রামা দুয়াজি: শিল্পীর সাধনা ও দ্রোহের শিল্প
রামা দুয়াজি নিজের কাজ দ্বারা পরিচিত তবে তার স্বামী জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসার কারণে রামা হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
সাতাশ বছর বয়সী রামা দুয়াজি একজন সিরিয়ান চিত্রকর ও অ্যানিমেটর। তিনি সিরিয়ার দামাসকাসে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন। রামা দুয়াজির আরেকটি পরিচয় তিনি নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানির স্ত্রী। তিনি মূলত প্রতিকৃতি আঁকেন, আনিমেশন তৈরি করেন, এবং এর মাধ্যমে বোনত্ব ও সামষ্টিক অভিজ্ঞতার জটিলতা তুলে ধরেন। এবং এই বিষয়টিকেই কেন্দ্র করে, তিনি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান যেমন দ্য নিউ ইয়র্কার, দ্য ওয়াশিংটন পোস্ট, বিবিসি, অ্যাপল, স্পটিফাই, ভাইস ও টেট মডার্ন প্রভৃতির সাথে কাজ করেছেন। ২০২১ সালে তিনি ইটস নাইস দ্যাট-এর সাথে যৌথভাবে চিত্রাঙ্কন ও অ্যানিমেশনের উপর কর্মশালাও পরিচালনা করেছেন। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক এবং নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টস থেকে চিত্রাঙ্কনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
রামা দুয়াজি মূলত ডিজিটাল মাধ্যমেই বেশি কাজ করে থাকেন, তবে মাঝেমধ্যে প্রযুক্তির জগৎ থেকে বিরতি নিয়ে তিনি হাতে তৈরি সিরামিক নিয়ে কাজ করেন। চিত্রাঙ্কনের প্রতি তার ভালোবাসা ও মৃৎশিল্পের প্রতি আগ্রহকে একত্র করে তিনি হাতে আঁকা সিরামিকের প্লেট তৈরি করেন এবং সিরামিক কর্মশালার মাধ্যমে নিজের এই দক্ষতা অন্যদের সাথে ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
নিজের ব্যক্তিগত ইন্সটাগ্রাম প্রোফাইলে ও ওয়েবসাইটে তিনি তার শিল্পকর্মগুলো(চিত্রাঙ্কন ও অ্যানিমেশন) নিয়মিত শেয়ার করে থাকেন। এপ্রিল মাসে ‘art in times of crisis(সংকটকালে শিল্প)’ শিরোনামে তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন যেখানে তিনি শারীরিক ও মানসিক ক্লান্তি, ‘অস্থির’ নিউইয়র্ক শহরে বসবাসের অনুভূতি নিয়ে কথা বলেন। তিনি এও বলেন যে, “সবাইকে যে রাজনৈতিক শিল্প বানাতে হবে তেমন নয়; তবে যেভাবে শিল্পের সৃষ্টি হয়, এর অর্থায়ন ও বিস্তারে ঘটে, তাতে শিল্প নিজেই তো রাজনৈতিক। তাছাড়া, আমাদের আশেপাশে যে ভয়াবহতা আমরা দেখি এবং তার থেকে মুক্তি পেতে যেসব শিল্পকর্ম সৃষ্টি করি, সেটাও আমার কাছে রাজনৈতিক। কারণ চারপাশের পৃথিবীর প্রতি এটা আমাদের প্রতিক্রিয়া।”
তার এই শিল্পকর্মের বেশিরভাগই সামাজিক ও রাজনৈতিক মন্তব্যের ওপর ভিত্তি করে তৈরি। এ বছরের ১৬ মে, তিনি নিজের ইন্সটাগ্রামে প্রোফাইলে ‘not a hunger crisis, it is deliberate starvation(এটা খাদ্য সঙ্কট নয়, এটা ইচ্ছাকৃত অনাহার) শিরোনামে একটি অ্যানিমেশন শেয়ার করেন যেখানে দেখা যায় একজন ফিলিস্তিনি কিশোরী বড় একটি খালি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটির মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের প্রতি সমব্যাথী হওয়ার কথা ব্যক্ত করেন। তার বেশিরভাগ চিত্রই সাদা ও কালো রঙে আঁকা এবং এসব চিত্রের মাধ্যমে তিনি আরব বিশ্বের বিভিন্ন দৃশ্য তুলে ধরেন।
একটি সাক্ষাৎকারে তাকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা এবং যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অভিযান হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘’মিথ্যা আমি বলব না। নিউ ইয়র্কের অবস্থা সত্যিই অন্ধকারময়। আমার পরিবার ও বন্ধুদের জন্য আমার দুশ্চিন্তা হয় এবং মনে হয় সবকিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে।”
তিনি আরও বলেন, ‘’যখন এত মানুষ ভয় পেয়ে চুপ থাকছে কিংবা বাইরে ছিটকে পড়ছে, তখন একমাত্র যে কাজটি আমি করতে পারি তা হল আমার কন্ঠ ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন, ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে যতটা সম্ভব কথা বলা।”
