২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহনজিন ৯ – পরিবেশ সচেতনতা ও সাম্যবাদ

ট্রেন-বাস বা পথেঘাটে বলুন, চেহারা বা পোষাক দেখে কে ধনী, কে অধ্যাপক, কে ছাত্র, বা কে কেরানি তা বোঝার কোনোই উপায় ছিল না।

আশরাফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 09:32 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

জাপানে আসার আগে মিনামতো রোগ নামে একটি রোগের কথা পড়েছিলাম। পঞ্চাশ ও ষাটের দশকে জাপানে কাগজ কারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ছাড়া হতো। দেখা গেল মিনামতো এলাকার নদীর আশেপাশের অধিবাসীরা নতুন একটি বিশেষ ধরণের রোগে আক্রান্ত হচ্ছিল। রোগটির নাম দেয়া হলো মিনামতো রোগ। স্থানীয় অধিবাসীরা অভিযোগ করলো কারখানার বর্জ্য তাঁদের নদীতে ফেলার ফলে এই রোগ হচ্ছে। নদীটি ছিল তাঁদের পাণীয় জলের উৎস!

কাগজের কোম্পানির বিরুদ্ধে আন্দোলন শুরু হলে মালিকরা রোগটির সাথে বর্জ্যের সম্পর্কের কথা অস্বীকার করলো কারণ ভুক্তভোগীদের শুধু ক্ষতিপূরণ দেয়া নয়, কারখানাটিই হয়তো বন্ধ করে দিতে হবে। ফলে আন্দোলনকারীদের নেতৃস্থানীয় লোকজন খুন এবং গুম হয়ে যেতে লাগলো। কিন্তু দিনে দিনে রোগটি যে কারখানার বর্জ্য থেকেই সৃষ্টি হয়েছে তার ভিত্তি দৃঢ়তর হলে সরকার নড়েচড়ে বসলো।

তাছাড়া শিল্প-কারখানা এবং যানবাহন নিঃসৃত কালো ধোঁয়া টোকিও এবং ওসাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের আকাশকে মধ্য-দিবসেও অন্ধকারাচ্ছন্ন করে রাখতো। এই তথ্যগুলো পাঠ্যপুস্তক ছাড়াও টিভিতে দেখানো বিদেশি সমীক্ষা এবং সেগুলোর ওপরে ভিত্তি করে ঢাকার সংবাদ মাধ্যমে পড়ে এসেছিলাম। কিন্তু জাপানে পৌঁছে ওসাকার আকাশকে আমার একেবারেই ধোয়াশাচ্ছন্ন মনে হয়নি বলে আশ্চর্য হচ্ছিলাম। একইভাবে জাপানের বৃহত্তম টোকিও এবং শিল্পনগরী নাগোয়া-য় বেড়াতে গিয়েও ধোয়াশাচ্ছন্ন আকাশের হদিস পাইনি। এর অর্থ দাঁড়াচ্ছে ঢাকায় যেসব জেনে এসেছি তার সবই ছিল পুরনো সংবাদ সমীক্ষা।    

আকাশটি কেন আশাতীত পরিষ্কার ছিল তা বুঝতে পেরেছিলাম বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করতে গিয়ে। কারখানা পরিদর্শনের একটি বড় অংশ ছিল কারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থাপনাটি দেখা। কয়েক বছর থেকে সরকারী আইন অনুযায়ী নিজ নিজ বর্জ্য পরিশোধন ছাড়া কোনো কারখানা চলতে পারতো না। জাপানিরা আইনের প্রতি যে কী রকম যত্ন ও শ্রদ্ধাশীল সে নিয়ে পরবর্তীতে বিস্তারিত লিখেছি।

পরিবেশ রক্ষা আইনটিকে মালিকরা এতোই গুরুত্ব দিল যে কারখানায় ঢোকার সাথে সাথে যে দৃষ্টিনন্দন বাগান ও বিশাল বিশাল চৌবাচ্চায় রং বেরঙ্গের মাছের দেখা যেতো, তা হতো ধোঁয়া এবং বর্জ্য পরিশোধন প্রক্রিয়ারই অংশ। প্রতিটি চৌবাচ্চার পানিতে বিষাক্ত পদার্থের উপস্থিতি ও পরিমাণ মাপার জন্য দিনে দুইবার করে রাসায়নিক, জৈব ও জৈবরাসায়নিক পরীক্ষা করা হতো। নির্গত ধোঁয়াকে অবশ্যই বিশাল বিশাল চৌবাচ্চার পানির ভেতর দিয়ে প্রবাহিত করা হতো। ধোঁয়ায় মিশ্রিত কার্বন ও বিষাক্ত পদার্থ পানি দ্রবীভূত করে নিতো। রাসায়নিক পরীক্ষায় উতরে গেলেও খুবই অল্প মাত্রার পদার্থ প্রাণির জন্য ক্ষতিকর হতে পারে।

