আল্লাহ রাখি
কিন্তু ব্রাহ্মণের মতো দেখতে, ফর্সা রং, ইংলিশ স্যুট আর অক্সফোর্ড জুতো পরা একজন ইংরেজের চেয়েও হ্যান্ডসাম তার বর এমন কাজ করতে পারে এটা কেউ-ই বিশ্বাস করত না।
নিয়াজ জামান: জন্ম ১৯৪১। লেখক অনুবাদক ও গবেষক। দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ইংরেজি ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন। পাঠদান করেছেন যুক্তরাস্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রসিদ্ধ লোকঐতিহ্য নকশি কাঁথা এবং জামদানি নিয়ে গবেষণা করেছেন এবং রচনা করেছেন দ্য আর্ট অফ কাঁথা এমব্রয়ডারি। তার দ্য ড্যান্স অ্যান্ড আদার স্টোরিজ গল্পটি এশিয়া উইক শর্ট স্টোরি অ্যাওয়াার্ড অর্জন করেছিল। তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে রয়েছে দিদিমার নেকলেস অ্যান্ড আদার স্টোরিজ, দ্য ক্রুকড নিম টি, দ্য কনফেশনাল আর্ট অব টেনেসি উইলিয়ামস। তার এ ডিভাইডেড লেগেসি: দ্য পার্টিশন ইন সিলেক্টেড নভেলস অব ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থটি জাতীয় আর্কাইভস পুরস্কার লাভ করে। সাহিত্যে অবদানের ২০১৩ সালে অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেন। অনুবাদক হিসেবে ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ব্যতিক্রমধর্মী সংগঠন ‘গাঁথা’র প্রতিষ্ঠাতা। সংগঠনটি বাংলা ও ইংরেজি মাধ্যমের নারী লেখকদের প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের নারী লেখকদের লেখা ও গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন এবং এ বিষয়ক ব্যাপক কাজ করে যাচ্ছেন।
অনূদিত গল্পটি নিয়াজ জামানের ইংরেজি Allah rakhi গল্পের বাংলা তর্জমা। ইংরেজি থেকে গল্পটি বাংলা তর্জমা করেছেন কথাসাহিত্যিক ও অনুবাদক নূর কামরুন নাহার।
এটা তার জন্য চরম লজ্জার নয় যে সে বিছানায় অসহায় হয়ে পড়ে আছে। যে নাকি জীবনে কখনোই অলস সময় কাটায় নি—হোক সেটা পরিবারের জন্য রান্না, সন্তানদের জন্য সেলাই অথবা মিষ্টিপুকুরে গিয়ে সদ্য কাটা ধান ঠিকমতো সিদ্ধ, শুকনো আর গুছিয়ে তা সংরক্ষণ হলো কিনা দেখাভাল করা। সেই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার আগে পর্যন্ত সে এরকমই ব্যস্ত ছিলো, তারপর যেদিন তার রিকশা উল্টে গেল, সে নিচে চাপা পড়ে গেল। ঘটনা ঘটার আগেই সে বুঝেছিলো রিক্সা এত দ্রুত চলছে যে সে পা সরিয়ে নেবার আগেই এটি তার পায়ের ওপর দিয়ে চলে যাবে। অনেক পরে যখন তার জ্ঞান ফিরে—তখন সে বুঝে যায় সে আর কোনোদিন হাঁটতে পারবে না।
কিন্তু তখনও জানত না যে আঘাত তার বাকশক্তিও কেড়ে নেবে, সে হয়ে উঠবে নিঃশব্দ, নির্বাক এক কঙ্কাল, পড়ে থাকবে সরু এক খাটে। যা খেতে দেওয়া হবে তা জোর করে গিলে নিতে হবে। চিৎকার করতে চাইলেও শুধু অস্পষ্ট বিড়বিড় ছাড়া কিছুই তার কন্ঠ দিয়ে বের হবে না। আর যারা প্রতিদিনের কাজের চাপে বিরক্ত এবং তাদের রুটিন কাজের জন্য ত্রস্ত তারা বেলচা দিয়ে সাফ করার মতো দ্রুত তার মুখে খাবার গুঁজে দেবে। তারা বুঝবে বা বোঝার চেষ্টা করবে না যে সে এত তাড়াতাড়ি গিলতে পারে না, যত তাড়াতাড়ি তারা এটি গেলাতে চায়। ফলে, পাতলা ঝোলের মতো রান্না করা নরম ভাত মুখের কোণ থেকে গড়িয়ে পড়বে—ঠিক যেমন বিকারগ্রস্ত কারো মুখ থেকে লালা গড়িয়ে পড়ে।
না, আসল অপমানটা অন্যখানে। সেই চূড়ান্ত অপমানটা এই যে, এতগুলো সন্তান সে জন্ম দিয়েছে শুধুমাত্র এই কারণে যে সে তার সাথে ছিলো এবং তা শুধু শারীরিক—না, কোনো ভালোবাসা বা কামনার টানে নয়। কারণ রাতে সব শরীরই একইরকম, তখন গায়ের রং কালো অথবা তার ত্বক মসৃণ কি না, এমন কি সে কে, সেটিও কোনো বিষয় নয়। শুধু সে তার জন্য বৈধ আর আইনসম্ম্ত। আর তার শরীরের খিদে মিটে গেলেই সে ঘুমিয়ে যেত। কিন্তু তার ঘুম আসত না । যে জেগে থাকত, কারণ সে জানত এই বিকৃত তৃষ্ণা, পশুর নাদের মতো অদ্ভুত গর্জনের মানে নয় মাস পরে আবার একটি চিৎকাররত শিশুকে বুকের দুধ খাওয়ানো।
