২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার রাজনীতি ও সাবঅল্টার্ন ট্রেন্ড

একদল আবার খিস্তি খেউড়কে বেছে নিয়েছে তার প্রতিবাদ জারির উপায় হিসেবে। যদিও এই ধারা যুগ যুগ ধরে বহমান। আর বিশাল অংশের জনতা গালিকে আজাদি হিসেবে আত্মস্থ করে নিয়েছে। বাংলা ভাষার চুদ লিং পং করে দিয়েছে মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বাঙালি জাতি। কেয়াবাত! কেয়াবাত!

শবনম ফেরদৌসী শবনম ফেরদৌসী

Published : 21 Feb 2026, 01:08 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ভাষা নিয়ে আমার উদ্বেগ নেই, ছিলো না কখনো। কিন্তু, আমি যে বুড়ো হয়ে গেছি তা টের পাইয়ে দিলো বিগত আঠারো মাসে চর্চিত ভাষা। সহজ করে বলা যেতেই পারতো জেন-জি’র ভাষা। কিন্তু, জেন এক্স হিসেবে তা এক কথায় বলে দিতে পারছি না। পুরো জেনারেশনের ভাষা শুনে খাবি খাচ্ছি শুধু। কোথায় দাঁড়াবো ভাষার শ্রেণী বিন্যাসে, কোনটা আমার ক্লাস, এই নিয়ে লেইম হয়ে হয়ে নিজেকে বুড়ো ভাম পর্যায়ে নির্ণয় করেছি। সেকেলে বা ওল্ড স্কুল পর্যায়ে নিঃসন্দেহে ফেলে দেয়া যেত নিজেকে। যদিও আমি তা হতে একদম রাজি নই। কারণ আমি জানি ভাষা বদলাবেই। ওই বদলটা সমাজ বদলের একটি অন্যতম অনুঘটক। মানুষের মুখের ভাষা যখন বদলে যেতে শুরু করে তখন সংস্কৃতি বলি, সমাজ বলি, রাষ্ট্রই বলি সবেরই বদল ঘটে। এই যেমন এখন লিখতে বসে পরিবর্তন শব্দটি মনসই হচ্ছে না আমার, ক্লিশে লাগছে বেশ। যা কিছু ক্লিশে তা পরিত্যাগ করাই আমার ধর্ম। কিন্তু, বাংলা ভাষার এই নব জাগরণে আমি ধরা খেয়ে যাই। নিজেকেই ক্লিশে লাগতে শুরু করে।  

