ঘুরে মানুষের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন। স্বাধীনতার পরে কংগ্রেসের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে তিনি সরে দাঁড়ান।

এই অভিজ্ঞতার প্রতিফলন আমরা ‘ঢোঁড়াই চরিত মানস’–এর নানা চরিত্র ও ঘটনার মধ্যে দেখতে পাই। উপন্যাসের ঢোঁড়াই এবং বাস্তবের সতীনাথ—দুজনের জীবনেই রাজনৈতিক আদর্শ, মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা এবং শেষে রাজনীতির প্রতি হতাশা—এই মিল লক্ষণীয়।

পরবর্তী জীবনে সতীনাথ ভাদুড়ী সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর রাজনৈতিক উপন্যাস ‘জাগরী’ ১৯৫০ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করে। তবে সমালোচকদের মতে তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি ‘ঢোঁড়াই চরিত মানস’। উপন্যাস, গল্পসংকলনসহ তাঁর মোট রচিত গ্রন্থের সংখ্যা মাত্র চৌদ্দ হলেও তাঁকে অনেকেই বলেন—“লেখকদের লেখক”।