খুব বেশিদিন আগে নয়: তুরিনে
ঘটনা পরম্পরায় তাঁর বাড়িওলা নিতশে-কে বাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তী দুই দিন নিতশে নিশ্চল ও নির্বাকভাবে একটি সোফাতে শুয়ে থাকেন, এবং শেষ পর্যন্ত তাঁর চূড়ান্ত বক্তব্যটি ব্যক্ত করেন, (“Mutter, ich bin dumm”), এই বক্তব্যের পর তিনি দশ বছর বেঁচে ছিলেন একজন নির্বিরোধ উন্মাদ রূপে তাঁর মা ও বোনের সেবাশুশ্রূষার আশ্রয়ে।
The World Goes On মূল হাঙ্গেরিও ভাষাতে রচিত লাসলো ক্রাসনাহোরকাই-এর একুশটি ছোটগপ্লের সংকলন। প্রকাশকাল ২০১৩, এবং গল্পসংকলনটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ২০১৭ সালে। বক্ষ্যমাণ অনূদিত গল্পটি ২০১৭ সালে প্রকাশিত ইংরেজি অনুবাদের বাংলা ভাষান্তর।
The World Goes On-এ সংকলিত গল্পগুলি উপন্যাসের পরিচ্ছেদের মতো করে সাজানো, অর্থাৎ গল্পগুলোর ভেতর এক ধরনের ঢিলেঢালা ধারাবাহিক সংযুক্তি আছে, এবং তাই এই গল্পগুলো চারিত্রিকভাবে সনাতন সংজ্ঞা মেনে লেখা নয়, আর তাই The World Literature Today পত্রিকা বলছে এটি প্রকৃত অর্থে উপন্যাসও নয় আবার ছোট গল্পের সংকলনও নয়। অরও লক্ষ্যনীয় হলো এই সংকলনের গল্পগুলো একে অপরের সাথে সংযোজিত দার্শনিক এবং পরাবাস্তব অস্তিত্ববাদের সুরে। অস্তিত্ববাদের বিষয়টি বিধৃত হয়েছে সময়, ভীতি, এবং বাস্তবতার সংমিশ্রণে। যেমন বর্তমান অনূদিত গল্পটির অনুষঙ্গ হিসাবে আমরা পাই ফ্রেডেরিক নিতশে-কে যিনি বর্তমানের কোনো চরিত্র নন। গল্পে বাস্তবতাটি হলো মানব জীবনের বিস্তৃত পরিপূর্ণ অস্তিত্ব, আর ভীতিটা হলো সেই মানব অস্তিত্বের নীতিবোধের চেতনা, “সর্বজনীন মানবিক সত্য,”-এর শ্বাসরুদ্ধকর বিরুদ্ধাচারণ, এবং প্রচলিত আইন ভঙ্গের মুক্তচিন্তা। নিতশে স্পষ্টতই গল্পের কেন্দ্রীয় চরিত্র রূপে লাসলোর সাহিত্যতত্ত্বের দর্শনকে চরিতার্থ করতে পেরেছেন, কারণ নিতশে প্রচলিত নীতিবোধ এবং মানবতাবোধের চাইতে তাঁর নিজস্ব নীতি এবং মানবতাবোধকে প্রাধান্য দিতেন। প্রসঙ্গত কাফকার কথা উল্লেখ করা যেতে পারে যিনি লাসলো-র মতোই প্রচলিত আইন ব্যবস্থা এবং আমলাতন্ত্রকে মানবতাবিরোধী বলে মনে করতেন। তাঁর অস্তিত্ববাদ অনেকটাই ব্যক্তিক একান্তবাদের সাথে সাযুজ্যপূর্ণ ছিলো—লাসলো যেমনটা বলতে চেয়েছেন এই গল্পে।
অনূদিত গল্পটিতে ডাক্তার মোবিয়াস-এর উল্লেখ আছে যিনি ঐতিহাসিকভাবে আর একটি সত্য চরিত্র। ডাক্তার পল জুলিয়াস মবিয়াস একজন জর্মন নিউরোলজিস্ট যিনি ১৯০৯ সালে—অর্থাৎ নিতশে-র মৃত্যুর নয় বছর পরে—নিতশে শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন যেখানে তিনি নিতশে-র চিকিৎসা-তথ্য যাচাই করে বলেছিলেন তিনি নিউরোসিফিলিস রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। এই তথ্যটি পরবর্তী কালে সমর্থিত হতে পারে নি যার কথা লাসলো এই গল্পে উল্লেখ করেছেন। অর্থাৎ লাসলো আসলে সনাতন কোনো গল্প লেখক নন।--অনুবাদক
