আঁদ্রে মালরোর দৃষ্টিতে চীন ও পাশ্চাত্যের পার্থক্য
লিং তাঁর অনুসন্ধানে আরও দেখেছেন পাশ্চাত্য সভ্যতার মূলে রয়েছে ‘সুশৃঙ্খল বর্বরতা’। অর্থাৎ সভ্যতা ও শৃঙ্খলা এখানে তালগোল পাকানো। সভ্যতা যে সামাজিক বিষয় নয়, তা মনোবিদ্যাগত এবং সভ্যতার মর্মগত সত্য হলো অনুভূতি--তাতেও ইউরোপের ঘাটতি দেখেন লিং।
উনিশশো ছাব্বিশ; প্রথম বিশ্বযুদ্ধ সমাপনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, চারিদিকে গুমোট একটা পরিবেশ। যুদ্ধে বড়ো একটা ক্ষত তৈরি করেছিল অন্য সকলের মতো বুদ্ধিদীপ্ত, জ্ঞানপিপপাসু ও সৃষ্টিশীল তরুণদের মনেও। বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও দর্শনের ক্ষেত্রে উদ্ভূত হতে থাকে নতুন নতুন দিক; আর এসবের মূলে ছিল খোদ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করা। এই প্রশ্নবিদ্ধ মন নিয়ে সমকালীন ইউরোপীয় আত্মার সঙ্গে অ-ইউরোপীয় আত্মার তুলনা এবং জীবনের মুক্তির সন্ধানে অনেকে বেরিয়ে পড়েন ইউরোপের বাইরে। অনেক তরুণের প্রথম পছন্দ ছিল নিস্তরঙ্গ জীবনের ভাবুক প্রাচ্য; বিশেষ করে পূর্ব এশিয়ার চীন। কেননা চীনের রয়েছে সুপ্রাচীন সভ্যতার ইতিহাস এবং সেই পরম্পরায় মনুষ্যত্বের অন্বেষণে যুগপৎ জাগতিক ও আধ্যাত্মিক তৎপরতা। ফরাসি বুদ্ধিজীবী আঁন্দ্রে মালরো (১৯০১-১৯৭৬) তখন নবীন যুবক; প্রতিভাবান ও সংবেদনশীল। প্রত্নতাত্ত্বিক গবেষণায় বিশের দশকের শুরুতে প্রথমে আসেন কম্বোডিয়ায়, পরে কিছু সময়ের জন্য স্থিত হন চীনে। মালরোর ব্যাপক পড়াশোনা ছিল ইউরোপীয় বিদ্যার ওপর, বিশেষ করে ধর্ম, সাহিত্য ও শিল্পকলার ওপর। চীনের সূত্রেও তিনি পড়ালেখা চালিয়ে যান গোটা প্রাচ্যের ওপর। ফলে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতাকে নিরিখ করতে পারেন তুলনামূলক পদ্ধতিতে, দার্শনিক যুক্তিতর্কে। ইউরোপীয় সভ্যতার প্রতি বিষণ্ণ ও হতাশ মালরো চীনে খুঁজে পান নবজাগরণের প্রতিশ্রুতি; মানবমুক্তির পথ। এশিয়ায় দ্বিতীয় সফরের পর বিদ্বান ও অনুসন্ধিৎসু মালরো প্রকাশ করেন তাঁর বিখ্যাত বই লা তাঁতাশেয়ন দ্য লকসিদঁ বা টেম্পটেশান অব দ্য ওয়েস্ট। সেটা উনিশশো ছাব্বিশ সালেই, মালরোর বয়স যখন মাত্র পঁচিশ।
টেম্পটেশান অব দ্য ওয়েস্ট বইটি রচিত হয় দুই বুদ্ধিজীবীর চিঠি চালাচালির আদলে। দুজনেই তরুণ; একজন চৈনিক লিং-ও-ওয়াই, অপরজন ফরাসি আ. দ.। লিং ভ্রমণরত ইউরোপে, আর আ. দ. দূরপ্রাচ্যে। লিং লিখছেন মার্সেই, প্যারিস বা রোম থেকে; আবার আ. দ. লিখছেন ক্যান্টন বা সাংহাই থেকে। আলোচনার মূল বিষয় মানবসভ্যতার সংকট, পাশ্চাত্য সভ্যতার পতন, প্রাচ্যসভ্যতার সৌন্দর্য, প্রাচ্য ও পাশ্চাত্য শিল্প-সংস্কৃতি, আবহমান চীনের পাশ্চাত্যকরণ ও নবীন চীনের সংকট, মানুষের সম্ভাবনা ইত্যাদি। বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক আলোচনার মাধ্যমে একদা পশ্চিমা জ্ঞানতত্ত্ব ও সংস্কৃতি দ্বারা আকৃষ্ট লিং পশ্চিমা সভ্যতার প্রতি হতাশা ও সমালোচনামূলক মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে আত্মবিশ্বাস ও আত্মম্ভরী মনোভাব পশ্চিমা সভ্যতায় যে-দৈন্য ডেকে এনেছে তা তিনি খোলাসা করেন। অন্যদিকে চীন তথা প্রাচ্যের সৌম্যদর্শন ও মরমি চিন্তা দ্বারা অনুপ্রাণিত পশ্চিমের আ. দ.; চিঠির পৃষ্ঠায় পৃষ্ঠায় চীনা সভ্যতার প্রতি তাঁর আগ্রহ ও শ্রদ্ধার পরিচয় পাওয়া যায়। টেম্পটেশান অব দ্য ওয়েস্ট বইটি দুই বুদ্ধিজীবীর দার্শনিক সংলাপ হলেও মূলত তা মালরোর একই সত্তার দুই রূপের অভিব্যক্তি। নিজে স্বীকারও করেছেন, ‘লিংকে প্রাচ্যের প্রতিনিধি বিবেচনা করা সঠিক নয়। এধরনের প্রতিনিধির আসলে কোনো অস্তিত্ব নেই।’ বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক উপায়ে প্রাচ্য-পাশ্চাত্য এই দ্বিবিধ সত্তার পর্যবেক্ষণের মাধ্যমে মালরো উভয় সভ্যতার মুখোমুখি অবস্থান ও সংঘাতের স্বরূপ তুলে ধরেছেন। প্রাচ্যসভ্যতার মানবিক উৎকর্ষ ও নৈতিক মূল্যবোধের বিপরীতে পাশ্চাত্য সভ্যতার বিজ্ঞান-প্রযুক্তি ও সামরিকগত অন্তঃসারশূন্যতাকে চিহ্নিত করেছেন। এই অর্থে এটি মালরোর আত্মবিশ্লেষণমূলক সমালোচনা ও উচ্চমার্গের চিন্তাপদ্ধতি। লেখকের মূল উদ্দেশ্য ছিল পাঠকের প্রতি দুই ধরনের সংবেদনশীলতার বিকাশরেখা স্পষ্ট করা এবং দুই ব্যক্তির আপাতদৃষ্টিতে অস্বাভাবিক ইন্দ্রিয়গ্রাহ্য ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে সম্পর্কিত আকর্ষণীয় চিন্তার উপস্থাপন। চৈনিক দর্শন ‘কনফুসিয়ানিজম’ দ্বারা প্রভাবিত মালরোর প্রজ্ঞাবাদের প্রতিফলনও এতে রয়েছে। তাই প্রকাশের শত বছর পরেও, পাশ্চাত্য সভ্যতার ক্রমবর্ধমান সংঘাত এবং এশীয় ঐকতানের পক্ষে টেম্পটেশান অব দ্য ওয়েস্ট প্রাসঙ্গিক।
২.
