২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু জাফর শামসুদ্দীনের ‘আত্মস্মৃতি’: একটি জাতির গড়ে ওঠার ইতিহাস

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের উদ্ভবের সময় রক্তবীজের আসুরিক ক্রিয়া আমরা দ্বিতীয়বার দেখেছি। পার্টিশন পাকিস্তানকে করেছে অসভ্য বর্বরের দেশ- বাংলাদেশকে করেছে সামরিক শাসনের জাঁতাকলের অধীন এবং ভারতকে করেছে দাঙ্গাহাঙ্গামা, অশান্তি ও রাজনৈতিক সঙ্কট ও সংঘর্ষের দেশ। লাভবান হয়েছে তিনটি দেশের ওপরতলার লোক এবং শাসকশ্রেণী; কিন্তু সংখ্যালঘু সমস্যা সমাধান কোথাও হয়নি।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 21 Dec 2025, 11:46 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

একজন ব্যক্তি মানুষের জীবনীও যে হয়ে উঠতে পারে একটি জাতির গড়ে ওঠার ইতিহাস, তা আবু জাফর শামসুদ্দীনের ‘আত্মস্মৃতি’ পড়লে বোঝা যায়। মূলত ব্যক্তির নানা অভিজ্ঞতা-অনুভূতির মধ্য দিয়েই ধরা দেয় একটি জাতির নানা শিল্প-সংস্কৃতি ও রাজনৈতিক খতিয়ান। ব্যক্তিমানুষ আলাদা কোনো অস্তিত্ব না, একটি জাতির সমগ্র ইতিহাসেরই ধারক-বাহক। আবু জাফর শামসুদ্দিন তার ব্যক্তি-অভিজ্ঞতাকে জাতি পর্যন্ত বিস্তৃত করতে পেরেছেন এটাই তার লেখক জীবনের মাহাত্ম্য। 

তিনটি কাল দেখেছেন তিনি। দেখেছেন ব্রিটিশ আমল, পাকিস্তান আমল আর বাংলাদেশ আমলও। ১৯১১ সালে জন্ম তার, ঢাকা জেলার কালীগঞ্জ (এখন গাজীপুর) থানার এক গণ্ডগ্রামে। ১৯১১ সালটিকে তিনি স্মরণ করছেন এভাবে: ‘ভারতবর্ষের ইতিহাসে ১৯১১ সালটি বৈশিষ্ট্যের দাবি করতে পারে। ১৯১১ সালে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের তখন পুরো তমতমি এবং দবদবা। ঐ বছরই ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তরিত হয়।” (পৃষ্ঠা-১২)

অর্থাৎ, জন্মলগ্ন থেকেই তিনি স্বদেশের ইতিহাসের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। যত বড় হন, তত তিনি সামাজিক-রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন হন, আর শুধু চিন্তাচেতনায় না, কর্মজীবনকেই ইতিহাস-আশ্রয়ী করে গড়ে তোলেন; সশরীরে নামেন রাজনীতির মাঠে; কখনো সাংবাদিক হিসেবে পর্যবেক্ষকের ভূমিকায়; কখনো-বা একেবারে পুরোদস্তুর সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদ হিসেবেই। মাদরাসা থেকে হাই মাদরাসা পরীক্ষায় পাস করে কিছুদিন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে পড়াশোনা করেন, এরপর তিনি কলকাতায় চলে যান এবং সাংবাদিকতায় যোগ দেন। 

