জাপানি নারীদের মননে রবীন্দ্রনাথ
তিনি আরও বলেন, “তাইকানের দেহের রং রবীন্দ্রনাথের চেয়ে কিছুটা নিষ্প্রভ ছিল তাই রবীন্দ্রনাথ তাইকানকে দুষ্টুমি করে বলেছিলেন, তুমি হচ্ছ ভারতীয়দের মতো, বলে হেসেছিলেন। ”
(১ম পর্ব)
রবীন্দ্রনাথের চারিত্রিক গুণাবলি এবং সাহিত্য বিভিন্ন স্তরের মানুষের কাছে আকৃষ্ট করে তুলেছিল ৮০ বছরের জীবদ্দশায়। এমননকি, তাঁর প্রয়াণের আরও ৮৪ বছর পরও তিনি ক্রমাগত বিশ্ববাসীর মননে চিন্তাতরঙ্গ সৃষ্টি করে চলেছেন। ২০১১ সালে পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর জন্মের ১৫০তম বার্ষিকী উদযাপিত হওয়ার ঘটনা বাঙালি হিসেবে আত্মশ্লাঘার ব্যাপারই বটে। বিশ্বব্যাপী রবীন্দ্রনাথের পুরুষভক্তের পাশাপাশি নারীভক্তের সংখ্যাও কম নয়, বরং বেশিই হবে। তাঁদের মধ্যে এক জাপানেই কবির নারীভক্তের সংখ্যা অসংখ্য ছিলো, এবং এখনো তাই আছে। এ পর্যন্ত যাঁদের খোঁজ পেয়েছি তাঁরা হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব নাকাগাওয়া কিনুকো, কুরোকাওয়া কিও, ড.কোওরা তোমি, জোওদাই তানো, আতোমি কাকেই, ইরিয়ে শিজুয়ে, হাশিমোতো মাকিকো, য়োকোয়ামা শিজুকা, মিয়াজাওয়া তোশি, শ্রীমতী ওকিও, ওকাকুরা মোতোকো, মিয়ামোতো ইউরিকো প্রমুখ। যুদ্ধোত্তর নারীভক্তরা হলেন, আকিনো ফুকু, মোরিমোতো সোয়োকো, মিনা কাঙ, ড.নিওয়া কিওকো, মারিকো উচিয়ামা, কিকুকো সুজুকি, কোওরা রুমিকো, য়োশিদা শিজুয়ে, নামিকো আরাই, তাগো-রু এইকো, তেইকো আয়ামুচি, হায়াশি য়োওকো, আয়া মাৎসুমোতো, মিউরা মামি, কাম্বে তোমোকো, ওকুদা ইউকা, মায়েমুরা মেগুমি, ওওবা তামিকো, সাসাকি মিকা উল্লেখযোগ্য। এঁদের অধিকাংশের খোঁজ আমি পেয়েছি যাঁর কাছে তিনি মাদাম কেইকো আজুমা। তিনি জাপানশীর্ষ রবীন্দ্রগবেষক বাংলা ভাষা ও বাঙালিপ্রিয় দেশিকোত্তম কাজুও আজুমার সহধর্মিণী। তাঁকে দিয়েই সুদীর্ঘ এই গবেষণা প্রবন্ধের সূচনা ও প্রথমাংশ শেষ করতে চাই।
২০১৯ সালের অক্টোবর মাসে প্রয়াত বিশিষ্ট জাপানি নারী রবীন্দ্রভক্ত, গবেষক এবং বাংলা ভাষার শিক্ষক মাদাম কেইকো আজুমার সঙ্গে মাঝে মাঝে আলাপকালে দুই বঙ্গে রবীন্দ্রচর্চার অধঃপাত তাঁকেও যে গভীরভাবে উদ্বিগ্ন করছিল সেটা বুঝতে কষ্ট হয়নি। তাঁকে একবার জিজ্ঞেস করেছিলাম, “কতজন জাপানি রবীন্দ্রভক্ত আছেন আপনার জানামতে বলতে পারেন কি? যেহেতু আপনি ও আপনার প্রয়াত স্বামী বহুশ্রুত রবীন্দ্রগবেষক, বাংলাভাষা বিশেষজ্ঞ এবং বাঙালিপ্রেমী অধ্যাপক কাজুও আজুমা ৪০ বছরেরও অধিককাল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা এবং নানা কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন বা আছেন।”
মাদাম কেইকো আজুমা আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, “আমাদের আগের বাড়িতে তো আপনি অনেকবার এসেছেন। রবীন্দ্ররচনাসমগ্রসহ রবীন্দ্রবিষয়ক গ্রন্থাদি ছিল ১০ হাজারের মতো। ম্যাগাজিন, পত্রপত্রিকা, সংকলন ও বিশেষ সাময়িকীতে মুদ্রিত অজস্র রবীন্দ্রবিষয়ক গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ এবং স্মৃতিকথা ছিল শুধুমাত্র জাপানিদের, অসংখ্য। সারাদেশ থেকে এগুলো সংগ্রহ করেছিলেন আমার স্বামী