সে আরেকটা চিৎকার করতে থাকা শিশু চায় না। যারা শব্দ উৎপাদক, নোংরা, আর সবসময় ক্ষুধার্ত— তা সে তিন দিনের হোক বা তিন বছরের। তারপর তারা স্তন টেনে ধরে, আর দাঁত ওঠার পরও ছাড়ে না, তারা টানতে থাকে যতক্ষণ না ক্লন্তিকরভাবে একজন ছেড়ে যায় এবং তাকে ব্লাউজের বোতাম খুলে দিত হয় তাদের এই টেনে যাবার জন্য, এরই মাঝে তাকে গৃহস্থালী সব কাজেই আবার ব্যস্ত থাকতে হয়। তবে, কখনো কখনো, সে খুশি হতো যখন গর্ভে সন্তান আসায় তার পেট স্ফীত হয়ে যেত—কারণ তখন অন্তত তার ঘুমানোর সময়টুকু মিলত এবং ঐ বিকৃত ক্ষুধা, ঐ পশুর মতো গর্জন আর ঐ অশুচি ভেজাভাব থেকে কিছুটা নিস্তার মিলত—যা তাকে নোংরা আর কুলুষিত করে ফেলত এবং মাঝরাতে উঠে গোছল করে পরিস্কার হতে বাধ্য করত।
যদিও সে ক্লান্ত হয়ে মরার মতো ঘুমাত তবু, সবসময় বুঝতে পারত কখন সে উঠে যায়—অবশ্য, রাতে তো সবাই ওঠে, আর পেটের ভেতরের শিশুটা যখন চাপ দেয়, তখন তার তাড়া আরও বেশি বেড়ে যায। সে তখন খুঁজে বের করে কাঠের খড়ম জোড়া, আর ছোটো কুপিটা যাতে অন্ধকারে হোঁচট না খায় কোনো গুঁড়ি কিংবা সাপের সঙ্গে। সে সবসময় ভয়ে থাকত উড়ন্ত সাপের—যে নাকি মানুষের চোখ উপড়ে নিয়ে যায়। যদিও সে কখনো উড়ন্ত সাপ দেখেনি, বা এমন কাউকেও চেনে না যার চোখ উপড়ে নেওয়া হয়েছে, তবুও সে তাড়াহুড়ো করে শাড়ির আঁচলে চোখ ঢেকে বাইরের টাট্টির দিকে ছুটত, চোখঢাকা কাপড়ের স্তরের ফাঁক দিয়ে ভীত চোখে তাকাত উপরের ঝুলন্ত ডালগুলোর দিকে—যেন হঠাৎ কোনো উড়ন্ত সাপ ওপর থেকে ঝাঁপিয়ে না পড়ে।
শুরুতে, যখন সে নববধূ তখন সে ডেকে নিত কাজের মেয়েকে, তার ঘরের দরজার বাইরেই মেযেটি ঘুমায়। পরে ভয় কিছুটা কমে গেলে সে আর কাউকে না ডেকে নিজেই ছুটে যেত অন্ধকারে। কিন্তু সে না ডাকলেও অন্য কেউ তাকে ডেকে নিত। সেটা সে বুঝতে পারে অনেক পরে। যখন একদিন দুপুরে ঘুমিয়ে থাকে। রোদে দেয়া আমের আচার ঘরে না তোলায় বৃষ্টিতে ভিজে যায়। সে মেয়েটাকে ঘুম থেকে ডেকে তোলে, খানিকটা বকাঝকাও করে। মেয়েটা তখন অবজ্ঞাভরে তাকিয়ে বলে—‘পেটে বাচ্চা থাকলে ঘুম পায়”। সে চমকে তাকায়, বলে, “তোমার তো বিয়েই হয়নি!” ঠোঁটে রহস্যময় হাসি দিয়ে চোখ টিপে সে বলে, “বুদ্ধিমান কৃষক বোকার মতো শুধু এক জমিতে চাষ দেয় না”।
সে দিনই সে প্রথম বুঝতে পারে, তার খুব রাগ হয়। বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে যায়। কিন্তু সে এতটাই অপমানিত আর লজ্জিত বোধ করে যে মাকে কিছু বলতে পারে না। আর বললেই বা কাকে, কে বিশ্বাস করত তাকে? এটা ঠিক তার সেই রূপ নেই। ভোতা নাক আর কালো গায়ের রঙে তাকে সুন্দরী বলা যায় না। কিন্তু ব্রাহ্মণের মতো দেখতে, ফর্সা রং, ইংলিশ স্যুট আর অক্সফোর্ড জুতো পরা একজন ইংরেজের চেয়েও হ্যান্ডসাম তার বর এমন কাজ করতে পারে এটা কেউ-ই বিশ্বাস করত না।
হ্যাঁ, সবাই জানে পুরুষেরা এসব করে। কিন্তু সে তো সাধারণ কেউ ছিল না। সে এক নিপাট ভদ্রলোক, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। চাইলে যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারতেন। কিন্তু বিয়ে করেছেন মা-বাবার পছন্দ করা মেয়েকে। সবাই বলে, ইচ্ছা করলে আরও তিনটা বিয়ে করতে পারতেন, ইসলাম ধর্মে তা করাও যায়। আর চার চারটা স্ত্রীকে আরাম-আয়েশে রাখার জন্য তার মিষ্টিপুকুরের ঐশ্বর্যই যথেষ্ট। কিন্তু তিনি তো তা করেননি। তাই শেষ পর্যন্ত সে কিছু বলেনি। আর যখন সে তাকে নিতে এসেছে, সে কিছু ব্যাগ আর ছেলেমেয়েদের গাড়িতে তুলে নিজেও নম্রভাবে মাথা নিচু করে উঠে বসেছে।