প্রাচীন ঐতিহ্যে লালিত চীনের সভ্যতার কাছে ইউরোপ অর্বাচীন মাত্র। চীনের সভ্যতার ভিত্তি সৌন্দর্য, সৌম্য, শান্তি ও মানবিকতা। সত্য ও মনুষ্যত্বের অনুসন্ধানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর মূল্যবোধ। চীনা বই ও এশীয় দেশসমূহে পরিভ্রমণ করে মালরো উপলব্ধি করেছিলেন প্রাচ্যসভ্যতার মর্ম। আ.দ. ও লিংকের উপলব্ধিতেও তা ধরা পড়েছে। প্রথমত প্রাচ্যের সুবিস্তৃত ও সুসমৃদ্ধ ইতিহাস; তার ওপর অপূর্ব নৈসর্গিক প্রকৃতি, সমুদ্র, বন-বনানী, জীবজন্তু, সাম্রাজ্য, সম্রাট, সেনা-সেনাপতি, প্রাচীন প্রাসাদ, দুর্গ, পরিখা, হারেম, সুউচ্চ মঠ, মন্দির, নগর, বন্দর, পোশাক-পরিচ্ছদ, সুন্দরী ও বিনীত রমণীকুল, তীর্থস্থান, ময়দান আর প্রান্তর, বহু ধর্মমত, জাদু, সুগন্ধী কাঠের চিতা, কফিন, কাঠে খোদাই চিত্রাবলি, মরমি কাব্য, শিক্ষিত তোতা পাখি আর নানাজাতের মানুষ আর যত ধ্যানী মিলে এই সমৃদ্ধি; প্রাচ্য কৃষ্টি ও সংস্কৃতি। আ.দ.-এর কাছে চৈনিক সভ্যতা হচ্ছে গীর্জার সুউচ্চ শিখরের মতো অপূর্ব যা কারো চিন্তাকে বশীভূত করার ক্ষমতা রাখে। শুধু নিজের দিকে টানে, আপন করতে চায়।
অন্যদিকে লিং-ও-ওয়াই বই পড়ে পাশ্চাত্য দুনিয়ার প্রতি মোহাচ্ছন্ন হয়েছিলেন। তাঁর দেশের মানুষকেও তিনি তা-ই ভাবেন। কিন্তু পাশ্চাত্যের অতীতের ইতিহাস ও সমকালের শুষ্ক বৃদ্ধিবৃত্তি লিংকে শুধু হতাশ করে না, বরং তিনি মনে করেন ইউরোপ চীনের মনে বিভ্রান্তির সৃষ্টি করেছে; ইউরোপের জ্ঞানের জগৎ এত অস্পষ্ট যে, তা অপরের জন্য না কোনো শিক্ষার, না কোনো আনন্দের। এই অস্পষ্টতা ঘুচানোর জন্য লিংকের এই ইউরোপের চিন্তাধারার অন্বেষণ; প্রাচ্যবোধ নিয়ে জানতে উৎসুক-পাশ্চাত্য সভ্যতার অন্তনির্হিত শক্তি কী, যা মানুষের জন্য প্রয়োজনীয় হতে পারে। কারণ পাশ্চাত্য আগে থেকেই অপরের সঙ্গে বিভেদ তৈরি করে রেখেছে, তাই ইউরোপের ডাকে অন্যের সাড়া দেওয়া মানে ‘শত্রুতাপূর্ণ কৌতুহল’ নিয়ে কাছে আসা। লিংকের ক্ষেত্রে যা ঘটেছে, একটা ‘শত্রুর মন’ নিয়ে তার ইউরোপ ভ্রমণ ও অনুসন্ধান। আর ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে লিংক পাশ্চাত্য চিত্রকলাকে বুঝতে সক্ষম হন। চীনে থাকাকালে ছবিগুলো তাঁর মনে যে-অর্থ তৈরি করেছিল ভ্রমণের পর তা বদলে যায়। চিত্রকলার ভিতর দিয়ে লিংক আবিষ্কার করেন ইউরোপের সর্বগ্রাসী শক্তি হচ্ছে গণিত। আর, লিংকের অন্বেষণে কর্মের মধ্যে প্রতিনিয়ত সৃষ্টি ও নবায়ন-এটাই পাশ্চত্যের আত্মা। আর, ইউরোপে আলাদাভাবে লিং খুঁজে পেয়েছেন আরেকটা জিনিস-নারীর অস্তিত্ব।
লিং তাঁর অনুসন্ধানে আরও দেখেছেন পাশ্চাত্য সভ্যতার মূলে রয়েছে ‘সুশৃঙ্খল বর্বরতা’। অর্থাৎ সভ্যতা ও শৃঙ্খলা এখানে তালগোল পাকানো। সভ্যতা যে সামাজিক বিষয় নয়, তা মনোবিদ্যাগত এবং সভ্যতার মর্মগত সত্য হলো অনুভূতি--তাতেও ইউরোপের ঘাটতি দেখেন লিং। অথচ চীন দেশে ইউরোপের মানুষকে জানা বা বুঝার একমাত্র উপায় ছিল সাহিত্য ও শিল্প। শিল্পী-সাহিত্যিকরা তাই বেছে বেছে অনুবাদ করেছেন বালজাক, ফ্লবেয়ার, গ্যেটে, টলস্টয়, দস্তয়েফস্কি, বোদলেয়ার প্রমুখকে। লিংকের কথা হলো প্রকৃতিবাদী বা খ্রিষ্টবাদী এসব লেখক চিন্তাচেতনায় বৃহৎ পশ্চিমের বিরল দৃষ্টান্ত, তাই তাঁদের সৃষ্ট চরিত্র দিয়ে ইউরোপীয় মানুষকে বিবেচনা নিতান্ত ভুল। তাই ‘ইউরোপীয় মন’ চিনতে গেলে এসব বই থেকে পালিয়ে তবে চিনতে হবে। পাশ্চাত্য আর্ট-গ্যালারি পর্যবেক্ষণ করে ওই সমান অনুভূতি লিংকের-তাই পাশ্চাত্য শুভবুদ্ধির মানুষের প্রতি একধরনের দুঃখ অনুভব করেন তিনি যারা সত্যটা জানেন কিন্তু তাদের করার কিছু নেই।
অতীতে চতুরতা দিয়ে পৃথিবীকে মুগ্ধ করে রাখা এবং নিজের প্রতি প্রগাঢ় আত্মবিশ্বাস অন্যের কাছে ইউরোপের বিরূপ প্রতিক্রিয়ার কারণ হয়েছে। লিংকেরও অসহনীয় উপলব্ধি যে, খ্রিষ্টবাদের মাধ্যমে কীভাবে ঐকতানের চেষ্টা করেছে ইউরোপ, যেখানে খ্রিষ্টধর্ম হয়ে উঠেছিল মানবমুক্তির একমাত্র পথ। ইউরোপীয় চিত্রকলার প্রধান অনুধ্যানও ছিল তাই, ঈশ্বরের মহত্ত্বও তাতে সেভাবে নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে সমকালের চিত্রের মধ্যে কেবল নারীর শরীরের যে-অনুসন্ধান, যার মধ্যে শুধু ইন্দ্রিয়পরায়ণতার পরিচয় নিহিত, তাও প্রাচ্যরুচিকে পীড়িত করে বলে ধারণা লিংকের। শিল্পকলাকে একটি পূর্ণাঙ্গ বস্তু বিবেচনা করে তাঁর কথা হলো--এ-হচ্ছে সৌন্দর্যের প্রস্তাব এবং যা মানুষকে উচ্চমার্গে নিয়ে যায়। সভ্যতামাত্র অনুভূতির প্রতীক--এই অনুভূতিকে নির্মাণ এবং উঁচুমার্গে নিয়ে যাওয়া লেখক ও শিল্পীর কাজ। পাশ্চাত্য ও প্রাচ্য শিল্পের প্রধান পার্থক্য হচ্ছে: পাশ্চাত্যকে প্রকাশ করা হয় ব্যক্তির কর্ম ও মহত্ত্ব দিয়ে, আর প্রাচ্যে সৌন্দর্যের অনুভূতি দিয়ে। মহৎ শিল্পের প্রকাশ যে -সৗম্যে ইউরোপ তার সন্ধান পায়নি বলে মনে করেন লিং।