এবং অনেকে ডাকযোগেও পাঠিয়েছিলেন। আমাদের সঙ্গে প্রবীণ রবীন্দ্রভক্তদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, কেউ কেউ রবীন্দ্রনাথের সঙ্গে ছিলেন প্রত্যক্ষভাবে সম্পর্কিত। তাঁদের সাহায্য-সহযোগিতা নিয়েই আমার স্বামী উদ্যোগ গ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত জাপানে রবীন্দ্রনাথের মানবতাবাদ ও বিশ্বশান্তির বাণী ও বার্তা নতুন করে জাপানিদের কাছে পৌঁছে দেবার জন্য। ১৯৭১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফিরেই গঠন করেছিলেন “জাপান-ভারত রবীন্দ্র সংস্থা”। আবার কয়েকজন রবীন্দ্রভক্ত মিলে “একলা চলো রে” নামেও একটি সংগঠন গঠন করেছিলেন। “জাপান-ভারত রবীন্দ্র সংস্থা”র প্রথম সভানেত্রী ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন ভক্ত মনস্তত্ত্ববিদ অধ্যাপিকা মাদাম ড.কোওরা তোমি। ৯৬ বছর তিনি বেঁচেছিলেন। একজন বিরলতম রবীন্দ্রঅন্তপ্রাণ নারী ছিলেন শ্রীমতী কোওরা তোমি। মৃত্যু পর্যন্ত তিনি গুরুদেবকে বিস্মৃত হননি। এমন একনিষ্ঠ রবীন্দ্রভক্ত জাপানিদের মধ্যে আমি আর দেখিনি।”
নারী প্রসঙ্গ যখন উঠলই, তখন তাঁকে জিজ্ঞেস করেছিলাম, “কতজন জাপানি নারী রবীন্দ্রভক্ত আছেন জাপানে জানেন কি?”
মাদাম কেইকো আজুমা হেসেছিলেন। বলেছিলেন, “আদৌ কম নয়। অন্যান্য জাতির তুলনায় জাপানি নারী রবীন্দ্রভক্তের সংখ্যা বেশিই হবে।”
ফের প্রশ্ন করলাম, “কিন্তু কেন মাদাম? কী জন্য তাঁরা রবীন্দ্রনাথকে পছন্দ করতেন বা করেন? আর ভক্ত হওয়ার বিষয়টি কীভাবে দেখেন?”
কেইকো মাদাম শান্ত এবং সুষ্পষ্ট বাংলায় বলেছিলেন, “দেখুন, এশিয়া মহাদেশে নারীশিক্ষা বরাবরই পিছিয়ে ছিল। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও যে শিক্ষার প্রয়োজন রয়েছে এটা অনুভব করেছেন কজন পুরুষ? ভারতবর্ষের দিকে তাকালে একটা চিত্র তো সুস্পষ্টতই দেখা যায়, সহশিক্ষা শুরু হয়েছে কবে? প্রাচীনকালে যদি শিক্ষার বাহন চতুর্বেদ ধরা হয়, তাহলে কতজন নারী বেদশিক্ষার সুযোগ পেয়েছেন? হাতেগোনা কয়েকজন। মধ্যযুগে ভারতবর্ষসহ পুরো এশিয়া মহাদেশই শিক্ষা থেকে বিচ্ছিন্ন ছিল। কিছু সংস্কৃত ভাষা শিক্ষার টোল ছিল, সেখানে সংস্কৃত ভাষা ও ধর্মগ্রন্থ পাঠ করেছে ছেলেরাই। উনিশ শতকে ইংরেজরা মানে পাশ্চাত্যের খ্রিস্টান ধর্মাবলম্বীরাই তো ভারতে আধুনিক শিক্ষার আলো জ্বালালেন। কলকাতা শহরে পাশ্চাত্য ধারার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠল ক্রমে ক্রমে। কিন্তু ছেলেরাই তাতে পড়ালেখার সুযোগ পেয়েছে। মেয়েরা নয়। ধনীদের কন্যারা ঘরেই পড়ালেখা করত। কিন্তু স্কুলের ডিগ্রি পাওয়ার সুযোগ ছিল না। আইরিশ নারী ভগিনী নিবেদিতা উদ্যোগ গ্রহণ করলেন মেয়েদের মৌলিক শিক্ষা দেবার জন্য বাগবাজারে যেখানে তিন বসবাস করতেন। স্বামী বিবেকানন্দ সহযোগিতা না করলে এটাও হত না--এসব তো বিখ্যাত ঘটনা।”
আলোকচিত্র: ষাটের দশকে শান্তিনিকেতনে রবীন্দ্রগবেষক কাজুও আজুমা এবং মাদাম কেইকো আজুমা
