কাঠামোর কথকতা: রবীন্দ্রনাথ ও মঙ্গল কাব্য
নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপকভাবে স্যাটায়ারের ওপর নির্ভর করেছেন রবীন্দ্রনাথ, কখনো বেশ শক্তিশালী ব্যঙ্গ। তবে নাটকটির সার্বিক কাঠামোর একটি বিশেষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটিতে আরো বেশি নৈতিক শক্তি যুক্ত করেন তিনি।
প্রাগাধুনিক বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য নামে পরিচিত আখ্যানের গঠনকাঠামো বিশ্লেষণ করে দেখা যায় এখানে প্রতিষ্ঠিত হয় সবার ওপর একজন দেবতার শ্রেষ্ঠত্ব। দেখা গেছে একজন দেবতার ওপর অন্য এক দেবতার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলে মানুষ অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্য লাভ করে। আমরা দেখেছি, অষ্টাদশ শতাব্দীতে কৃষ্ণনগর রাজদরবারের সূক্ষ্ণ কাব্যিক আখ্যান কত সুচারুভাবে মঙ্গল কাব্য ঘরানার সামগ্রিক কাঠামোর সঙ্গে মানিয়ে নিয়েছে। সেই কাঠামোগত বিন্যাস ভালোভাবে মাথায় রেখে দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নৃত্যনাট্যের অভিজ্ঞতা আমাকে চমকে দিয়েছে যে কীভাবে সেটি মঙ্গল কাব্যের কাঠামোর সঙ্গে মিলে যায়। এখানে একটা প্রাগাধুনিক আখ্যানের কাঠামোগত বিন্যাস ব্যবহার করছেন একজন আধুনিক লেখক। বিষয়টা আমার মনে প্রশ্ন জাগায়: যদি উভয় আখ্যানের কাঠামো সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেটা কি নৈতিক বক্তব্যের সঙ্গেও মিলে যায়? যদি তা-ই হয়, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কী বলছেন?
আজকাল কাঠামো বহু ব্যবহারে জীর্ণ একটা শব্দ যে কোনো কেতাবি আলোচনার শুরুতেই যার একটা সংক্ষিপ্ততম সংজ্ঞা দরকার, পাছে পাঠক/দর্শকমণ্ডলী এটাকে তাদের বিশেষায়িত ব্যক্তিগত পরিভাষা মনে করে এবং এই প্রবন্ধের সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন অর্থ করে বসে। কাঠামো বলতে আমি বোঝাতে চাই: এটা হচ্ছে সংগঠিত করা, অর্থাৎ যে কোনো বিষয়ের অংশগুলোকে কোনো বিশেষ উপায়ে একত্রে বিন্যস্ত করা। সেসব অংশের মধ্যকার সম্পর্কও তার অন্তর্ভুক্ত থাকে। ভাষা বা শব্দ যে অর্থবাচক বাণী বহন করে, সাহিত্যিক কাঠামো তার চেয়ে স্বতন্ত্র অর্থ বহন করতে পারে, যদিও সাধারণত সেটা সেই অর্থের পরিপূরক হয়। যেমন, একটা অপেক্ষাকৃত বড় এবং আরো পূর্ণাঙ্গ কাঠামোর অংশ শুরু হয় ‘একদা’ দিয়ে -- যা প্রায়ই শেষ হয় ‘এবং তার পর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে’ দিয়ে। এটা কোনো আখ্যানের অপরিহার্য অংশ নয়, তবে শ্রোতা বা পাঠককে বলে দেয়, সামনে যেটা আসবে সেটা একটা রূপকথার গল্প। হোমার ও ভার্জিলের ব্যবহার করার পর থেকে ষড়মাত্রিক ছন্দ হয়ে ওঠে ধ্রুপদী মহাকাব্যিক ছন্দ (যেমন করেছিল পাঁচ মাত্রার ইংরেজি বীররসের দ্বিপদী কবিতা এবং ফরাসি ভাষায় ষড়মাত্রিক আলেক্সান্দ্রিন)। ছন্দ যেহেতু কবিতার সামগ্রিক কাঠামোর একটা অংশ, এসব ছন্দ ব্যবহৃত হলে শ্রোতাদের সতর্ক করে দিতে পারে যে এই রচনার চরিত্র মহাকাব্যিক হতে পারে। মহাকাব্যিক বিষয় পঞ্চমাত্রিক ছন্দ ছাড়াও অন্য ছন্দে রচনা করা যেতো, সুতরাং এই বিশেষ কাঠামোগত বৈশিষ্ট্যটি একেবারে অপরিহার্য নয়, তবে সেটা থাকলে কবিতার মহাকাব্যিক চরিত্রটা পূরণ করে। কিং জেমসের বাইবেলীয় ইংরেজিতে বহুল ব্যবহৃত বাক্যাংশ ‘সত্যই তোমাদিগকে বলিতেছি’ একটা শৈলী-- যা কোনো রচনায় কাঠামোগত উপাদানও নিয়ে আসে। তাছাড়াও, উপস্থাপিত মূল বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করা হবে, সে ব্যাপারে ইংরেজিভাষী দর্শক/পাঠককে প্রস্তুত করে এটি। বাইবেলীয় শৈলী ছাড়াও বক্তব্যটা একই হবে, সেক্ষেত্রে এই কাঠামোগত প্রকৃতি উপস্থাপিত বক্তব্যকে সমর্থন দেয় কেবল। একইভাবে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য তাসের দেশ একটা বিশেষ কাঠামোগত বৈশিষ্ট্য দেখায় যা তার নিজস্ব অর্থ বহন করে, আর সেই অর্থ সামগ্রিকভাবে পুরো নাটকটির বক্তব্যের পরিপূরক হয়।
রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের বহুমাত্রিকতার মধ্যে একটা নৈতিক দিক ছিল। সারা জীবন, বিশেষ করে তাঁর বেঁচে থাকা গত শতাব্দীর চল্লিশ বছরেরও বেশি সময় মানুষকে শিক্ষা দান করেছেন তিনি, বক্তৃতা দিয়েছেন এ বিষয়সহ নানান বিষয়ে । ১৯০১ সালে শান্তিনিকেতনের স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। ১৯১৩ সালে তাঁর নোবেল পুরস্কার পাওয়ার পর নীরদ চৌধুরী ও অন্যান্যদের মতে বিশ্বঋষির ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। সেই সময় অর্থাৎ ১৯৩৩ সালে চল্লিশ বছর আগে লেখা একটা গল্প বেছে নিয়ে নিজের লেখা প্রচুর গান আর নাচ যুক্ত করে নতুনভাবে রচনা করেন সেটি। তাঁর নামকরণ করা তাসের দেশ মোটাদাগে একটা নীতিকথামূলক নাটক।
এটার প্রথম দৃশ্য শুরু হয় এক রাজপুত্র আর তাঁর সঙ্গী সওদাগরপুত্রকে দিয়ে। রাজপুত্র অস্থির, নতুন ও তাজা কিছু একটার অভিজ্ঞতা পেতে চান তিনি। অবশেষে নতুন কিছু আবিষ্কারের জন্য ভ্রমণে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। বণিক বন্ধুকে ব্যাখ্যা করে তিনি বলেন:
নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা
শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগরবিহঙ্গেরা।
নারিকেলের শাখে শাখে
ঝোড়ো হাওয়া কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী।
সাত রাজার ধন মানিক পাবই সেথায় নামি যদি।
রাণী মা প্রবেশ করেন এসময়, এরকম ছেলেমানুষী কল্পনার জগত থেকে পুত্রকে নিরস্ত করার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ছেলের কাছে হার মেনে গৃহদেবতার কাছে পূজো দিতে বসেন। দৃশ্য শেষ হয় যখন রাজপুত্র গান গেয়ে বলেন যে তিনি দ্বীপ থেকে দ্বীপান্তরে যাবেন, বাড়ি ফেরার আগে জাহাজ ভরতি করে নেবেন অপূর্ব ধনরাজি।
দ্বিতীয় দৃশ্য শুরু হয় জাহাজডুবির পর রাজপুত্র আর বণিকপুত্রের তাসের দেশ দ্বীপের উপকুলে ভেসে আসার পর। তাসের ছক্কা আর পঞ্জা আসে তাঁদের কাছে। এই দ্বীপের অধিবাসীদের তাস চরিত্র বোঝা যায় তাদের দৈহিক গঠন থেকে, সমাজের নিয়ম মেনে আড়ষ্টভাবে চলাফেরা করে ওরা, যা স্পষ্টভাবে রবীন্দ্রনাথের নিজের সমাজেরও প্রবণতা। তাঁর মতে সেই সমাজে নিয়ন্ত্রণমূলক ও অযৌক্তিক সামাজিক আচরণবিধির মধ্যে বসবাস করেন তিনি নিজেও। নবাগতরা এবং দুই তাস যখন পরস্পরের সঙ্গে পরিচিত হচ্ছিল, তখন ওদের কুল-বংশের উৎপত্তি নিয়ে কথা ওঠে। এই প্রশ্নে ছক্কা জানায়: ‘ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব।’
পঞ্জা তার সাথে যোগ করে: ‘এই কারণে কোনো কোনো ম্লেচ্ছভাষায় আমাদের তাসবংশীয় না বলে হাইবংশীয় বলে।’
বাংলা হাইয়ের সঙ্গে ইংরেজি ‘হাই’ (উচ্চ) শব্দের উচ্চারণগত মিল রয়েছে বলে একটা দ্বিভাষিক শ্লেষালঙ্কার তৈরি হয়েছে এখানে ।
ছক্কা বলে চলে: ‘শুভ গোধূলিলগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। ... বেরিয়ে পড়ল ফস্ ফস্ করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়িতন।’
রবীন্দ্রনাথের প্রকৃত জগতের মতো সমাজটাও প্রাথমিকভাবে হিন্দু সম্প্রদায়, একই রঙের তাসের সঙ্গে যার মিল আছে -- দুরি, তিরি, রাজা ও গোলাম-- হিন্দুদের ছত্রিশ জাতের প্রতি ইঙ্গিত আছে এখানে। চার রঙের উৎপত্তিকে ঋগবেদের আদি পুরুষের যজ্ঞ অনুসারে চারটি বর্ণের উদ্ভবের বিষয়ে ব্যঙ্গ করা হয়েছে এখানে।
রাজকুমার তাসদের অনেক নিয়মের একটির কথা জানতে চান যা পঞ্জাকে মেনে চলতে হয়:
পঞ্জা: আচ্ছা, তা হলে মুখ ফেরাও।
রাজপুত্র: কেন।
পঞ্জা: নিয়ম। ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা ফুঁ দিয়ে দাও।
রাজপুত্র: কেন?
পঞ্জা: নিয়ম।
এই সময় দুই তাস মন্ত্র পড়ে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পর রাজপুত্র বাধা দেয়: ‘আর সহ্য করতে পারছি নে, মুখ ফেরাতে হল।’
তখন পঞ্জা বলে: এঃ! ভেঙে দিলে মন্ত্রটা! অশুচি করে দিলে!
রাজপুত্র: অশুচি?
পঞ্জা: অশুচি নয় তো কী। মন্ত্রের মাঝখানটায় বিদেশীর দৃষ্টি পড়ল।
রাজপুত্র: এখন উপায়?