শিল্পগত দিক বাদ দিলে জীবনের দিক থেকেও লিংকের বক্তব্য হচ্ছে, ইউরোপীয়রা জীবনকে জানে না। আর এজন্য তারা সকলে জীবন থেকে নেয় অংশবিশেষ। ইউরোপীয় জীবনের একটিই উদ্দেশ্য--বিজয়। এই বিজয়ের নীচে কী বস্তু লুকিয়ে থাকে তা কিন্তু তারা অনুসন্ধান করে না। অথচ চীন দেশে মানুষ জীবনকে দেখতে চায় পূর্ণাঙ্গভাবে, এবং এটাকে বড়ো করে দেখা হয়। একটা পুরাতন সামগ্রীর পেছনেও একটা জীবনের হাত লুকিয়ে আছে তা অনুভব করে চীনারা; এবং প্রত্যেকটি কর্মের পেছনেও এই উপলব্ধি। জীবন সম্ভাবনাময় এবং এর মধ্যে খুঁজে নিতে হয় আনন্দের নানা উপকরণ--কর্ম ও ধ্যানের ভিতর দিয়ে--হোক তা যত ছোটো। বিষয়টা ইউরোপের কাছে স্রেফে পাগলামির মতো হতে পারে। আর এটা ঠিক যে, কর্মের এমন অনুভূতি চীনের মতো ইউরোপীয়দের হতে পারে না। কারণ চীনে কর্মের উদ্দেশ্য যেখানে অনুভূতি, ইউরোপে কাজ করে আকাঙ্ক্ষা। ইউরোপীয় জীবন শক্তির কাছে নিবেদিত বলে এখানকার মানুষ কর্মের সঙ্গে সবকিছু গুলিয়ে ফেলে বলে ধারণা লিংকের। তাঁর দাবি ইউরোপীয়রা নিজেদের চিন্তাধারার ব্যাপারেও ওয়াবকিহাল নয়। চীনারা যেমন জানে অস্তিত্বের জন্য কর্ম আবশ্যক নয়, ইউরোপীয়রা এমন জানে না। তাদের বরং জানা উচিৎ যে পৃথিবী পরিবর্তনশীল, আর পৃথিবীকে পরিবর্তনের ক্ষমতা তাদের নেই।
কর্মের ব্যাপারে চীনাদের উপলব্ধি লিং জানেন ভালোভাবে, অর্থাৎ অনুভূতির সঙ্গে কর্ম ও চিন্তার বন্ধন এবং তা থেকে চিরন্তন পরিবর্তনের সম্ভাবনা। ফলে কর্মে ব্যর্থ হলে চীনাদের আফসোসের কারণ থাকে না। তার বিপরীতে ইউরোপ মানসিক যন্ত্রণায় জর্জরিত। এর বাস্তব রূপ দেখেছেন লিং ইউরোপের গোরস্থানগুলোতে। ইউরোপের গোরস্থানগুলো লিংকের মনে বীভৎস অনুভূতির জন্ম দেয়; এসব প্রেতপুরী থেকে উঠে আসে শুধু বেদনা, পীড়ন ও ভীতি। ইউরোপীয় লোকসাহিত্যও মৃত্যুভীতিতে পূর্ণ। অথচ চীনাদের মৃত্যুচিন্তা এমন বীভৎস ও ভীতিপূর্ণ নয়, তা সুগভীর ও কমনীয় বিষয়। নিজের নাগপাশে আবদ্ধ না হওয়ারও অনুভূতি। মুত্যুচিন্তায় এমন পার্থক্যের মূলে ইউরোপের সেই গাণিতিক জীবনের প্রভাব বলে দৃঢ় বিশ্বাস লিংকের।
রোমের পরিত্যক্ত বাগান ও পুরাকীর্তির মধ্যেও লিং ইউরোপের শক্তিশালী চিন্তাধারা বিদ্যমান রয়েছে বলে মনে করেন লিং। কাঠিন্য ও রীতিসম্পন্ন এসব স্থাপনা শেষ ল্যাটিন ঈশ্বরের বিশেষ উপহার ঐকতানেরও চিহ্নবহনকারী বলে তার বিশ্বাস। পুরাতন নিঃসঙ্গ শহরে যে-আত্মা বিরাজমান থাকে, আর পর্যটকেরা যেটা সন্ধান করে বেড়ায়, স্থাপনাগুলোতে তার অনুপস্থিতি লক্ষ করেছেন লিং। তিন শতক ধরে সংরক্ষিত ইন্দ্রিয়পরায়ণ ভাস্কর্যগুলোর মধ্যে আর যা হোক পুরোনো রোমের আত্মা খুঁজে পাননি তিনি। দেওয়ালের শিল্পের বেলায়ও তা-ই। বরং দেখতে পেয়েছেন এতে অতীত-ইউরোপের ‘বিশৃঙ্খলার নিদর্শন’। রোম লিংকে শিক্ষা দিয়েছে সেবার মাধ্যমে আধিপত্য বিস্তারের, আর এই শিক্ষার আদর্শ গোটা ইউরোপ গ্রহণ করেছে।
এথেন্সে অভিজ্ঞতাও লিংকের কাছে এমন। এখানকার পুরাতন ও নতুন স্থাপনায় ইউরোপীয়রা নিজেদের অনুসন্ধান করে; অথচ সারা ইউরোপের মতো এথেন্সজুড়ে লিংকের বই-থেকে-পাওয়া উজ্জ্বল স্মৃতিমাত্র। গ্রিসের প্রতিভা অন্তর্হিত হয়েছে চিরতরে; স্ফিংসের বিরুদ্ধে দাঁড়ানো ইডিপাস, ইডিপাসের আরেক রূপান্তর আলেকজান্ডার--সবই ছিল শক্তির প্রতীক। গ্রিকরা বিশ্বাস করত মানুষ পৃথিবী থেকে ভিন্ন, তাই একে জয় করতে হবে। খ্রিষ্টমতে, মানুষ ঈশ্বরের বন্ধনে আবদ্ধ। এসব থেকে উদ্ভব হয়েছে ইউরোপীয় ব্যক্তিকেন্দ্রিকতার। আবার, গ্রিকরা জন্ম ও মৃত্যুকে আলাদাভাবে দেখেছে; ইউরোপও। অথচ চীনে মনে করা হয় মানুষ পৃথিবীর বন্ধনে আবদ্ধ, ফলে পৃথিবীকে দেখাও হয় সামগ্রিকভাবে, এবং অনুভবও করা হয় তেমনভাবে। আর জন্ম ও মৃত্যু, জীবনের দুই বিভাগ মাত্র, কিন্তু একসূত্রে গাঁথা--সমান অনুভূতির। তাই একদিকে গ্রিক, অন্যদিকে খ্রিষ্টান--দুই দিক থেকেই পৃথিবী তাদের সংগ্রাম আর সংঘর্ষের স্থান। ফলে ধর্ম ও কর্মের দিক থেকে গ্রিকদের অবস্থান প্রচণ্ডরূপে, তাই তা মানসিক যন্ত্রণা ও অন্ধত্বের। গোটা ইউরোপের এই চরিত্র, প্রাচ্যের তা নয়। যে সংগ্রাম নিজের নয়, প্রাচ্যের মানুষ তার উর্ধ্বে।