কর্মজীবনের শুরুতে তিনি দৈনিক সুলতানের সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৩১ সালে তিনি সরকারের সেচ বিভাগে যোগ দেন। ১৯৪২ সালে সেচ বিভাগের কাজ পরিত্যাগ করে কটকে নির্মাণাধীন বিমানঘাটি তদারকি অফিসের হেড ক্লার্ক পদে যোগ দেন। কয়েক মাস পর তিনি এ চাকরি ছেড়ে আবার সাংবাদিকতা শুরু করেন। এ সময় তিনি দৈনিক আজাদে যোগ দেন। ১৯৪৮ সালের অক্টোবরে পত্রিকাটি কলকাতা থেকে ঢাকায় চলে আসার পর তিনি সহকারী সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ১৯৫০ সালে আজাদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলে তিনি প্রকাশনা ব্যবসা সংস্থা ‘কিতাবিস্তান’ প্রতিষ্ঠা করেন। ১৯৫০-৫১ সালে তিনি সাপ্তাহিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাগমারীর সাংস্কৃতিক সম্মেলনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ন্যাশনাল আওয়ামী পার্টির জন্মলগ্ন থেকেই তিনি এ দলের সঙ্গে জড়িত হন এবং কিছুদিন ঢাকা জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে বাংলা একাডেমির অনুবাদ বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৭২ সালে তিনি এ চাকরি থেকে অবসর নেন। এরপর তিনি দৈনিক পূর্বদেশের সম্পাদকীয় বিভাগে যোগ দেন। ১৯৭৫ সালে পূর্বদেশ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দৈনিক সংবাদে যোগ দেন। বাকি জীবন তিনি এখানেই কর্মরত ছিলেন। ছোটগল্প লেখার মধ্য দিয়েই তার সাহিত্যজীবন শুরু। পরবর্তীকালে তিনি ঔপন্যাসিক ও প্রবন্ধকার হিসেবেই বিশেষ পরিচিতি অর্জন করেন। তার প্রথম উপন্যাস ‘পরিত্যক্ত স্বামী’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। তার উল্লেখযোগ্য রচনা হলো- উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩), পদ্মা মেঘনা যমুনা (১৯৭৪), সংকর সংকীর্তন (১৯৮০), দেয়াল (১৯৮৫); গল্পগ্রন্থ: জীবন (১৯৪৮), রাজেন ঠাকুরের তীর্থযাত্রা (১৯৭৮), ল্যাংড়ী (১৯৮৪); প্রবন্ধ: চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য (১৯৬৪), Sociology of Bengal Politics (১৯৭৩), সোচ্চার উচ্চারণ (১৯৭৭), লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি (১৯৮৮) ইত্যাদি। এ ছাড়া তিনি বেশ কয়েকটি জীবনী, আত্মজীবনী, নাটক, ভ্রমণকাহিনী এবং স্মৃতিচারণমূলক গ্রন্থ রচনা করেন। শিল্পীর সাধনা (১৯৬৭) ও পার্ল বাকের সেরা গল্প (১৯৬৮) তার দুটি অনুবাদগ্রন্থ। এটুকু উইকিপিডিয়ার তথ্য। উইকিপিডিয়ায় যা নেই তা হলো এ-সময়ের মধ্যে তার বেড়ে-ওঠা ও সামাজিক-রাজনৈতিক সংস্কৃতির সাথে জড়িয়ে পড়ার গল্প। 

আমরা যদি তার বই থেকেই ধারাবাহিকভাবে একটু একটু উদ্ধৃতি তুলে ধরি, তাহলে তার বেড়ে-ওঠার গল্পটা যেমন, তেমন বাংলাদেশ জাতিরাষ্ট্রটি গড়ে-ওঠার পেছনের ইতিহাসটুকু, ব্রিটিশ শাসন শেষে পাকিস্তান আমলের অভ্যুদয় কী কারণে কোন বাস্তবতায় হয়েছিল, পাকিস্তান ভেঙ্গে কেন বাংলাদেশ নামক নতুন একটি রাষ্ট্রের জন্ম হওয়া অনিবার্য ছিল তা আরো পরিষ্কার বোঝা যাবে। 

পিতামহের স্মৃতিকথা বলতে গিয়ে বলেন, “পিতামহ ১৮৫৭ খ্রিষ্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চায় লিপ্ত ছিলে। ১৮৫৭ সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাইরাও যোগ দিয়েছিল। ঢাকার খাজা আবদুল গনি (পরবর্তীকালে নবাব) বিদ্রোহ দমনে ইংরেজের সঙ্গে সহযোগিতা করেন। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা হয়।  এর ফলে নাকি প্রায় পাঁচ হাজার লোক মারা যায়। মৌলবি মুনশিরা ছিলেন ইংরেজের বিশেষ লক্ষ। ওদের পেলেই ফাঁসিকাষ্ঠে ঝুলানো হতো। আন্ডাঘরের ময়দানে (বাহাদুর শাহ পার্ক) গাছগুলোতে ঝুলিয়ে  রাখা হয়েছিল অসংখ্য মানুষ।” (পৃষ্ঠা-১৫)

