২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেয়র্গ ট্রাকলের গদ্য কবিতা: স্বপ্ন এবং উন্মত্ততা

কি এক অসম্ভব খাদক এই মৃত্যু! আহা, তোমরা—শিশুরা এক অশুভ জাতির। অশুভ রক্তাক্ত ফুল তার কপালের পার্শ্বে বিকিরিত করে রৌপ্য, এবং শীতল চাঁদ ব্যাপ্ত তার ক্ষতবিক্ষত চোখে। আহা, যারা জেগে আছে ঘুমহীন রাতে! আহা, যে তুমি অভিশপ্ত!

তাপস গায়েন তাপস গায়েন

Published : 19 Mar 2026, 06:35 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

অভিব্যক্তিবাদি অষ্ট্রিয়ান কবি গেয়র্গ ট্রাকলের (১৮৮৭-১৯১৪ খ্রি) কবিতা প্রকৃতির অনিঃশেষ কিন্তু আপাত অসংলগ্ন ইমেজের মধ্য দিয়ে অগ্রসরমান, ফলে তিনি হয়ে ওঠেন এমনি এক আর্কিটাইপাল এবং ইমেজিষ্ট কবি যাকে অনুধাবন করতে হলে তাঁর আনুভূমিক- এবং লম্বিক-অবতলের শব্দরাজির মধ্য আমাদের অবগাহন জরুরি হয়ে পড়ে, কারণ আনুভুমিক তলে আমরা শব্দের যৌথ অবচেতনের মধ্যে দিয়ে এগিয়ে যাই, কিন্তু লম্বিক অবতলের শব্দরাজির মধ্য দিয়ে উন্মাদ কবির অন্তর্জগতে প্রবেশের চেষ্টা করি মাত্র, এবং এই লম্বিক অবতলেই ট্রাকল নিরন্তর খুঁজে ফিরেন তাঁর মধ্যে বুদ্ধিভিত্তিকভাবে জটাগ্রস্থ এবং অমীমাংসিত ‘গ্রেট ফেমিনিন আর্কিটাইপ;’ কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত এই কবি তাঁর কবিসত্তার ‘এনিমা’কে তাঁর সহোদরার মধ্যেই খুঁজে ফিরেছেন। আপাতভাবে, ট্রাকলের কবিতা অনৈতিহাসিক প্রতীয়মান হলেও, তিনি বিবিধ অর্থেই গভীরভাবেই ঐতিহাসিক—কবিতার মধ্যে শব্দের যাদুকরী অপ্রতুলতাকে দেখেছেন, এবং কবিতার প্রচলিত লজিকের সীমাবদ্ধতাকে অতিক্রম করার নিমিত্তে ড্রিম এবং স্কিজোফ্রেনিক ল্যাঙ্গুয়েজের শরণাপন্ন হয়েছেন, নিজের মাদকাসক্তি এবং মানসিক বিপর্যয়কে কবিতাকর্মে অতিক্রম করে তিনি তাঁর পার্সোনাল আর্কিটাইপকে মিথিক আর্কিটাইপে উন্নীত করে ক্রম রূপান্তরে, গভীর অর্থেই,  হয়ে উঠেছেন সৃজনশীল— জার্মান কবিতায় মহারথীদের একজন!       

