২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহনজিন ৭ – ওসাকার দুই মাস

বসা অবস্থায় আমি বললাম আপনি আগের লাইনে একটি ভুল করেছেন বলেই সমাধানটি মিলছে না।

আশরাফ আহমেদ

Published : 21 Nov 2024, 10:37 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

আমাদের এই ইউনেস্কো কর্মসূচীটি ওসাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাপানের প্রথম সারির সাতটি জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হতো। এতে প্রথমেই ছিল ওসাকা বিশ্ববিদ্যালয়ে আট সপ্তাহের কোর্স ওয়ার্ক। এটি ছিল তিন ভাগে বিভক্ত। সপ্তাহে দুই দিন জাপানি ভাষা শিক্ষা, প্রতিদিন সকালে ক্লাশে লেকচার শোনা, এবং বিকেলে  ব্যবহারিক বা প্র্যাক্টিক্যাল ক্লাশে যাওয়া। লেকচার দেয়া হতো ইংরেজিতে। সাতটি বিশ্ববিদ্যালয়ের যে যে অধ্যাপক এই কোর্সের সাথে যুক্ত, তাঁরা সবাই কয়েক ঘন্টা ধরে এক বা একাধিক লেকচার দিতেন নিজ নিজ পাণ্ডিত্য বিষয়ে। এঁদের প্রায় সবাই জাপানে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও কৃতিত্বপূর্ণ বিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ একাধিক পাঠ্যপুস্তকও রচনা করেছিলেন। ক্লাশে পড়ানোর সময় নিজ নিজ পাঠ্যপুস্তক থেকে উদাহরণ টেনে, বোর্ডে লিখে, ছবি এঁকে এবং স্লাইড দেখিয়ে বোঝাতেন। 

বিশ্ব পরিবারে বাংলাদেশ একটি দারিদ্যপীড়িত ও অতি অনগ্রসর দেশ হওয়াতে আমি ইতোমধ্যেই হীনমন্যতায় ভোগা শুরু করেছিলাম। ভাষা না বুঝলেও বাংলাদেশ শুনলেই মনে হতো জাপানিদের উৎসাহ কমে যেতো। কিন্তু যুদ্ধ করে সম্প্রতি স্বাধীন হওয়া দেশের নাগরিক হিসেবে গৌরবও বোধ করতাম। বিপরীতমুখী এই দুই চিন্তার ফলেই হয়তো প্রতি মুহূর্তে মনে রাখতে হতো যে আমার কথা, আচরণ ও ব্যবহারে সুনাম না হলেও বাংলাদেশের যেন কোনো বদনাম না হয়।  ফলে চেষ্টা ছিল ইউনেস্কোর আমাদের দলে এবং ক্লাশে নিজের যোগ্যতা প্রমাণ করার।  

ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকার সহপাঠীরা অন্যদের তুলনায় ভালো ইংরেজি বলতে পারলেও আমি ও প্রমোদ শ্রীবাস্তব ছাড়া আর বিশেষ কেউই পড়া নিয়ে ক্লাশে অথবা বাইরে শিক্ষকদের সাথে আলোচনায় লিপ্ত হতো না। আমার জানা অথবা অজানা সব বিষয়েই প্রায় প্রতিটি ক্লাশে প্রয়োজনে শিক্ষকের বক্তৃতা থামিয়ে বিষয়টি বুঝতে চেয়েছি অথবা আলোচনা করেছি। ফলে অনুসন্ধিৎসু ছাত্র হিসেবে প্রথম থেকেই আমার একটি পরিচিতি দাঁড়িয়ে গিয়েছিল।

এর মাঝে ওসাকা বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক সু-ইচি আইবা’ অণুঘটকের গতিবিদ্যা বা এনজাইম কাইনেটিক্স পড়াতে এলেন। এই একটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই খুব ভয় পেতাম, আর, কেউই পরতপক্ষে সে দিকটি মাড়াতাম না।।  আমরা আগেই জেনে গেছি যে ইউনেস্কো কোর্সে জড়িত সব অধ্যাপকদের মাঝে আইবা সবচেয়ে মেধাবী ও বিখ্যাতই শুধু নন, এনজাইম কাইনেটিক্সের মতোই ভীষণ কঠিন-কড়া এবং জাঁদরেলও বটে। বিষয়টি কঠিন বলে আমি ইতোমধ্যেই ইংরেজিতে রচিত তাঁর লেখা পাঠ্যপুস্তকটি কিনে ফেলেছিলাম, কিছু কিছু পড়েও নিয়েছি। ক্লাশের বোর্ডে বিরাট বিরাট সমীকরণ বা ইকুয়েশন লিখে লিখে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন। বোঝার ভান করে আমাদের সবাই মাথা নাড়ছে। 