ছক্কা: বাদুড়ে-খাওয়া গাবের আঁটি পুড়িয়ে তিন দিন চোখে কাজল পরতে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে।
এই দৃশ্যের শেষে রাজা আর তাঁর পারিষদেরা উপস্থিত হন। আরো একবার বিদেশিরা রাজা-রাণীর দলকে স্বাগত জানানোর জন্য গান শুরু করে অনিচ্ছাকৃতভাবে তাসদেশীয় রীতির সীমা লঙ্ঘন করে। রীতি ভঙ্গ করার শাস্তি হিসেবে রাজা তাদের নির্বাসন দিতে মনস্থ করেন, কিন্তু বিদেশী রাজপুত্রের সাবলীলতায় মুগ্ধ রাণী এবং রাজকুমারীরা এই নির্বাসনদণ্ডের বিরুদ্ধে সরব হন।
সংক্ষিপ্ত তৃতীয় দৃশ্য শুরু হয় সাজগোজ করা একজন তরুণীকে দিয়ে। কিছুক্ষণ পর রাজকুমারীরা অকারণ আবেগ দেখানোর জন্য দোষারোপ করে পরস্পরকে। স্পষ্ট বোঝা যায়, রাজকুমার এই দ্বীপ-রাজ্যটিতে যে মূল বাণী নিয়ে এসেছেন, সেটা এখানকার নিয়মাবদ্ধ অধিবাসীদের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। স্বতঃস্ফুর্ততা ও ইচ্ছে জিততে বসেছে আচরণের শুদ্ধতা ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে।
চতুর্থ ও শেষ দৃশ্য শুরু হয় রাজকুমারীদের একজন হরতনী টেক্কার সঙ্গে রুইতনের রাজার সাক্ষাতের মধ্য দিয়ে। প্রেম আর তাদের ঘিরে থাকা মলয় সমীরণ, উদাত্ত আকাশ, ঝরণা ইত্যাদি প্রাকৃতিক প্রতিবেশের সৌন্দর্য দিয়ে আন্দোলিত তাদের হৃদয়। শেষপর্যন্ত দ্বীপের সকল বাসিন্দা নিয়ম মানা ছেড়ে রবীন্দ্রনাথ তাদের দিয়ে যেভাবে বলান, সেভাবে মানুষের মতো হওয়ার তাগিদ অনুভব করে সবাই। এমনকি তাসদেশের কৃষ্টির রক্ষক তাসপ্রদীপ ম্যাগাজিন সম্পাদক ইস্কাবনের গোলামও (এটা তাঁর সমসাময়িক গুরুগম্ভীর নীরস সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক ম্যাগাজিনের সম্পাদকদের বিষয়ে রবীন্দ্রনাথের একটা খোঁচা) নতুন হাওয়ায় বেসামাল হয়ে পড়ে। রাজা তাঁকে বলেন, ‘সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে!’
গোলাম: সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি, লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি, আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইন্ফ্লুয়েঞ্জা।
শেষপর্যন্ত, রাণী থেকে শুরু করে সবার মধ্যে যখন অস্থিরতার ইঙ্গিত পাওয়া যেতে থাকে, নিয়ম মানতে অনিচ্ছুক হয়ে ওঠা নিজের স্ত্রীকে বনবাসে পাঠাতে ইচ্ছে হয় রাজার। রাণীর বনবাসে যেতে আপত্তি নেই, যেমন যেতে আগ্রহী তাসের দেশের অন্য অধিবাসীরাও। নাটকের শেষে এমনকি রাজাও নিজে থেকেই দুই ভিনদেশির মতো হতে চান। বিদেশি রাজকুমার যখন তাসরাজাকে নিশ্চিত করে যে তিনিও রাণীর সহায়তায় মানুষ হয়ে যেতে পারবেন, তখন নাটকের যবনিকা পতন হয়।
মৃদু ব্যঙ্গ আর প্রধানত কিছু নমুনা দেখিয়ে স্বয়ংচালিত যন্ত্রের মতো তাস-জনগণের আচার-ব্যবহারের কঠোর নিয়মকানুন ভেঙে দেয় দুই বহিরাগত। প্রাচীন এবং এতদিন ধরে সম্মান দেখানো শাসকেরা তাদের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, সেসব উপেক্ষা করে অবশেষে নিজেদের আবেগের ডাকে সাড়া দিতে শুরু করে ওরা। রাজপুত্র যখন তাসদের চলাফেরার অযৌক্তিকতা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, রবীন্দ্রনাথ তখন দর্শকদের দেখানোর চেষ্টা করছিলেন তাদের রীতিনীতির অসারতা। কৃষ্ণ কৃপালনি নৃত্যনাট্যটির একটি অংশের বর্ণনায় লেখেন:
হাস্যরসাত্মক ও বিদ্রুপপূর্ণ সংলাপে পুরো দৃশ্যটি সব দিক থেকে নিয়মের নিগড়ে বাঁধা আমাদের নিজেদের প্রথাবদ্ধ জীবন নিয়ে এক উপাদেয় স্যাটায়ার। যদিও আমাদের বিন্যস্ত অস্তিত্ব রুটিন এবং আচার অনুষ্ঠানের ভেতর দিয়ে চলে, আমাদের মধ্যে জীবনের বেড়ে ওঠা থেমে গেছে। এক প্যাকেট তাসের মতো আমাদেরও আছে রং, নকশা করা, ছাপ মারা এবং শাফল করার পর বাঁটা হয় একটা অপরিবর্তিত নিয়মে, যাতে আছে কায়দা কিন্তু অর্থহীন, আছে পন্ডিতিপনা, কিন্তু অকারণ। যা রীতিমাফিক সেটা পবিত্র, আর যেটা রীতিবিরুদ্ধ, সেটা পাপ। নিয়ম আর প্রথার বিরুদ্ধে আনুগত্য ছাড়া অন্য কোনো আনন্দ জানি না আমরা, সেখান থেকে পতিত হওয়াই আমাদের একমাত্র ভয়। পঞ্জা ও ছক্কাকে দেখে আমরা উপহাস করি, কিন্তু বুঝতে পারি না যে আসলে উপহাস করছি আমাদের নিজেদেরই, পঞ্জা ও ছক্কা আসলে আমাদের নিজেদের মূঢ়তারই ব্যঙ্গাত্মক রূপ।
নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপকভাবে স্যাটায়ারের ওপর নির্ভর করেছেন রবীন্দ্রনাথ, কখনো বেশ শক্তিশালী ব্যঙ্গ। তবে নাটকটির সার্বিক কাঠামোর একটি বিশেষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটিতে আরো বেশি নৈতিক শক্তি যুক্ত করেন তিনি। প্লট কিংবা ঘটনা পরম্পরার মধ্য দিয়ে তাঁর বার্তাতে বাড়তি গুরুত্ব আরোপ করেন রবীন্দ্রনাথ, কারণ, নাটকটির বৃহত্তর কাঠামোর একটা অংশ হচ্ছে প্লট। আমার মতে রবীন্দ্রনাথের তাসের দেশ-এর কাহিনীর আনুক্রমিক ছাঁদটার সঙ্গে মঙ্গল কাব্য নামে পরিচিত মধ্যযুগের বাংলা আখ্যানের অন্ততপক্ষে কোনো কোনোটির কেন্দ্রীয় পর্বের তুলনা করা যায়।
এখনকার দেখা মঙ্গল কাব্যর বয়ানগুলো সাধারণত মানুষ এবং অতিমানবীয় চরিত্রদের নিয়ে এক বা একাধিক আলাদা পর্বে রচিত দীর্ঘ কাব্য, সার্বিকভাবে এসব বয়ান এই দেবতা কিংবা দেবীর গুণকীর্তন করে। এই ঘরানার লেখাগুলো পরিচিতি পায় শিরোনাম দিয়ে, যার আক্ষরিক অর্থ নির্দেশ করে অমুক কিবা তমুক দেব-দেবীর ‘পবিত্রতা’, যেমন-- মনসা মঙ্গল। মঙ্গল কাব্যগুলো আর যা-ই হোক না কেন, সেগুলো নৈতিক শিক্ষামূলক। সরাসরি দেবতাকে তোষামোদ করা কবির নিজের বক্তব্য এবং দেবতা কিংবা দেবীর ক্ষমতা সম্পর্কে অর্থবোধক দৃষ্টান্ত সহযোগে এসব বয়ানে একটা বার্তা সুস্পষ্টভাবে নিয়ে আসে: যেসব মানুষ নির্দিষ্ট কোনো দেবতার শ্রেষ্ঠত্ব স্বীকার করে, তারা লাভবান হয়; আর যারা করে না, তারা দুর্দশায় পড়ে। অনেক একক উপাখ্যানের ক্রিয়াকাণ্ডের পেছনের প্রেরণা হয় প্রায়ই মর্ত্যের কোনো একটি রাজত্ব কিংবা গোষ্ঠীর মধ্যে দেবতা বা দেবীর অর্চনা চালু করা। দেবতা হয়তো লক্ষ্য করেন কিংবা তাঁকে বলা হয়, কোনো নির্দিষ্ট জায়গায় তাঁকে পূজা করা হয় না। তখন থেকে আখ্যানটি দেখায় সেই অঞ্চলের অধিবাসীদের কীভাবে আলোচ্য দেবতার শ্রেষ্ঠত্ব স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়।
সবগুলোতে নয় অবশ্যই, তবে মঙ্গল কাব্যের বেশ কয়েকটিতে মূল আখ্যান একটি কাহিনীর বর্ধিতাংশ হয় যেখানে একজন অথবা দুজন মানুষ কোনো বিদেশি রাজ্যে অভিযানে রওনা হয়, যা প্রায়শই হয় কোনো বাণিজ্য অভিযান। এই অধ্যায়টিকে আমি মূল সৃষ্টিকর্মের প্রধান পর্ব বলে উল্লেখ করি, কারণ, সাধারণত এটিকে শেষ দিকে রাখা হয় মোট আখ্যানের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি জায়গা জুড়ে। এসব মানুষ প্রায়ই হয় বণিক, আর তাদের গন্তব্য হয় কোনো দ্বীপরাজ্য, কখনো চিহ্নিত করা হয় শ্রীলঙ্কা হিসেবে। সেই দ্বীপের অধিবাসীরা মঙ্গল কাব্যে প্রশংসা করা দেবতার পরিবর্তে অন্য কোনো দেবতার পুজা করে, অথচ এটি যে দেবতার মঙ্গল কাব্য, বণিক সেই দেবতার ভক্ত। সেই অভিযাত্রী(রা) যখন সেখানে এসে উপস্থিত হয়, ভুলক্রমে তাকে চোর, মিথ্যাবাদী কিংবা গুপ্তচর সন্দেহে কয়েদ করা হয়। বন্দী অবস্থায় দেবতার স্তবগান করে সে। যে দেবতার মঙ্গল সংশ্লিষ্ট এই কাহিনী, তিনি রাজ্যের শাসকের কাছে উপস্থিত হন স্বপ্নে। তিনি রাজাকে সাবধান করে দেন যে তাঁর ভক্ত বিদেশীটিকে যদি সসম্মানে ছেড়ে দেওয়া না হয়, তাহলে রাজ্যের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি। কোনো মঙ্গল কাব্যে কেবল স্বপ্নে দর্শন দেওয়াটাই রাজাকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট হয়, অন্য ক্ষেত্রে রাজা ও তাঁর প্রজাদের ওপর ব্যাপক ধ্বংসলীলা চালিয়ে নিজের ক্ষমতা দেখাতে হয় দেবতাকে। শাসক এবং সমগ্র দ্বীপরাজ্যের মানুষ সেই দেবতা কিংবা দেবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়ার পর, তাঁরা হয়ে ওঠেন হিতকারী। বিদেশীদের সম্মান জানানো হয় এবং দেওয়া হয় প্রচুর ধনসম্পদ, এদের কেউ কেউ রাজার মেয়েকে বিয়ে করার সুযোগও পায়। অবশেষে তারা বাড়ি ফিরে আসে খুশি মনে। বণিকেরা উপকৃত হয় বস্তুগতভাবে, আর মঙ্গল কাব্যের দেবতা সেই বিশেষ দ্বীপরাজ্যকে হাতের মুঠোয় আনার জন্য বাড়িয়ে দেন তাঁর আধিপত্য। এরকম একটা আখ্যানের পাঠক/দর্শক একটা সতর্কবার্তা পেয়ে যান যে যারা সেই দেবতার অর্চনা করতে অস্বীকার করে, তাদের ভাগ্যে কী ঘটে এবং যারা পূজা করে, তাদের জন্য কী সুখবর থাকে। এরকম একট বার্তা কখনোই নজর এড়ায় না।