ওই সময় তার দাদা প্রাণভয়ে ঢাকা ত্যাগ করেন, গ্রামে এসে মসজিদকে কেন্দ্র করে গ্রামসমূহের বালক-বালিকাদের দীনী এলে শিক্ষাদানে নিযুক্ত হন। তার দাদা ছিলেন মওলানা কেরামত আলীর খলিফা বা স্থানীয় প্রতিনিধি। ১৮৫৯-৬০ সালের দিকে মওলানা কেরামত আলী জৌনপুরী বেশ কিছুদিনের জন্য তাদের বাড়িতে আস্তানা গাড়েন। কেরামত আলী ছিলেন সৈয়দ আহমদ ব্রেলভির অন্যতম শিষ্য, ১৮৩১ সালের দিকে ব্রেলভি যখন শিখদের বিরুদ্ধে জেহাদ করতে বালাকোটে যান, কেরামত আলী তার সঙ্গী হননি, বরং ১৮৩৭ সালের দিকে তিনি বাংলাদেশে হেদায়েত করতে আসেন। বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করার সময় সম্ভবত কেরামত আলী ঘোরতর ব্রিটিশবিরোধী ছিলেন। 

এভাবে, জন্মলগ্ন থেকে বা জন্মের আগে থেকেই আবু জাফর শামসুদ্দীন সামাজিক-রাজনৈতিক ইতিহাসের সাথে জড়িয়ে পড়েন। তার ‘আত্মস্মৃতি’ পড়তে পড়তে বারবারই মনে পড়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘নিঃঙ্গতার একশ বছর’ উপন্যাসের কথা। একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে মার্কেস যেমন তুলে এনেছিলেন সমগ্র ক্যরিবীয় অঞ্চলের ইতিহাস, তেমনি আবু জাফর শামসুদ্দীনও যেন একজন ব্যক্তিমানুষের জীবনীর মধ্য দিয়ে তুলে আনছেন এই বাংলার শত বছরের ইতিহাস। 

তৎকালীন সামাজিক পরিবেশ নিয়ে বলছেন, “সৈনর্গিক পরিবেশের কথা কিছু কিছু বলেছি। আমার বাল্যকালে আমাদের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে হিন্দু-মুসলমানের সংখ্যা ছিল প্রায় সমান সমান। কামার, কুমোর, ছুতোর, করাতি, ক্ষৌরকার, জেলে (কৈবর্ত), গোয়ালা, স্বর্ণকার, বাড়ই (পানচাষী), খেয়াঘাটের মাঝি, বেনে, কাঁসারিয়া ছিল হিন্দু। নমশূদ্রের পেশা ছিল কৃষি। দরিদ্র নমশূদ্রের বউ-ঝিরা চিড়ামুড়ি তৈরি করতো। ভোর রাত্রে ঢেঁকির পাড়ের দুমদুম শব্দ কান পেতে শুনতাম। মনে হতো ছন্দোবদ্ধ বাজানা যেন। কলু, ধাই (গর্ভ-নাড়ি কাটার পেশায় নিযুক্ত মহিলা) হাজাম (খতনা করার লোক), বাজুইনা (বাদ্যকর) ছিল মুসলমান। গোমরাহি ছিল ব্যাপক। নেঙটি গামছা পরে উদোম গায়ে বহু লোককে হাটবাজার করতে আমি নিজেই দেখেছি।” (পৃষ্ঠা- ১৮)

এসব পেশার মানুষ অনেকেই আজ হারিয়ে গেছে। অনেক শব্দই অপরিচিত ঠেকবে এই প্রজন্মের মানুষের কাছে। কিন্তু এই বইয়ের মধ্য দিয়ে সেই ঢেঁকির পাড়ের দুমদুদম শব্দ আজও যেন আমাদের কানে বাজে! 

