Published : 27 Mar 2026, 11:15 PM
ভাষাসংগ্রামী আহমদ রফিককে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল সাহিত্য একাডেমির ৪৩তম বার্ষিক সাধারণ সভা।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে পদক ও সম্মাননা দেওয়া হয় দুই গুণীজনকে।
সাহিত্য একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবারই কোনো গুণীজনকে স্মরণ করে এই সাধারণ সভা হয়। এবারের সাধারণ সভা লেখক-গবেষক, ইতিহাসবিদ, কবি ও ভাষাসংগ্রামী আহমদ রফিক স্মরণে অনুষ্ঠিত হল।
এছাড়া বিগত বছরের মৃত্যুবরণ করা গুণীজনদের স্মরণ করে শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন।

৪৩ বছরের পথ চলায় সংগঠনে বিশেষ অবদানের জন্য এ বছর সাহিত্য একাডেমি পদক ও সম্মাননা প্রদান করা হয় ডা. আহমদ আল মামুন এবং কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরকে।
সাহিত্য একাডেমির শতাধিক নবীন-প্রবীণ সদস্য অংশগ্রহণে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি জয়দুল হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল হান্নান খন্দকার, উপাধ্যক্ষ মিজানুর রহমান শিশির, কুমিল্লা হতে আগত লেখক জিয়া উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ, সাংস্কৃতিক সংগঠক বজলুর রহমান, নারীনেত্রী ফজিলাতুন নাহার, ফারুক আহামদ ভূইয়া, নজরুল ইসলাম, অধ্যাপক শেখ জাহাঙ্গী, ডা. শ্যামল দাশ গুপ্ত, মুসলেম উদ্দিন সাগর, এস এম শাহীন, মনিরুল ইসলাম শ্রাবণ।