প্রাচ্যের মানুষ রূপের কাঙাল; এই রূপের প্রকাশ প্রকৃতি থেকে। তাদের বিশ্বাসের মূলে ওই রূপ ও আবেগ, যা ইউরোপীয় মনন থেকে ভিন্ন। আপন রূপের সন্ধান ও নির্মাণ প্রাচ্যের মানুষের প্রধান বৈশিষ্ট্য। তাই সে আপনাকে দেখতে চায়, নিজের ছবি আঁকতে চায় এবং নিজেকে অনুসরণ করতে চায়। লিং দেখেছেন পাশ্চাত্যের মানুষ সেটাকেই সত্য বলে মানে যা সর্বসম্মতভাবে বাস্তব; আবেগ তাদের কাছে ফাটলমাত্র। বাস্তব-সংক্রান্ত সামাজিক চুক্তি ইউরোপীয় জীবনধারার নিয়ন্ত্রকও, অথচ প্রাচ্যের কাছে এটি উদ্ভট জিনিস। কারণ যুক্তি, ধর্ম ও বুদ্ধিমত্তার চেয়ে অনুভূতি মৌলিক ও মানবীয়। এর জবাবে আ.দ.-এর কথা হলো ‘ইউরোপীয় বাস্তব’ তাদের মনোভাবের আত্মরক্ষার উপাদান। এটা তাদের জীবনধারার নিয়ন্ত্রকের চেয়েও জীবনকে বুঝতে সাহায্য করে। আর মানুষের আত্ম-অনুসন্ধানের ব্যাপারে ইউরোপ দেখেছে মানুষ নিজেকে খুঁজে পেয়েছে ঈশ্বরের মাঝে। এটাই শেষ নয়; তাই নিজেকে সন্ধানরত ইউরোপীয়দের ব্যাপারে সাবধান হওয়া দরকার বলে মনে করেন পাশ্চাত্য থেকে ছিটকে পড়া আ.দ.।
ইউরোপীয় অনেক চিন্তাধারার ব্যাপারে আ.দ্র.-এর মন্তব্য হচ্ছে তা সচেতন চিন্তাধারা নয় এবং এগুলোকে গুরুত্ব দিয়ে ইউরোপ বঞ্চিত হয়েছে। এসব চিন্তাধারাকে তিনি ‘অযৌক্তিক’ ও ’মোহের খেলা’ বলে আখ্যায়িত করেন, যার ফল ইউরোপের ‘একত্রীভূত স্বপ্ন’-এবং তা তৈরি করেছে ‘শ্বেতাঙ্গ জাতিসত্তা’। ইউরোপীয় মনোজগতের গড়ন এভাবে হয়েছে, তার আত্মাও সেই স্বপ্নজগতের বাসিন্দা। বিষয়টা এমন, যে-অন্তর্নিহিত শক্তির দ্বারা ইউরোপ নিজেতে ধরতে চায়, তারপর কিছু গোলমেলে ভাবাবেগে তাকে ঘুরপাক খেতে হয়; আসলে সে নির্ভর করে কল্পনার ওপর। এই খেলাটা আসলে চাওয়ার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া; হয়তো-বা তা খ্রিষ্টীয় বা জ্ঞানমূলক মুখোশ দ্বারা পরিবৃত। অস্তিত্বের প্রয়োজনেই এই মুখোশ, আ.দ্র.-এর ধারণা, যার পরিণতি ইউরোপের রক্তাক্ত ভবিষ্যৎ।
প্রাচ্যে স্বপ্নের গুরুত্ব কম নয়--দাবি লিংকের, এখানে স্বপ্নই আবেগের পার্থক্য নির্ধারণ করে। ইউরোপীয় সত্তা যদি স্বপ্নের মধ্যে বিচরণ করে, তাহলে চীনা সত্তা স্বপ্নের মধ্যে স্থিরতা পায়। চীনা স্বপ্ন শুধু মানুষে-ভরা নয়, ক্ষণস্থায়ী জিনিসের তো নয়ই। সবচেয়ে বড়ো বিষয় চীনা স্বপ্ন বা চিন্তা চিত্ররূপময়ও নয়, তা গুণগত ও নৈর্ব্যক্তিক। তাই চীনা স্বপ্ন সেই পৃথিবীর, মনের জগতে যার সুনির্দিষ্ট আকৃতি নেই। চীন সব সময়ে তাই মোহের বিপরীতে অবস্থান নেয়। লিং এখানে হাজির করেন বৌদ্ধধর্মের তত্ত্ব, পাশ্চাত্য যাকে গুরুত্ব দেয়নি। খ্রিষ্টধর্মের যান্ত্রিকতার বিপরীতে বৌদ্ধধর্মের আবেগকে বেশি গুরুত্ব দিতে চান লিং। বৌদ্ধধর্মে নিজেকে অনুসন্ধান কিংবা নিজ থেকে পলায়নের কারণ নেই; নিজেকে ব্যক্তি ভাবারও সুযোগ নেই। সঙ্গতিপূর্ণ পৃথিবীর প্রশ্নে এতে মানুষের মনে বিশেষ অনুভূতি তৈরি হয়, যা নিজের মনে পরিপূর্ণতা খোঁজে। লিং একে বলেছেন সৌন্দর্যবোধের অনুভূতি, যা নির্দ্বন্দ্ব। এক্ষেত্রে নির্দিষ্ট শক্তি থাকা সত্ত্বেও ইউরোপকে তিনি ‘শূন্য আত্মা-বিশিষ্ট বিজয়ী’ বলে অভিহিত করেন।
লিংকের অনুসন্ধানে প্রাচ্যের রয়েছে বিশিষ্ট এক অনুভূতি, যার অস্তিত্ব পাশ্চাত্য অনুভবও করতে পারে না; অপরদের তুলনায় প্রাচ্যের মানুষদের জীবনধারাও ভিন্ন। এই জীবনধারার প্রভাব প্রাচ্য শিল্পকলায় প্রতিফলিত হয়েছে। এখানকার শিল্পীরা মনের মধ্যে যে-বস্তুর রূপ ঠিক করেন, তা আঁকেনও; তবে তার ব্যাখ্যা দিতে পারবেন না। কারণ শিল্পীরা হরিণ বা ঘোড়ার রূপকটাই আঁকবেন; যেটা যেমন তাঁকে প্রভাবান্বিত করে কিংবা শিল্পীরা যা ইঙ্গিত করতে চান। শিল্পের ভিতর দিয়ে প্রাচ্য আত্মার উন্নয়নই ঘটাতে চায়। প্রাচ্যের মূর্তির ব্যাপারে ইউরোপ যে-ব্যক্তিকেন্দ্রিকতা দেখে, বাস্তবে তাও নয়। প্রজাতির চিন্তা পাশ্চাত্যে বিমূর্ত, আর এটি জ্ঞানমাধ্যম। প্রাচ্যে এটি অনুভূতির মাধ্যম। তাই প্রাচ্যশিল্পে জন্তুর অতিরঞ্জিত অনুকরণ দেখা যায়। পাশ্চাত্য শিল্পকলার সঙ্গে প্রাচ্য শিল্পকলার তফাৎ এখানেই। তুলনা করে লিং দেখান যে