“কিন্তু ব্যতিক্রম হচ্ছে, জাপানে মধ্যযুগ তথা “এদো যুগে” (১৬০৩-১৮৬৮) রাজধানী এদো শহর (বর্তমান টোকিও) এবং গ্রামেগঞ্জেও মন্দিরভিত্তিক সাধারণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল সামুরাই সরকার যাকে “তেরাকোইয়া” বলা হত। ছেলেদের পাশাপাশি মেয়েরাও সুযোগ পেয়েছে শিক্ষালাভের। শিক্ষার হার যথাক্রমে ছেলেরা শতকরা ৭৯ এবং মেয়েরা ২১ ভাগ ছিল। পাশ্চাত্যেও তখন প্রাথমিক শিক্ষালাভের হার এত ছিল না। মেইজি যুগে (১৮৬৮-১৯১২) এসে পাশ্চাত্য ধারার অনুকরণে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত হল, ছেলেমেয়েদের সহশিক্ষা বাধ্যতামূলক হল। মেয়েদের জন্য স্কুল, মহাবিদ্যালয় এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়ে উঠতে লাগল একটার পর একটা। মেয়েদের জন্য প্রথম কলেজ স্থাপনের উদ্যোগ নিলেন আমেরিকা-ফেরত অধ্যাপক ড.নারুসে জিনজোও, একজন খ্রিস্টান শিক্ষাবিদ। তিনি ১৯০১ সালে জাপানের প্রথম মহিলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান “নিহোন জোশি দাইগাকুকো”, মানে “জাপান মহিলা কলেজ” প্রতিষ্ঠা করেন টোকিওতে। পরবর্তীকালে একে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্রী ছিলেন মনস্তত্ত্ববিদ ড.কোওরা তোমি। আরও ছিলেন, যেমন মিয়াজাওয়া তোশি, মিয়ামোতো ইউরিকো, জোওদাই তানো প্রমুখ তাঁরা রবীন্দ্রভক্ত ছিলেন রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই। রবীন্দ্রনাথের ভক্ত মানে যাঁরা রবীন্দ্ররচনা, তাঁর চিন্তা ও কর্মকাণ্ডের সঙ্গে একমত বা অনুরাগী হয়েছেন এবং গবেষণা করেছেন, লেখালেখি করেছেন, শান্তিনিকেতনে শিক্ষালাভ করেছেন অথবা না গিয়েও রবীন্দ্ররচনা পড়ে তাঁকে ভালোবেসেছেন, অনুবাদ করেছেন তাঁরাই রবীন্দ্রভক্ত বলে আমি মনে করি। জাপানি নারীরা উচ্চশিক্ষার আলো পেয়েছেন বলেই তাঁরা রবীন্দ্ররচনার অনুবাদ পড়েছেন, রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হয়েছেন। আপনি তো ভালো করেই জানেন, জাপানে দু-দুবার রবীন্দ্র-বুম্ তথা রবীন্দ্রজাগরণ দেখা দিয়েছিল। ১৯১৩ সালে এশিয়ায় সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার অর্জন করার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। দ্বিতীয় জাগরণ দেখা দিয়েছিল যুদ্ধের কয়েক বছর পর রবীন্দ্রনাথের শততম জন্মবর্ষ উপলক্ষে। ১৯৫৭ সালেই উদ্যোগ নেয়া হয়েছিলেন রবীন্দ্রনাথের সক্রিয় ভক্তরা। যেমন শিক্ষক, প্রকাশক, গণতান্ত্রিক আন্দোলন এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ সামুরাই বংশোদ্ভূত শিল্পপতি শিবুসাওয়া এইইচি, শিমোনাকা ইয়াসাবুরোও, শিল্পপতি ও শিক্ষাবিদ ড.ওওকুরা কুনিহিকো, শিক্ষক, গবেষক, সাম্যবাদী রাজনীতিবিদ, সাংসদ এবং আন্তর্জাতিক নারীমুক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী মাদাম ড.কোওরা তোমি, জাপান মহিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য জোওদাই তানো, চিত্রশিল্পী য়োকোয়ামা তাইকানসহ অনেক বিশিষ্ট ব্যক্তি তথা রবীন্দ্ররানুরাগী। অনেক পরিকল্পনা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯৬১ সালে ঘটা করে রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপিত হয় টোকিও, ওসাকা, নাগাসাকি প্রভৃতি শহরে। এরকম রবীন্দ্রজাগরণ বিদেশে আর দেখা যায়নি। আমি, আমার স্বামী তখন টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ১৯৬৭ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান ভারততত্ত্ববিদ, দার্শনিক; সংস্কৃতভাষা ও ভারতীয় দর্শনশাস্ত্রের পণ্ডিত এবং বেদবিশেষজ্ঞ অধ্যাপক ড.