এধরনের প্লটকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন মঙ্গল কাব্য থেকে নির্বাচিত মূল পর্বগুলোর ভাবানুবাদ করছি এখানে। প্রথমটি অষ্টাদশ শতাব্দীর শেষের হরি লীলা, এখানে দেবতা সত্যনারায়ণের স্তবগান করা হয়। দেড়শ পৃষ্ঠার ছাপা বইয়ের শেষ ৭৫ পৃষ্ঠায় রয়েছে দুই বণিক ধনপতি ও তার জামাতা চন্দ্রবানের বিদেশ যাত্রা, দ্বীপ রাজ্যে অভিযান এবং বাড়ি ফিরে আসার বিবরণ। এই দুজন যখন সমুদ্রাভিযানে রওনা করে, তখন স্বামীর সঙ্গে আসন্ন বিচ্ছেদের কারণে বিলাপ করতে থাকে তাদের স্ত্রীরা। দুই অভিযাত্রী গঙ্গা নদী ধরে সমুদ্রাভিমুখে যাত্রা করে। সমুদ্রে পৌঁছার পর ভয়ঙ্কর ঝড় ওঠে (ঝড় আসে দেবতার ইঙ্গিতে, কারণ, এই দুইজন উত্তেজনাবশে পূজা করতে ভুলে গিয়েছিল), তাদের নৌকাগুলো কোনোক্রমে বেঁচে যায় বলে সিংহল তথা বর্তমানের শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছাতে পারে ওরা। বণিকেরা স্থানীয় একজনের কাছে জানতে চায়, কোন ধরনের দেশ এটি। দুই আগন্তুকের কাছে দেশটির নাম এবং ভালো বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানায় তারা। তারা এই তথ্যও দেয় যে দেশটির পূণ্যবান রাজা ও তাঁর সকল প্রজা শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করে না।
বণিক এবং তাঁর জামাতা গিয়েছিল বাণিজ্য করতে, সুতরাং তাঁরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিল বেশি। ইতিমধ্যে এক রাতে চুরি হয়ে যায় রাণীর গলার হার এবং রাজার তলোয়ার। ঘটনাটা জানা ছিল না তাদের। পরদিন সকালে দুই আগন্তুক ঘরের বের হতেই চোর তাদের কাছে রাজবাড়ি থেকে চুরি করা অমূল্য জিনিসগুলো বিক্রি করে দেয়, সেসবের দামও বেশ শস্তা মনে হয় তাদের কাছে। চুরির কথা জানতে পেরে রাজা তাঁর সান্ত্রীকে পাঠান অপরাধীকে ধরে আনার জন্য। চুরির মিথ্যে অপবাদে ধরা পড়ে ধনপতি ও চন্দ্রভান, তাদের কারাগারে পাঠানো হয়। এখানে অবশ্য এসব ঘটান সত্যনারায়ণ, দুই বণিক তাঁকে যথাযথভাবে পুজা করতে অবহেলা করেছিল বলে তখনো ক্ষুব্ধ ছিলেন তিনি। অথচ বাড়িতে তাদের স্ত্রী ও কন্যা সত্যনারায়ণের পুজা করে। তাই দেবতা তুষ্ট হয়ে শ্রীলঙ্কা যান এবং স্বপ্নে ধনপতির সঙ্গে কথা বলেন। ধনপতি দেবতার স্তবগান করলে সত্যনারায়ণ স্বপ্নে রাজার কাছে উপস্থিত হয়ে হুমকি দিয়ে বলেন যে বণিকদের কারাগার থেকে ছেড়ে না দিলে রাজা এবং তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করা হবে।
সত্যনারায়ণের চূড়ান্ত ক্ষমতার কথা স্বীকার করে পরদিন সকালে রাজা তাঁর মন্ত্রীদের ডেকে ধনপতিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। বণিককে রাজার সামনে আনা হলে তিনি বর্ণনা দেন কীভাবে খুব শস্তায় প্রকৃত চোর তাঁর কাছে গলার হার আর তলোয়ার বিক্রি করেছিল। পুরো ঘটনার বিবরণ শুনে লজ্জিত হন রাজা। তিনি স্মরণ করতে পারেন, বহু বছর আগে তাঁর পিতামহের কাছে বঙ্গদেশ থেকে এক বণিক এসেছিলে। সেই বণিক পথে দেখতে পাওয়া আশ্চর্যজনক দৃশ্যের কথা জানিয়েছিল তৎকালীন রাজাকে। সমুদ্রের মাঝখানে বণিক দেখেছিল পদ্মফুলের ওপর বসে থাকা দেবী একটা হাতীকে গলাধঃকরণ করে আবার উগড়ে দিচ্ছিলেন। গল্পটা রাজা বিশ্বাস করেন না, তাই তাঁকে এই অবিশ্বাস্য দৃশ্য দেখানোর পণ করে বণিক। কিন্তু দেবী বণিকের সঙ্গে চালাকি করে রাজাকে দেখা দেন না। তাঁর সঙ্গে মিথ্যে বলা হয়েছে মনে করে রাজা বণিককে কারাগারে পাঠান। বারো বছর পর বণিকের ছেলে বাবার খোঁজে আসে। দেবীর মহাভক্ত ছেলেটি রাজাকে দেবী দর্শন করাতে পারে, ফলে বাবার মুক্তি নিশ্চিত করতে অসুবিধে হয় না ওর। আগের বণিকদের সঙ্গে পিতামহের সাক্ষাতের বর্ণনা শেষ হলে বর্তমান রাজা ধনপতি ও তার জামাতাকে প্রচুর ধনদৌলত দান করেন। এমনকি বাড়ি ফেরার জন্য নৌকাবহর যাত্রা শুরু করলে তাদের বিদায় জানান তিনি নিজে।