পশ্চিমা সভ্যতা, যাকে স্পেঙলার ফাউষ্টিয়ান হিসেবে জেনেছেন, তাকে  ট্রাকল— স্পেঙলারের মতোই—মানুষ এবং সভ্যতার আসন্ন ধ্বংসকে তাঁর কবিতায় এনেছেন প্রথম বিশ্বযুদ্ধের উন্মেষ পর্বে, এবং তিনি মুখর থেকে ক্রমশঃ মূক হয়ে উঠেছেন, কারণ ঈশ্বর তাঁর শান্ত মুখ থেকে কেড়ে নিয়ছেন তাঁর বিলাপ!  ট্রাকলের ‘স্বপ্ন এবং উন্মত্ততা’ গদ্য কবিতাটি সত্যিকার অর্থেই আত্মজৈবনিক, কিন্তু গভীরতর অর্থে নিতান্ত মিথিক মাত্র নয়, ঐতিহাসিকও বটে। ফরাসি কবি শার্ল বোদলেয়ার জার্মান ভাষার কবি গেয়র্গ ট্রাকলের মানসজগতকে   প্রভূতভাবে প্রভাবিত করে থাকলেও, বোদলেয়ারের গদ্য কবিতার বই ‘দ্য পেরিশিয়ান প্রাউলার’ ব্যারন হাউসম্যানের প্যারিসের বহিরাঙ্গকে, অর্থাৎ প্যারিসের জনসমুদ্র, বুলেভার্ড, ফ্লানার, পণ্যসাম্রাজ্য, ইত্যাদিকে— ক্যানভাসে প্রতিফলিত যদি করে থাকে, তবে ট্রাকলের এই  গদ্যকবিতাটি অষ্ট্রিয়ার ইন্সব্রুকের আলপাইনের জঙ্গলে বিংশ শতাব্দীর একাকী মানুষের আসন্ন ধ্বংসকে অনুভব করে সেই ক্রন্দন, সেই অশ্রুত বিলাপকে শ্রুতিতে রূপান্তরিত করতে চেয়েছে।    --অনুবাদক

সন্ধ্যায় পিতা রূপান্তরিত হয়েছেন বৃদ্ধ মানুষে। অন্ধকার ঘরে মা’র অবয়ব প্রস্তরীভূত হয়ে উঠেছে, এবং উন্মাদ জাতিগোষ্ঠির অভিশাপ নিক্ষিপ্ত হয়েছে বালকটির উপরে। এমনও সময় ছিল যখন তার স্মরণে এসেছিল রোগগ্রস্থতায়পূর্ণ শৈশব, সন্ত্রাস, এবং অন্ধকার— নক্ষত্রালোকিত বাগানে গুপ্ত খেলা, কিংবা গোধূলি আলোর প্রাঙ্গণে ইঁদুরদের খাদ্যদান। নীল দর্পণ থেকে উদ্ভুত বোনের ক্ষীণ দেহ, এবং সেই অন্ধকারে সে নিজে এমনভাবে পড়ে যেতে দেখেছে যেন সে মৃত। রাতের শুরুতেই তার অবয়ব লাল ফলের মতো চৌচির হয়ে ফেটে পড়েছে, যখন নক্ষত্রেরা তাঁর অনুচ্চারিত বেদনাকে করে তুলেছে দীপ্ত। পুরাতন গৃহ—যে গৃহ তাঁর পূর্বপুরুষের, যাকে ঘিরে তার স্বপ্ন ছিল পূর্ণ। গোধূলি আলোয়, পরিত্যক্ত কবরস্থানে, সে আনন্দে হেঁটে বেড়াত, অথবা অন্ধকারাচ্ছন্ন মর্গে শবদেহের দিকে তাকিয়ে থেকেছে, যার নির্জীব সুন্দর হাত থেকে সবুজাভ ত্বক খসে পড়েছে। গীর্জার ফটকে এক টুকরো রুটির জন্য সে ভিক্ষা চেয়েছে; অন্ধকারে উন্মত্ত ঘোড়ার ছায়া তাকে করেছে সন্ত্রস্থ। রাতে সে যখন শুয়ে পড়ে তার শান্ত বিছানায়, তখন শব্দহীন ক্থা তাঁকে প্লাবিত করে; কিন্তু কেউ নেই যে তার কপালে হাত রাখে। হেমন্তের আগমনীতে দিব্যতায় উদ্ভাসিত হয়ে সে হাঁটে ধূসর প্রান্তরে; আর