পাশ্চাত্য শিল্পের অনুভূতি বিক্ষিপ্ত, আর প্রাচ্যের সুশৃঙ্খল। প্রাচ্যের শিল্পীর মাথায় বিড়াল বলতে যতটা না বিড়ালের আকৃতি, তারচেয়ে বেশি ঘুরপাক খায় তার শব্দহীন গতিবিধি। অন্যদিকে পাশ্চাত্যে রেখাচিত্রের মাধ্যমে প্রাণীর জীবন ও মৃত্যুর সীমা টানা হয়। এসব স্টাইল বা ইঙ্গিত শিল্পকলার বৈশিষ্ট্য ও ভেদ তৈরি করে। শিল্পকলার ক্ষেত্রে পাশ্চাত্য ও প্রচ্যের বড়ো ভেদরেখা টেনে লিং বলেন যে পাশ্চাত্যের সুস্পষ্ট পার্থক্য থেকে প্রাচ্য অগ্রসর হয় অস্পষ্ট পার্থক্যে, আর প্রাচ্য এমন স্থানে পৌঁছোয় যেখানে সমাধান নেই। লিংকের হতাশার আরেকটা কারণ হচ্ছে পাশ্চাত্য শিল্পকে শুধু খতিয়ে দেখতে চায়; যেন তা বিচারের সামগ্রী। অথচ প্রাচ্যে শিল্পকে দেখে বুঝতে পারার অনুভূতি ও আনন্দ দিয়ে। প্রাচ্য অঙ্কনশিল্পের ব্যাপারেও লিংকের কথা-সুন্দর অঙ্কনশিল্প কোনো কিছুর অনুকরণ করে না, প্রতিনিধিত্বও করেন না, শুধু বোঝায়। যেমন পাখির চিত্র; বিশেষ নিদর্শন হিসেবে তার মূল্য, কারণ মানুষের কাছে আসলে সে তা-ই। তাই ইউরোপীয় শিল্পের তুলনায় প্রাচ্যশিল্প লিংকের কাছে ধীর গতিতে স্বপ্ন ও অনুভূতির বিজয়।
অপরদিকে পাশ্চাত্য মনন জয় করতে চেয়েছে সময়ের মতো আরও কিছু মূল্যবান বস্তুকে; এক্ষেত্রে তার নিয়ন্ত্রক হচ্ছে বুদ্ধিমত্তা। অথচ আ.দ.-এর মতে সেই সময়ই ইউরোপকে টেনে নিয়ে চলেছে নিজের দিকে। তাই ইউরোপ এখন ক্লান্ত, আর এই ক্লান্তি ব্যক্তিকেন্দ্রিকতার জন্য। ইউরোপের শক্তি এখন বিশেষ কোনো চিন্তাধারা নয়, তা বরং না-বাচক মনোবৃত্তি। কর্মবিমুখতা যেমন ইউরোপে এখন ঝেঁকে বসে আসে, নিজের ভিতরকার প্রতিরোধ ক্ষমতাও অবসিত হয়ে পড়েছে। শুধু একটিমাত্র বিষয় ইউরোপকে বন্ধনমুক্ত করতে তৎপর, আর তা হচ্ছে নিজেদের শিল্পকর্ম। কিন্তু একেও আ.দ. একটা সূক্ষ্ণ প্রলোভন হিসেবে চিহ্নিত করেছেন। এখানেও তাদের শ্রেষ্ঠত্ব জাহির বর্তমান থাকে। কল্পনার সকল জগতে ইউরোপীয় শিল্পীগোষ্ঠী বিজয়ী হতে চান; অথচ এতে প্রেম ও আনন্দের উৎসারণই সবচেয়ে ধর্তব্য হওয়া সঙ্গত ছিল। পাশ্চাত্যের একজন অংশী হয়েও তাই আ.দ.-এর এটা মেনে নিতে আপত্তি নেই যে ইউরোপ এখন অসুস্থ, আর এর মূলে আত্মা-অনুসন্ধানের হীন কপটতা। মানুষের মধ্যে যেখানে কৃষ্টির উপাদান বিদ্যমান, তাকে অবজ্ঞা করার যে মানসিকতা তা-ই ইউরোপকে নেতির দিকে ঠেলে দিয়েছে; আর শিল্পকলা হয়ে উঠেছে এক তিক্ত খেলা। যেন তার একমাত্র অভিষ্ট কৃষ্টির ওপর আক্রমণ।
চীন ইউরোপের মতো কারণ ও তার ফলাফলে আত্মসমর্পণ করে না বলে অভিমত লিংকের। বরং যে বিষয়ে চীনাদের আগ্রহ কিংবা যার সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে সে-ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় অনুভূতিকে। একে তিনি পাশ্চাত্যের চেয়ে উঁচুমার্গের বলে উল্লেখ করেন। একজন চীনা পুনর্জন্মবাদে বিশ্বাস না-করেও তার অনুভূতি পিতার মতো কাজ করে। এটি প্রাচ্য জীবনধারারও একটি বৈশিষ্ট্য। বোগম্যতার বাইরে যে-জগতের শক্তি, তাও প্রাচ্য মনকে বশীভূত করে রাখে, যা তাদের জীবনের অংশ। তাই লিং প্রাচ্য ও পাশ্চাত্যের বুদ্ধিমত্তার পার্থক্য খোঁজেন দিকনির্দেশনার মধ্যে। পাশ্চাত্য চায় এক বোধগম্য পৃথিবী, যাকে সে বশীভূত রেখে গর্ববোধ করবে; আর প্রাচ্য পৃথিবীর গতিধারার মধ্যে খোঁজে সাযুজ্য। পাশ্চাত্য চায় পৃথিবী হাতের মুঠোয় আসুক, আর প্রাচ্য চায় পৃথিবীর কাছে মানুষের সমর্পণ। একজন পশ্চিমা বোদ্ধা তাই লামার মূর্তির মধ্যে যেখানে দেখেন কিম্ভূত রূপ, প্রাচ্যের একজন বোদ্ধা একে অতিমানবীয় জীবনশক্তির প্রতীক হিসেবেই মূল্য দেন। পৃথিবীকেও বোঝবার জন্য প্রাচ্য মনের কোনো পদ্ধতির দরকার হয় না, প্রয়োজন বোধ করে শুধু উপলব্ধির। বিপরীতে পাশ্চাত্য বিশ্লেষণ করে শুধু। চিন্তা ও অনুভূতির সহাবস্থান চীনা জ্ঞানীর পক্ষে যথেষ্ট বস্তু। এভাবে দুই সভ্যতায় ক্ষণস্থায়ী ও চিরন্তন চিন্তাধারার বিভেদ সৃষ্টি হয়। জগতকে বিচার করতে পাশ্চাত্য শেখায় গঠন, আর প্রাচ্য শেখায় মতবাদ। যেমন তাও মতবাদের ছন্দ জীবনকে সত্যে মগ্ন করে ও গভীর অনুভূতির লীলায় পৌঁছায়।