এখানে প্রথমে ভুল বোঝার শিকার হয়ে কারাভোগ করা এবং শেষপর্যন্ত মুক্তিলাভ করা দুজন বণিকের একটা দ্বীপরাজ্যে ভ্রমণের দুটো গল্প পাই আমরা। ওপরে বর্ণিত গল্পের মধ্যে সংক্ষিপ্ত গল্পটি রায় মঙ্গল নামে আরেকটি মঙ্গল কাব্যে আরো সম্পূর্ণভাবে বিস্তৃত করা হয়েছে। বাঘ দেবতা দক্ষিণ রায়ের বন্দনা করা মঙ্গল কাব্যটির একটি ভাষ্যের মূল পর্বে পুষ্পদত্ত নামের এক তরুণ বণিক তার পিতাকে খুঁজতে যাওয়ার জন্য রাজার অনুমতি প্রার্থনা করে। একে বহু বছর আগে এক বাণিজ্য সফরে পাঠিয়েছিলেন রাজা। তার পর আর ফিরে আসেনি সেই বণিক। পুষ্পদত্ত যখন মায়ের কাছে তার পরিকল্পনার কথা জানায়, শোকে মূহ্যমান ছিলেন তিনি। তবু দক্ষিণ রায়ের পূজা সম্পন্ন করেন মা এবং দেবতার কাছ থেকে এই নিশ্চয়তা লাভ করেন যে ছেলে কোনো বিপদে পড়লে তাকে রক্ষা করা হবে।
পুষ্পদত্ত তার নৌ বহরের কাণ্ডারিকে উড়িষ্যা উপকুল ধরে সমুদ্রের দিকে যেতে বলে, যাত্রাপথে এক অত্যাশ্চর্য নগর দেখতে পায় সে। দক্ষিণ রায়ের নির্মিত সেই নগরে প্রভু নারায়ণ বসে আছেন সিংহাসনে, হাজির ক্রীতদাসের দল, বাম পাশের আসনে স্ত্রী-সহচরী, নগরজুড়ে পক্ষীকুল, মৌমাছি এবং সকল জাতের প্রাণী, হরিণ আর বাঘের দল একত্রে ছোটাছুটি করে খেলায় মগ্ন। এসব কিছুর অবস্থান সমুদ্রের মাঝখানে। সেখান থেকে নৌ-বহর খোলা সমুদ্র পার হয়ে তুরঙ্গ নামের এক জায়গায় পৌঁছায়। পুষ্পদত্তের সঙ্গে এক সেপাইর দেখা হলে তাকে নিয়ে যাওয়া হয় রাজার কাছে। পরিচয়পর্বের এক পর্যায়ে তার দেখা অবিশ্বাস্য দৃশ্যের কথা রাজাকে বলে পুষ্পদত্ত। তবে রাজা বিশ্বাস করেন না তার কথা। পুষ্পদত্ত রাজাকে সেই জায়গায় নিয়ে যায়, কিন্তু দৃশ্যটি দেখাতে পারে না। ফলে তাকে কারাগারে পাঠিয়ে দেন রাজা, সিদ্ধান্ত নেন পরদিন শিরোচ্ছেদ করা হবে তার। সেই রাতে পুষ্পদত্ত দক্ষিণ রায়ের স্তবগান করে এবং বিনিময়ে পায় সুরক্ষার নিশ্চয়তা। পরদিন, রাজার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের ব্যাঘ্র বাহিনীকে নিয়ে আসেন দেবতা দক্ষিণ রায়।
যুদ্ধে পরাজিত হন রাজা। পরাজিত স্বামীর কাছে এসে কাঁদতে থাকেন রাণী। দক্ষিণ রায় রাণীকে বলেন যাতে তিনি তাঁর মেয়েকে পুষ্প দত্তের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাণী তাঁর স্বামীকে পরামর্শ দেন তিনি যাতে দক্ষিণ রায়ের মূর্তি তৈরি করে তার পুজা করেন। মেয়েকে পুষ্পদত্তের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাজার জীবন ফিরিয়ে দেওয়া হয়। সমুদ্রের মাঝখানে অত্যাশ্চর্য দৃশ্য দেখার কথা বলেছিলেন পুষ্প দত্তের পিতা দেবদত্ত, কিন্তু তিনিও সন্দেহপ্রবণ রাজাকে সেই দৃশ্য দেখাতে ব্যর্থ হয়েছিলেন বলে এতদিন কারাবন্দী ছিলেন তিনি। এবারে দেবদত্তকে মুক্তি দেওয়া হয়, পুষ্পদত্ত রাজকন্যাকে বিয়ে করে সানন্দে দেশে ফিরে আসেন।
দেবী কমলার স্তুতি গাওয়া আরেকটি মঙ্গল কাব্য কমলা মঙ্গল-এ দুজন পর্যটক (বণিক বল্লভ ও ব্রাহ্মণ জনার্দন) কয়েক পর্বে স্থলপথে ভ্রমণ করলেও একসময় কাঞ্চি নগরে ঢোকার আগে সেতু দিয়ে একটা জলপথ পার হতে হয় তাদের। আখ্যানের দুই তৃতীয়াংশ জুড়ে থাকে চূড়ান্ত পর্ব। সেতু পার হওয়ার সময় দুই পর্যটক দেখে জলের মধ্যখানে দেবী কমলা একটা পদ্মের ওপর উপবিষ্ট। নানান শস্য, ফলফলাদি, ফুল ইত্যাদিতে সুসজ্জিতা তিনি। তারা যখন নগরে প্রবেশ করে, এক সেপাই গুপ্তচর বলে মনে করে রাজার সামনে নিয়ে যায় তাদের। তারা নিজেদের পরিচয় দিয়ে সচক্ষে দেখা দৃশ্যের বর্ণনা দেয় রাজার কাছে। রাজা যথারীতি অবিশ্বাস করেন ওদের, নিজেদের দাবি সত্য হলেও কোনো প্রমাণ দেখাতে পারে না ওরা। ফলে শাস্তি দেওয়ার জন্য দুজনকে নিয়ে যাওয়া হয় বধ্যভূমিতে। বণিক পূজনীয় দেবীর স্তবগান করে, বিনিময়ে দেবী রাজার বাহিনীকে পরাজিত করে রাজাকে বস্ত্রহীন করে দেন। রাজা অগত্যা বণিকের কাছে সাহায্য চাইলে বণিক তাঁকে দেবী কমলার শক্তিমত্তাকে স্বীকার করে নিতে বলে। এই পরামর্শ মেনে নিতে রাজি হন রাজা, তাঁর রাজ্যে ফিরে আসে আগের অবস্থা। বণিক রাজার কন্যাকে বিয়ে করে। তারপর প্রচুর ধনসম্পদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ওরা তিনজন।