নাকামুরা হাজিমের অনুরোধে শান্তিনিকেতনস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি অনুষদে জাপানি ভাষা ও সংস্কৃতি শেখাতে গেলেন আমার স্বামী, পরে আমিও সন্তানসহ গেলাম। তিনি ভারতীয় দর্শন এবং জার্মান ভাষার ছাত্র ছিলেন। আমি এম এ ডিগ্রি নিয়েছি রবীন্দ্রনাথের “বলাকা” কাব্যগ্রন্থের ওপর গবেষণা করে। বাংলা ভাষা শিখেছি টোকিও বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বহুভাষাবিদ ওয়াতানাবে শোওকোও মহাশয়ের কাছে দুজনেই। ওয়াতানাবে স্যারও বড়মাপের রবীন্দ্রভক্ত ছিলেন। শান্তিনিকেতনে গিয়ে আরও সুবিধা হয়েছিল বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, জীবন-যাপন এবং রবীন্দ্রসাহিত্যকে আরও বেশি জানার জন্য, বোঝার জন্য। আমরা এভাবেই রবীন্দ্রনাথের প্রেমে পড়ে গেলাম।
তাঁর সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় কথা হচ্ছিল। মাদাম আজুমাকে আরও প্রশ্ন করেছিলাম, “জাপানি নারী রবীন্দ্রভক্তরা কী পেলেন রবীন্দ্রনাথের মধ্যে? জানার বড় আগ্রহ।”
ক্ষণিক চিন্তা করে উত্তর দিয়েছিলেন এই বলে, “যাঁরা গুরুদেবের ভক্ত বা অনুরাগী হয়েছিলেন তাঁদের সকলের চিন্তা, চেতনা বা রুচিবোধ তো এক রকম নয়, ভিন্ন ভিন্ন। সামগ্রিকভাবে বলতে গেলে বলতে হয়, বাংলা অঞ্চলে সর্বপ্রথম বাঙালি উদ্যোক্তা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শান্তিনিকেতনের বিদ্যালয়ে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা দেয়া তথা সহশিক্ষার বিষয়টি অনেক জাপানি নারীকেই আকৃষ্ট করেছে। কারণ, এতে বোঝা যায় যে, রবীন্দ্রনাথ নারীর প্রতি তাঁর দায়দায়িত্ব রয়েছে এই উপলব্ধিটি তিনি তরুণকালেই অনুধাবন করতে পেরেছিলেন। অর্থাৎ নারীসমাজের প্রতি তাঁর ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি ছিল এটা জাপানি নারীরাও বুঝতে পেরেছেন। আবার এটাও সত্যি যে, সমাজে নরনারীর সমতা আনতে হলে নারীশিক্ষার বিকল্প নেই। জাপানের আধুনিক নারীশিক্ষার পথিকৃৎ শিক্ষাবিদ ড.নারুসে জিনজোও একইভাবে অনুভব করেছিলেন। তিনি বলেছেন, “সুশিক্ষিত নারী, সুশিক্ষিত জননী হবে”। সুতরাং সুশিক্ষিত জননীরা সন্তানকে সুশিক্ষিত করে তুলবে। রবীন্দ্রনাথও তেমনটি চিন্তা করেছিলেন বলে আমার বিশ্বাস। আমি মনে করি, নারীশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এশিয়া মহাদেশের দুই দিকপাল হচ্ছেন ড.নারুসে এবং রবীন্দ্রনাথ। তাই তাঁদের বন্ধুত্বও হয়েছিল ১৯১৬ সালে রবীন্দ্রনাথের প্রথম জাপান ভ্রমণের সময়। জাপান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.নারুসে গুরুদেব রবীন্দ্রনাথকে আহবান জানিয়েছিলেন তাঁর প্রতিষ্ঠানে বক্তৃতা দেবার জন্য। তখনই তো পরিচয় হল রবীন্দ্রনাথের সঙ্গে ওই প্রতিষ্ঠানের তখনকার ছাত্রী ওয়াদা তোমিকোর। বিয়ের পর তিনি কোওরা তোমি নামে পরিচিত হলেন। জাপানে রবীন্দ্রনাথের সবচেয়ে বড়মাপের নারী ভক্ত।”