ফলে বিভিন্ন স্তরে পরিশোধিত হয়ে ধোঁয়া এবং বর্জ্য-ধোয়া পানি বাগানের প্রথম চৌবাচ্চায় এসে জমা করা হয়। এই পানিতে রুই ও শোল জাতীয় শক্ত-সামর্থ বড় বড় কালো মাছই শুধু বাঁচতে পারে, ছোটো মাছ অসুস্থ হয়ে পড়ে অথবা মরে যায়। এই পানি আবার পরিশোধিত হয়ে পরবর্তী যে চৌবাচ্চায় জমা হয়, সেখানে মাঝারি জাতের সাদা-কালো ও কিছু রঙিন মাছই শুধু বাঁচতে পারে। সবচেয়ে পরিশোধিত পানির চৌবাচ্চায় খেলা করতো অত্যন্ত নাজুক স্বভাবের বিভিন্ন জাতের ও রঙের গোল্ডফিশ এবং ছোট ছোট দারখিনা জাতের মাছ। এভাবে দুষিত বর্জ্য, পানি ও ধোঁয়াকে পরিশোধন করা হতো। সবশেষে পাওয়া কঠিন বর্জ্যটিকে উপযুক্ততা অনুযায়ী কৃষি অথবা মাটি ভরাটের কাজে ব্যবহার করা হতো। প্রতিটি কারখানার অনেক উঁচু একটি চিমনি দিয়ে ধবধবে সাদা ধোঁয়ার সাথে আমরা শরতের মেঘের রঙের পার্থক্য করতে পারতাম না।

সাড়ে চার দশক পর আবার ভ্রমণে গিয়ে জাপানের এই পরিবেশ সচেতনতা ও পরিচ্চন্নতা জ্ঞান আরো বহুগুণ উন্নত হয়েছে প্রত্যক্ষ করেছি। এ সম্পর্কে পরবর্তিতে বিস্তারিত লিখেছি।

পরিদর্শনের সবশেষ পর্বটি হতো কারখানার ক্যাফেটারিয়ায় মধ্যাহ্নভোজন। আমাদের জন্য কোনো বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো না। শত শত শ্রমিক ও কর্মকর্তা একই পোষাক পরে খাবারের ট্রে হাতে নিয়ে লাইন ধরে দাঁড়াত। লাইনে হয়তো সবচেয়ে নিম্ন স্তরের মেথর বা ঝাড়ুদারের পেছনে কোম্পানির সবচেয়ে উর্দ্ধতম ম্যানেজার বা মালিক লাইনে দাঁড়িয়ে আছে। কে রাজা কে প্রজা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। আমরাও তার ব্যতিক্রম নই। নিজের সময় এলে রুচি অনুযায়ী ট্রেতে খাবার উঠিয়ে দাম চুকিয়ে যে যার মত বসে পড়তো। তবে অতিথি বলে সর্বত্র নয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা, বহিরাগত অতিথিরা যেন কোম্পানির বড় কর্তাদের সাথে বসে কথা বলতে পারি তার জন্য একটি টেবিল আলাদা রাখা হতো।

জাপানের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ন্যুনতম একটি করে ক্যান্টিন বা ক্যাফেটারিয়া থাকতো। দুপুরে খাওয়ার সময় অধ্যাপকরা ছাত্রদের সাথে সেখানে ট্রে হাতে নিয়ে একই লাইনে গিয়ে দাঁড়াতেন। খাবার নিয়ে একই বেঞ্চিতে বসে আশেপাশের ছাত্রদের সাথে গল্প করতে করতে খাবার শেষ করতেন। শিক্ষকদের জন্য আলাদা কোনো ঘর বা টেবিল ছিল না, তা তাঁরা যতো বড় জাদরেল অধ্যাপকই হোন!

এতোদিন পুঁজিবাদী সমাজে ধনী দরিদ্রের বৈষম্য প্রবল বলেই জেনে ও পড়ে এসেছিলাম। জাপান পুঁজিবাদী ও পৃথিবীর একটি সর্বোচ্চ ধনী দেশ ও সমাজের প্রতিভূ। কিন্তু এদেশে আসার পর বিশ্ববিদ্যালয় বলুন আর ট্রেন-বাস বা পথেঘাটে বলুন, চেহারা বা পোষাক দেখে কে ধনী, কে অধ্যাপক, কে ছাত্র, বা কে কেরানি তা বোঝার কোনোই উপায় ছিল না। সেই তুলনায় বাংলাদেশ তখন পৃথিবীর দরিদ্রতম দেশ হয়েও শুধু চেহারা বা পোষাকের দিকে তাকিয়ে কে কতো ধনী বা ক্ষমতাবান তা আঁচ করে নেয়া যেতো। এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরুর আগের দিন পর্যন্ত যে ক্যান্টিনে বসে সহপাঠী বা কনিষ্ট বন্ধুদের সাথে আড্ডা দিতাম, অলিখিত এক সামাজিক নিয়মের কারণে পরদিন থেকে একই টিএসসি ভবনে আমার ক্যান্টিনটি আলাদা হয়ে গিয়েছিল। জন্মের পর থেকেই আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থা এই বৈষম্যের প্রশিক্ষণ দিয়ে চলেছে!    

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমি বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িত ছিলাম। ধনী হোক, দরিদ্র হোক, মানুষে মানুষে কোন প্রভেদ থাকা উচিৎ নয় বলে বিশ্বাস করতাম। জাপানের এসব কারখানা পরিদর্শনের প্রায় শেষ পর্যায়ে ক্যাফেটারিয়ায় খাওয়ার দৃশ্যটি দেখে এখানেই সত্যিকারের সাম্যবাদ আছে বলে মনে হতো। খুব ভালো লাগতো।

৮ই জানুয়ারি, ২০১৯