আরো একটি মঙ্গল কাব্য, গুটি বসন্ত রোগের দেবীর স্তুতিমূলক শীতলা মঙ্গল-এর একটি ভাষ্যের দীর্ঘতম শেষ তিন পর্বে নৌকায় চড়ে হিরণ্য নামের এক রাজ্যে যাচ্ছিল বণিক ঋষিকেশ। মাঝপথে সমুদ্রের মধ্যখানে এক বিস্ময়কর নগরীর দৃশ্য দেখতে পায় সে, যেখানে শিকারী বন্যপ্রাণীদের সঙ্গে খেলা করে শিকার, মাঠের শস্যরাজি সদাপক্ক। গন্তব্যে পৌঁছে রাজার সঙ্গে পরিচিত হতে গিয়ে পথে নিজের চোখে দেখা দৃশ্যের কথা বর্ণনা করে ঋষিকেশ। এই গল্প অবিশ্বাস করেন রাজা। ঋষিকেশও তাঁকে এই অপার্থিব দৃশ্যটি দেখাতে ব্যর্থ হয়, ফলে কারাগারে পাঠানো হয় বণিককে। সেখানে ঋষিকেশ শীতলা দেবীর প্রার্থনা করে, সেই প্রার্থনায় সাড়া দিয়ে দেবী স্বপ্নে দর্শন দেন রাজাকে। রাজা তাঁকে বিশেষ গুরুত্ব দেন না। অগত্যা নিজের ক্ষমতা দেখানোর জন্য রাজা এবং পুরো নগরের মানুষদের শাস্তি দেওয়ার জন্য রোগ-বালাই নামিয়ে দেন দেবী। শেষপর্যন্ত দেবীর শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়ে ঋষিকেশকে মুক্তি দেন রাজা, আর সে বিয়ে করে রাজার মেয়েকে।
বর্ণিত মঙ্গল কাব্যগুলো এবং রবীন্দ্রনাথের তাসের দেশ নাটকের মধ্যে অনেক ধরনের মিল পাওয়া যায়। এই নাটকে আমরা দুই চরিত্রকেই পাই, একজন রাজকুমার আর একজন বণিক, তারা দুজনই জলপথে বাণিজ্যযাত্রা করে কোনো এক দ্বীপের উদ্দেশে। যাত্রার আগে রাজকুমারের মা রায় মঙ্গল-এর পুষ্পদত্তের মায়ের মতোই ছেলেকে এই বিপদসংকুল অভিযান থেকে বিরত রাখতে চেষ্টা করেন। ছেলেকে নিরস্ত করতে না পেরে রাণী পুত্রের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য পূজায় বসেন। পুষ্পদত্তের মা দক্ষিণ রায়ের পূজা দেন, রাজপুত্রের মা দেন কোনো এক অনির্দিষ্ট গৃহদেবতার উদ্দেশ্যে। অন্যদিকে, তাসের দেশ নাটকে যে প্রকৃত দেবতা মঙ্গল কিংবা ‘পবিত্রতা’র স্তবগান করা হয়, তাঁর নাম ‘ইচ্ছে,’ যেটাকে এখানে ‘স্বতঃস্ফুর্ততা,’ ‘মুক্ত চিন্তা,’ ‘আকাঙ্ক্ষা’ এবং ‘মানবিকতা’র একটা সমাহার বলে ইঙ্গিত করা হয়।
মাঝ দরিয়ায় দুই অভিযাত্রী ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে স্রোতের টানে একসময় এক অজানা দেশের তীরে এসে পৌঁছায়। সেখানে ওদের সঙ্গে দেখা হয় তাসের ছক্কা আর পঞ্জার, মঙ্গল কাব্যগুলোতে বহিরাগতদের সঙ্গে প্রায়ই দেখা হয় স্থানীয় সেপাই, কখনো দেখা হয় রাজ্যের সাধারণ কোনো অধিবাসীর সঙ্গে। তাসদের দুজন রাজপুত্র ও বণিককে তাদের পরিচয় ও বংশ নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এই সময় পারিষদবর্গ নিয়ে উপস্থিত হন রাজা। মঙ্গল কাব্যগুলোতে নবাগতদের নিয়ে যাওয়া হয় রাজার কাছে।
এসময় রাজপুত্র একটা স্বাগত সংগীত গেয়ে রাজাকে অসন্তুষ্ট করেন, মঙ্গল কাব্যগুলোতে রাজা বণিকের ওপর ক্ষুব্ধ হন, কারণ, বণিককে চোর, মিথ্যেবাদী কিংবা ভিনদেশি গুপ্তচর বলে ধরে নেওয়া হয়। এসব কাব্যে প্রকৃত শাস্তি কার্যকর করা হয়, অথচ রবীন্দ্রনাথের নাটকে কেবল শাস্তির (নির্বাসন) হুমকি দেওয়া হয়। মঙ্গল কাব্যের রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার কাজটি করে সেপাই, তাসের দেশের সংস্কৃতি সংরক্ষক ‘সম্পাদক’ প্রকৃতপক্ষে আইন প্রয়োগ করে না, তবে ওৎ পেতে থাকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে সার্বক্ষণিক হুমকি হিসেবে। তার শাস্তির অনুসঙ্গ হিসেবে থাকে কলম আর সম্পাদকীয় স্তম্ভগুলো।