মেনে নেয়াই বয়সের ধর্ম- তাই আমি মানিয়ে নিচ্ছি আর কি! যেহেতু ভাষার ব্যবহার দিয়েই এবারের রাজনীতি ও রাষ্ট্রের একটা বড় বদল ঘটে গেছে,। মানুষ সুচিন্তিতভাবে এই বদল ঘটিয়েছে। আর সেই সুযোগে ঢুকে পরেছে শাখা-প্রশাখার মতো আরও আরও শব্দের আমদানি। হতে পারতো তা সুন্দর-মনোরম। তা না হয়ে আমরা সম্ভবত বাংলা ভাষার কুৎসিত যুগে প্রবেশ করেছি। এরচে অধিক খারাবি আসন্ন কিনা তা বোধে কুলাচ্ছে না। যখন রাষ্ট্র ব্যর্থ হয়, সমাজ কাঠামো ভেঙে পরে, মানুষ দিকশূন্য হয়ে পথ খোঁজে তখন তার চিন্তার ভাষা জগাখিচুড়ি পাকাবেই। ঐ যে কলকাতার একটা ভাষা আছে না! টেঁসে গেলাম, মাইরি বলচি, পেদিয়ে, ঠাপিয়ে, নিকুচি করি, ধ্যাষটামো... ওরকম ভাষা জন্মেছিলো একটা সময়ের সাপ্রেশন থেকে। ঐ সময়ের ভারতের যে ক্রাইসিস ছিলো তাঁর একটা প্রতিফলন ভাষায় এসে গেছে। দারিদ্র্য, জীবনযুদ্ধ, পলিটিক্যাল সাপ্রেশন থেকে যে রাগী একটা সত্তার জন্ম ঘটে মানুষের, তার তো প্রকাশ লাগে! মানুষের সকল ক্রোধ-ক্ষোভের বিস্ফোরণ হয় তার বচন থেকে। গালি গালাজের মধ্য দিয়ে সে তার মনের ঝাল মেটায়। দেশে যে হুট করে ভাষার গালিবাজ অধ্যায় চালু হলো তাও ঐ কোন না কোনভাবে মানবেতর জীবনের কারণেই। সে শুধু অভাবের কারণেই নয়, চিন্তার মানবেতর বলে তো একটা ব্যাপার আছে। সেই সিলসিলায় বাংলাদেশে আগমন ঘটলো গালিগালাজের রাজনীতির। আর সেই গালি হয়ে উঠলো গণমানুষের বুলি। ভাষা মুখ গুমরা করে পরে রইলো কিছুকাল, নিজমনে বলল, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। কারণ কবিরাও আর বাংলা ভাষার সৌন্দর্যে আটকে থাকতে চাইছে না। ভাষা এখন পোয়েটিক রিয়ালিটি থেকে এক ঝটকায় বের হয়ে একটা ক্যাচালের বলয়ে প্রবেশ করেছে। কখনো তা হতে চাইছে ষাট দশকের আইয়ুব শাহীর মতো আধা ইনকিলাবী, ভাষা ইনসাফ চেয়েছে নয়া বন্দোবস্তের তরিকায়। একদল আবার খিস্তি খেউড়কে বেছে নিয়েছে তার প্রতিবাদ জারির উপায় হিসেবে। যদিও এই ধারা যুগ যুগ ধরে বহমান। আর বিশাল অংশের জনতা গালিকে আজাদি হিসেবে আত্মস্থ করে নিয়েছে। বাংলা ভাষার চুদ লিং পং করে দিয়েছে মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বাঙালি জাতি। কেয়াবাত! কেয়াবাত! আর এই নব্য ভাষারীতির বাহক হচ্ছে ফেসবুক। কত সহজেই বলে দেয়া যায় সকল কলুষ বাক্য! তখন আর জুকারবার্গের আত্মশ্লাঘা আহত হয় না, কোন রেস্ট্রিকশন কাজ করেনা রেস্ট্রিক্ট্রেড এই সময়ে। এমনকি এর অর্থ বৃতান্ত গুগল করলেই পাওয়া যাচ্ছে। বাংলা ভাষার অভিধানে হয়তো অচিরেই সংযোজিত হবে এসকল শব্দ-বাক্য রাশিমালা। আর তাতে দোল খাবে জেন আলফা। 

এদিকে নিউ মিডিয়া/ ডিজিটাল প্ল্যাটফর্ম আবার করলো কি, এই গালিবাজ ভিউয়ার্সের মন পেতে প্রমিত বাংলা উচ্চারণ বাদ দিয়ে কথ্য ভাষায় বয়ান দিতে শুরু করলো। ব্রাত্য রাইসু, পিনাকীরা বহু আগেই তা শুরু করেছিলো। নিউ মিডিয়ার এক্সপ্লেইনাররা ভাবলো, এভাবে কথা কইলে যদি ভিউ বাড়ে। কিন্তু, তারা যখন সৈয়দ হকীয় ঢঙে পরানের গহীন ভিতর এর মতো করে সুর করে বয়ান দিতে শুরু করলো, তা যেন অনেকটা কলকাতার বাংলা সিনেমা বা সিরিয়ালে বাংলাদেশের মানুষের মুখে যে বিচিত্র এক আঞ্চলিকতা জুড়ে দেয়, অনেকটা সেরকম শোনায় আমার কানে। ব্যাপারটা এমন, আপনি শহুরে শিক্ষিত রুচিবান শ্রেণীর মানুষ ঠিকই, কিন্তু সমাজের তথাকথিত নিম্নবর্গিয় মানুষের ভাষায় কথা কইতে চাইছেন এই ভঙ্গিতে যে, দেহো আমিও কতা কইবার পারি তুমার লাহান... আমি তুমার মতো প্রমিত বাংলা মানি না… ওগো অমুক আমি তোমারি দলে। এই যে সাবঅল্টার্ন হবার তরিকা তা শুধু ট্রেন্ড নয়, ভীষণভাবে রাজনৈতিক। ভাষা দিয়ে মানুষের কাছাকাছি যাবার চেষ্টা। শঙ্কায় আছি কবে না আবার পত্রিকাওয়ালারা এমন স্টাইলে লিখতে শুরু করে দেয়। টেলিভিশনের নিউজ কাস্টাররা কথ্য ভাষায় সংবাদ পাঠ করতে লেগে যায়। সব অসম্ভবের দেশ বলে কথা!