এক শ’ বছরেরও বেশ কিছু আগে, ১৮৮৯ সালে, আজকের মতোই এমনি এক দিনে তুরিনে, ফ্রিডিরিক নিতশে ভিয়া কারলো আলবার্তো-র ৬ নম্বর বাড়ির গেট দিয়ে বেরিয়ে পড়েন, সম্ভবত শুধু হাঁটার জন্যেই, কিম্বা হয়তো ডাকঘর থেকে তাঁর চিঠিপত্র সংগ্রহ করার জন্যে। বেশি দূরে নয়, কিম্বা ঐ সময়ের ভেতর তাঁর কাছ থেকে বেশ কিছু দূরেই, ভাড়ায় চালিত ঘোড়াগাড়ির এক চালক বেশ সমস্যাতে ভুগছিলো তার—যাকে বলে—অবাধ্য ঘোড়াকে নিয়ে। অনেক সাধ্যসাধনার পরও যখন সে তার ঘোড়াটাকে বাগে আনতে পারলো না, তখন সেই চালক—গিসাপ? কার্লো? এত্তরে?—ধৈর্য হারিয়ে প্রাণীটাকে তার চাবুক দিয়ে বেধড়ক পেটাতে শুরু করলো। ইতিমধ্যে অনুমেয়ভাবে জমে ওঠা ভিড়ের কাছে নিতশে এসে হাজির হলেন, আর সেই সাথে ঘোড়াগাড়ি চালকের নির্দয় ব্যবহারে সন্দেহাতীতভাবে ইতিমধ্যে ঘোড়ার মুখ থেকে গেঁজলা উঠার ইতি টানলেন; কারণ ঘন জংলি গোঁফ-অলা বিশালাদেহী এই ভদ্রলোক—ঐ স্থানে দাঁড়িয়ে থাকা অকৃত্রিমভাবে বিনোদিত জনতার উপস্থিতিতে ঘোড়াগাড়ি চালকের সামনে ঝাঁপিয়ে পড়ে ফোঁপাতে ফোঁপাতে ঘোড়াটার গলা জড়িয়ে ধরলেন। ঘটনা পরম্পরায় তাঁর বাড়িওলা নিতশে-কে বাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তী দুই দিন নিতশে নিশ্চল ও নির্বাকভাবে একটি সোফাতে শুয়ে থাকেন, এবং শেষ পর্যন্ত তাঁর চূড়ান্ত বক্তব্যটি ব্যক্ত করেন, (“Mutter, ich bin dumm”), এই বক্তব্যের পর তিনি দশ বছর বেঁচে ছিলেন একজন নির্বিরোধ উন্মাদ রূপে তাঁর মা ও বোনের সেবাশুশ্রূষার আশ্রয়ে। আমরা অবশ্য জানি না ওই ঘোড়াটার কী হয়েছিলো।
গল্পটি অবশ্যই মাত্রারিক্তভাবে অ-প্রামাণিক—যদিও এমন কল্পকাহিনীর বিশ্বাসযোগ্যতা অর্জিত হয় মূলত প্রাকৃতিক আবেগনির্ভরতার মাধ্যমেই—বৌদ্ধিক নাটকীয়তার এক অনন্য প্রতিচ্ছবি হিসাবে কাহিনীটি অন্তরের অন্তস্থলকে বিশেষভাবে এবং চুড়ান্তভাবে উদ্ভাসিত করে। আধুনিক দর্শণতত্ত্বের এক আসুরিক নক্ষত্র, তথাকথিত “সর্বজনীন মানবিক সত্য,”-এর উজ্জ্বল প্রতিপক্ষ, অনন্য চ্যাম্পিয়ন, অনুকম্পা, ক্ষমা, ভালত্ব, এবং করুণার শ্বাসরুদ্ধকর বিরুদ্ধাচারী—একটি চাবুক খাওয়া ঘোড়ার গলা জড়িয়ে ধরেছিলেন? বিষয়টিকে ক্ষমাহীন নিরেট ইতরামি থেকে উদ্ধার করে অনিবার্য শব্দবিন্যাসে সাজাতে হলে বলতে হয়: ঐ ঘোড়াগাড়ি চালকের গলা কেনো উনি জড়িয়ে ধরেন নি?