১৯২৫-৩০ পর্যন্ত তিনি ঢাকায় লেখাপড়া করতেন। সে সময়ের ঢাকা শহর নিয়ে যেসব বর্ণনা দিয়েছেন তা বেশ কৌতূহলোদ্দীপক। সে সময়ের ঢাকা শহরের বস্তির দুর্দশা, অভিজাত পরিবারগুলোর দেখানেপনা, হিন্দু-মুসলমানের নৈকট্য ও দূরত্বভাব, রেসকোর্সের ঘোরদৌড়, বারবনিতাদের অবস্থা, জিনিশপত্রের দামদর- সবই তার কলমে উঠে এসেছে নিখুঁত নিপুণতায়। লিখছেন, “সেকালের ঢাকার লোকসংখ্যা ছিল এক লাখেরও কম। কিন্তু বারবনিতালয় ছিল বিশাল। মাঝখানে নবাব বাড়ি বাদ দিয়ে কুমারটুলি হতে শুরু করে বাদামতলির ঘাট পর্যন্ত ইসলামপুর সড়কের দু’পাশের প্রায় সবগুলো গলিতে, জিন্দাবাহারে সাচি বন্দরে বারবনিতারা বাস করতো। পাটুয়াটুলির দোতলার বাসিন্দাও ছিল ওরা। বাংলাবাজার, প্যায়ারি দাস রোড প্রভৃতি অঞ্চলেও কিছু কিছু ছিল। ক্রাউন থিয়েটারে ডি.এল রায়ের বাংলা নাটক হতো।” (পৃষ্ঠা-৮২)

আজকে যে-কলেজের নাম কাজী নজরুল ইসলাম কলেজ, তখন এর নাম ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। এখানেই পড়তেন তিনি। আর তাদের কমনরুমে নিয়মিত পাওয়া যেত প্রবাসী, ভারতবর্ষ, বিচিত্রা, ক্যালকাটা রিভিউ, সওগাত, মোহাম্মদী, শনিবারের চিঠি প্রভৃতিসহ তখনকার কলকাতার প্রায় সকল সেরা মাসিক সাপ্তাহিক পত্রপত্রিকা। এসব পত্রপত্রিকা পড়েই তার মানসলোকটি গড়ে ওঠে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তখনকার সকল কিশোর-তরুণদের হিরো। আবু জাফর শামসুদ্দীনের মানসপটেও কবি নজরুল হিরোরূপেই অধিষ্ঠিত ছিলেন। তাঁর রচনা অনুসরণ করে তিনি কবিতা লিখতেন। ১৯২৬ ও ১৯২৭ সালে কবি নজরুল ঢাকা এসেছিলেন, তখন প্রিয় কবিকে তার সামনা-সামানি দেখার সৌভাগ্য হয়। ঢাকাতেই তিনি চোখের সামনে দেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও। সদরঘাটে করোনেশন পার্কের জনসভায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়। দূর থেকে কবির ঋষিতুল্য চেহারার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন তখনকার হালকা-পাতলা বালক আবু জাফর শামসুদ্দীন। 

তখন ঢাকায় থাকাকালেই বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রপথিক এবং মূল প্রেরণা অধ্যাপক আবুল হোসেনের সঙ্গে প্রথম তার পরিচয় হয়। ১৯২৭-২৮ সালের দিকে আবু জাফর শামসুদ্দীন থাকতেন রায় সাহেব বাজারের বিপরীত দিকের গলি নাসিরুদ্দীন সর্দার লেনে। আবুল হোসেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে ঢাকা জজকোর্টে ওকালতি করছেন। তিনিও নাসিরুদ্দীন সর্দার লেনেই বাসা নিয়েছিলেন। তখন মুসলিম সাহিত্য সমাজ এবং তার বাৎসরিক মুখপত্র ‘শিখা’র নাম ছাত্র মহলে ছড়িয়ে পড়েছে। 

আগামী বছরই শিখা পত্রিকা প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ-পত্রিকা ঘিরে সে-সময়ের চিন্তাবিদদের যে-আবহ গড়ে উঠেছিল একশ বছরের মাথায় তা এখন পড়তে পাঠকদের নিশ্চয়ই অন্যরকম রোমাঞ্চ হবে। দশম শ্রেণীতে পড়ার সময় ১৯২৮ সালে আবু জাফর শামসুদ্দীন প্রথম দেখতে পান ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে। শহীদুল্লাহ সাহেব তখন প্যারিস থেকে ফিরেছেন। শহীদুল্লাহ সাহেব তখন কোট-প্যান্ট পরেন। ১৯৬৪ সালের রোজনামচায় আবু জাফর শাসসুদ্দীন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে নিয়ে একটা মন্তব্য করেছেন এরকম: “টাকা পেলে তিনি অপমান সহ্য করতে রাজি।  আমার মনে হলো এই অর্থগৃধ্নুতার জন্যই সুনীতি চ্যাটার্জির সমস্ত গুণ থাকা সত্ত্বেও ভদ্রলোক সুনীতি চ্যাটার্জি হতে পারলেন না।” (পৃষ্ঠা- ৩২৩)