মাদাম কেইকো আজুমা আরও বলেন, “রবীন্দ্রসাহিত্যকে ভালোলাগার একাধিক কারণ আছে বলে আমি মনে করি। যেমন, তাঁর উপনিষদপ্রভাবিত সর্বজনীন চিন্তা, মানবতাবাদ, শান্তির প্রতি আনুগত্য, প্রকৃতির প্রতি গভীর অনুরাগ, শিক্ষা ও শিশুদের প্রতি অনুপম ভালোবাসা, নারীদের প্রতি সম্মান, অনুকরণীয় স্বদেশপ্রেম, মানবচরিত্রকে বিশ্লেষণ করার প্রখর অন্তর্দৃষ্টি, বৈচিত্র্যময় সঙ্গীত প্রতিভা, ভবিষ্যৎ-দূরদর্শিতা, শিল্পকলাজ্ঞান, বাঙালি জাতির জীবনযাপনের দিকনির্দেশনা, ভারতীয় সাংস্কৃতিক পরিচয় বিধান, বৌদ্ধধর্মের প্রতি অনুরক্ত ইত্যাদি জাপানি নারীদেরকে আকৃষ্ট করেছিল বলেই আমার একান্ত বিশ্বাস। রবীন্দ্রসাহিত্য পাঠ করলে শুধু ভারতীয় ইতিহাস, ঐতিহ্যই শুধু নয়, বিশ্বইতিহাস, বিশ্বসভ্যতার ক্রমবিবর্তন, পরিবর্তন, অগ্রগতির আভাস সহজেই পাওয়া যায়। তেমনটি অন্যান্য বাঙালি লেখক, সাহিত্যিকের রচনায় উদ্ভাসিত নয়। আপনার কি তাই মনে হয় না? তাঁর সাহিত্যে মানবিক সমস্যা ও সঙ্কট থেকে মুক্তিলাভের নির্দেশ আছে। মানুষ তো সাহিত্য পড়ে আনন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে আশাবাদী হতে চায়, শিক্ষালাভ করতে চায়। সাহিত্যে আশাবাদ জাগানো, শিক্ষানির্দেশনা প্রদানের কারিশমা সব সাহিত্যিকের দ্বারা সম্ভব হয় না। এই ক্ষেত্রে রবীন্দ্রসাহিত্যসমগ্র আশাবাদী, ভবিষ্যৎমুখী বলতে আমার কোনো দ্বিধা নেই। তাঁর সাহিত্যে, গানে ও গীতিনাট্যে বাঙালি জাতির আবহমানকালের সাংস্কৃতিক স্বরূপটি ছবির মতো দৃশ্যমান হয়ে ওঠে, তাই তাঁর সাহিত্য শক্তিশালী, একবার পড়ার পর মনোজমিনে ছাপ ফেলে। এখানেই অন্যান্যদের সঙ্গে তাঁর পার্থক্য, সুস্পষ্ট ব্যবধান বিদ্যমান। একজন জাপানি নারী হিসেবে আমি এইসব কারণে রবীন্দ্রনাথের একান্ত ভক্ত। মৃত্যু পর্যন্ত তিনি আমারও জীবনদেবতা।”
এহেন জাপানের অন্যতম প্রধান নারী রবীন্দ্রভক্তের কথা আমরা সংক্ষিপ্তাকারে জানলাম। তাঁর প্রসঙ্গ পরেও আবার ঘুরেফিরে আসবে। জাপানে বা জাপানের বাইরে কোন নারী প্রথম রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন বা রবীন্দ্রনাথের প্রথম নারীভক্ত কে ছিলেন অবশ্যই সেটা গবেষণাসাপেক্ষ। রবীন্দ্রনাথ যখন প্রথম জাপানে আসেন তখন তাঁর বয়স ৫৫ বছর। এই বয়সেও তাঁর বাহ্যিক রূপ ও ব্যক্তিত্ব কেমন ছিল অত্যন্ত অল্প কথায় তার একটি বর্ণনা পাওয়া যায়। সেটা ১৯১৬ সালের কথা। রবীন্দ্রনাথ জাপানে এসে “তোসামারু” জাহাজ থেকে অবতরণ করলেন দক্ষিণ-পশ্চিম জাপানের “কোবে” সমুদ্রবন্দরে মে মাসের ২৯ তারিখে। ছিলেন চার দিন। জুন মাসের ১ তারিখে কোবের নিকটবর্তী বাণিজ্যিক মহানগর ওসাকায় অবস্থিত তেননোও জিকোও কাইদোও মিলনায়তনে YMCA =Young Men’s Christian Association এর উদ্যোগে রবীন্দ্রনাথ “India and Japan”-বিষয়ক একটি বক্তৃতা দেন। ১৯১৩ সালে এশিয়া মহাদেশে প্রথম নোবেলপ্রাপ্ত রবীন্দ্রনাথের জনপ্রিয়তা পর্বতসমান, একেবারে বুম্ যাকে বলে! তাঁর উল্লেখযোগ্য রচনা ইতিমধ্যে ইংরেজি থেকে জাপানি ভাষায় অনূদিত হয়ে গেছে, যেমন ‘গীতাঞ্জলি’, ‘নতুন চাঁদ’, ‘ডাকঘর’ ইত্যাদি। কবি