বিশ্বব্যাপী নানা সংকটময় পরিস্থিতি নিয়ে আওয়াজ তোলা নিয়ে একজন শিল্পীর দায়িত্ব কতটুকু বা কেমন সে প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে সংগীতশিল্পী নিনা সিমোনের কথা উদ্ধৃত করে রামা দুয়াজি বলেন, “আমার মতে একজন শিল্পীর দায়িত্ব হল নিজের সময়টাকে ফুটিয়ে তোলা।” এবং তিনি এর সাথে আরোও যোগ করেন যে, ‘’আমি বিশ্বাস করি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রতিটা মানুষের দায়িত্ব। আর এই সত্যকে ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ ক্ষমতা শিল্পের আছে।”
সম্প্রতি তিনি দুটি একক প্রদর্শনী সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দ্য অ্যান্ডারসন গ্যালারি-তে একটি, প্রদর্শনীর শিরোনাম ছিল More than ; যা ছিল তার সাম্প্রতিক কাজগুলোর একটি সংকলন। অন্য একক প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে লেবাননের বৈরুতে, শিরোনাম Face to Face, যেখানে Haven for Artists-এর সাথে তার দুই মাসের শিল্পী-আবাসিক কর্মসূচির ফলাফল প্রদর্শিত হয়। কাতারে Tasmeem Design Biennial-এ তিনি কর্মশালা পরিচালনা ও সমন্বয় করেছেন এবং Tate Collective, Institute du Monde Arabe ও Cartier–এর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রকাশনা চিত্রণ ও নকশা সংক্রান্ত কাজ করেছেন।
রামা দুয়াজি নিজের কাজ দ্বারা পরিচিত তবে তার স্বামী জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসার কারণে রামা হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ১২ মে একটি পোস্টে জোহরান মামদানি বলেন, “রামা শুধু আমার স্ত্রী নন; তিনি একজন অসাধারণ শিল্পী, যিনি তার নিজস্ব পরিচয়েই পরিচিত হওয়ার যোগ্য’’ এবং এখানে তিনি নিজদের বিয়ের কথাও জানান। কয়েক বছর আগে Hinge নামক ডেটিং অ্যাপ এ জোহরান মামদানির সাথে রামা দুয়াজির পরিচয় হয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে, তারা দুবাইয়ে একটি ব্যক্তিগত বাগদান ও নিকাহ্ অনুষ্ঠান সম্পন্ন করেন এবং ২০২৫ সালের শুরুর দিকে নিউ ইয়র্ক সিটি ক্লার্কের অফিসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শিল্পের সাথে নিজের সম্পর্ক নিয়ে রামা বলেন, ‘’আমার জীবনের বিভিন্ন ধাপে এবং আমি কোথায় থাকছি—এর উপর ভিত্তি করে শিল্পের সঙ্গে আমার সম্পর্ক বদলেছে। এই মুহূর্তে, যখন আমি নিউইয়র্ক শহরের অস্থিরতায় বাস করছি, তখন শিল্পকে আমি দেখি একধরনের আর্কাইভাল মাধ্যম হিসেবে, এমন একটি বিষয় যার মাধ্যমে সেইসব ব্যক্তিগত ও সমষ্টিগত স্মৃতি ধরে রাখা যায়, যা সবসময় শব্দ দিয়ে ধরে রাখা সম্ভব হয় না। আমার চারপাশের বিশ্বে যা কিছু ঘটছে, সেগুলো বোঝার ও গ্রহণ করার জন্য শিল্প আমাকে সহায়তা করেছে। শিল্পকে আমার কাছে এক ধরনের “বাড়ি” তৈরির মতো মনে হয়; এটা আমার চারপাশে একটি দেয়াল গড়ে দেয় যা না থাকলে সবকিছু একদম ভেঙে পড়ত।‘’
রামা একজন অসাধারণ শিল্পী। সাদা ও কালোর মিশেলে, বিভিন্ন প্রতীকি ইশারায় শিল্পের মাধ্যমেই তিনি বিশ্ব ও এখানে সংঘটিত বিভিন্ন ঘটনাবলি নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার শিল্পকর্ম ও বিভিন্ন সাক্ষাৎকারে দেয়া তার বক্তব্য থেকে তার দয়ার্দ্র পরিচয় পাওয়া যায়। ইন্সটাগ্রামে তার ১৪৯০০০ ফলোয়ার রয়েছে। তার শিল্পকর্মের সাথে পরিচিত হতে চাইলে আপনারা তাকে ইন্সটাগ্রামে ফলো করতে পারেন। https://www.instagram.com/ramaduwaji?igsh=bjNpdWVuZXI1dTQ= এছাড়া তার ওয়েবসাইটেও যুক্ত হতে পারেন। https://www.ramaduwaji.com/about
তথ্যসূত্র:
https://time.com/7298063/rama-duwaji-zohran-mamdani-wife-nyc-mayoral-race/
https://www.bbc.com/news/articles/cx2lg3z3z4zo
https://www.lairarts.com/rama-duwaji.html
https://www.ndtv.com/world-news/who-is-rama-duwaji-zohran-mamdanis-artist-wife-whom-he-met-on-hinge-8765307
https://thisisyungmea.com/rama-duwaji-art-activism-and-the-spaces-in-between/
https://www.livemint.com/news/us-news/meet-rama-duwaji-the-syrian-artist-nyc-mayoral-frontrunner-zohran-mamdani-met-on-hinge-11750857429689.html
