হুমায়ুন কবিরের ‘রবীন্দ্রনাথ’: নখাগ্রে নিখিল
মানুষের ভালোবাসায় বুঁদ হয়ে থাকা রবীন্দ্রনাথকে নিয়ে হুমায়ুন কবির বলেছেন “রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কল্পনাশক্তি ও অনুভবের সমুদয় উষ্ণতা দিয়ে মানুষকে ভালোবাসতেন এবং মনে করতেন যে বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের আত্মশক্তি অপেক্ষা উন্নততর আর কিছু নেই।”
রবীন্দ্রনাথ এক অপার বিস্ময়। এক জীবনে যা তিনি লিখেছেন তা এক মহাসমুদ্রই বটে। আর রবীন্দ্রনাথকে নিয়ে যুগে যুগে দেশে দেশে যত লেখা হয়েছে বা আজো যা লেখা হচ্ছে তার তালিকা তৈরিও পারত অসম্ভব বটে। প্রায়শ বলা হয় রবীন্দ্রনাথকে পড়ে শেষ করা যায় না। কেবল তাই নয় রবীন্দ্রনাথের লেখাকে জানা বা রবীন্দ্রনাথ সম্পর্কে জানাও এক ধরনের নিরন্তর উম্মোচন। মৃত্যুর ৮৫ বছর পর এসেও তাকে নতুন করে জানার, নতুন করে আবিস্কারের অবকাশ রয়ে গিয়েছে।
রবীন্দ্র জন্মশতবর্ষকে কেন্দ্র করে আরেক বহুমাত্রিক প্রতিভার অধিকারী অধ্যাপক হুমায়ুন কবির লন্ডন বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতায় রবীন্দ্রনাথের অন্তর্জগৎ এবং বহির্জগৎ তিনি বিশ্লেষণ করেছেন এক অনন্য সামগ্রিকতায়। প্রাসঙ্গিক উদাহরণে রবীন্দ্রনাথের জীবন আর লেখার যেন নির্যাসটুকুকে হুমায়ূন কবির গেঁথেছিলেন তাঁর কথামালায়। পরবর্তীতে এই সমৃদ্ধ বক্তৃতাটি বই আকারে প্রকাশিত হয়েছে।
রবীন্দ্রনাথের প্রকৃতি ও জগতকে দেখার যে ভিন্নদৃষ্টি, তা তৈরিতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বড় ভূমিকা ছিল। সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের ঘোরটোপে আটকে থাকা সেই সময়ে ঠাকুর বাড়ি ছিল যেন এক নিয়ম ভাঙার গান। বইটিতে উল্লেখ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ এমন একটি পরিবারে জন্মেছিলেন যার আবহাওয়ায় ছিল গভীর ধর্মীয় অনুভবশীলতা, অথচ প্রথাসিদ্ধ নিয়মাচারের বন্ধন থেকে মুক্ত’
প্রাচীন ও মধ্যযুগীয় ভারতর্বষের ঐতিহ্য আর পাশ্চাত্যর আধুনিকতার চ্যালেঞ্জ গ্রহণে ঠাকুরবাড়ির যে উদারতা রবীন্দ্রনাথেও তা সঞ্চারিত ছিল। এই চর্চাকে আরো সম্প্রসারিত ও সুসংহত করে বহু বৈপরীত্যকে সুষম রূপে আজীবন লালন করেছেন রবীন্দ্রনাথ। ঐতিহ্য আর এক্সপেরিমেন্টকে সাঙ্গীভূত করে তাঁর প্রতিভার তীক্ষ্ণতায় গান, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধকে সমৃদ্ধতর করে তুলেছেন। দেশ কাল স্থান সময়কে অতিক্রম করে তাঁর সৃষ্টি সকলের করে তুলতে এই বিচিত্রতায় আজো ভূমিকা রেখে চলেছে।