সে যখন ফিরে আসে তখন কাজের মেয়েটা আর নেই। তবে খুব তাড়াতাড়িই যোগ দেয় আরেকজন। কারণ বাড়ির কাজের একটা বড় অংশ কাজের মেয়েদের দিয়েই করাতে হয়। তাই তারা আসে, আসে ভাগচাষি আর খেতমজুরদের স্ত্রী, কন্যা, পুত্রবধূরা। তাদের শাড়ির আঁচল জড়িয়ে ধরে রাখে ছোট বাচ্চারা। এইসব খেতমজুর আর ভাগচাষিরা তার শ্বশুরের জমিতে বাস করে। জমি চাষ করে কৃতজ্ঞতা জানাতে ফসল আর ফলের ভাগ দিয়ে যায়। এ পরিবারগুলো এমনভাবে তাদের জমিতে থাকে আর চাষ করে, যেন তারা বিশ্বাস করে এ জমি তাদের এবং শুরু থেকেই তাদের ছিল।
এইসব ছোট কৃষক আর খেতমজুরদের মধ্যে কিছু পুরুষেরা অনেক সময় হারিয়ে যায়, কেউ বা, চলে যায়। তারা আর কখনো ফিরে আসে না। তাই, যখন পাকা ধান সিদ্ধ করা আর শুকানোর হয় দরকার হয় কিংবা ডাল ভাঙ্গতে হয় অথবা শীতকালে, যখন নতুন চালের পিঠা তৈরির সময় আসে, চাল কুটে কুটে একেবারে ঝকঝকে সাদা, মিহি গুঁড়োতে পরিণত করতে হয়। তখন কাজ পেয়ে মেয়েরা কৃতজ্ঞ হয়, খুশি থাকে। মেয়েরা আমতলিতে এসেও খুশি থাকে, কারণ তাদের কাছে এটা "অন্যের বাড়িতে" কাজ করার মতো মনে হয় না। সে শহুরে মেয়ে, এই গ্রামসদৃশ মফস্বলে নিজেকে অসহায় মনে হয়। তাকে বাধ্য হয়েই মেনে নিতে হয় বাচ্চাসহ তাদের উপস্থিতি, কিন্তু কখনোই সে মন থেকে তাদের মেনে নিতে পারেনি। ঔসব নারীর চোখে চোখ রাখতে তার লজ্জা লাগে, সেখানে সে অহংকার আর স্পষ্ট তাচ্ছিল্য দেখতে পায়। সে বুঝতে পারে তারা তার দিকে তাকিয়ে তার ব্যর্থতাকে দেখে।
এই নারীরা এমন অনেক কিছু জানে যা সে কোনোদিন জানতে পারেনি। সে তা হাড়ে হাড়ে টের পেয়েছিল যেদিন মিষ্টিপুকুরে গিয়ে সেই ঔদ্ধত্যপূর্ণ মেয়েটিকে আবার দেখে—যার পেট এখন একেবারে কিশোরীর মতো চ্যাপ্টা। কিন্তু নিজেই এত লজ্জা পেয়ে যায় যে প্রশ্ন করতে পারেনি, সে বাচ্চাটা কোথায়?
সে যখন চতুর্থবারের মত গর্ভবতী হয়, তখন তার শাশুড়ি তাকে ভর্ৎসনার কন্ঠে বলে, “আমার ছেলে এমন কোনো নারী চায়নি, যে গরুর চাইতে কিছু বেশি নয়। এমনকি বাড়ির কাজের মেয়ে, যে উঠোন ঝাড়ু দেয়, গোবর শুকায়, মাটি দিয়ে উঠান লেপে, ধান ভানে আর ডাল ভাঙে—সে-ও জানে, নয় মাস পরপর বাচ্চা নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়।”
তখন সে এতটাই লজ্জা পায় যে কিছুই বলতে পারে না। কিন্তু শেষমেশ সে সাহস করে। আর সেই বুড়ি, যে তার শাশুড়ির পান চিবনো সহজ করতে ছোট ছোট টুকরো করে দেয়, সে একটা শুকনো, কালচে শিকড় তুলে দেয় তার হাতে। অনেকক্ষণ ধরে সে শিকড়টা হাত ঘুরিয়ে দেখে, কিন্তু তারপরও সাহস করে ব্যবহার করে না। আর ছয় মাস পর জন্ম নেয় তার প্রথম মেয়ে।
সে সুন্দর ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে থাকে, গোলগাল নিটোল হাতটা রক্তিম গালের পাশে রেখে সে ঘুমাচ্ছে। সে ভাবে মেয়েটার জন্ম না হলেই ভালো ছিল। মেয়ে একদিন পূর্ণ নারী হবে। আর নারীদের ভবিষ্যৎ মানেই হচ্ছে বারবার ছিন্নভিন্ন হওয়া।
পুরুষের সংগ্রামের গল্প যাই থাকুক না কেন, রক্ত তো নারীকেই দেখতে হয়। পুরুষ নয়, নারীই জানে রক্তপাতের ভয়, সেই তীব্র টকটকে লাল রক্ত, সেই গোপন রক্তের ধারা, যেটা অনেক সময় থামতেই চায় না। যেন রক্তের সঙ্গে বেরিয়ে যাচ্ছে জীবনও। এটা তো শুধু নারীরই হয়। প্রতিটি সন্তান জন্মের সময় শরীর দু'ফালি হয়ে যায়, তারপর চলতে থাকে চল্লিশ দিনের রক্তক্ষরণ আর তারা হয়ে যায় অপবিত্র। তাদের তখন জায়নামাজ ছোঁয়া নিষেধ, কোরআন শরীফের কাছে যাওয়া নিষেধ, এমনকি আচার স্পর্শ করাও মানা। কারণ তাদের ছোঁয়ায় নাকি খাবারও হয়ে যায় বাসি।
তবু তার মেয়ে যখন চোখ মেলে তাকায়, তার হৃদয় গলে যায় এক অজানা মমতায়। অন্তত এই এক সন্তান বুঝবে, মায়ের গর্ভে সন্তান ধারণ করার মানে কী।
এদিকে কাজের মেয়েরা আসে-যায়। আর সে নিজেকে আরো কঠিন করে তুলে—মাঝরাতে যখন ঘুম ভেঙে দেখে ঘর খালি; পাশে, শুধু বাচ্চারা ঘুমিয়ে আছে তখন চেষ্টা করে পাশের ঘর থেকে আসা গুঞ্জন যেন কানে না আসে। কখনো কখনো মেয়েরা চলে যায় আর ফিরে আসে আঁচলে শিশু জড়িয়ে। আর সে চোখ সরিয়ে রাখে। মনের উত্তাল প্রশ্নগুলো থেকে নিজেকে বিরত রাখে। এই শিশুগুলোর জন্ম কি আমতলিতেই?