সেই ব্যাপ্ত আনন্দিত সময়ে সবুজ নদীর উপরে সন্ধ্যা নামে, পড়ে থাকে শিকার; আত্মার অবিনাশী গান বয়ে চলে হলুদ নলখাগড়ার বনে, আর আলোকিত প্রার্থনায়। বিনম্রতায় অনেকক্ষণ সে তাকিয়ে থেকেছে নক্ষত্রালোকেপূর্ণ ব্যাঙের চোখের দিকে, যখন তার কম্পমান হাতে সে অতিপ্রাচীন পাথরের শীতলতা অনুভবে আনে, আর গান করে নীল বসন্তের পবিত্র উপাখ্যানের। আহা, রূপার মাছ আর ফল যা পড়েছে অনতি উচ্চ বৃক্ষ থেকে। প্রতিটি মানুষের জন্য, পদচারণায় তার দীপ্ত পদক্ষেপ পূর্ণ করেছে তার হৃদয় গর্বে আর অনুকম্পায়। বাড়ি ফেরার পথে সে  দেখেছে এক পরিত্যক্ত দূর্গ। বাগানে দণ্ডায়মান পতিত দেবতারা হয়েছে শোকসন্তপ্ত; কিন্তু তার কাছে প্রতীয়মান হয়েছে—দীর্ঘকাল বিস্মৃতিময় সময়ে— এইখানে ছিল যেন তার জীবনযাপন। একটি স্তবগান তাকে ঈশ্বরের ভয়ে ভীত করে তোলে। অন্ধকার এক খুপরিতে সে দিন অতিবাহিত করে, মিথ্যাচার এবং চৌর্যবৃত্তি করে সে নিজেকে লুকিয়ে রাখে তার মায়ের সাদা মুখ থেকে—অগ্নিময় নেকড়ের মুখ যেন। এবং যখন সে প্রস্তরীভূত মুখ নিয়ে দীর্ঘ সময় নক্ষত্রখচিত বাগানে বসে থেকেছে, খুনির ছায়া তার উপরে হয়েছে ব্যাপ্ত। তার বেগুনি কপাল নিয়ে সে প্রবেশ করেছে জলাভূমিতে, এবং ঈশ্বরের ক্রোধ তাকে দিয়েছে শাস্তি তার ধাতব স্কন্দে। আহা, ঝড়ের মধ্যে বার্চট্রি, কালো জন্তু অবরুদ্ধ করেছে তার উন্মাদনার পথ। ঘৃণা এবং লালসা তার হৃদয়কে করেছে জ্বরতপ্ত, কারণ গ্রীষ্মের বাগানে সে এক শিশুর নির্জনতাকে লঙ্ঘন করেছে; বাগানে সবুজের উন্মেষে, শিশুটির দীপ্তিময় অবয়বে সে দেখেছে তার নিজের উন্মত্ততা। জানালায় আগত সন্ধ্যায়, বেগুনি ফুল থেকে উঠে আসে মৃত্যু, ভয়ঙ্কর কঙ্কাল। আহা, তুমি সৌধ এবং টঙ্কার! প্রস্তরের মতো রাতের ছায়া পড়েছে তার উপরে।    

কেউ তাকে ভালোবাসেনি। আধা-আলোকিত প্রকোষ্ঠ, তার মাথা পুড়েছে উকুন আর লাম্পট্যে। প্রস্তরীভূত, পিলারে রূপান্তরিত হয়ে সে শুনেছে নারীদের পোশাকের খসখস শব্দ, দরজার প্রবেশমুখে দেখেছে মায়ের রাতের শরীর। অশুভ ছায়া তাকে করেছে পর্যুদস্ত। আহা, রাত আর নক্ষত্র! কোনো কোনো রাতে সে প্রতিবন্ধীদের নিয়ে পৌঁছে যাবে পাহাড়ের শীর্ষে। সূর্যাস্তের গোলাপি আভা পড়ে আছে তুষারাবৃত পাহাড়ের শীর্ষে। গোধূলি আলোয় তাঁর হৃদয় বেজেছে নিভৃতে। ঝড়ে-নিপতিত পাইন গেঁথেছে তাদের উপরে, যখন এক লাল-ঘাতক  বেরিয়ে এসেছে জঙ্গল থেকে। রাতের উন্মেষে ভেঙে