প্রকৃতি ও মানুষের অভেদাত্মতা রবীন্দ্রসাহিত্যের পরতে পরতে। ইশ্বরের অর্থ তাঁর কাছে অপরিহার্যরূপে ছিল ভালোবাসা। মানবজীবনের যাবতীয় সম্পর্কবিন্যাস ও জাগতিক নিত্য কর্মধারার ভিতর দিয়ে ইশ্বরকে উপলব্ধি করতেন তিনি। মানুষের প্রতিটি অনুভূতির সূক্ষ্ণাতিসূক্ষ্ণ তারতম্য এবং বিশ্বপ্রকৃতির অন্তহীন বৈচিত্র্য তাঁর মত প্রগাঢ়ভাবে উপলব্ধি করেছেন কজন! অনুভূতির সততা এবং চিত্রকল্পের অনুপুঙ্খতা, দুঃসাহসিকতায় সেই উপলব্ধি প্রকাশেও রবীন্দ্রনাথ অনন্য। আত্মপ্রকাশের আকুতিই ছিল তাঁর প্রণোদনাশক্তি।
চোখে দেখা আর কল্পনায় দেখার সংমিশ্রণ রবীন্দ্রসৃষ্টিতে একাকার হয়ে আছে। হুমায়ুন কবির বলেছেন “তিনি তাঁর বজরায় করে গ্রামের পর গ্রাম পার হয়ে যেতে-যেতে নৌকার জানালা দিয়ে তীরবর্তী জীবনধারা দেখেছেন। এই জানালা যেমন কাঠামো হিসেবে কাজ করেছে, তেমনি কাজ করেছে ছাঁকনি হিসেবেও। জানালার ভিতর দিয়ে যতটুকু দেখা যায় কেবল ততটুকুই তাঁর দৃষ্টি কেড়েছে, আর তার রূপরেখা নির্ধারিত করে দিয়েছে জানালার সীমানা। এইসব তাৎক্ষণিক দৃষ্টিপাত তাঁর স্মৃতিতে গেঁথে গিয়েছিল এবং ফাঁক ভরাট করে দিয়েছিল কল্পনা এসে। হতে পারে, জীবনের শুধু খণ্ডিত অংশই দেখেছিলেন, কিন্তু তিনি তা দেখেছিলেন স্পষ্টভাবে এবং এক শিল্পিত সমগ্রতায়।”
রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি চর্চিত সৃষ্টি নিঃসন্দেহে তাঁর গানে। ভারতীয় লোকসঙ্গীত আর পাশ্চত্যসঙ্গীতের কাছে তাঁর ঋণ অনেক। তবে তাঁর শীর্ষচুম্বী আত্মবিশ্বাসের কারণে গাণে ঋণ করতে ভয় পাননি। রবীন্দ্রনাথের গানে বাণীর স্বচ্ছ রূপায়ণ স্বাধীন সত্তা নির্মিত হয়েছে। যা ধার করেছেন তার বহুবিস্তৃত ও বহগুণ করে ফেরত দিয়েছেন রবীন্দ্রনাথ।
মানুষের অনুভূতির যত রং তার সকল কিছুর সমাহার মেলে রবীন্দ্রনাথের কবিতায়। বইটি থেকে উদ্ধৃত করে বলা যায় ‘‘দিনে বা রাতে কিংবা ঋতুবলয়ে আমাদের অনুভূতির এমন কোন মাত্রা পাওয়া যাবে না যা এই কবি তাঁর কবিতায় ধরে রাখেননি। যে কোন অনুভূতিকে নিংড়ে সূক্ষ্ণ থেকে সূক্ষ্ণতর করে উপস্থাপন করেছেন তিনি। এক বাংলা বর্ষাকে এত বিচিত্র অযুত ভঙ্গিমায় বিধৃত করেছেন যে আজো বর্ষা তার অনুভূতির রঙেই কোটি হৃদয়কে স্পর্শ করে যায় প্রতি মুহূর্তে।
জীবনের প্রায় শেষ অধ্যায়ে এসে যে-চিত্রশিল্পী রবীন্দ্রনাথ উম্মোচিত হয়েছিল, তিনি ছিলেন আর সব রবীন্দ্রনাথ থেকে ধারালো, রূক্ষ। এক অচেনা অদ্ভুদ ছন্দোময়তা তাঁর ছবিতে। পান্ডুলিপিতে রবীন্দ্রনাথ শ্রমশীল ও সৌম্যকান্তি, তবে চিত্রকলায় তিনি দ্রুতি ও অমোঘ। অন্য সকল সৃষ্টিতে যে মসৃণ রবীন্দ্রনাথকে পাওয়া যায় এখানে তিনি ভিন্ন। তাঁর ছবি তাঁর স্বাধীনতার ঘোষণা-পূর্বতন শৈলী ভেঙে নিজের ধারা তৈরি করেছিলেন তিনি।