ডাক্তার মোবিয়াস-এর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলা যায়, যদিও তিনি খুব সন্দেহাতীত ভাবে নিতশে-র রোগ নির্ণয় করেছিলেন প্যারালিসিস প্রগ্রেসিভা রূপে যা আমরা পরবর্তী প্রজন্ম সত্যোপলব্ধির আলোকে এক বেদনাদায়ক ভ্রান্তি বলে বুঝতে পেরেছি: নিতশে-র পুরো অস্তিত্বই ছিলো এক নঞর্থক দার্শনিক চিন্তাস্রোতের সমষ্টি যার এক চিহ্নিত অধোলোক পরিণতি অনিবার্যই ছিলো। টমাস মান-এর মতে, “জীবনের সীমাহীন অনুরাগী এই বিনয়ী ভাবীকথক জীবন ও সদাচারকে পরস্পরের বিরুদ্ধে সদা ক্রিয়াশীল মনে করতেন। কিন্তু সত্য হলো,” মান আরও বলেন, “এই দুটি উপাদান সমভাবে অস্তিত্বমান। নীতিবোধ জীবনের এক মৌলিক উপাদান, আর একজন নীতিবান মানুষ জীবন-রাজ্যে একজন সত্যিকার নাগরিক”। মান-এর দাবি—তার মহান উচ্চারণের শুদ্ধতা এতই চমৎকার—যে এই দাবি নিয়ে দীর্ঘক্ষণ চিন্তাগম্য হবার প্রলোভনে আক্রান্ত হয়ে ভেসে যেতে হয় আমাদের, তবুও এক পর্যায়ে আমরা বাঁধাপ্রাপ্ত হই, আমাদের জীবন-জাহাজের নিয়ন্ত্রণ তুরিন-এর নিতশে-র হাতে চলে যায়, আর সেই যাত্রা শুধুমাত্র অন্য কোনো অচেনা জলরাশিতে নয়, অন্য এক চেতনাবোধের মাধ্যমেও চালিত হয়, এমন কি কুশলী এক শব্দবিন্যাসে বলা যায়, ইস্পাতের পাত দিয়ে প্রস্তুত এক চেতনাবোধে চালিত হয়। আমাদের এই উপাদানের সম্যক প্রয়োজন আছে, কারণ যুগপৎ মর্মান্তিকতা এবং হতাশার বিষয় হলো, আমরা সবাই সেই একই পোতাশ্রয়েই হাজির হবো যেখানে টমাস মান-এর বাণী আমাদের দিকনির্দেশ করে; আমাদের সেই ইস্পাত চেতনার দারুণ প্রয়োজন কারণ যদিও আমাদের পোতাশ্রয় একই, আমাদের চেতনা এবং অনুভূতিগুলো মান-এর প্রতিশ্রুত দিকনির্দেশনা থেকে নিশ্চয়ই ভিন্নতর।
তুরিনে নিতশে-র নাটকীয়তা এই ধারণা দেয় যে নীতিবোধের চেতনা দিয়ে জীবনযাপন কোনো সাম্মানিক স্তর হতে পারে না, কারণ আমার সামনে এর বিকল্প বেছে নেবার মতো কিছুই নেই। আমি সারা জীবন প্রকাশ্যে এর বিরুদ্ধাচারণ করে বেঁচে থাকতে পারি, কিন্তু তাঁর অর্থ এই নয় যে আমি ঐ নীতি-চেতনার রহস্যময়তা এবং সত্যার্থে অচেনা নিয়ন্ত্রণের বলয় থেকে মুক্ত, যে নিয়ন্ত্রণ আমাকে ঐ চেতনার সাথে বেঁধে রাখে এক অদ্রবণীয় বাঁধনে। কারণ আমি যদি ঐ নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসি, এবং যাপন করি এক বিরুদ্ধাচারণের জীবন, আমি নিশ্চিতভাবে সামাজিক অস্তিত্বের এক মানবিক যাত্রাপথের সন্ধান পাবো যেটি হবে বিস্ময়করভাবে করুণাময়, এমন জীবন যার অর্থ—যেমনটা নিতশে বলেছেন—“বেঁচে থাকা এবং অসঙ্গত হওয়া একই ব্যাপার,”। কিন্তু আমি সেই অসমাধেয় দ্বিধার ভেতর খুঁজে পাই না আমার পথ, যে দ্বিধা আমাকে বারংবার আমার অস্তিত্বের প্রকৃত অর্থ অনুসন্ধানে উদ্বুদ্ধ করে। কারণ আমি যেমন এই মানব বিশ্বের অংশ, তেমনি আমি, কোনও এক অজানা কারণে, যাকে আমি বলি বিস্তৃততর পরিপূর্ণতা—মোটাদাগে শ্রেণীবিন্যাসক কান্ট-এর কথায় বলতে গেলে—আমার গভীরে রোপণ করেছি এবং যার নির্ভুল আজ্ঞা হলো: হতাশা হলো মুক্তির ক্ষমতায়ন, আর সেই ক্ষমতাই আইন ভাঙ্গার স্বাধীনতা।
অনেকটা অন্ধের মতোই নৌযাত্রা করে এতক্ষণে আমরা পোতাশ্রয়ের কাছাকাছি বয়াগুলোর আশেপাশে ভাসমান হতে পেরেছি, কারণ বাতিঘর রক্ষকরা সবাই ঘুমার্ত, তাই আমাদের যাত্রা-কৌশল পরিচালনায় তারা সহায়তা করতে অক্ষম—ফলে আমরা আমাদের নোঙর ফেলি এক গাঢ় অন্ধকারে, আমাদের বিস্তৃত পরিপূর্ণ অস্তিত্ব আইনের উচ্চমান অর্থ প্রতিবিম্বিত করে কিনা সেই প্রশ্নকে যে অন্ধকার গলাধঃকরণ করে ফেলে। ফলে আমরা এখানেই অপেক্ষা করি, কিছুই না জেনে, শুধু তাকিয়ে দেখি, যখন হাজারো দিক থেকে আমাদের সহযাত্রী মানুষেরা মন্থরভাবে আমাদের পার্শ্ববর্তী হয়; আমরা কোনো বার্তা পাঠাই না, শুধু চেয়ে থাকি, নিঃশব্দ সমবেদনা নিয়ে। আমরা বিশ্বাস করি যে আমাদের গভীরের এই সমবেদনা ঐভাবেই মানানসই, এবং সেটা মানানসই হয়ে উঠবে তাদেরও মধ্যে যারা আমাদের কাছাকাছি আসবার চেষ্টা করছে, যদিও এমনটা আজই ঘটবে না, হয় তো আগামী কাল ঘটবে . . . কিম্বা দশ . . . তিরিশ বছর পরে ঘটবে।
খুব বেশিদিন আগে নয়, তুরিনে।