গেছে তাঁর হৃদয় স্ফটিকের মতো এবং রাতের অন্ধকার চাবুকের মতো হেনেছে তাঁর কপালে। তার হিমশীতল হাতে সে পত্রহীন বৃক্ষের নীচে শ্বাসরোধ করে মেরেছে এক বনবিড়ালকে। তার ডান দিকে, দুঃখ ভারাক্রান্ত সাদা অবয়বের দেবদূত হয়েছে উপস্থিত, এবং অন্ধকারে খঞ্জের ছায়া অন্ধকারে হয়েছে প্রলম্বিত। সে একটি পাথর তুলে প্রতিবন্ধী মানুষটির দিকে ছুঁড়ে মেরেছে, তাকে বাধ্য করেছে পালাতে এবং দেবদূতের শান্ত অবয়ব মিশে গেছে গাছের ছায়ার অন্ধকারে। সে অনেকক্ষণ শুয়ে রয়েছে পাথর-বিকীর্ণ প্রান্তে, এবং আশ্চার্যান্বিত হয়ে তাকিয়ে থেকেছে সোনালি নক্ষত্রদের তাঁবুর দিকে। বাঁদুরের তাড়া খেয়ে সে অন্ধকারে দৌড়ে পালিয়েছে। দমহীন সে পরিত্যক্ত এক বাড়িতে ঢুকে পড়েছে। বাড়ির প্রান্তরে সে বন্য প্রাণিতে রূপান্তরিত হয়েছে এবং আকন্ঠ নীল জল পান করেছে যতক্ষণ না সে শীতল হয়ে উঠেছে। জ্বরতপ্ত, সে বসে থেকেছে বরফ-ঠান্ডা সিঁড়িতে, ভৎর্সনা ছুঁড়ে দিয়ে ঈশ্বরের কাছে জানিয়েছে মৃত্যুর প্রার্থনা। এ কী সন্ত্রাস, যখন সে তার গোলাকার চোখ খুলে সে দেখেছে মস্তকবিচ্ছিন্ন একটি কবুতর। অপরিচিত সিঁড়ি বেয়ে সে দেখা পেয়েছে এক ইহুদি বালিকার, সে তার চুলের মুঠি ধরে তার মুখ নিয়েছে নিজ মুখে। শত্রুরা তাকে অন্ধ গলি ধরে ধাওয়া করেছে, এবং বিক্ষিপ্ত লৌহের শব্দ তার কানকে করেছে বিদীর্ণ। অতীতের শ্রমণ হয়ে সে অনুসরণ করে চলেছে এক পুরোহিতকে। জীর্ণ বৃক্ষের নীচে পবিত্র পোশাকের অত্যুজ্জ্বল লাল রঙের গন্ধ সে উন্মাদের মতো অনুভবে এনেছে। আহা, সূর্যের বিপর্যস্ত গোলক। সুন্দর যন্ত্রণা লুফে নিয়েছে তার শরীর। পরিত্যক্ত হোটেলে, সময়ের ক্ষীণকালে, তার অপরিচ্ছন্ন রক্তাক্ত দেহ তার চোখের সামনে জেগে ওঠে। সে  ভালোবেসেছে শিলায় নির্মিত বস্তুপুঞ্জ, আর সেই সৌধ যা তুলেছে ঝড় নীল নক্ষত্রখচিত বেহেশ্তের সাথে, যার ভয়ঙ্কর মুখাবয়ব, হীমশীতল মৃত্যুগহ্বর, যেখানে রাখা হয়েছে প্রত্যেকের জ্বলন্ত হৃৎপিণ্ড। আহা, অকথিত পাপ যা হয়েছে প্রকাশিত। যখন সে নেমেছে পত্রহীন বৃক্ষের নীচে হেমন্ত নদীতে, তার অগ্নিময় চিন্তায় তার সহোদরা জেগেছে, পশুদের দেহত্বকে আবৃত হয়ে, জ্বলন্ত দানবের রূপে। যখন তারা জেগেছে, তখন মাথার ওপরে নক্ষত্রেরা হয়েছে নমিত।     