ভাষা যেন নিকুচি করছে বাংলার যাবতীয় সৌন্দর্য, ভাষা হয়ে উঠেছে রাজনৈতিক অস্ত্র। আপনি কোন ভাবে কথা বলছেন তা নির্ধারন করে দিচ্ছে আপনি কোন মতের লোক। তবে ফেসবুকিয় ভাষা সবাইকে প্রায় এক কাতারে আনতে পেরেছে। ভাষার শ্রেণি বিপ্লব ঘটে গেছে এখানে। সুশীল থেকে শ্রমিক এক জাতীয় ভাষায় কথা বলে, গালি দেয়, উশটা মারে, পচায়, ট্রল করে – এক্ষেত্রে বহোত মিল মহব্বত। যে খোঁচা মারছে, আর যে উল্টো খোঁচা দিচ্ছে সবের ভাষা এক। কিয়েক্টা অবস্থা! বাঙ্গালী চিরকাল কলহপ্রবণ। এখন ভাষাও যেন কলহপ্রবণ হয়ে উঠতে চাচ্ছে। কেউ আর সহজ সুরে কথা বলতে জানে না।“সহজ লোকের মতো কে চলিতে পারে!” যেন পরিহাস করে গাইছে, “ তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালবাসা! আ-মরি বাংলা ভাষা!   

শুরুটা করলো কন্টেন্ট ক্রিয়েটরের দল। যেন এমন- আঞ্চলিক ভাষা ছাড়া যথেষ্ট পরিমাণ ফান হয় না, জমে না, ভিউ বাড়ে না। কৌতুকের ভাষা আঞ্চলিক এমন ইমেজটা নতুন নয় যদিও। একদা কৌতুক অভিনেতাদের ডায়লগ লেখা হতো আঞ্চলিক ভাষায়। কে জানে হয়তো সেখান থেকেই অ্যাডাপ্ট করে নিয়েছে এরা। তাও তো আঞ্চলিকতার একটা ক্যারেক্টার আছে। বাংলা ইংরেজির সংমিশ্রণ আমি গুনছিই না। আরামসে আমি নিজেই তা করে থাকি। কিন্তু, সময়ের তরুণরা এক অদ্ভুত ভাষার উদ্ভব ঘটিয়েছে। যা ব্যাকরণের দিক দিয়ে শুধু ভুল নয়, শ্রুতিকটুও বটে। এই আনইম্প্রেসিভ ভাষার ব্যবহার শুধু কন্টেন্ট ক্রিয়েটর নয়, নাটকে, ফিল্মে, পডকাস্টে প্রধান হয়ে উঠেছে। আরবান লাইফে বসে তুমি কতটা ‘ক্ষ্যাতগিরি’ করতে পারো এ হচ্ছে সেই প্রতিযোগিতার বাজার। যত  ক্ষ্যাত তত ভিউ। এমনকি মিস বাংলাদেশ মিথিলা একটাবারের জন্য প্রমিত ভাষায় শুদ্ধ করে বাংলা বলতে পারলো না। অথচ সে এই দেশকে রিপ্রেজেন্ট করে। অন্যদেশের সুন্দরীরা কি কথ্য ভাষায় কথা বলেছে? সাক্ষাতকার দিয়েছে? জানতে মুঞ্চায়।

এখন প্রশ্ন রাখা যেতে পারে, এহেন অবস্থায় আমি বা আমার মতো কিছু ওল্ড হ্যাগার্ড কি উদ্বিগ্ন হবো! নাকি নিয়ত পরিবর্তনশীল ভাষা নিয়ে মাথা না ঘামানোই ভাষা আন্দোলনের মাসের নিয়ত হবে?