পৃথিবী ও জীবনকে দেখার পশ্চিমা পদ্ধতিকে ইউরোপীয় দর্শনের ভুলের একটা দিক হিসেবে দেখেন আ.দ.। চিন্তাপদ্ধতির মাধ্যমে ইউরোপ আনন্দহীন আনন্দ অর্জন করে চলেছে, অথচ তিনি জানেন পাশ্চাত্যের চেয়ে প্রাচ্যের অনুভূতি বেশি নৈর্ব্যক্তিক। এখানে আনন্দে আত্মহারা হয়ে কেউ নিজেকে বিলীন করে না অসীমে, আর এর মূলে হলো মানুষের বিশ্বাসের শক্তি। প্রাচ্য বিশ্বাস শেখায় পৃথিবীর বিবেকের সঙ্গে লীন হওয়ার অর্থ হচ্ছে আত্মার সান্নিধ্য লাভ। মৃত্যু তাতে কোনো কারণ নয়। প্রাচ্যদর্শনের এই অনুভূতি বিষয়টি আ.দ.কে সবচেয়ে বেশি টানে এই কারণে যে, এটিই প্রাচ্য ও পাশ্চাত্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে সবচেয়ে বেশি। চীন আ.দ.কে তাই অনুভূতি দিয়ে মানুষকে দেখার ক্ষমতার শিক্ষা দিয়ে প্রভাবিত করেছে। এক্ষেত্রে পাশ্চাত্য মনোবিজ্ঞানের ধারণা ও প্রয়োগকে শঠতাপূর্ণ বলেও ইঙ্গিত দেন তিনি। এতে পাশ্চাত্য জীবন বরং বাধাগ্রস্ত হচ্ছে অজ্ঞতা ও উদ্ভটের দ্বারা, অথচ কত সহজেই জীবন চালিত হতে পারত বহুভাবে পুষ্ট গভীর অনুভূতি দিয়ে।
মানুষের অস্তিত্ব খামখেয়ালির ওপর নির্ভরশীল, যেমন তার বিশ্বাস। ইউরোপীয় মননের ওপর তাই লিংকের প্রশ্ন ইউরোপীয় বিশ্বাস কি তাদের অন্য মানুষের সঙ্গে বসবাস করার এবং তাদের বোঝার অধিকার দেয়? তাদের শক্তির উৎসই-বা কী? ইউরোপীয় বিবেকের স্বরূপটা কেমন যাকে তারা সত্য হিসেবে গ্রহণ করেন? কারণ ইউরোপের কাছে পরম সত্য হচ্ছে ঈশ্বর, এবং এরপর মানুষ। এখন মানুষের যদি আর অস্তিত্ব না থাকে, তাহলে ঈশ্বর আর ব্যক্তিসত্তার পরবর্তী উত্তরাধিকার কে হবেন পৃথিবীতে? যদি ব্যক্তিরও মৃত্যু হয়, তখন? আরও প্রশ্ন থেকে যায় ইউরোপের ‘চুক্তিভিত্তিক বাস্তবতা’র ব্যাপারেও। এসব প্রশ্নের কারণ হিসেবে দেখেছেন লিং ইউরোপের শৃঙ্খলিত জ্ঞানতত্ত্বকে। পাশ্চাত্য থেকে লিং শিক্ষা পেলেন ইউরোপের মনস্তাত্ত্বিক জীবনের ইতিহাস ও ভাবপ্রবণতার আগ্রাসনকে কেন্দ্র করেই-আধিপত্যবাদী মনোভাব নিয়ে তাদের প্রচেষ্টা সকল চিন্তার উর্ধ্বে উঠে পৃথিবীকে শাসন করা এবং অন্যের চেয়ে আলাদা হওয়া। আর ইউরোপের সকল সংকটের মূলে তা-ই দেখেন তিনি।
আ.দ. চীনে দেখেছেন শ্বেতাঙ্গদের প্রতি প্রাচ্যের মানুষের একটা ঘৃণা রয়েছে। চীনের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি যিনি ইউরোপ জয় করেছেন তারও মনে শ্বেতাঙ্গদের প্রতি সমান ঘৃণা বিদ্যমান। চীনাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন তিনি। তবে আ.দ. চীনাদের মধ্যে অতিরিক্ত দেখেছেন মনের আভিজাত্য--তাদের চলাফেরা, সম্ভাষণ, কথাবলার ভঙ্গি। বয়োবৃদ্ধ শিল্পী ওয়াংলোর সান্নিধ্য ও আলাপচারিতার মাধ্যমে চীনের সমকালীন মননকে জানা সম্ভব হয়েছে আ.দ.-এর। চীনে পাশ্চাত্যকরণের প্রক্রিয়া এবং চীনা-সত্তার বিপন্নতাই যে এই ঘৃণার কারণ আ.দ. এটা বুঝতে পারেন। পাশ্চাত্যের অভিঘাত চীনা আত্মার ধ্বংসস্বরূপ--এভাবেই দেখেন চীনা উত্তরসূরিরা। এই ধ্বংসের পদধ্বনির কারণ শুধু ইউরোপ এমনও মনে করেন না তারা, বরং কনফুসিয়ানিজমের খণ্ড-বিখণ্ডতা বা শিথিলতা এই ধ্বংসের কারণ। চীনা শিল্পসত্তার মূলে যে অনুভূতি, তাও যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছেন চীনাসত্তার ধারক ও বাহকেরা। এটাকে ‘চীনের দুর্দশা’ বলে অভিহিত করেছেন ওয়াংলো। কারণ, তাঁর মতে, ‘দুঃখজনক ঘটনাগুলো চীনে ঘটে চলেছে যে আমাদের মনন শূন্য থেকে শূন্যতর হচ্ছে [...] ইউরোপ নিশ্চিত যে, সে জয় করে নেবে এসব যুবককে যারা ধারণ করছে তার আচ্ছাদন।’ এই বাস্তবতা সত্ত্বেও ওয়াংলো মনে করেন চীনারা এখনো নিজেদের বুঝতে পারেন, আর তারা কখনো তাদের অনির্দিষ্ট ও অপরিসীম পৃথিবীকে পাশ্চাত্যের শুষ্ক পৃথিবীতে বিলীন হতে দেবেন না। অন্যদিকে তরুণ এশীয়দের যেখানে তাওবাদের প্রতি আগ্রহও বাড়ছে, আর নিজেদের জীবনকে তার আদলে তারা গড়ে নিতে চাচ্ছে। মতবাদটি তরুণদের আকাঙ্ক্ষাকে ন্যায্যতা দিতে চায়, আরও শক্তি দিতে চায়।
সারা বিশ্বে বৌদ্ধিক সংকট চলছে, তরুণরাও প্রাচীন মতবাদের দিকে ফিরে যাচ্ছে। উদাহরণ হিসেবে বার্মা ও শ্রীলংকায় বৌদ্ধ আধুনিকতাবাদ, ভারতে গান্ধীবাদ, ইউরোপে নব্য-ক্যাথলিকতাবাদ, আর পূর্ব এশিয়ায় তাওবাদের কথা বলেন ওয়াংলো। কিন্তু আকাঙ্ক্ষার নিবৃত্তি কোথায়? পাশ্চাত্যকরণের ফল হচ্ছে ক্লান্তি আর অর্থহীনতা। প্রাচীন চীনা চোখে এসব নতুন উদ্ভাবন, অর্থের সঞ্চয়, ভূখণ্ড বিস্তার, মহাবিশ্ব ব্যাখ্যা, মনোবিজ্ঞান, সবই অসার-অর্থহীন। এসবই চীনের সত্তাকে দূরে ঠেলে দিয়েছে; দিন দিন বাড়ছে নিজেকে বোঝার অক্ষমতা। একজন ইউরোপীয়ের পক্ষে এসব বোঝার কথা নয়। তবে প্রাচ্য বা পাশ্চাত্যে যা ঘটে চলছে তাতে উভয়ের জন্য বিদ্বেষ বা দুঃখ ছাড়া আর কিছু বয়ে আনতে পারে না বলে তাঁর ধারণা। আ.দ.-ও প্রাজ্ঞ শিল্পীর মাধ্যমে অনুভব করতে পারলেন চীনের অন্তরাত্মা পাশ্চাত্যের প্রতি ঘৃণাপূর্ণ আর বিপন্নতায় কাতরাচ্ছে।