সে-সময়ে আরো অনেক বিখ্যাত-বিশেষ ব্যক্তিবর্গকে নিয়েই আবু জাফর শামসুদ্দীন অনেক সরস, কটু, কঠোর-কঠিন মন্তব্য করেছেন। তার লেখায় উঠে এসেছে ত্রিশ-চল্লিশ দশকের খ্যাতিমান কবি-সাহিত্যিক-চিন্তাবিদ আশরাফ আলী খাঁ, আবদুল কাদির, বেনজীর আহমদ, প্রবন্ধকার আবদুল মজিদ সাহিত্যরত্ন এবং তৎকালীন উঠতি মুসলিম কবি-সাহিত্যিক আরো অনেকের কথা। তৎকালীন কবি-সাহিত্যিকদের বুদ্ধিবৃত্তিক অবস্থান নিয়ে তার মন্তব্য, “ কবি নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, কবি আবদুল কাদির প্রমুখ কিছু কিছু বিরল ব্যতিক্রম বাদ দিলে সেকালের প্রায় সকল তরুণ মুসলিম কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা বুদ্ধিবৃত্তিতে অসঙ্গতি ও স্ববিরোধ ছিল। ওরা অবিভক্ত স্বাধীন সার্বভৌম ভারত চাইতেন। কংগ্রেস পরিচালিত স্বাধীনতা সংগ্রামের প্রতি ওদের সমর্থন ছিল। সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক বিশেষ সুযোগ-সুবিধাও চাইতেন।” (পৃষ্ঠা- ১২০)

খুবই চমকপ্রদ এক স্মৃতিকাহিনী লিখেছেন কবি বেনজীর আহমদকে নিয়ে। তিনি ছিলেন সেকালের মুসলিম তরুণ সমাজের লিজেন্ডারি হিরো- কল্পকথার রবিনহুড। ধনীর বাড়ি ডাকাতি করে তিনি গরিবদের বিলিয়ে দিতেন। ছোটবেলা থেকেই আবু জাফর শামসুদ্দীন বেনজীর আহমদের নাম জানতেন। তবে বেনজীর আহমেদের সাক্ষাত পান ১৯২৭-২৮ সালের দিকে, ওই নাসিরুদ্দীন লেনে থাকার সময়ই। এক সকালে দেখেন গলির হোটেলে খুব ভিড়। কৌতূহলী হয়ে তিনি এগিয়ে গিয়ে দেখেন অতি সুদর্শন এবং স্বাস্থ্যবান এক যুবক দাঁড়িয়ে আছেন। আবু জাফর শামসুদ্দীন তার বর্ণনা দিচ্ছেন এভাবে: প্রায় ছয় ফুট লম্বা এই যুবকের কোমরটি ছিল হরিণের কোমড়ের মতো সরু এবং বুক সিংহের বুকের মতো চওড়া। “নোয়াখালির এক ডাকাতিতে সংযুক্ত থাকার অভিযোগে তিনি কলকাতায় গ্রেফতার হন। গ্রেফতার অবস্থায় হাতকড়া লাগিয়ে যখন তাঁকে গোয়ালন্দ হতে স্টিমারযোগে চাঁদপুর নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি গভীর রাতে প্রহরীদের অসতর্কতার মুহূর্তে চাঁদপুরের কাছাকাছি এক জায়গায় অশ্বিনের গদ্মায় ঝাঁপিয়ে পড়েন। হাতকড়াবদ্ধ অবস্থায় সাঁতার কাটতে কাটতে এক সময়ে তিনি হাতকড়া খুলে ফেলতে সক্ষম হন। আরো অনেকক্ষণ সাঁতার কাটার পর তিনি অর্ধমৃত অবস্থায় এক চরে অজ্ঞান হয়ে পড়েন।” (পৃষ্ঠা-৯৪)