রাজপুত্র বিশেষভাবে একজন সত্যিকার নাশকতাকারী। তিনি যার পূজা করেন, সেই ইচ্ছে দেবতা দ্বীপের অধিবাসীদের সম্মানিত দেবতার স্থান দখল করে নেন, তাদের দেবতা হচ্ছেন ‘নিয়ম।’ বিদেশিদের দেবতা রাজা কিংবা অন্য কারো স্বপ্নে এসে দেখা দেন না, তবে আখ্যানটির প্রক্রিয়া চলাকালে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ইচ্ছে দেবতা দ্বীপ রাজ্যটিতে তাঁর শ্রেষ্ঠত্ব নিশ্চিত করছেন, প্রথমে নারীকুলের ওপর তাঁর প্রভাব এবং তার পর ক্রমে পুরুষদের ওপর তাঁর কর্তৃত্ব আরোপ করার মাধ্যমে। নাটকের শেষভাগে এমনকি রাজাও তাঁর ক্ষমতার কাছে নতি স্বীকার করেন এবং সকল বিষয়ে আগন্তুকদের দেবতার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন। রাজার কন্যাকে নবাগত রাজপুত্রের বিয়ে দেখানো হয় না, তার আগেই শেষ হয়ে যায় নাটকটি, কিন্তু যে কেউ ধারণা করতে পারে যে রাজপুত্র ও তাঁর বণিক বন্ধু খুশিমনে দেশে ফিরবেন আরো গরীয়ান হয়ে, কারণ একটা নিয়মবদ্ধ সমাজে ইচ্ছেকে এনে স্থাপন করা গেছে।
নির্দিষ্ট কয়েকটি প্রধান মঙ্গল কাব্য এবং তাসের দেশ-এর মধ্যে এই সাদৃশ্য সন্দেহাতীত। কেউ যদি সবগুলো বিচ্ছিন্ন যোগসূত্রকে একত্রিত করে, এটা পরিষ্কার হয়ে যায় যে দুটো কাহিনীর কাঠামো এবং কৃতকার্য হওয়ার প্রণালীর মধ্যে সাযুজ্য রয়েছে, আর কাঠামো হচ্ছে এই সাহিত্যকর্মের একটি অংশমাত্র। আগেই বলা হয়েছে, মঙ্গল কাব্যগুলো নৈতিক শিক্ষামূলক। পাঠক-দর্শকদের গল্পের মাধ্যমে বলা হয় যে যাঁর স্তুতিমূলক কাব্য এটি, সেই দেবতা বা দেবীর উপাসনা করতে হবে, কারণ তিনি তাঁর অনুসারীদের উপকার করেন। অন্যদিক থেকে দেখলে, আগের অসঙ্গত বিশ্বাস ধরে রাখা উচিত নয় কারো, কারণ, এতে অবিশ্বাসীর জন্য কেবল দুর্যোগই ডেকে আনে। তাসের দেশ সম্পূর্ণই পরিষ্কারভাবে মধ্যযুগীয় কাহিনীর মতো নৈতিক শিক্ষামূলক। উপরন্তু একটা মঙ্গল কাব্যের যে অপরিহার্য কাহিনী ও কাঠামো হয়, সেটি ব্যবহার করে রবীন্দ্রনাথ তাঁর বক্তব্যে গুরুত্ব আরোপ করেছেন। মঙ্গল কাব্য সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সেই কাঠামোগত বৈশিষ্ট্য তার নিজস্ব অর্থ বহন করে: যা কিছু বর্ণনা করা হচ্ছে, সেটি তোমার মঙ্গলের জন্যই-- অতএব, পাঠক-দর্শক সাবধান হও!
পুনশ্চ:
তাসের দেশ নাটকটির প্লট নিয়ে আলেচনার সময় এটির পূর্বসূরি গল্পটির প্লট বিশেষভাবে লক্ষ্যণীয়। রবীন্দ্রনাথ আগে (১৮৯২) ‘একটা আষাঢ়ে গল্প’ নামে ছোটগল্প লিখেছিলেন। গল্পটির মূল বিষয় মূলতঃ এক। এক দ্বীপে তাস মানবদের রাজ্য আছে। সমুদ্রের অপর পাড়ের মূল ভূখণ্ডে থাকেন এক রাজকুমার, তাঁর দুই বন্ধু-- এক ব্যবসায়ী পুত্র আরেক কোটাল পুত্র এবং তাঁর মা। তিন বন্ধু মিলে একসময় সেই দ্বীপে গিয়ে পৌঁছান এবং তাস মানবদের মধ্যে একই রূপান্তর ঘটে। তবে নৈতিক শিক্ষামূলক হিসেবে তাঁর আগের গল্পটি খুব বেশি কার্যকর নয়। কিছুটা আনাড়ি। গল্পটি শুরু হয় তাসরাজ্যের একটা দৃশ্য দিয়ে, তারপর হঠাৎ মূল ভূখণ্ডে এসে পড়ে, তিন অভিযাত্রী আবার ঝঞ্ঝাতাড়িত হয়ে এসে পড়ে তাসরাজ্যে। ছোটগল্পটিতে রাজপুত্র হরতনের বিবিকে বিয়ে করেন এবং সিংহাসনে বসেন। তাঁর মা-ও মূল ভূখণ্ড থেকে চলে আসেন, তারপর সবাই সেই দ্বীপে সুখে বসবাস করতে থাকেন। এখানে যেটা নেই, সেটি হচ্ছে মঙ্গল কাব্যের বিন্যাস। রবীন্দ্রনাথ কোথাও কিছু ছেঁটেছেন, কোথাও যোগ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পরবর্তী সময়ের নৃত্যনাট্যে ঘটনা পরম্পরার পুনর্বিন্যাস করেছেন যাতে সেই প্লটটি একাধিক মধ্যযুগীয় আখ্যানের মূল ঘটনার সঙ্গে একই সমান্তরালে থাকে। এই পুনর্বিন্যাস নাটকটিতে শক্তিমত্তা যুক্ত করার জন্য রবীন্দ্রনাথের কোনো সচেতন প্রয়াস ছিল, না কি সাহিত্য কীভাবে তৈরি হয় কেবল তার একটা সহজাত বোধের ফলাফল--সেটি বলার জন্য আমি নিশ্চিতভাবে প্রস্তুত নই। যা-ই হোক, তবে মূল কথা হচ্ছে, মঙ্গল কাব্যের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাসের দেশ-এর কাঠামোগত বৈশিষ্ট্য তার নিজস্ব শক্তিশালী অর্থ বহন করে, যা সামগ্রিক নৃত্যনাট্যটির মূল বাণীর পরিপূরক: ইচ্ছে, তাসের ভাষায়, নিয়ম-এর ওপর জয়যুক্ত হয়।
(প্রবন্ধটি ক্লিনটন বি সিলির বরিশাল অ্যান্ড বিয়ন্ড বইয়ের প্রকাশিতব্য বাংলা সংস্করণের অন্তর্ভূক্ত।)