আসলে যখন কেউ অসতর্ক থাকে বা খুব দেরি করে ফেলে তখন শিশুগুলো জন্ম নেয় যেমন করে জন্ম নেয় বেড়াল আর কুকুরছানারা এবং আমতলির উঠোনে ঘুরে বেড়ানো বিড়াল-কুকুরদের মতো—মতোই রান্নাঘরের উচ্ছিষ্টে বেঁচে থাকে।
কিন্তু রহিমা যখন ফিরে আসে, তখন আর কিছু ভাবারই অবকাশ ছিল না। যে শিশু আঁচলে জড়িয়ে এসেছে, সে যে খোকা, রতন, মঞ্জু, বেবি, লিলিদের মতোই এই ছাদের নিচে থাকার অধিকার রাখে, তা রহিমা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। একজন ভালো গৃহস্থ, ভালো কৃষক তার সব বাছুরেরই যত্ন নেয় —সেটা কালো বা লাল গরু যেটাই হোক না কেন।
মেয়েটি বেড়ে উঠে। রহিমা যখন ছাই মাখা ছোট মাছ পরিষ্কার করে, হলুদ বা লাল মরিচ বেটে তরকারি, মাছ, মাংস রান্না করে তখন মেয়েটা মার পাশে শুয়ে থাকে। তার খালি গা, নজর না লাগার জন্য কোমড়ে ঝুলছে এক টুকরো কালো কাইতন , সবসময় নাক দিয়ে পানি পড়ছে, তবু মেয়েটা দিব্যি বেড়ে উঠে। সে মাঝে মাঝে তাকিয়ে দেখে নিজের সন্তানদের চেহারায় অথবা অভিব্যক্তিতে কি ওর সাথে কোনো মিল আছে কিনা? না, সেরকম কোনো চেনা ছায়া খুঁজে পায় না ওর চোখে-মুখে।
তবু কী আশ্চর্যভাবে বাচ্চাটি বেড়ে ওঠে! বাচ্চাদের বাবা জন্য খাবার বরাদ্ধের পর বাচ্চাদেরও সে খাওয়াতো গরুর দুধ, গরম ভাতে খাঁটি ঘি, মাছ-মাংস (তার নিজের ভাগে আসত শুধু হাড়, সবজি আর ছোট মাছ। আর যখন সে খেয়ে নিত, যা বাঁচত, তা যেত রহিমা আর অন্য কাজের মেয়েদের পাতে।) তারপরও তাদের ছিলো শুকনো শরীর।
একবার সে বলেই ফেলেছিলো, মাশ আল্লাহ মেয়েটা কি সুন্দরভাবেই না বেড়ে উঠছে! যার সঙ্গে কথা হচ্ছিলো, সে শুধু বলেছিলো “আল্লাই রাখে, আল্লাই ওদের দেখে রাখে।”
সেই থেকে তার নামই হয়ে যায় আল্লাহ রাখি—একজন নামহীন শিশুর একমাত্র পরিচয়।
যার বাবার পরিচয় নেই, তার জন্য কে-ই বা ছাগল আকিকা দিয়ে নামকরণের রক্তঋণ শোধ করবে?
