বরিশাল অ্যান্ড বিয়ন্ড
ক্লিন্ট লেখেন, এই ‘কবে আমারে করিবে অনুভব’ প্রশ্নটি জীবনানন্দের তিরিশের দশকে দিল্লি থেকে ফেরার পর বরিশালের সবুজ-শ্যামলিমায় নিজেকে খুঁজে পাওয়ার তাড়নায় নিহিত রয়েছে। এই বরিশাল আসলে আমাদের উত্তরাধিকারের বরিশাল। এই প্রশ্ন ক্লিন্ট নিজেকেও করে এসেছেন বহুবার, নানা সময়ে, বরিশালে থাকার সময়।
‘আপনার নামের উচ্চারণে য-ফলা থাকলেও সেটা উচ্চারিত হবে না, বরং ম-বর্ণটিকে ঈষৎ লম্বা করে ধরে রাখতে হবে, সেটাই বোঝাচ্ছিলাম সেনা’কে, এগুলিকে বলে জেমিনেট কনসোনান্ট। এরকম আরো কতগুলো উদাহরণ দেয়া যায়, যেমন ‘অন্যান্য’, ‘সম্বন্ধে’, ইত্যাদি’।’ বহু বছর পর দেখা হওয়ার পর বৃদ্ধাবাসের গাড়িবারান্দা থেকে আমাকে অভ্যর্থনা জানাতে জানাতে একমুখ হাসি নিয়ে বললেন ক্লিন্ট, ক্লিন্টন সীলি। তাঁর বৃদ্ধাবাসের সঙ্গিনী সেনা-র নামেও দুটি এন, কিন্তু সেটা টেনে লম্বা করে সেন-না বলা হয় না বলে শব্দটি নন-জেমিনেট, বোঝালেন তিনি।
শিকাগো শহরের অদূরেই এভানস্টনে দ্য মেথার নামে একটি বৃদ্ধাবাসের ডাইনিং হল এ খেতে খেতে ক্লিন্ট হাতে তুলে দিলেন তাঁর ইউপিএল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘বরিশাল অ্যান্ড বিয়ন্ড – এসেজ অন বাংলা লিটেরেচর’ বইটি। বাংলা হরফে লিখে দিলেন ‘সৌম্যকে – ক্লিন্ট’। তারিখ পদ্ধতি অবশ্য মার্কিনি – ২৯শে মার্চ, ২০২৬ কে লিখলেন ৩/২৯/২৬। বইটি উৎসর্গ করেছেন তাঁর বাংলার শিক্ষক এডওয়ার্ড ডিমক-কে (১৯২৯-২০০১), যিনি নিজেও শিকাগোর দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতা বিভাগের অধ্যাপক ছিলেন। ইউপিএল থেকে কীভাবে এতদিন পর বেরোল এই বই? ক্লিন্ট জানালেন যে ষাট বছর আগে বরিশালে মার্কিনি পীস কোর-এর কাজ করার সূত্রে তাঁর পরিচয় হয়েছিল সায়ীদ চৌধুরীর সঙ্গে, ৬৩ সালে তিনি বরিশাল জেলা স্কুলে (যেখানে আমার বাবাও পড়েছিলেন আরো দু-দশক আগে), ক্লাস নাইনে পড়তেন। সেই স্কুলে জীববিদ্যা, রসায়ন, আর পদার্থবিদ্যার ল্যাবে সহায়তা করার ভার দেয়া হয়েছিল পীস কোর-এর স্বেচ্ছাসেবী ক্লিন্টকে। তাঁর স্নাতক বিষয় জীববিদ্যা থাকায় সেই কাজে তাঁকে সুপাত্র মনে করা হয়। সায়ীদ পরবর্তীকালে প্রকৌশলী হন এবং অস্ট্রেলিয়ায় চলে যান, কিন্তু ক্লিন্ট ও বাংলা সাহিত্যের সঙ্গে তাঁর যোগাযোগ অটুট থেকে গিয়েছিল। ২০০৮ সালে বইটি দিল্লি থেকে বেরোনোর পনেরো বছর পর, ২০২৩ হেকে সায়ীদ ঢাকার ইউপিএল থেকে বইটি আবার বের করার জন্য ক্লিন্টকে উৎসাহিত করেন। ইউপিএল এর বর্তমান সচিব মাহরুখ মহিউদ্দিন সাগ্রহে বইটি প্রকাশ করতে রাজি হন। তাঁর পিতা মহিউদ্দিন আহমেদ সাহেব ইতোপূর্বে ক্লিন্টের একটি লেখা তাঁদের প্রকাশিত ৩৩টি প্রবন্ধের একটি সংকলনে প্রকাশ করেছিলেন।