বয়োবৃদ্ধ ওয়াংলোর বিশ্বাস করেন চীন অচিরেই মারা যাবে; লিং-ও তা বিশ্বাস করেন। তিনি যুক্তি খুঁজেন সভ্যতায় ও শিল্পকলায়-চীনের সভ্যতা ছিল সম্পূর্ণভাবে অনুভূতিপ্রসূত এবং শিল্পকলার ভিতর দিয়ে তার যৌবনের স্বাক্ষরও রেখেছিল। কিন্তু বিশ শতকের প্রবেশলগ্নে দুর্দশা সহ চীনের মৃত্যু সাধিত হয় পাশ্চাত্যকরণের মাধ্যমে। চীনের উত্তর অংশকে লিং ‘সবুজ ব্রোঞ্জযুগের রক্তাক্ত জাদুঘর’ বলে অভিহিত করেন। কেন্দ্র ও দক্ষিণের প্রদেশগুলোও ক্যান্টনমুখী, যা পাল্লা দিচ্ছে ইংল্যান্ডের সঙ্গে। বিদ্যুৎ, মটরযান, ফিল্ম, শিল্পকলা, বাদ্যযন্ত্র, আয়না প্রভৃতি ইউরোপীয় খোলস দ্রুতগতিতে নিজের উপযোগী করে বদলে গিয়েছে চীন। সুতরাং চীনের অস্তিত্ব নেই।
চীন নেই, কিন্তু কেবল আছে কয়েকজন অভিজাত চীনা। লিংকের পর্যবেক্ষণে বৌদ্ধিক অভিজাত শ্রেণি এখানে প্রশংসিত আর হন না, যদি না তাকে প্রাচীন স্তম্ভের মতো দেখা হয়। নতুন অভিজাত শ্রেণি যারা পাশ্চত্যের সংস্কৃতি আত্মস্থ করে পাশ্চাত্য কৃষ্টি চীনে সম্প্রসারিত করেছেন। এঁদের দ্বারাই সত্যিকার চীনা সাম্রাজ্যে ইউরোপের বিজয় সূচিত হয়েছে। অতীতকে ধ্বংস করে এ যেন চীনের নতুন বিজয়। এই বিজয়ের নায়কেরা হচ্ছেন মনন জগতের অভিজাত শ্রেণি এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। চীনা-সংস্কৃতির এমন পরিবর্তনে এদের প্রতিনিধিত্ব বলে দেয় চীনের রূপান্তর আসন্ন। আর এই রূপান্তরের জন্য তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরুণদের; তারাও নেতৃত্ব গ্রহণে এগিয়ে আসছে, তাই বড়ো বিপর্যয় নেমে আসতে পারে জাতীয় জীবনে। তাই লিংকের বক্তব্য হচ্ছে নবোদিত চীনের আত্মাকে খুঁজে নিতে হবে পুরোনো, মহিমাময় কাঠামোর অবিশিষ্টাংশে, যা এখনো যথেষ্ট স্পন্দিত। যেখানে চীনের কৃষ্টি ক্ষীয়মাণ, হয়তো অচিরে বিলুপ্তও হবে--সেখানে তা মৃত সংস্কৃতির সার্বভৌম সৌন্দর্য ধরে রাখবে--যা নবজাগৃতিকে আহ্বান জানায় ও অলংকৃত করে।
ওয়াংলোর ব্যাপারে লিংকের বিশ্বাস যে তিনি বা তাঁর মতো মানুষ কনফুসিয়ান মতবাদের তিরোহিত হওয়ায় আক্ষেপ নেই। বরং তাঁদের আক্ষেপ মতবাদের পূর্ণাঙ্গতার সম্ভাবনা বিনষ্ট হওয়ায়। এই শিক্ষা চীনে মানুষকে ব্যক্তিকেন্দ্রিকতার উর্ধ্বে তুলেছিল। অন্যদিকে লিং দেখেছেন চীনা তরুণ সমাজে ইউরোপীয় সংস্কৃতির কদর, তরুণরা ভেবেছিল এটি গ্রহণ করেও তারা চীনা রয়ে যাবে। বাস্তবে তা হয়নি, সেটা সম্ভবও নয়। তরুণদের এই যন্ত্রণাদগ্ধ সত্তার প্রকাশ ঘটে তাদের ঘৃণা ও ক্রোধে; কারণ এখানে তৈরি হয়েছে আত্মপরিচয়ের সংকট। এই সংকট জাতিকেও গ্রাস করে, তাই নতুন চীনা চিন্তাধারা ও কর্মকাণ্ডের সফলতা নিয়ে লিং খুব সন্দিহান। ওয়াংলোর মতো মানুষদেরও অভাব নেই চীনে, প্রতিক্রিয়া স্বরূপ এদের সবাইকে ব্যক্তি হয়ে উঠতে দেখেছেন লিং; একই সঙ্গে ধ্বংস ও নৈরাজ্য। সুতরাং কোনো আশা নেই; তিনি দেখেন, এশীয় আত্মা নিয়ে ইউরোপের লম্বা শোভাযাত্রা।...এরা সবাই মৃত্যুর বাহক।
লিং নিজের দৃষ্টি প্রসারিত করে দেখেন একটা শক্তি জেগে উঠছে; অতিকায় রূপও পাচ্ছে। আর অচিরেই অস্ত্রসজ্জিত আবির্ভাব হবে তার : ধ্বংসের ইচ্ছায়...। কিন্তু এশিয়ার অনেক মানুষ হতভাগ্য; তাদের চেতনা ন্যায়বোধে নয়, অন্যায়বোধে; সুখে নয়, দুঃখে। নেতাদের প্রতি তাদের বিতৃষ্ণা এটাই বোঝাতে চেষ্টা করে উভয়ের মধ্যে বন্ধনটা আসলে কী? লিং কৌতূহল নিয়ে অপেক্ষা করেন সেই ব্যক্তির, যিনি ন্যায়বিচারের পরিবর্তে চিৎকার করবেন প্রতিশোধের। আবার এটাও চিন্তা করেন, শক্তির নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তিশালী জাতি কি কেবল ঘৃণার নামে মৃত্যুর ঝুঁকি নেবে?
বাস্তবতা হলো চোখের সামনে একটা চীন জন্ম নিচ্ছে; লিংকের মতো সংবেদনশীল বুদ্ধিজীবী চীনারা বুঝেও উঠতে পারছেন না কী ঘটতে যাচ্ছে? কত প্রশ্ন জাগে মনে, কত আশঙ্কা: তাহলে চীন কি বরাবরের মতো আবারও সংঘবদ্ধ আবেগের দ্বারা ঝাঁকুনি খাবে? অন্তত লিং শুনতে পাচ্ছেন ধর্মযাজকের বাণীর চেয়েও শক্তিশালী ধ্বংসের কণ্ঠস্বর, যা এশিয়ার সুদূর থেকে বয়ে আসছে।
৩.