সে কখনও বেশি কথা বলার মানুষ না, এমনকি ছোটবেলাতেও সে ছিলো স্বল্পভাষী। সে কিছু বলত না শুধু নিজের মনে মনে ভাবত “আল্লাহ রাখি” র সংখ্যা কত? সে বেড়ে উঠে শান্ত আর চুপচাপ স্বভাব নিয়ে। কারণ তাকে শেখানো হচ্ছে ভালো মেয়েরা বেশি কথা বলে না, বেশি হাসে না, বেশি প্রশ্নও করে না।
তবুও, মায়ের চোখে চোখ পড়লে সে অনেকবার জিজ্ঞেস করতে চেয়েছিল সেই প্রশ্নটা—যেটা সেদিন থেকেই তাকে তাড়া করে বেড়াত, যেদিন সকালে ঘুম ভেঙে চাদরে রক্তের দাগ দেখে সে চমকে উঠেছিল। মা তখন বলেছিল, “রক্ত তো মেয়েদের নিয়তি”। কিন্তু সে কখনও আর জিজ্ঞেস করেনি।
তারপর তো একেবারে অনভিজ্ঞ কিছু না জেনেই বিয়ে হয়ে গেল। পুতুল বিয়ে, বিয়ের গীত, আবির খেলা, ফুলে সাজানো বিছানা, আর নতুনবরের সাথে হাসিঠাট্টা, এসব কিছুর মধ্যে তার কোনো প্রস্তুতিই ছিলো না বিয়ের রাতের বিছানার সেই ভয়াবহ অভিজ্ঞতার।
সেই দৃশ্য আজও মনে পড়ে। কী ভয়, কী আতঙ্ক! তার কম্পমান শরীর, ভয়ের বিস্ফারিত চোখ। মনে হলে তার শরীর এখনও থরথর কাঁপে, ভয়ে গলা শুকিয়ে যায়। তার কান্না আর চিৎকারের কন্ঠ চাপা পড়েছিলো, সদ্য বিবাহিত স্বামীর হাতে চেপে ধরা ছিলো তার মুখ। সে তাকে ভর্ৎসনায় লজ্জিত করে তুলেছিলো, কেন সে এখনও বিয়ের মানেটাই জানে না।
তখন বারবার সে তার কাছে আসতেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে; আবার ভোরের আজানের সাথে ঘুম ভাঙার সময় আর যখন সে অবসর ।
অন্ধকারে সে কোনোভাবে সহ্য করতে পারত, কিন্তু যখন ভোরের আবছা আলোয় আসতেন, তখন সে চোখ বন্ধ করে রাখত যেন দেখতে না হয় সেই বিশাল, ভয়ানক শরীর। পরে অনেকে তাকে বলেছিলো, যা সে ঘৃণা করে তা নাকি মেয়েরাও উপভোগ করে! কিন্তু তার বিশ্বাস হয়নি তার কাছে এসব হচ্ছে রূপকথার গল্প। যেমন ছোটবেলায় শুনত—গভীর জলের নিচে, দুধারে বন্ধ সিন্দুকে রাক্ষসের প্রাণ লুকিয়ে আছে অথবা পেত্নীদের পা পেছন দিকে বাঁকা, যা দেখে বোঝা যায়, তারা আসলে মানুষ নয়, ডাইনি।
সে বরং মনে করে রাতের এই বিষয়গুলো হচ্ছে পুরুষের ইচ্ছা, আর নারীরা কেবল সহ্য করতে বাধ্য হয়। এটা হচ্ছে বিবাহিতা একজন নারীকে পুরুষের ভাত, কাপড় দেয়া আর চাওয়া পাওয়ার বাইরেও সন্তান ধারণ করার মূল্য। এটাই সেই মূল্য, আর সেই সন্তানরা যারা চাওয়া-পাওয়ার বাইরেও একের পর এক পৃথিবীতে এসে পড়ে।
তার জীবনে আল্লাহ রাখি আসার পর, সে আরও তিন সন্তানের মা হয়। তার পেটে আরো একটা বাচ্চা এসেছিলো বেঁচে থাকলে সেটি ছেলেই হতো। কিন্তু সে বাথরুমে পা পিছলে পড়ে যায়, আর শিশুটি সময়ের আগেই জন্ম নিয়ে পৃথিবী থেকে চলে যায়। তারপর তার আর কোনো সন্তান হয়নি।
শেষ সন্তানের পর, সে আর তাকে আগের মতো ঘুম থেকে জাগিয়ে তুলত না। সে বলত—“তুই তো এখন অনেক ঢিলা আর শুকনো।” যদিও সে কখনোই তার শরীরের বিশাল ভারকে স্বাগত জানায়নি, কিন্তু এ কথাগুলো পূর্বের কষ্ট আর সন্তান হারানোর যন্ত্রণা আর অপমানের চাইতেও বেশি অপমানিত করত।
ছেলেরা বড় হয়ে উঠছিল। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য খোকা প্রথম বাড়ি ছাড়লো।—তারপর রতন গেল ইঞ্জিনিয়ারিং পড়তে। মেয়েদের বিয়ের সময় এসে গেল। তবে তার সময়ের মতো এখন আর মেয়েদের এত অল্প বয়সে বিয়ে হয় না। তার যখন বিয়ে হয়েছিলো তখন তো সে পুতুল খেলাই ছাড়েনি। লিলি অন্তত ইন্টারমিডিয়েট পাশ করেছিল। তবুও, যেদিন লিলিকে লাল শাড়ি পরিয়ে সাজিয়ে উঠোনে এনে মঞ্চে বসিয়ে রাখা হলো, তখন তাকে এতটাই ছোট মনে হচ্ছিল, যেন সে একটা শিশু।
না, সে নিজেও পারেনি মেয়েকে বুঝিয়ে বলতে যা তার মাও পারেনি। মা যদি তাকে বলতেন, সে হয়তো কিছুটা প্রস্তুত থাকতে পারত। তবে এই যুগের মেয়েরা অন্তত তার মতো এত নিরীহ নয়।
আমতলিতে মুরগি আর গরুর সাথে বড় হতে হতে, তারা প্রকৃতির নিয়মকানুন শিখে নিয়েছিলো শহরে যা তাকে শেখায়নি। স্কুলে যাওয়া-আসা থেকেও তারা অনেক কিছু জেনেছে যা সে ঘরের চার দেয়ালে আটকে থেকে শিখতে পারেনি, তবে আমতলিতে এসে, তাকেও তো শেষমেশ প্রকৃতির কাছেই শিখতেই হয়েছিল।
রাখাল ছেলেটা যেদিন প্রথম এসে বলে, লাল সিন্ধি গরুটার “ডাক” শুরু হয়েছে, সে অবাক হয়ে গিয়েছিল। আর ছেলেটা যখন আবার বলে,“ওটাকে ষাঁড়ের কাছে নিয়ে যেতে হবে” , তখন তার গাল লজ্জায় লাল হয়ে উঠেছিল। তবে এখন, গরু আর ষাঁড়ের এসব নিয়ম-নীতি তাকে আর তেমন বিব্রত করে না। আর এখন তো নানা ঔষধ আর ইনজেকশনেই সহজে অনেক কাজ করে ফেলা যায়।
তার মৃত্যুর পর প্রথমবার যখন সে মিষ্টিপুকুরে ফিরে এসেছিলো, তখন তার বুঝে উঠতে বেশ কিছুক্ষণ লেগেছিলো যে তিনি আর নেই। যে ঘরটায় তিনি থাকতেন, সেটি এখন ফাঁকা, কিন্তু তাকগুলোয় বইগুলো ঠিক আগের মতোই সাজানো আছে, যেমন ছিল তার জীবিত অবস্থায়। লুঙ্গি আর কুর্তাগুলোও যথারীতি গুছিয়ে রাখা আছে আলনাতে। আলনাতে ঝোলানো অল্প কিছু কাপড় আর আলমারিতে রাখা কিছু জিনিস সে নিজেই দিয়ে দিয়েছিল। তারপর সব ফাঁকা, যেন সে কোনোদিন ছিলই না।
এটাই কি জীবন?