জাপানে আসবেন এমন একট কলরব গণমাধ্যমের বদৌলতে ছড়িয়ে পড়েছিল। জাপানের সরকার পর্যন্ত আন্দোলিত এই ঘটনায়, দূত পাঠিয়ে তাঁকে জাপান সফরের আমন্ত্রণও জানানো হয়েছে বলে কোনো কোনো উৎস থেকে জানা যায়। কেননা, এশিয়া মহাদেশে প্রথম নোবেল পাওয়ার যেমন গৌরবের, তেমনি আভিজাত্যের ব্যাপারও আছে। জাপান যেহেতু ব্রিটিশ উপনিবেশ ভারতের চেয়ে অনেক-অনেক উন্নত ও অগ্রসর, ইংল্যান্ডের মতো শিল্পবিপ্লবও ঘটিয়ে ফেলেছে, এশিয়ার একমাত্র শিল্পোন্নত রাষ্ট্র, কাজেই এই দেশে শিক্ষিতের হার য়োরোপের চেয়েও বেশি। শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও ব্যাপক নামডাক আমেরিকা ও পাশ্চাত্যের শ্বেতাঙ্গ সমাজে। সুতরাং নোবেল পুরস্কার পাওয়ার কথা তো জাপানেরই কোনো কবি বা সাহিত্যিকের--এই ছিল জাপানের বিশিষ্ট নাগরিকদের বদ্ধমূল বিশ্বাস। তাছাড়া, নোবেল পুরস্কার প্রধানত শ্বেতাঙ্গ সমাজের পুরস্কার বলেই কুক্ষিগত। জাপান সেই শ্বেতাঙ্গ সমাজের সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞানের একচ্ছত্র অনুসারী। কাজেই জাপানই এই কাঙ্ক্ষিত পুরস্কারের জন্য অগ্রাধিকারী বলে মনেপ্রাণে আস্থাবান ছিল।
কিন্তু পশ্চাতপদ পরাধীন একটি দেশের অখ্যাত প্রান্তিক অঞ্চলের একজন অশ্রুত কবি প্রথম নোবেল পুরস্কার অর্জন করবেন এটা স্বপ্নেও ভাবেনি জাপান! এই ঘট-উল্টানো ঘটনার জন্যও আপামর জাপানিদের প্রবল আগ্রহ ছিল নোবেলজয়ী কবিকে একটিবার দেখার। সবচেয়ে বেশি আগ্রহ ছিল, প্রবল প্রভাবশালী পণ্ডিত, মনীষী এবং শিল্পাচার্য ওকাকুরা (কাকুজোও) তেনশিনের আদর্শানুসারী, প্রত্যক্ষ শিষ্য-ভক্ত ও ভাবশিষ্যদের মধ্যে। তাঁদের মধ্যে প্রভূত খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, পণ্ডিত, গবেষক, দার্শনিক, সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পপতি, চিত্রশিল্পী, ভাস্কর, সঙ্গীতজ্ঞ, সংস্কৃতিকর্মী, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, প্রকৌশলী, আলোকচিত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ অন্তর্ভুক্ত। ফলত, ওসাকা মহানগরে অনুষ্ঠিত সংবর্ধনা সভার মঞ্চে জাপানে প্রথম রবীন্দ্রদর্শন ছিল বিশাল উৎসবতুল্য ঘটনা। সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল এতই লাগালাগি-ঠাসাঠাসি যে মিলতায়নে তিল রাখার জায়গা ছিল না! বাইরেও লোকের উপচেপড়া ভিড় ছিল। সচরাচর যা হয়ে থাকে “সেলিব্রেটি”দের ক্ষেত্রে তাই হয়েছে সেই সময় জাপানেও। বলা বাহুল্য, বিপুল সংখ্যক তরুণী ও ভদ্রপরিবারের মহিলাদেরও সমাগম ঘটেছিল। জানা যায় গণমাধ্যমের সাংবাদিকদের প্রচণ্ড চাপের মুখে রবীন্দ্রনাথ খুব বিরক্তবোধ করেছিলেন। ২ জুন প্রাচীন রাজধানী নারা নগরে তাঁর ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে হয়েছিল এই জনপ্রিয়তার কারণে। তবে ওইদিন আরেক প্রাচীন রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের অমরাবতী কিয়োতো নগর পরিদর্শন করে সেখানেই রাত্রিযাপন করেন। কিয়োতো হচ্ছে ঐতিহ্যগত নটিবিনোদিনী “গেইশা”দের মাতৃভূমি। রবীন্দ্রনাথ গেইশাদের কথা জানতেন কি না জানা নেই, জাপানি ভক্তরা তাঁকে গেইশাপাড়ায় নিয়ে যাবেন না, গেইশাদের নাচ-গান দেখাবেন না তা কি হয়! কিন্তু আপাতত কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না এই বিষয়ে।
রবীন্দ্রনাথের প্রথম জাপান সফরের আমন্ত্রণ নিয়ে মতানৈক্য বিদ্যমান। কোনো কোনো উৎস থেকে জানা যায়, সেইসময়কার প্রভূত প্রভাবশালী আমলা ও শিল্পপতি শিবুসাওয়া এইইচি আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তিনি “জাপান-ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে”র (১৯০৩ সালে প্রতিষ্ঠিত) তৃতীয়তম প্রেসিডেন্ট। আবার প্রভাবশালী ওসাকাস্থ দৈনিক আসাহিশিম্বুন পত্রিকার কথাও জানা যায় তারই এক সাংবাদিক কোকুগি শিরোও লিখিত গ্রন্থ “ইনদো নো শিজিন” বা “ভারতের কবি” (২০০৬, আওজোরা বুনকো প্রকাশনা) থেকে। কোকুগি পত্রিকার সমাজ বিভাগের বিভাগীয় সম্পাদক তার উর্ধ্বতন কর্মকর্তা হাসেগাওয়া নিওজেকানের আদেশে সেই সংবর্ধনা সভার সংবাদ সংগ্রহার্থে যান। তিনি গ্রন্থের ভূমিকায় লেখেন, “টেগোর ভারতীয় দীর্ঘ সাদা পোশাক এবং সাদা পাগড়ি মাথায় শান্তভাবে মঞ্চে দাঁড়ালেন। পোলিশকৃত তামার মতো সুশ্রী চকচকে মুখবর্ণ, কাঁধ পর্যন্ত ঝোলা দীর্ঘ চুল, ফিনিক্স চোখ, উন্নত নাশা, স্বর্গীয় আভিজাত্যে সজ্জিত মাধুর্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। তিনি হস্তধৃত কাগজ থেকে পাঠ করলেন। আর সেই কণ্ঠ? সে সম্পর্কে (এখন) প্রয়াত, (কিন্তু) তৎকালীন সম্পাদকীয় দপ্তর প্রধান তোরিই সোসেন স্যার (এর) “ওই কণ্ঠস্বর শুনলে পরে কমবয়সী রমণীকুল কাঁদবে, তাই না?” প্রশংসিত (মন্তব্যের) ছাপ গভীর, (যেন) রুপার ঝুমঝুমিসম (সুরেলা) কণ্ঠ (হিসেবে প্রতিভাত)।” ১
আলোকচিত্র: রবীন্দ্রশিষ্য শান্তিদেব ঘোষের সঙ্গে রবীন্দ্রসংগীতশিল্পী শ্রীমতী কাম্বে তোমোকো শান্তিনিকেতনে সত্তর দশকে
এই বর্ণনাতেই বোঝা যায় রবীন্দ্রনাথের বাহ্যিক আভিজাত্য এবং ব্যক্তিত্ব কী রকম ছিল! এবং এই সম্পর্কে একাধিক জাপানি পুরুষের এমন মন্তব্য অন্যান্য উৎসেও খুঁজে পাওয়া যায়।
আপাত অনুসন্ধানে প্রথম যে জাপানি নারীর সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটেছিল তিনি ছিলেন ওসাকাস্থ দৈনিক আসাহিশিম্বুন পত্রিকার কর্ণধার মুরায়ামা রিয়োওহেই-এর বাসভবনে ঐতিহ্যবাহী “শাদোও” বা “টি সিরেমোনি” বা “চা-অনুষ্ঠানে”র উপস্থাপক মুরায়ামার কন্যা শ্রীমতী ফুজিকো। তিনি হালকা রঙের কিমোনোতে সজ্জিত হয়ে সকলকে চা পরিবেশন করেন। রবীন্দ্রনাথের সঙ্গে তখন ছিলেন শিল্পী মুকুলচন্দ্র দে, উইলিয়াম পিয়ারসন, চার্লস এন্ড্রুজ, জাপানি চিত্রশিল্পী য়োকোয়ামা তাইকান, বৌদ্ধভিক্ষু কাওয়াগুচি একাইসহ সর্বমোট ১৮ জন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ তাঁর “জাপান যাত্রী” গ্রন্থে লিখেছেন,“তার পরে গৃহস্বামী এসে বললেন, চা তৈরি এবং পরিবেশনের ভার বিশেষ কারণে তিনি তাঁর মেয়ের উপরে দিয়েছেন। তাঁর মেয়ে এসে নমস্কার ক’রে চা তৈরিতে প্রবৃত্ত হলেন। তাঁর প্রবেশ থেকে আরম্ভ করে চা তৈরির প্রত্যেক অঙ্গ যেন কবিতার ছন্দের মতো। ধোওয়া মোছা, আগুনজ্বালা, চা-দানির ঢাকনা খোলা, গরম জলের পাত্র নামানো, পেয়ালার চা ঢালা, অতিথির সম্মুখে এগিয়ে দেওয়া, সমস্ত এমন সংযম এবং সৌন্দর্যে মণ্ডিত যে, সে না দেখলে বোঝা যায় না। এই চা-পানের প্রত্যেক আসবাবটি দুর্লভ এবং সুন্দর। অতিথির কর্তব্য হচ্ছে, এই পাত্রগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে একান্ত মনোযোগ দিয়ে দেখা। প্রত্যেক পাত্রের স্বতন্ত্র নাম এবং ইতিহাস। কত যে তার যত্ন সে বলা যায় না।” ২