টেম্পটেশান অব দ্য ওয়েস্ট বইয়ে আ.দ. ও লিংকের মধ্যকার চিঠি এবং ওয়াংলো কথোপকথনের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য নিয়ে আঁন্দ্রে মালরো যে বয়ান তৈরি করেন তা সমকালেও বিদ্বৎজনদের দৃষ্টি আকর্ষণ করেছিল। লিং, আ.দ. কিংবা ওয়াংলো প্রতীকমাত্র; পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি মালরোর নিজের। এমন দৃষ্টি আকর্ষণের পেছনে শুধু মালরোর পরিচ্ছন্ন কালজ্ঞান নিহিত ছিল না; সভ্যতা, শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও দর্শনের প্রতি প্রখর ব্যুৎপত্তিও বিদ্যমান ছিল। কনফুসিয়ান মতবাদে প্রভাবিত হলেও মালরোর বয়ানে দেখা যায় নিরাসক্ত ও পরিচ্ছন্ন একটি দৃষ্টিভঙ্গি। যা দিয়ে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যকে বিবেচনা করে নিজের অভিমত ব্যক্ত করেছেন। মালরো দেখিয়েছেন পাশ্চাত্য সভ্যতার একটা অতীত থাকলেও সমকালীন জ্ঞানতত্ত্ব, রাজনৈতিক অভিপ্সা, ধর্মতত্ত্ব, শিল্পবোধ, সংস্কৃতি ও অধ্যাত্মভাবের মধ্যে অন্তঃসারশূন্যতা রয়েছে। অথচ এগুলোই তাদের আত্মবিশ্বাস ও আত্মসন্তুষ্টির কারণ হয়ে উঠেছে এবং তা দিয়ে তারা আধিপত্যবাদী। এই আধিপত্যবাদের ফলে অন্যান্য সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ হ্রাস হয়েছে পৃথিবীতে। কিন্তু বাস্তবে পাশ্চাত্যের জ্ঞানতাত্ত্বিক, অর্থনৈতিক, বিজ্ঞান-প্রযুক্তিগত ও সামরিক উন্নতি মানবিক মূল্যবোধে যেমন সংকট তৈরি করেছে, সমানভাবে মানুষের নৈতিক অধঃপতনও ঘটিয়েছে। সারা পৃথিবীর সংস্কৃতি ও কৃষ্টি নষ্ট করে পাশ্চাত্যের মূল ডকট্রিন হচ্ছে এক রূপ সংস্কৃতির বিস্তার, এবং তা পাশ্চাত্য সংস্কৃতি। অথচ এই আগ্রাসন ও চিন্তা সভ্যতার বিপরীত, মানুষের সম্ভাবনা ও কল্যাণের জন্য অমঙ্গলজনক। বিষয়টা আবার পাশ্চাত্য গণ্য করে না, কিংবা করে না নিজেদের আত্মসমালোচনাও। প্রথম বিশ্বযুদ্ধোত্তর মালরো এই সমালোচনা ইতিবাচক অর্থে দেখা সম্ভব যে, পাশ্চাত্য নিজের সভ্যতার উত্থান ও পতনকে মূল্যায়ন করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে।
অন্যদিকে পাশ্চাত্যের প্রলোভনে চীন বা প্রাচ্যের অন্তর্ঘাতমূলক রূপান্তরকে দেখেছেন নেতিবাচক দৃষ্টিতে; কারণ চীনের রয়েছে হাজার বছরের সভ্যতা, কৃষ্টি, জ্ঞান, তত্ত্ব, শিল্পকলা ও জীবনকে দেখার আধ্যাত্মিকতা সহ বিভিন্ন দৃষ্টিভঙ্গি। চীনা সভ্যতার সৌন্দর্য, নৈতিকতা ও সুগভীর চিন্তাভাবনা মানবজাতির জন্য দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য অনুকরণীয় হিসেবে দেখেছেন তিনি। অথচ পাশ্চাত্যের আবাহনে বিশ শতকে এসে চীন নিজেকে বিসর্জন দিয়ে পাশ্চাত্যের খোলস গ্রহণ করে নিজের কবর রচনা করেছে বলে মালরোর অভিমত। এতে শুধু চীনের ব্যাপারে কঠোর সমালোচকই তিনি নন, তিনি আশঙ্কা করেছেন পাশ্চাত্যের দানবীয় সভ্যতা চীনকে গিলে শুধু খাবে না, চীন নিজেও হয়ে উঠবে এক অস্ত্রবাজ দানব ও অহংবোধের প্রতীক। সুতরাং চীনকে নিজের আত্মার কথা যেমন ভাবতে হবে, তেমনি মানবিক মূল্যবোধ ও মানবিকতার আকর স্থান হিসেবে নিজের অস্তিত্ব রক্ষার নয়া কৌশলও গ্রহণ করতে হবে। দুই সভ্যতার প্রকৃতি বিচার করে মালরোর প্রতিবেদন মূলত সমকালীন সভ্যতার সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় মানজাতির দৃষ্টি আকর্ষণ।
৪.
আঁন্দ্রে মালরোর দৃষ্টিভঙ্গি ছিল মানবতাবাদী ও উদারনৈতিক। দার্শনিক হিসেবে তিনি জগৎ ও জীবনকে পর্যবেক্ষণ করে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন থিসিস হাজির করেছিলেন। প্রতিবেদনে তিনি পাশ্চাত্য সভ্যতার সাফল্য বা বৈপরীত্যই দেখাননি, দেখিয়েছেন দুই সভ্যতার সাংস্কৃতিক মিথষ্ক্রিয়ার জটিলতাও। বয়সে মালরো তখন তরুণ ছিলেন, তাহলেও শতবছর পূর্বেকার মালরোর পর্যবেক্ষণ আজকের জীবনের জন্য তাৎপর্যপূর্ণ এই কারণে যে, পাশ্চাত্য সভ্যতা নিয়ে তাঁর হতাশা অমূলক ছিল না। পাশ্চাত্য নিজের অবস্থান থেকে শত বছর পরেও সরে আসেনি, বরং আমেরিকাকে সঙ্গে নিয়ে দলবল ভারি করে সে এখন আরও আত্মম্ভরী ও যুদ্ধবাজ হয়ে উঠেছে। অথচ পশ্চিমের আত্মা বিশুষ্ক, ভিতর আরও অন্তঃসারশূন্য; বিগত শতবছরে বরং গোটা পশ্চিম তৈরি করে রেখেছে একটি কাচের প্রাসাদ।
আর এই শতবছরে এশিয়ায় ঘটে গেছে বড়ো ধরনের রূপান্তর। পাশ্চাত্য তার রাষ্ট্রব্যবস্থা, অর্থব্যবস্থা, জ্ঞানতত্ত্ব, রাজনৈতিক ধারণা, মানবাধিকারের মূল্যবোধ দিয়ে একটা মোহ তৈরি করে এশিয়া ও আফ্রিকাকে দারুণভাবে গ্রাস করে। এর ফল হিসেবে অর্থলোভ, ভোগবাদ, মানবিক শূন্যতা, আত্মকেন্দ্রিকতা ও আধ্যাত্মিক অবক্ষয় মানুষকে করে তুলেছে জর্জরিত। ইউরোপের মতো জলবায়ু পরিবর্তন, অস্ত্র প্রতিযোগিতা, সামাজিক বৈষম্য প্রাচ্যকেও সংকটময়তার দিকে ফেলে দিয়েছে। চীন এতে পালন করছে পৌরহিত্যের ভূমিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধ চলাকালে রাশিয়ার সঙ্গে মিলেজুলে চীনের উত্থান মালরোর সতর্কবাণীকে প্রমাণ করে। সুদূর এশিয়া থেকে ধর্মযাজকের বাণীর চেয়েও শক্তিশালী ধ্বংসের যে-কণ্ঠস্বর বয়ে আসার কথা বলেছিলেন মালরো, সেই ধ্বংসকামী আওয়াজ যে চীন থেকে উত্থিত--আজকের পৃথিবীতে এটা কেউ অস্বীকার করবে না। তাই পাশ্চাত্য শুধু নিজের ধ্বংসকামিতার জন্য দায়ী নয়, অপরকেও সে সঙ্গী করেছে; তার আজকের সঙ্গী চীন এবং সেই সঙ্গী এখন শত্রুও। আত্মধ্বংসের জন্য চীনকে এই দায় নিতেই হবে; পৃথিবীর মাঠে মানুষ দেখতে পাবে দুই ডায়নোসরের লড়াই কিংবা সভ্যতার মৃত্যু।
সভ্যতার দ্বন্দ্ব ও ভবিষ্যৎ নিয়ে ছিল মালরোর প্রতিবেদন, কিন্তু এ নিয়ে ছিল তাঁর অনেক জিজ্ঞাসাও। এসব জিজ্ঞাসার ভিতরেও দার্শনিকসুলভ কিছু বার্তা ছিল তাঁর--জ্ঞানতত্ত্ব, প্রযুক্তি, ক্ষমতা, সমৃদ্ধি প্রভৃতি যথেষ্ট নয়--সভ্যতার জন্য অনুভূতি বড়ো বিষয়। কারণ মানবিকতা, ন্যায়বোধ ও আধ্যাত্মিকতার ওপর সভ্যতার মানদণ্ড নির্ভর করে। তাই ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে চীন ও পশ্চিম চাইলে মালরো থেকে সতর্কতামূলক শিক্ষা নিতে পারে।