তুমি বেড়ে উঠবে যৌবন পাবে, বিয়ে করবে, সন্তান আসবে, সন্তানরা একে একে বেরিয়ে যাবে, তুমি বুড়িয়ে যাবে, একসময় মৃত্যুর কোলে ঢলে পড়বে। যদি ভাগ্য ভালো থাকে দ্রুত মরে যাবে।
ভাগ্য খারাপ হলে, দীর্ঘদিন বেঁচে থাকবে কষ্ট পাবে, তারপর মারা যাবে।
প্রায়ই সে ভাবে, মৃত্যু কেমন? মৃত্যু মুহূর্তের যন্ত্রণা কী? তারপর, যখন কবরের মাটিতে শোয়ানো হয়, তখন কি কিছু অনুভব হয়? যেদিন ইস্রাফিল শিং ফুঁকে সব মৃতকে জাগিয়ে তুলবেন, তখন কি বোঝা যাবে কতদিন ধরে তারা মাটির নিচে ছিলো? আর তারপর? সব মৃতেরাই বা কোথায় যায়?
সে কল্পনা করার চেষ্টা করে, একটা এমন বিশাল ময়দান যেখানে পৃথিবীতে জন্ম নেয়া সবার একসাথে স্থান হবে। তারপর তার আরও মনে পড়ে, ধর্মভীরু পুরুষদের জন্য আল্লাহ্র দেওয়া প্রতিশ্রুতি—দুধ, মধু আর মদের নদী, আর সেইসাথে থাকবে অপূর্ব সুন্দর হুরদের সঙ্গ।
হয়তো এটাই জীবনের মানে, যখন পুরুষেরা বেঁচে থাকে, তখন তাদের জন্য থাকে নারী,
আর যখন মরে যায়, তখন অপেক্ষা করে হুরেরা। তবে নারীদের জন্য কী?
যদি তারা ভালো জীবন যাপন করে, তবে তাদের পুরস্কার কী? নাকি এটাই তাদের পুরস্কার—
পুরুষদের হাত থেকে চিরতরে মুক্তি?
মাঝেমধ্যে সে তার ছেলেদের কথা ভাবে—তারা কি তাদের বাবার চেয়ে আলাদা?
সে চায় না যে তারা তার মতো হোক। সে চায়, তারা যেন তাদের স্ত্রীদের প্রতি দয়ালু হয়—তাদের যেন কষ্ট না দেয়, অপমান না করে, যেমনভাবে সে নিজে অপমানিত হয়েছিল । এমন কি কোনো উপায় ছিলো তারা যা করেছিলো তা আরো একটু কোমলভাবে করতে পারতে? সে কখনোই তাদের সঙ্গে এসব কথা বলতে পারেনি, যা সে বলতে চেয়েছিল। ছেলেদের সঙ্গে সে কেমন করে এসব কথা বলবে, যা মেয়েদের সঙ্গেও সে বলতে পারেনি, এমনকি নিজের সঙ্গেও নয়?