৫ তারিখ সকাল ৭টা ৩৫ মিনিটে কোবে শহরের সাননোমিয়া রেল স্টেশন থেকে দ্রুতগামী ট্রেনে চড়ে রাত সাড়ে ৮টা নাগাদ রাজধানী টোকিওতে পৌঁছান। টোকিও রেল স্টেশনে বিশিষ্ট রবীন্দ্রভক্তরা উপস্থিত ছিলেন কবিকে অভ্যর্থনা জানানোর জন্য। তাঁদের মধ্যে বৌদ্ধধর্ম পণ্ডিত টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তাকাকুসু জুনজিরোও উপস্থিত ছিলেন। স্টেশন থেকে ঘোড়ার জুড়িগাড়িতে চড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণসঙ্গীসহ উয়েনো শহরে অবস্থিত বন্ধু চিত্রশিল্পী য়োকোয়ামা তাইকানের বাড়িতে যান। ১৩ জুন পর্যন্ত এখানে রবীন্দ্রনাথসহ চারজন আতিথ্যগ্রহণ করেন। ৭ জুন সন্ধেবেলা তাইকান ও তাঁর স্ত্রী শ্রীমতী শিজুকা, লোকান্তরিত বন্ধু ওকাকুরার বিধবা স্ত্রী শ্রীমতী ওকাকুরা মোতোকো এবং ওকাকুরার ছোটভাই ওকাকুরা জুনজাবুরোওসহ রবীন্দ্রনাথ উয়েনো শহর পরিভ্রমণ করেন। তখন উয়েনোই হচ্ছে জাপানের প্রথম আধুনিক শহর। এখানে রয়েছে বিখ্যাত জাপানি উদ্যান, জাতীয় জাদুঘর, টোকিও চারুকলা মহাবিদ্যালয়, বিখ্যাত বেনজাইতেন তথা সরস্বতী দেবীর মন্দির, বৌদ্ধ মন্দির কানয়েজি, মনোরম দোকানপাট, ঐতিহ্যবাহী খাবারের দোকান প্রভৃতি। শ্রীমতী শিজুকা বা শ্রীমতী মোতোকোর সঙ্গে রবীন্দ্রনাথের কী ধরনের আলাপ হয়েছে তা জানা যায় না। তবে জাপানে রবীন্দ্র জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত মাসিক বুলেটিন “সাচিয়া” ২য় সংখ্যা (১ আগস্ট, ১৯৫৯) থেকে জানা যায়, তাইকানপত্নী শ্রীমতী শিজুকা ৪৩ বছর পর এক সাক্ষাৎকারে স্বামীর ঘনিষ্ঠ বন্ধু গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতি স্মরণ করেছেন। রবীন্দ্রনাথ যখন তাঁদের বাড়িতে আতিথ্যগ্রহণ করেন তখন শিজুকার বয়স মাত্র ২০ এর কোঠায়। তাঁর ভাষ্য থেকে জানা যায়, বাড়িটি ছোট বিধায় শাশুড়িকে পাশ্ববর্তী “সেইয়োওকেন” নামক ফরাসি আবাসিক হোটেলে রেখে মায়ের কক্ষে তাইকান এবং তাইকানের চিত্র আঁকার কক্ষে রবীন্দ্রনাথকে রাখার ব্যবস্থা করেন। শ্রীমতী শিজুকা নিজের হাতে নিরামিষ খাবার তৈরি করে অতিথিদের অ্যাপায়িত করেন। তিনি আরও বলেন, “তাইকানের দেহের রং রবীন্দ্রনাথের চেয়ে কিছুটা নিষ্প্রভ ছিল তাই রবীন্দ্রনাথ তাইকানকে দুষ্টুমি করে বলেছিলেন, তুমি হচ্ছ ভারতীয়দের মতো, বলে হেসেছিলেন। এমন আলাপ (অবশ্য) কাউকেই বিদ্ধ করেনি।” ৩
এতে বোঝা যায় চিত্রশিল্পী তাইকানের সঙ্গে কেমন গভীর হৃদ্যতা গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।
উৎস
১. https://www.aozora.gr.jp/cards/000255/files/47244_41491.html
২. রবীন্দ্ররচনাবলী, উনবিংশ খণ্ড, ৩৪২ পৃষ্ঠা
৩. টেগোর মেমোরিয়াল অ্যাসোসিয়েশন বুলেটিন ‘সাচিয়া’ ২য় সংখ্যা, ১৯৫৯