আমরা অভিশপ্ত এক জাতিগোষ্ঠি। শ্বাসরোধী ঘরে, যখন প্রত্যেকের ভাগ্য হয়েছে নির্ধারিত, তখন মৃত্যু আসে যেভাবে ছত্রাক জেগে ওঠে সন্তর্পণে। বাহিরে জেগেছে বসন্ত আবার, এবং পাখি ডাকে পুষ্প-বিকশিত বৃক্ষে! জানালার ধারে, রাতের অন্ধকার যাদের নিয়েছে লুফে, এবং অকিঞ্চন ঘাস যা শুকিয়ে হয়ে গেছে আবছায়া খয়েরি,  যখন তাদের হৃদয় অশুভের ভাবনায় হয়েছে বিদীর্ণ। আহা, ভাবনায় বিভোর মানুষের বসন্তের গোধূলিপথ। তার ভালো লেগেছিল উদীয়মান ঝোপের-বেড়া, কৃষকের বীজতলা, গায়কী-পাখি যা কি না ঈশ্বরসৃষ্ট শান্ত প্রাণি, সন্ধ্যার ঘণ্টাধ্বনি, এবং জনপদের সুধীজন। যদি সে নিতান্তই ভুলে যেতো তার অদৃষ্ট এবং কাঁটার তীক্ষ্ণ খোঁচা। বয়ে যায় স্রোত, তার রৌপ্যলেখনি সবকিছুকে রূপান্তরিত করে যায় সবুজে। মুখরিত গাছ তার উন্মাদ মাথার উপরে হয়ে উঠে মর্মরিত। একারণেই সে তার ক্ষীণ হাতে সে একটি সাপকে তুলে নেয়, কিন্তু তার অগ্নিময় চোখের জলধারায় তার হৃৎপিণ্ড হয়ে উঠে বিগলিত। ঐশ্বর্যময় অরণ্যের নির্জনতা, সবুজ অন্ধকার, আর শ্যাওলাউদ্ভূত সেইসব প্রাণ যা এই রাতে এখন আকাশপ্রবাহী। আমরা সন্ত্রাসকে জেনেছি যখন কেউ হেঁটে গেছে কাঁটার উপর দিয়ে কিংবা জেনেছে নিজের অপরাধকে। কণ্টকময় ঝোপের মধ্যে সে দেখেছে সাদা আকৃতির এক রক্তাক্ত শিশুকে যে খুঁজে ফিরছে তার বরের পোশাক। কিন্তু কষ্টে জর্জরিত বাকহীন সে ষ্টীল-উলের মতো চুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়ে-শিশুটির সামনে।  আহা, রাতের বেগুনি-বাতাস বিক্ষিপ্ত করেছে দীপ্তিময় দেবদূতদের! সে তার রাত অতিবাহিত করেছে স্ফটিক-নির্মিত গিরিখাতে, যখন লেপ্রোসি সারারাত ধরে রূপান্তরিত হয়েছে রৌপ্য রঙে। ছায়ায় রূপান্তরিত হয়ে হেঁটেছে সে হেমন্তনক্ষত্রের নীচে পর্বতের পথ ধরে। নীল অন্ধকার ভরে তুলেছে বাড়ি, যখন ঝরেছে বরফ। সহসাই তার পিতার কন্ঠস্বর হয়ে উঠেছে এক অন্ধ মানুষের, যা ডেকে এনেছে সন্ত্রাস। আর এইসব নারীদের বক্রাকৃতি দেহ, যখন ফল আর যন্ত্রপাতি ঝরেছে অবলুপ্ত সম্প্রদায়ের হিমশীতল হাত থেকে। একটি নবজাতককে  ছিন্নভিন্ন করে ছিঁড়ে খেয়েছে একটি নেকড়ে, এবং সকল বোনেরা পালিয়ে গেছে কালোঅরণ্যে জীর্ণ এক বৃদ্ধের কাছে। দেয়ালের ধংসস্তুপের কাছে উন্মাদ প্রফেট গান গায়, যখন তার স্বরধ্বনি বেঁকে গেছে ঈশ্বরের বাতাসে। কি এক অসম্ভব খাদক এই মৃত্যু! আহা, তোমরা—শিশুরা এক অশুভ জাতির। অশুভ রক্তাক্ত ফুল তার কপালের পার্শ্বে বিকিরিত করে রৌপ্য, এবং শীতল চাঁদ ব্যাপ্ত তার ক্ষতবিক্ষত চোখে। আহা, যারা জেগে আছে ঘুমহীন রাতে! আহা, যে তুমি অভিশপ্ত!