তাদের বোন আর আশেপাশের মেয়ে আর কাজের মেয়েদের প্রতি সদয় হওয়া আর সম্মান দেখানোর শিক্ষা দেবার চেষ্টা সে করেছে। ছোট ছোট উপায়ে অন্তত এটুকু বোঝানোর চেষ্টা সে করেছে যে তার চোখে ছেলে-মেয়ে সমান। অন্য নারীদের মতো সে কখনো ভালো মাংসের টুকরোগুলো শুধু ছেলেদের জন্য রেখে দেয়নি।
হ্যাঁ, এটা ঠিক পুরুষেরা একটু বেশি খায়। তবে সে চেষ্টা করত যেন মেয়েরাও তাদের প্রাপ্য পুষ্টি পায়। এতে হয়তো কোনো বড় পরিবর্তন সে আনতে পারেনি, তবে অন্তত এটুকু চেষ্টা সে করেছে। আর এভাবেই সে ছেলেমেয়েদের পাঠিয়ে দিয়েছে পৃথিবীর পথে— এখন আর তার ঘরে কেউ নেই।
আল্লাহ রাখিও বড় হয়ে উঠেছিল। সে যখন পরিপূর্ণ তরুণী, তখন তার শ্বশুর বলেছিল—
“নাজিরের সঙ্গে ওর বিয়ে হলে ভালো হবে,” সে খুশি মনেই বিদায় দিয়েছিল তাকে।
তবে মাঝে মাঝে তার মনে হতো ,তার শ্বশুর কি জানতেন না, তাদের যেকোনো বর্গাদারের মেয়ের চেয়ে আল্লাহ রাখির এই জমিতে বসবাসের অধিকার বেশি ছিল? মাঝে মাঝে সে আল্লাহ রাখিকে মিস করত। তার পাশে, রান্নাঘরে বড় হয়ে উঠতে উঠতে আল্লাহ রাখি শিখে নিয়েছিল তার শেখানো সব কিছু। সে ছিল সবল, পরিশ্রমী। সে তার মা আর অন্য কাজের মেয়েদের মতোই ধান ভানতে পারত, ভাজতে পারত মুড়ি, চাল কুটতে পারত চিড়ার জন্য। শুধু এসবই নয় সে তৈরি করতে পারত বুটের ডালের হালুয়া, নিশেস্তা, বুন্দিয়া। যেসব খাবার একসময় খেত ঢাকা আর মুর্শিদাবাদের নবাবেরা।
আল্লাহ রাখি আমতলির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল। যখনই প্রয়োজন পড়ত, সে নিঃসঙ্কোচে তার স্বামীকে মিষ্টিপুকুরে রেখে চলে আসত আমতলিতে। ধরা যাক যখন তার ছেলেমেয়েরা নাতি-নাতনিদের নিয়ে কোরবানির ঈদ করতে আসে তখন কোরবানির মাংস রান্না করা, সবুজ কলাপাতায় কোরবানির তিনভাগের একভাগ মাংস উঠানে ভিড় করে থাকা ফকিরদের ভাগ করে দেয়া, যারা অপেক্ষায় থাকত বছরের একদিন পেট ভরে মাংস খাওয়ার আশায়। এক-তৃতীয়াংশ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের জন্য, বাকি এক-তৃতীয়াংশ রাখা হতো রসুন-আদা দিয়ে ফুটিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে, আর ঈদের দিনের বাড়ি উপচে পরা মেহমানদের জন্য মাংস রান্না সব কিছু আল্লাহ রাখি যেন একাই সামলাত। হালুয়া নাড়তে, মাংস ভাজতে তার মতো জোরদার হাত তার কারো নেই।
এভাবেই, দিনে দিনে এমন অনেক উপলক্ষ তৈরি হতে থাকল, যার জন্য আল্লাহ রাখিকে আমতলিতেই থাকতে হতো। আর মিষ্টিপুকুর হয়ে উঠল তার স্বামীর বাড়ির চাইতে বেড়াতে যাওয়া- আসার একটা জায়গার মতো।
এদিকে ছেলেমেয়েরা আসে যায়, কেউ ঢাকা থেকে, কেউ করাচি থেকে, আর কেউ পিন্ডি থেকে, সেসব দূরের জায়গা, যেখানকার মাটি সে কোনোদিন ছুঁয়ে দেখেনি। তারা তার জন্য নিয়ে আসে দামি ঢাকাই কটন শাড়ি, পিন্ডির বানানো। আঁকাবাঁকা কারুকাজ করা উলের শাল।
তারা বলে “তুমি কবে আসবে আমাদের কাছে?”
সে বলে—“একদিন যাবো নিশ্চয়ই।”
কিন্তু সেই ‘একদিন’ কোনোদিনই আসে না।
তার কখনো সময় হয়নি। আর এখন, আর কোনোদিন হবেও না। যদি সে সুস্থ-স্বাভাবিক থাকত, যদি আগের মতো শক্তি থাকত, তাহলে একা থাকলেও হয়তো এখন ছুটে যেত সন্তানদের কাছে।
কিন্তু সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার শক্তি, আর যে নারী একসময় ছিলেন কর্মঠ আর অক্লান্ত—
তিনি আজ শুধু এক জীবন্ত কঙ্কাল।
ওদের বাবার মৃত্যুর পর সবাই একসঙ্গে এসেছিল। বাড়িটা ঐ একবারই ভরে উঠেছিল ছেলে-মেয়ে আর নাতি-নাতনিতে। কিছু নাতিনাতনির অবয়ব অবিকল তার সন্তানদের ছোটবেলার অবয়বের মতো। এত মিল যে কখনো কখনো তার মনে হয় এরা-ই বুঝি তার সন্তান, আর সময় যেন উল্টো ঘুরে গেছে।কিন্তু যখন তাদের মা ডাক দেয় — শেহেরেজাদ, ফারাহ, সাইরা, জয়ন।
তখন সে মনে করতে পারে সন্তানরা বড় হয়ে গেছে, তারা এখন অন্য মানুষ, সন্তানের পিতামাতা আর নাতি নাতনিদের এসব নাম আগে সে কখনও শুনেনি আর উচ্চারণও করতে পারে না। সে খুব সহজেই ক্লান্ত হয়ে যায়। চারপাশে বসে থাকা মানুষের মধ্যেই সে কখনো কখনো ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম ভেঙে গেলে, সে চোখ খোলে না, চোখ বন্ধ রেখেই শুনে তাদের ফিসফাস।
ইশ, যদি সে ফিজিওথেরাপিস্টের দেওয়া ব্যায়ামগুলো করত! ইশ, যদি সে বিছানায় পড়ে না যেত, যদি শুধু দাঁড়াতে পারত। সে জানে না সে কোনটি সে বেশি সহ্য করতে পারে—ফিসফাস, নাকি নিঃশব্দতা?