একবার দেখলাম নিজের লেখা একটি সমীকরণের সমাধান তিনি মেলাতে পারছেন না। হাত তুলে তাঁর দৃষ্টি আকর্ষণ করাতে তিনি বেশ ক্ষুব্ধ হয়ে আমার সমস্যা কী জানতে চাইলেন। বসা অবস্থায় আমি বললাম আপনি আগের লাইনে একটি ভুল করেছেন বলেই সমাধানটি মিলছে না। তিনি আমাকে বোর্ডে যেতে ডাকলেন। আমি তাঁর লেখা বিশাল সমীকরণের সামান্য একটি ভুল সংশোধন করে দিলাম। তিনি সাথে সাথে সম্মতিসূচক মাথা নাড়াতে নাড়াতে ধন্যবাদ দিলেও অপমানিত যে হয়েছেন তা বোঝা গেল। সেদিনের ভাষণের দ্বিতীয় পর্বে তাঁর লেখা পাঠ্যপুস্তক বইয়ের একটি অধ্যায়ে একই ধরণের সামান্য ভুল নিয়ে গেলে ক্লাশের সহপাঠীদের মাঝে আমার সম্পর্কে একটি খুব ভালো ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল।

নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজুশিমা এলেন লেকচার দিতে। বয়স পঞ্চাশের নিচে বলেই হয়তো পোষাকে ও চলনে বলনে পাশ্চাত্যের ছাপ ছিল খুব স্পষ্ট। আমেরিকায় এক নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপকের ল্যাবে তাঁর যুগান্তরকারী গবেষণার কথা চমৎকারভাবে বর্ণনা করলেন।  চা বিরতিতে তাঁর সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হলাম। মাস কয়েকের মাঝেই ঢাকায় আমার এক বছর নিচের মোসাদ্দেক হুসেইন তাঁর লাবে পিএইচডি ছাত্র হিসেবে আসতে যাচ্ছে। আমার এক বছরের সিনিয়র, তখন কিউশু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত নূরন নবী ভাইয়ের সুপারিশে মোসাদ্দেক সেই সুযোগটি পেতে যাচ্ছিল। 

কিয়োতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবুরো ফুকুই যথেষ্ট বয়স্ক ব্যক্তি। পিটিপিটে চোখ তুলে তাকানোর সময় ঘন ঘন চোখের পাতি ফেলেন, হয়তো বার্ধক্যের উপসর্গ। খ্যাতিমান হয়েও খুবই বিনয়ী ছিলেন বলে আমার সহপাঠীরা বলতো ‘সো সুইট’! তিনি ক্লাশে ঢুকেই আমার খোঁজ করলেন। বললেন ঢাকায় ডঃ বেনেডিক্ট গোমেজ তোমার কোনো এক শিক্ষক আমার  এক জাপানী বন্ধুর কাছে তোমার ব্যপারে সুপারিশ করেছিলেন। কিন্তু তিনি এই ইউনেস্কো প্রোগ্রামের সাথে জড়িত নন। কাকতালীয়ভাবে আমি তাঁর পরিচিত। সেই সূত্রে আমি অধ্যাপক হিসাহারু তাগুচির কাছে তোমার জন্য সুপারিশ করেছিলাম। আমি খুব খুশি হয়েছি যে তোমাকে পছন্দ ও নির্বাচিত করা হয়েছে। এরপর তোমার দরখাস্তে দেখেছি তুমি ইম্মোবিলাইজড এনজাইম নিয়ে কাজ করতে চাও লিখেছো। তা আমার ল্যবে তো এ নিয়ে অনেক দিন ধরেই গবেষণা হয়। মনে হচ্ছে তোমাকে আমার ল্যাবেই পাঠানো হবে।

এখানে বলে রাখা ভালো যে জাপানের সর্বশ্রেষ্ঠ সাতটি বিশ্ববিদ্যালয়ের মাঝে ভৌগলিক অবস্থান ও রাজনৈতিক-অর্থনৈতিক বিবেচনায় টোকিও বিশ্ববিদ্যালয়ের স্থান সবচেয়ে ওপরে। কিন্তু তখন পর্যন্ত যে তিনটি নোবেল পুরষ্কার জাপানের কপালে জুটেছিল, তার সবকটিই ছিল কিয়োতো বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের। ফলে মেধা ও পাণ্ডিত্যের বিচারে কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারা যে কারো পক্ষে অতীব সৌভাগ্যের ব্যপার ছিল। পরবর্তীতে প্রত্যেক জাপানির সাথে প্রথম পরিচয়ে আমি কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শোনার সাথে সাথে অত্যাশ্চর্যের প্রকাশ ঘটিয়ে সুর তুলে বারবার সম্মান জানাতো। ইউনেস্কো কোর্সে প্রায় এক বছর আগে ঢাকা থেকে দরখাস্ত পাঠানোর সময় এর কিছুই আমি জানতাম না। দরখাস্তে ইম্মোবিলাইজড এনজাইম নিয়ে গবেষণার আগ্রহটি আমি দেখিয়েছিলাম আমার শিক্ষক ডক্টর আনোয়ারুল আজিম চৌধুরীর পরামর্শে। 

এখন দেখা গেল নিজের অজান্তেই আমি পৃথিবীর একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ পেয়ে গেলাম। কাকতালীয় ভাবে পাওয়া এই সুযোগটিও আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল। সুযোগ পেলেই বন্ধুদের আমি বলতাম ব্রাহ্মণবাড়িয়ার সর্বশ্রেষ্ঠ অন্নদা হাইস্কুল, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এখন আমি জাপানের সর্বশ্রেষ্ঠ কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব গ্রহণ করতে যাচ্ছি।