কল্পনার রাজ্যে যার বিচরণ বাস্তবে তিনি অনুপস্থিত থাকবেন-সেটাই স্বাভাবিক। তবে রবীন্দ্রনাথ সব ক্ষেত্রেই ব্যতিক্রম। কল্পনার জগতে বিচরণ করেও তিনি সাম্প্রতিক বাস্তবতা থেকে কখনও দূর থাকেন নি। যুক্তিবোধসম্পন্ন রবীন্দ্রনাথ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে সবসময় ছিলেন সরব। তাঁর সুগভীর ও সর্বত্রগামী মানবিকতার পাঠ আজো বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ঘৃণার প্রকাশে তিনি অকপট ছিলেন।
“তাঁর চিন্তা ও কর্মের প্রকাশভঙ্গি যে-স্বর্ণসূত্র গ্রথিত করেছিল তা তাঁর সুগভীর ও সর্বত্রগামী মানবিকতা থেকে জাত এবং তা তাঁর কাব্য ও সঙ্গীত বা উপন্যাস ও নাটকেই শুধু নয়, রাজনীতি ও অর্থনীতি, সমাজ, ধর্ম, শিক্ষা বিষয়ক রচনার ভিতরেও প্রবাহিত হয়ে গেছে।”
মানুষের ভালোবাসায় বুঁদ হয়ে থাকা রবীন্দ্রনাথকে নিয়ে হুমায়ুন কবির বলেছেন “রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কল্পনাশক্তি ও অনুভবের সমুদয় উষ্ণতা দিয়ে মানুষকে ভালোবাসতেন এবং মনে করতেন যে বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের আত্মশক্তি অপেক্ষা উন্নততর আর কিছু নেই।”
রবীন্দ্রনাথের কর্মময় জীবনে সমাজ ও শিক্ষা নিয়ে কাজের ব্যাপ্তির উপর আলোকপাত করে তাঁর ভূমিকাকেও হুমায়ুন কবির তুলে ধরেছেন। তিনি বলেছেন “ভারতবর্ষের জীবনধারাকে নবরূপ দানের জন্য মননশক্তির যে তরঙ্গোচ্ছ্বাস দেখা দিয়েছে তিনি(রবীন্দ্রনাথ) তার ভিত গেঁথেছিলেন।”
বাঙালীর রবীন্দ্রনাথের বিশ্বের হয়ে ওঠার যাত্রাটার একটা ক্ষীণ রেখা আঁকা আছে এই বইটিতে। যুদ্ধপর্যুদস্ত বিশ্ব মানবতার হৃদয়তন্ত্রীতে গীতাঞ্জলীর সারল্য ও আন্তরিকতায় সর্বজনীন হয়ে ওঠার সূত্রের উল্লেখে শেষ হয়েছে সমৃদ্ধ এই গ্রন্থখানি।
২০১৭ সালে হায়াৎ মামুদের অনুবাদে দুস্প্রাপ্য এই বইটি পূণরায় প্রকাশ করে বিডিনিউজ২৪ পাবলিকেশন্স। হায়াৎ মামুদের অনুবাদ বইটির গভীরতা ও প্রাণকে যথার্থ ধরে রেখেছে। সত্যজিৎ রায়ের আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি বইটিকে আরো বেশি মাধুর্য্যমন্ডিত করে তুলেছে।
২০৭পৃষ্ঠার এই অমূল্য গ্রন্থখানি বহুমাত্রিক রবীন্দ্রনাথের নির্যাসিত অবয়ব উপস্থাপন করেছে। তাই রবীন্দ্রচর্চায় ছোট এই বইখানির গুরুত্ব সমাদৃত থাকবে বলেই মনে হয়।