এক এক করে, তারা সবাই চলে যায়, সব শেষে মেয়েরা, তারা যেতে চায়নি তবু তাদের স্বামীর সংসার! নানা কাজ।
তারপর সে একা হয়ে যায়। এমন একা আর কখনো হয়নি। আল্লাহ রাখি ছাড়া সব কাজের লোক নতুন, কিন্তু সে তো কাজের লোক নয় , আর মিষ্টিপুকুরেরও নয়।
যদিও ছেলেমেয়েরা নতুন কাজের লোকদের ভালো করে বুঝিয়ে বলে—মা’র দিকে সবসময় খেয়াল রাখবে। তবু তারা অস্থির হয়ে থাকে। তারা যত তাড়াতাড়ি সম্ভব তার দেখভাল শেষ করে ফিরে যায় নিজেদের কাজে।
যখন সে তরুণী ছিল, তখন সব কিছু ছিল অন্যরকম। সব কাজের লোক আসত মিষ্টিপুকুর থেকে। কিন্তু এখন তারা গ্রাম ছেড়ে শহরে চলে যায়। ছেলেমেয়েরা পড়ে শহরে, তাদের স্বামীরা এখন শহরে ভালো আয় করে। তারা আর আগের মতো বাড়িতে কাজ করতে চায় না।
তার ভালো লাগে এখন আল্লাহ রাখির একটা ছোট জমি আছে। তার স্বামীর মৃত্যুর আগেই সে আল্লাহ রাখিকে জমিটা দিয়েছে, নাজির সেখানে একটা ছোট ঘর তুলেছে। হ্যাঁ, জমিটা খুবই ছোট। তবুও আল্লাহ রাখি এখন জমির মালিক। মিষ্টিপুকুরে থাকার অধিকার তার ছেলেমেয়েদর যতটা,আল্লাহরাখিরও ঠিক ততটাই। ছেলেমেয়েরা কিছুটা অসন্তষ্ট হয়েছিল কিন্তু তাদের বাবা বলেছিল— “তোমরা তো আর কখনও গ্রামে আসবে না। কিন্তু তোমাদের মায়ের বয়স হচ্ছে। তার পাশে একজন বিশস্ত অনুগত মানুষ প্রয়োজন।”
এটাই ছিল তার প্রতি তাদের বাবার একমাত্র সহানুভুতির বাক্য, কিন্তু তখন মন এতটাই কঠিন আর শীতল হয়ে গেছে যে সে কি বললো তাতে তার আর কিছুই আসে যায় না। এখন সে নিজেও মিষ্টিপুকুর যেতে পারে না। আর কেউই যায় না।
ধান আসে,সরিষার তেল আসে, আম আর কাঁঠালও আসে। কিন্তু তার চলে যাওয়ার পর, কী হবে এই সব জমাজমির?
সব সন্তানই তাকে দেখতে, আসে, কিন্তু বাবার মৃত্যুর পর সেই একবার ছাড়া আর কেউ আর যায়নি মিষ্টিপুকুরে। সে স্বামীর দাফনেও যেতে পারেনি,এই দুর্ঘটনার পরই তো সেই মৃত্যু।
সে জানে। তারা একদিন তাকে নিয়ে যাবে মিষ্টিপুকুরে। তাকে কবর দেওয়া হবে স্বামীর পাশে।
যেমন তিনি শুয়ে আছেন তার বাবা-মা’র আর সেই মৃত সন্তানের পাশে, যে পৃথিবীর আলো দেখতে পারেনি, দাদা দাদী সেই কবে চলে গেছে। তারপর চলে গেছে ফুপু-চাচা, মামা মামীরা।
তার ছেলেমেয়েরা কি কেবল কাউকে দাফন করতে অথবা নিজেদের দাফনেই মিষ্টিপুকুরে যাবে? শেষমেশ মিষ্টিপুকুর কি শুধুই এক বিশাল কবরস্থানে পরিণত হবে? রহিমার কী হয়েছিল রহিমা কোথায় শুয়ে আছে সে জানে না। একদিন বাচ্চা রেখে সে হঠাৎ উধাও হয়েছিল। শোক কি শুধুই ধনী মানুষের মৃত্যুতে, শুধুই কি ধনীদের কবরেই থাকে নামফলক? গরিব কি শুধু হারিয়েই যায়? মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর কোনোদিন পাওয়া যাবে না। এই দুনিয়ার সব প্রশ্নের উত্তর আদৌ কি কেউ পায়? কেন এত কষ্ট, এত যন্ত্রণা? কেন এমন সব ঘটনা ঘটে? আমরা যেভাবে ভাবি কেন কোনোকিছু ঠিক সেভাবে হয় না?
আর কেনই সে আজ এখানে পড়ে আছে—নিঃশব্দ, অসহায়, এক আহত নির্বাক জন্তুর মতো?
না, চূড়ান্ত অপমানটা এই না যে সে কথা বলতে পারছে না বা নিঃশব্দ হয়ে পড়ে আছে। চূড়ান্ত লাঞ্ছনা এই যে এত আত্মত্যাগের পরেও, এত রক্ত ঝরানোর পরে আর এত সন্তান জন্ম দেওয়ার পরেও,তার মৃত্যুর মুহূর্তে তার পাশে আছে কেবল একজনই—আল্লাহ রাখি, যে কিনা আল্লাহর হেফাজতে বড় হয়ে উঠেছে।