এই মহিউদ্দিন সাহেবকে আমি চিনি, জানালাম ক্লিন্ট-কে। আমাদের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধুদম্পতি আশরাফ এবং শিমুল-এর ডালাসের বাসায় ২০০০ সাল নাগাদ তাঁর সঙ্গে পরিচয় হয়, তিনি সম্পর্কে শিমুলের খালু। ইউপিএল এর কয়েকটি চমকপ্রদ গবেষণাগ্রন্থ তিনি আমাকে উপহার দিয়েছিলেন। এই বিশিষ্ট পণ্ডিত মানুষটির নিরহংকার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম, মনে পড়ে। তাঁর সংকলনে ক্লিন্টের লেখাটি ছিল বাংলার পটশিল্পের ওপর একটি প্রবন্ধ।
বরিশাল অ্যান্ড বিয়ন্ড বইটির প্রথম লেখাটির নাম আত্মপরিচয়। এখানে একটি উপলব্ধির কথা জানান ক্লিন্ট, যেটি জীবনানন্দ ও বরিশাল সম্পর্কিত। জেলা স্কুলে থাকাকালীন সন্ধ্যাগুলিতে ক্লিন্ট গোলাম কিবরিয়া সাহেবের ইউএসাইএস এর অফিসের আড্ডায় যোগ দিতে যেতেন, সেখানে যোগ দিতে আসতেন ব্রজমোহন কলেজের উজ্জ্বল সব অধ্যাপক। যাওয়ার সময় তাঁর দুটি বিকল্প ছিল – হয় সদর রোড ধরে শহরের কেন্দ্র দিয়ে গিয়ে হাসপাতাল রোডে বাঁদিক ধরে যাওয়া, নয়তো শহরের নানা কানাগলি ধরে বগুড়া রোড দিয়ে যাওয়া। বহুবছর পর ক্লিন্টের খেয়াল হয় যে তিনি এতদিন জীবনানন্দের বাড়ির পাশ ধরেই যাতায়াত করে এসেছেন। যে-বাড়িতে জীবনানন্দ বড় হয়েছিলেন এবং জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন, ১৯৪৬ সালে কলকাতা চলে যাওয়ার আগে পর্যন্ত। বরিশালে থাকার সময় জীবনানন্দ সম্পর্কেই জানতেন না ক্লিন্ট, জেনেছিলেন কয়েকবছর পর শিকাগোয় ডক্টরেট করতে আসার পর! কিন্তু, এইখানে বসে মহাপৃথিবীর একটি কবিতা উদ্ধার করে তিনি জানান যে কীভাবে সুররিয়ালিস্টিক বরিশালের নির্যাসটুকু খুঁজে পেয়েছিলেন।
‘ফিরে এসো সমুদ্রের ধারে,
ফিরে এসো প্রান্তরের পথে;
যেইখানে ট্রেন এসে থামে
আম নিম ঝাউয়ের জগতে
ফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন;
আজও তারা শিশিরে নীরব;
পাখির ঝর্না হয়ে কবে
আমারে করিবে অনুভব?’
ক্লিন্ট লেখেন, এই ‘কবে আমারে করিবে অনুভব’ প্রশ্নটি জীবনানন্দের তিরিশের দশকে দিল্লি থেকে ফেরার পর বরিশালের সবুজ-শ্যামলিমায় নিজেকে খুঁজে পাওয়ার তাড়নায় নিহিত রয়েছে। এই বরিশাল আসলে আমাদের উত্তরাধিকারের বরিশাল। এই প্রশ্ন ক্লিন্ট নিজেকেও করে এসেছেন বহুবার, নানা সময়ে, বরিশালে থাকার সময়।
মঙ্গলকাব্যকে কাঠামোগত উপাদানের ভিত্তিতে (স্ট্রাকচারালিজম) দেখার দুটি প্রকল্প নিয়েছিলেন ক্লিন্ট, ১৭৫২-এ প্রকাশিত ভারতচন্দ্রের অন্নদামঙ্গল নিয়ে ছয়ের দশকে ছাত্রাবস্থায় গবেষণা করার সময়। ফার্দিনান্দ দে-সোসূর এর এই তত্ত্ব আজ বেশি চর্চিত না হলেও সেসময়ে বেশ চালু ছিল, প্রবন্ধটির ভূমিকায় লেখক জানান। চেকোস্লোভাকিয় বাংলার পন্ডিত দুসান জাভিটেল এর স্মৃতিতে লেখাটি ২০০০ সালে চেক রিপাবলিকের ওরিয়েন্টাল ইন্সটিটিউটের জর্নলে প্রকাশিত হয়েছিল। পুরোনো সেই লেখাটির সঙ্গে যোগ করে নিলেন তাঁর অধ্যাপনা জীবনের প্রায় শেষ দিকে লেখা (১৯৯৯) আরেকটি লেখাকে, যেখানে তিনি জানাচ্ছেন, ততদিনে এডওয়ার্ড সায়ীদ এর ওরিয়েন্টালিজম (১৯৭৮) এর নতুন ধারার চিন্তার প্রভাবে একই মঙ্গলকাব্যের আলোচনার ধারা কেমন আলাদা রূপ পেল। ১৯৯৯ সালে বেঙ্গল স্টাডিজ কনফারেন্সে এই লেখাটি পাঠ করেছিলেন।
মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আছে তিনটি প্রবন্ধ – বোঝা যায়, মেঘনাদ বধ কাব্যের অনুবাদ প্রকল্পে তাঁর পাঠপরিধি কীভাবে বিস্তৃত হয়েছে তাঁর রামায়ণ পাঠে, রবীন্দ্রনাথের দেখা মাইকেলে, এবং বিশেষ করে মাইকেলের লেখায় রাম ও রাবণের চরিত্রের ভিন্ন পাঠে। যমালয়ে মায়ার সঙ্গে রামের বৈতরণী পার হওয়ার অংশটুকু নিয়ে মাইকেলের অনুবাদটুকু সুখপাঠ্য –
... They who followed dharma's path go by the bridge to northern, western, eastern gates; the sinful ones, in greatest misery, swim the river night and day; Yama's hench men harass them upon the sandy shore, while in the waters their sin-filled hearts burn as though in scalding oil!”
(ধর্ম্মপথগামী যারা যায় সেতুপথে
উত্তর, পশ্চিম, পূর্ব্বদ্বারে; পাপী যারা
সাঁতারিয়া নদী পার হয় দিবানিশি
মহাক্লেশে; যমদূত পীড়য়ে পুলিনে,
জলে জ্বলে পাপ-প্রাণ, তপ্ত তৈলে যেন!)
মীর মোশাররফ হোসেনের ওপর লেখা একটি অনন্য প্রবন্ধে ক্লিন্ট জানাচ্ছেন যে ঊনবিংশ শতকে যদি কোনো মুসলমান লেখক বাংলায় লিখতেন, তাহলে তা পড়তেন কে? প্রথম মুসলমান লেখিকার লেখা প্রকাশিত হতে হতে বিশ শতক শুরু হয়ে গেছে (বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন), কিন্তু মীর সাহেবের ‘বিষাদ সিন্ধু’-র পাঠক ছিলেন কারা? ভাষা, নৃতত্ত্ব, ও সাহিত্যের এই চমৎকার বিশ্লেষণটি পাঠককে নিজে পড়তে অনুরোধ করি। ধর্ম-রাজনীতির এই যুগে এই আলোচনাটি আমাদের সমৃদ্ধ করে।
সীরিয়স সাহিত্য আর গদ্যজগতের আলোচনায় রিজিয়া রহমানের ১৯৭৭ সালে প্রকাশিত উত্তরপুরুষ উপন্যাসের ওপর একটি গুরুত্বপূর্ণ বিতর্কে এসেছেন ক্লিন্ট। বাংলাদেশের আঞ্চলিক ভাষা, ইংরেজি, তথাকথিত ‘শুদ্ধ’ বাংলা – এই আলোচনায় এমনভাবে উঠে এসেছে যা আমরা কেবল বাঙালিরাই নানা আড্ডায় করে থাকি। কিন্তু এই সূক্ষ্ম প্রভেদগুলি সাহিত্যের আলোচনায় এমন সুন্দরভাবে ধরলেন একজন আমেরিকান, যে প্রথমে কৌতুককর মনে হলেও পরে এর একাডেমিক গভীরতা মুগ্ধ করে।
দ্য মেথার বৃদ্ধাবাস থেকে বেরিয়ে আসতে আসতে ভাবি, মেলাবেন, তিনি মেলাবেন। কীভাবে আমারই পূর্বপুরুষের বরিশাল আর তার জাইটগাইস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমার কর্মসূত্রের শহরের বর্তমান বাসিন্দা একজন শ্বেতাঙ্গ আমেরিকান ক্লিন্টন সীলি। ভাবি, কে বিদেশি, আর কে বাঙালি!
