২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিক মোহাম্মদ রাজ্জাকের গুচ্ছ কবিতা

প্রত্যাশার প্রদীপ প্রত্যাশার সবুজ প্রদীপ অকস্মাৎ তার রঙ বদলে ফেলে। অতঃপর অবিকৃত অনড় দেয়াল সমুখে দাঁড়ায় এসে। শতাব্দীর সুরেলা শপথ বেখেয়াল ভুলে যায় পথচলা, আসে অন্ধকার। চারিদিকে ঝিঁঝিঁর দলেরা ছুটে যায় জোট বেঁধে সুরার সন্ধানে। সূর্য হাসে সূর্যালোকে। দুর্বিপাকে মেঘমালা করে কালের কীর্তন। অযাচিত প্রশ্ন প্রশ্নের পালক খুলে ওড়ে ওই অসীম আকাশে। বাতাসে নন্দিত হয় বন্দিত্বের অহঙ্কার। শূন্য ঝিনুকের খোলসেরা মুক্তায় মুদ্রিত মঞ্চে বসে হয়ে ওঠে মাতোয়াল। একপাল মূর্খ গাড়োয়াল চাবুকের সনাতনি শব্দে খোঁজে নিখাদ উল্লাস। প্রত্যাশার সবুজ প্রদীপ শুধু জ্বলে আর নেভে আষাঢ়ে বৃষ্টির জল হেঁটে যায় পথ মেপে মেপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. মানিক মোহাম্মদ রাজ্জাক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শপথ ভেঙ্গে গেলে

তখন দুঃস্বপ্ন এসে উপহাস করে চতুর্পাশে
অস্তিত্বের অন্তপুরে মুখ থুবড়ে পড়ে সকালের
শিশু রোদ। সাগরেরা স্ক্রাচে ভর দিয়ে হেঁটে যায়
অজানা গন্তব্যে। গাঙচিলেরা গাঙ ছাড়ে চুপিসারে।

পদ্মে পরিপূর্ণ বিল আকাশের নীলে অনাবিল
বিষন্ন ছড়ায়। কুমারের কারুময় কাদা মাটি
পড়ে থাকে পথের পরতে। পথিকের প্রজ্ঞা ধ্যান,
প্রবল পাদুকা, ওড়াওড়ি করে ঈগল আশ্রমে।

চিত্রগুপ্ত নির্ভাজ পাতায় আঁকে না তখন আর
পৃথিবীর প্রাণের সম্ভার। ধমনীর ঠান্ডা স্রোতে
আসেনা ফাগুন, ফোটেনা বকুল। নিয়মের শৃঙ্গে
মাদল বাজায় শৃগালের সদ্য ভুমিষ্ট সন্তান।

তখন দুঃস্বপ্ন শুধু উত্তপ্ত ধুলির স্কন্ধে বসে
বর্ণিল শস্যের সমাবেশে থুয়ে যায় কিছু মেঘ।

তবু আমাকে

তবু লিখতে হয় কাব্য গল্প ছড়া আর উপন্যাস
নিঃশ্বাসের স্তব্ধ বাঁকে আঁকতে হয় জ্যান্ত জলছবি।
অক্ষরের অমিত বিন্যাসে খুঁজতে হয় হিরন্ময়
সময়ের শুদ্ধস্বর, জীবনের জ্যোতির্ময় স্তর।

তবু হাঁটতে হয় আজ অজগর বিন্যস্ত প্রান্তরে
বিষবৃক্ষ ছায়াতলে তুলতে হয় হাতে একতারা,
বাউলের বুক চিরে বের করতে হয় সুরধ্বনি
বেদনার বাতায়নে বসে করতে হয় পুঁথি পাঠ।

নাটকের নগ্ন মঞ্চে সাহসিক সৈনিকের বেশে
এখনো আমাকে পরতে হয় কৈবর্তের আচকান,
বিদগ্ধ বৃত্তের ভীড়ে অবাধে ওড়াতে হয় আজও
নিঃশঙ্ক চিত্তের ঘুড়ি খুঁজতে হয় ক্ষুদ্র ক্ষুদিরাম।

চারিদিক অন্ধকার পথগুলো হয়ে আছে পিছ্লে
তবুও আমাকে চলতে হয় আগত দিনের পথে।

প্রার্থনা

আমার প্রার্থনা ছিল- ঘাসফুল, নাক ফুল আর
কবিতার কিছু কথা। কৈবর্ত কথন মুষ্ঠি করে
হেঁটেছি অনেক দূর। স্লোগান মুখর ‘শর্ট গানে’
উড়িয়েছি সবুজ বারুদ। রাঙিয়েছি সাদা হাত।

আমার প্রার্থনা ছিল- পরিপাটি কাদামাটি আর
সমুদ্র স্রোতের শব্দ। রাঙা এক রমনীকে তাই
দিয়েছি শপথ বাণী - ফসলের সফল লাঙল,
সিঞ্চনের নিমিত্ত কিছুটা যুবক নদের জল।

আমার প্রার্থনা ছিল তামাটে ত্বকের উষ্ণতায়
ফুটন্ত সহস্র ফুল। জলের উচ্ছ্বল উপকূলে
রাঙিয়েছি তাই ডানা, শতাব্দীর শত শূন্য কোলে,
চিবুকের চারিধারে সঁপেছি সুগন্ধি চর্যাপদ।

আমার প্রার্থনা আজ- শ্মশানের শত স্রোতে ওড়ে,
সাধুরা কলকিতে রেখে যায় নীল ধোঁয়া-উপহাস।

কবিতা মেয়ে

মেয়েটি নিজেই এক ছন্দোবদ্ধ প্রেমের কবিতা
নির্মেদ কথার ভাঁজে ওড়ে তার রবীন্দ্র্র সংলাপ।
শত শর্মিষ্ঠার আহ্বান ফোটে তার তুচ্ছ ঠোঁটে।
কামনার কালো চোখে উঁকি দেয় কামিনি বিকেল।

কখনোবা হেলে পড়া রোদে নির্বিবাদে খেলা করে
খেয়ালি সময়। মেয়েটির নাম কবিতা না। তবু
তার কবিতার কথা, মাত্রা ছন্দ প্রতিটি পয়ার
প্রতিদিন খুলে দেয় অবরুদ্ধ দরোজার খিল।

ওর শব্দ ভেঙে ভেঙে আমি লিখি ছড়া ও সনেট।
আমার পকেটে তার বিশ্বাসের মুঠো শ্বাস রেখে
উড়ে যাই দূর বাঁকে। বুকের সুঘ্রাণ শুঁকে শুঁকে
হৃদয়ের নানা রঙ টুকে টুকে হয়ে উঠি কবি।

অতঃপর কোনো এক কবিতার ছন্দের সন্ধানে
তার কাছে শিখে নিই পরিশুদ্ধ স্নানের কৌশল।