২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশীক রহমানের কবিতা

তুমি কি দেখ নাই হে পার্কের নিষ্ফুল মহুয়ার গাছ,/ ঢেকে গেছে এত তাড়াতাড়ি বাকলে খোদিত নাম?/ ভুলে গেছ ঘাস? পাতাদের ঘূর্ণি নাচ?

আশীক রহমানের কবিতা
ভাসিলি কান্দিনিস্কির চিত্রকর্ম

আশীক রহমান আশীক রহমান

Published : 28 Jul 2026, 01:46 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

---

ভুলে গেছ?

---

তুমি কি দেখ নাই হে পার্কের নিষ্ফুল মহুয়ার গাছ,

ঢেকে গেছে এত তাড়াতাড়ি বাকলে খোদিত নাম?

ভুলে গেছ ঘাস? পাতাদের ঘূর্ণি নাচ? 

শোভিত অক্ষরে লেখা সুবাসিত চিঠি-পাতা,

ভুলে গেছ সব? এত 

তাড়াতাড়ি হলুদাভ খাম?

'তুমি হে অবোধ, অচল-হৃদয়, বোকা'-

ঝোঁপের আড়াল থেকে বলে গেল এক কাঁচপোকা! 

---

কেন

---

কোথা থেকে এসেছে সে, কোন মাত্রা-কাল থেকে 

এই মাথানষ্ট সুন্দর আমার খামার পোড়াতে! 

বল তো জ্যোতির্বিদ, হে জ্ঞানী  অথবা ধ্যানী 

ঋষিশ্রেষ্ঠ কোনও, ধ্যানের ভিতরে যদি পাও

কোনও ঠায় ও ঠিকানা তবে দাও!

আমি তো অদূরদৃষ্টি কবি, প্রায় কানা, 

এর ওর আত্মা চুরি করে খাই,

ঘুরি ফিরি আগারে-পাগারে আর যাই

ওই ধোঁয়া ধোঁয়া ছায়াপথের ঘিঞ্জি বস্তিতে! 

তাহলে কেন এরকম হতভম্ব সুন্দর 

এখানে, আমার খামারে,  স্বস্তিতে?