১৯৩৩ সালে আবু জাফর শামসুদ্দীনের প্রথম ছোট গল্প ‘দু’টি বোন’ মাসিক মোহাম্মদীতে প্রকাশিত হয়। তখন তিনি কলকাতা থাকেন। লেখাপড়া করতেই গিয়েছিলেন কলকাতা, কিন্তু অর্থাভাবে আর প্রাতিষ্ঠানিক লেখাপড়া চালাতে পারেননি। সে-সময়ই ক্রমে ক্রমে ঘনিষ্ঠভাবে পরিচিত হন কবি শাহাদত হোসেন, গোলাম মোস্তফা, বন্দে আলী মিয়া, খান মোহাম্মদ মইনুদ্দিন, কবি জসীম উদদীন, মোঃ নাসির আলী বি.কম, আহসান হাবীব প্রমুখের সাথে। বেনজীর আহমদের সাথেও ততদিনে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। আর বেনজীর আহমদের সূত্র ধরেই তৎকালীন রাজনীতিবিদের সাথেও সাক্ষাৎ ঘটে তার। আর এসব বিদগ্ধজনের হাত ধরেই বিশ্বসাহিত্যের এক অনন্য ভুবনের সঙ্গে ধীরে ধীরে তার গভীর-নিবিড় পরিচয় গড়ে ওঠে।

পাড়াগাঁর এক সহজ-সরল বালক যে এভাবে ধীরে ধীরে জাতীয় নাগরিক ও বিশ্বনাগরিক হয়ে উঠছেন এটাও বেশ আগ্রহোদ্দীপক। ১৯৩৭ সালে প্রকাশিত হয় দৈনিক আজাদ। দেশভাগের পর আজাদ পত্রিকার সকল কার্যক্রম কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। তখন এই পত্রিকার সম্পাদক হন আবুল কালাম শামসুদ্দীন, আর আবু জাফর সামসুদ্দীন ছিলেন সম্পাদকীয় বিভাগে। আবুল কালাম শামসুদ্দীন সম্পর্কে আবু জাফর সামসুদ্দীন লিখেছেন, “আবুল কালাম শামসুদ্দীন জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত সাংবাদিকতা করেছেন। কিন্তু তাঁর অতি ঘোর শত্রুও এ অপবাদ দিতে পারবে না যে, তিনি আপন পেশার সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়েছেন। তিনি ছিলেন সকল প্রকার দুর্নীতিমুক্ত। সম্পাদক হিসেবেও আবুল কালাম শামসুদ্দীন ছিলেন তৎকালীন মুসলিম সম্পাদক এবং সাংবাদিকদের মধ্যে সবচেয়ে যোগ্য ও দক্ষ ব্যক্তি।” (১৫৮) আবুল কালাম শামসুদ্দীন সম্পর্কে আরেকটি দারুণ মন্তব্য করেছেন তিনি, “আবুল কালাম শামসুদ্দীন সাহেবের স্থায়ী শত্রু হওয়ার একটি মাত্র উপায় ছিল। কাজী নজরুল ইসলামকে লিখিত বা মৌখিকভাবে আক্রমণ তিনি সহ্য করতে পারতেন না। কবি গোলাম মোস্তফা এ কাজটি করেছিলেন। শামসুদ্দীন সাহেব কোনোদিন তাঁকে সুনজরে দেখেন নি।” (পৃষ্ঠা-১৫৯)

বাঙালি মুসলিম মানস গঠনে ‘দৈনিক আজাদ’-এর ভূমিকা ব্যাপক। এ-পত্রিকার সম্পাদক মওলানা আকরাম খাঁ-ও তাঁর চিন্তা, লেখালেখি, রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মতৎপরতার জন্য সে-সময় প্রভাবশালী ব্যক্তিত্ব। আকরাম খাঁ সম্পর্কেও আবু জাফর শাসমুদ্দীনের মন্তব্যটি স্মরণযোগ্য, “বাঙালি মুসলিম সমাজের তৎকালীন হীনমন্যতাবোধ তিনি কাটিয়ে উঠতে পারেন নি। আজীবন তিনি এ হীনমন্যতাবোধে ভুগেছেন। আজীবন অবাঙালি মুসলিম নেতৃত্বের পায়রবি করেছেন। শিক্ষা এবং বুদ্ধিমত্তার কমতি ছিল না। রাজনীতিতে তিনি কোনো স্বাধীন ভূমিকা পালন করতে পারেন নি। রাজনৈতিক ক্ষেত্রে তিনি ছিলেন মিডিওকর- অবাঙালি মুসলিম স্বার্থের শিখণ্ডী। তিনি বিত্তশালী হয়েছিলেন, কিন্তু মধ্যবিত্তের সঙ্কীর্ণ বলয়ের মধ্যেই বিচরণ করেছেন। মওলানা আবুল কালাম আজাদের উদার মানবিক গুণাবলী অর্জন করতে পারেন নি। বিশ্বসভ্যতা ও সংস্কৃতির বৃহত্তর অঙ্গনে প্রবেশলাভ ঘটে নি তাঁর।” (পৃষ্ঠা-২১১)