আরো ছিলেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ইন্সটিউটের প্রধান অধ্যাপক, যার নামটি কিছুতেই মনে করতে পারছি না। তাঁর অমায়িকতাও মুগ্ধ করা হলেও তাঁর ইংরেজি উচ্চারণ বোঝা প্রায় অসম্ভব ছিল। বক্তৃতায় বার বার ‘লাজামান্তভ’ শব্দটি শুনে এর অর্থ কী জিজ্ঞেস করেও উত্তরটি বুঝতে পারছিলাম না। তখন আমাদের কোরিয় সহপাঠী বললো অধ্যাপক বলছেন ‘লার্জ এমাউন্ট অব’। তখন বুঝলাম অন্ততঃ সাত আটটি বিভিন্ন জাতের ব্যক্টেরিয়া জীবাণু ব্যবহার করে করে তাঁর ল্যাবে বিভিন্ন ধরণের লার্জ এমাউন্ট অব (প্রচুর পরিমাণে) আঁশ জাতীয় ভিন্ন ভিন্ন নতুন নতুন পদার্থ উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। তাঁর লাবে একটি সপ্তাহ কাটানোর সময় আমার কৌতুহল মেটাতে তিনি তেমন একটি কাজ হাতে কলমে শিখিয়েছিলেন।  

তিন বা চারটি দলে বিভক্ত হয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ের তিন বা চারটি ল্যাবে আমরা ব্যবহারিক ক্লাশ করেছিলাম। তাগুচি-লাবে ফার্মেন্টেশন টেকনোলজি, ওকাদা-ল্যাবে ফার্মেন্টেশন কাইনেটিক্স, ওহশিমা-ল্যাবে ইস্ট জেনেটিক্স, এবং আরেকটি ল্যাবে (যে অধ্যাপক লাজামান্তভ বলতেন) বায়োমাস এন্ড পোলিমার উৎপাদন। শেষ ল্যাবে কাজ করার সময় একটি মজার ব্যপার হয়েছিল যা উল্লেখ করছি। 

কোর্স শুরু হয়ে যাবার প্রায় চার সপ্তাহ পর ফিলিপিন্স থেকে এক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এসে আমাদের সাথে যোগ দেয়। বোকার ভান করা মজার এই ছেলেটির মাইক্রোবায়োলজির ম জ্ঞানটিও ছিল না। তাহলে সে এখানে কী করতে এসেছে? এটা সেটা প্রশ্ন করে বোঝা গেল তদবির! জাপানে আসতে হবে শুধুমাত্র এই বিবেচনায় তদবিরের জোরেই সে এসেছে। এই ল্যাবে আগের দিন আমরা কয়েকটি ছোট ছোট টেট্রাসাইক্লিন-বোতলে সিরিঞ্জ ঢুকিয়ে এন্টিবায়োটিকটি বের করে বড় বড় ফ্লাস্কে মিশিয়েছিলাম যেন অপ্রয়োজনীয় ব্যক্টেরিয়া সেখানে জন্মাতে না পারে। ভারতের সুরেশ ঘাই আমাদের দলনেতা হলেও ব্যবহারিক ল্যাবে কেউ না বললেও আমার ঘাড়েই সেই দায়িত্ব এসে পড়তো। 

আমার ইচ্ছা হলো ফিলিপিনো ইঞ্জিনিয়ারকে নিয়ে মজা করার। সহপাঠীদেরকে আড়চোখে সতর্ক করে দিয়ে চেহারা গম্ভীর করে ওকে বললাম, তোমার শার্টের আস্তিন গোটাও।  সে তাই করলো। আমি টেট্রাসাইক্লিনের একটি বোতল দেখিয়ে সেটির ভেতর বিশাল সিরিঞ্জের সুঁই ঢুকানোর ভান করে বললাম তুমি তো ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আগে কখনো মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ করোনি। সে হ্যাঁ সূচক মাথা নাড়লো। বললাম, আমরা এক্ষণে যে এক্সপেরিমেন্টে নিয়োজিত আছি তার প্রথম শর্ত হলো তোমার মত অনভিজ্ঞ লোককে একটি ইঞ্জেকশন দেয়া। ভয় পেয়ে সাথে সাথে হাতটি সরিয়ে নিয়ে সেও কম্পিত স্বরে বললো, কিন্তু আমার তো কোন রোগ নেই। আমি বললাম, তোমার সাথে তর্ক করতে চাই না, আমাদের সাথে এক্সপেরিমেন্টে শরিক হতে হলে তোমাকে এই ইঞ্জেকশন নিতেই হবে। 

যাই হোক, এ তো ছিল ঠাট্টার ব্যপার। কিন্তু আগে যেমন বলেছি, শুধু তদবিরের জোরেই সে জাপানে এসেছিল। ফলে আর একমাস কোর্স ওয়ার্কে অংশ গ্রহণ করার পর ওর হদিস আর আমরা কেউ পাইনি।