‘রাষ্ট্র ভাষা বাংলা ‘র দাবিতে যে-ভাষা আন্দোলন গড়ে ওঠে আবু জাফর শামসুদ্দীন শুরু থেকেই তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা সংগ্রামের দিনগুলোতে তিনি কোনো পত্রপত্রিকায় কাজ করেন না, পুস্তকের দোকানদারি করেন। সহ- লেখকদের সূত্র ধরে ‘সংবাদ’ অফিসে যাতায়াত করতেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুবই উৎকণ্ঠিত। ২০ ফেব্রুয়ারি রাত থেকেই তার ১৩ বছর বয়সি এবং ষষ্ঠশ্রেণী পড়ুয়া জ্যেষ্ঠ পুত্র বাড়ি থেকে উধাও। পরদিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারির দিন, তিনি সারা শহর ঘুরে ছেলেকে খুঁজছেন আর চোখের সামনে দেখছেন ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্রদের মিছিল। ছেলেকে না পেয়ে যখন বাড়ি ফিরে আসছিলেন তখনই শুনেন গুলির শব্দ! 

এই যে ভারত ভেঙ্গে পাকিস্তান হলো এবং এক সময় পাকিস্তান ভেঙ্গে হলো বাংলাদেশ, এবং এর পেছনে আছে প্রচুর রক্তপাত এসব নিয়ে খুবই অল্প কথায় আবু জাফর শাসমুদ্দীন এক জায়গায় খুবই মূল্যবান মন্তব্য করেছেন, “১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের উদ্ভবের সময় রক্তবীজের আসুরিক ক্রিয়া আমরা দ্বিতীয়বার দেখেছি। পার্টিশন পাকিস্তানকে করেছে অসভ্য বর্বরের দেশ- বাংলাদেশকে করেছে সামরিক শাসনের জাঁতাকলের অধীন এবং ভারতকে করেছে দাঙ্গাহাঙ্গামা, অশান্তি ও রাজনৈতিক সঙ্কট ও সংঘর্ষের দেশ। লাভবান হয়েছে তিনটি দেশের ওপরতলার লোক এবং শাসকশ্রেণী; কিন্তু সংখ্যালঘু সমস্যা সমাধান কোথাও হয়নি। পাকিস্তানে কাদিয়ানি মুসলিমদের অমুসলিম ঘোষণা করে নতুন সংখ্যালঘু সম্প্রদায় তৈরি করা হয়েছে। মহাত্মা বুদ্ধ, খাজা মাইনুদ্দীন চিশতী এবং আকবরের দেশের এই হয়েছে পরিণতি।” (পৃষ্ঠা-৩০)

আত্মস্মৃতি’র অখণ্ড সংস্করণ প্রকাশিত হয়েছে মোট তিনটি খণ্ডে। প্রথম খণ্ডে আছে তিনটি অধ্যায়: আমার পাঠশালার দিনগুলি, বৃহত্তর ভারতে, পাকিস্তানে। দ্বিতীয় খণ্ডে একটি অধ্যায়: সংগাম ও জয়। তৃতীয় খণ্ডে: সংযোজন : দিনলিপির পাতা। এ-অংশে ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত তার দিনলিপি সংযোজিত হয়েছে। দিনলিপি অংশে আবু জাফর শামসুদ্দীন দৈনন্দিন জীবনের নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক ঘটনা লিপিবদ্ধ করে রাখতেন। ফলে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ঐতিহাসিক তথ্য সংগ্রহের জন্য এটিও বেশ গুরুত্বপূর্ণ অংশ। 

‘আত্মস্মৃতি’র অখণ্ড সংস্করণ প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৭১। বিশাল এই বইটি নিয়ে সংক্ষেপে কোনো পর্যালোচনা আসলে দুরূহ। এর প্রতি পৃষ্ঠায় ছড়িয়ে আছে নানা মূল্যবান সব রত্নরাজি। ইতিহাসের পাঠকরা এ-বই থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য পাবেন। সাধারণ পাঠকরা এ-বই পড়ে মহৎ উপন্যাস পাঠের স্বাদ পাবেন।