বদনসীব বাদশাহ আমানুল্লাহ খান
ওই বিদ্রোহের জন্য ব্রিটিশ গোয়েন্দারা শুধু রানি সোরায়ার কিছু নগ্ন ছবি দিয়েই রক্ষণশীলদের উস্কে দেয়নি। এর পেছনে তারা বিপুল পরিমাণ অর্থও ব্যয় করেছিল। বিদ্রোহীদেরকে তারা আফগান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল।
কাবুল জাতীয় জাদুঘরে দেখার মতো তেমন কিছু নাই। প্রথম পর্যায়ে তালেবানদের ক্ষমতা দখলের পর সবকিছু লোপাট করা হয়। সেই শূন্য জাদুঘরে একটা চক্কর দিয়ে আবার এসে বসি পরিচালকের কক্ষে। জাদুঘরটা কোনোদিনই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তদুপরি কীভাবে কিছুটা সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে ইতিমধ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইউনেস্কো কতটা সহায়তার আশ্বাস দিয়েছে, ইত্যাকার বাতচিত শেষে বিদায় নিয়ে বেরিয়ে আসি। গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য পরিচালক ও অন্যান্য কর্মচারীরাও সাথে সাথে আসেন।
জাদুঘর ভবনের সদর দরোজা দিয়ে বেরিয়ে ডান দিকে বাঁক নিতেই বাম পাশে নজরে পড়ে লোহার গ্রিলে ঘেরা একটি মাঝারি আকৃতির অপ্রশস্ত ঘর। ভেতরে বেশকিছু অকেজো গাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে বেজার মুখে এতিমের মতো দাঁড়িয়ে আছে। পরিচালকের সাথে কথা বলে জানা যায়- গাড়িগুলো সব বাদশাহ আমানুল্লাহ খানের সময়কার। এর মধ্যে একটি গাড়ি দীর্ঘদিন পানসির প্রদেশে এক ব্যক্তির ব্যক্তিগত হেফাজতে ছিল, যা ২০১৮ সালে জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকায় গাড়িগুলোর কোনো কোনোটির শরীর ছাড়া কিছু নাই, কতগুলোকে ইটের স্তম্ভের ওপর কোনোমতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে দু-একটি গাড়ির অবস্থা এখনো অনেকটাই চকচকা। বিশেষত ঢাউস আকৃতির রোলস রয়েস গাড়িটি বেশ জৌলুস নিয়ে বাদশাহর মতো সদম্ভে দাঁড়িয়ে আছে। অবস্থা দেখে মনে হয় এখনি হয়তো বাদশাহ আমানুল্লাহ তার বেগম সোরায়াকে নিয়ে গাড়িতে সওয়ার হয়ে কোথাও রওয়ানা করবেন। মনে পড়ে সৈয়দ মুজতবা আলীর কথা। বাদশাহবিরোধী বিদ্রোহকালে তিনি কাবুলে অবস্থান করছিলেন। প্রত্যক্ষ করেছেন বাদশাহর নানারৈখিক সংস্কারের বিবিধ অনুষঙ্গ এবং তার ক্ষমতাচ্যুতি। বাদশাহর গাড়ি প্রীতি ও বক্তৃতা প্রসঙ্গে সৈয়দ সাহেব লিখেছেন, “আমানুল্লাহ ইয়োরোপ থেকে নিয়ে এলেন দামি আসবাবপত্র, অগুনিত মোটর গাড়ি আর বক্তৃতা দেবার বদঅভ্যাস। প্রাচ্যদেশের লোক খেয়েদেয়ে ঢেকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়, পশ্চিমে ডিনারের পর স্পীচ, লাঞ্চের পর অরেটরি--তাও আবার যত সব শিরঃপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে।” (দেশে বিদেশে। পৃষ্ঠা: ১৩৭) এই বক্তৃতার নেশায় বিভোর হয়ে আমানুল্লাহ এক পর্যায়ে তিনদিন সাকুল্যে ত্রিশঘণ্টা বক্তৃতা দিয়েছিলেন বলে জানা যায়।
এখানে বাদশাহ আমানুল্লাহ প্রসঙ্গে খানিকটা আলোকপাত করছি। বহুল আলোচিত বাদশাহ আমানুল্লাহ খান (জন্ম: ১ জুন, ১৮৯২-মৃত্যু: ২৫ এপ্রিল, ১৯৬০ খ্রিষ্টাব্দ) ছিলেন জাতিতে পশতু, যাদের আমরা পাঠান বলে থাকি। জন্মেছিলেন কাবুলের নিকটবর্তী পাঘমানে। তিনি ছিলেন আফগানিস্তানের আমির হাবিবউল্লাহ খানের তৃতীয় পুত্র। কাবুলের গভর্নরের দায়িত্বও পালন করেছিলেন। সিংহাসনে অধিষ্ঠানের পর তিনি অধিকাংশ উপজাতীয় নেতার সমর্থন পেয়েছিলেন। ১৯১৯ থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি দেশটির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। প্রথম পর্যায়ে আমির এবং ১৯২৬ সালের পর হতে তার পদবি ছিল বাদশাহ। দেশপ্রেমিক আমানুল্লাহ ক্ষমতাসীন হবার পরপরই সূচিত হয় তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ। যুদ্ধে ইংরেজদের পরাজয়ের পর তিনি স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে থাকেন। ধারণ করেন গাজি উপাধি। তুরস্কের কামাল আতাতুর্কের মতো পিতৃভূমিকে ইউরোপীয় আদলে আধুনিকীকরণের প্রত্যয়ে তিনি বেশ কিছু যুগান্তকারী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন। কিন্তু সমাজের রক্ষণশীলরা তাকে সেসব বাস্তবায়নের কোনো মওকা দেয় নাই। এক পর্যায়ে তাদের বিদ্রোহের মুখে পড়ে তাকে ১৪ জানুয়ারি, ১৯২৯ সালে দেশ থেকে পালিয়ে যেতে হয়। সে পর্যায়ে প্রথমে তিনি ব্রিটিশ ভারতের বোম্বাইয়ে যান, পরবর্তী সময়ে ইউরোপে গিয়ে ইতালিতে স্থিত হন। সেখানে অবস্থানকালের এক পর্যায়ে সুইজারল্যান্ডের জুরিখে ইন্তেকাল করেন। মৃত্যুর পর মরদেহ আফগানিস্তানে ফিরিয়ে এনে তাকে জালালাবাদের বাগ ই আমির-এ শ্রদ্ধার সাথে দাফন করা হয়।
আধুনিক মানসিকতাসম্পন্ন প্রজা প্রেমিক বাদশাহ আমানুল্লাহ তার গরিব দেশটিকে সমৃদ্ধ করার জন্য উদগ্রীব ছিলেন। অচলায়তন ভেঙে দেশে একটি আধুনিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য গ্রহণ করেছিলেন নানামুখী সংস্কার কর্মসূচি। মুখ্যত তিনি ক. তুরস্কের কামাল আতাতুর্ক খ. ইরানের রেজা শাহ পাহলভী ও গ. রানি সোরায়া তিরজির দ্বারা প্রবলভাবে প্রভাবিত ছিলেন। বিশেষত কামাল আতাতুর্কের গৃহীত কর্মসূচিগুলো তাকে প্রবলভাবে উদ্বেলিত করেছিল। সে নিরিখে তিনি নিজ দেশ আফগানিস্তানকেও পুনর্গঠন করতে চেয়েছিলেন। যে কারণে আমানুল্লাহর সংস্কার বিষয়ক কর্মসূচিগুলো বুঝতে হলে তুরস্কের দিকে খানিক আলোকপাত করা অত্যাবশ্যক বলে মনে করি।
তুরস্কের উসমানীয় শাসক তথা অটোম্যান সুলতানরা সোয়া ছয়শত বছর দাপটের সাথে পৃথিবীর বিশাল একটি ভূখণ্ড (সর্বোচ্চ ৫২ লক্ষ বর্গ কিলোমিটার) শাসন করেছে। তাদের খিলাফাতে ছিল দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বিস্তৃত অঞ্চল। এর প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান উসমান গাজি। প্রথম বিশ্বযুদ্ধে এই সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যায়। এ যুদ্ধে অক্ষশক্তি হিসেবে উসমানীয় খিলাফাত ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়ার জোটভুক্ত। অপর পক্ষে মিত্রশক্তির জোটে ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রুমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এ যুদ্ধে ৯০ লক্ষ যোদ্ধা এবং ১ কোটি ২০ লক্ষ সাধারণ মানুষ নিহত হয়েছিল। আহত হয়েছিল এর প্রায় দ্বিগুণ। এ যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে যেসব সাম্রাজ্যের পতন ঘটেছিল, সেগুলো হলো- ক. রোমানভ বা রুশ সাম্রাজ্য-১৯১৭ সাল খ. জার্মান ও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য-১৯১৮ সাল এবং গ. উসমানীয় সাম্রাজ্য-১৯২২ সাল। যুদ্ধের পর জন্ম নেয় অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার মতো কয়েকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। উসমানীয় সাম্রাজ্য তাদের নিয়ন্ত্রিত অঞ্চলসমূহ ব্রিটিশ ও ফরাসিদের কাছে হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে নিজ ভূখণ্ডে। অতঃপর মিত্রশক্তি দেশটিকে টুকরো করতে উদ্যত হলে কামাল পাশা তা বীরত্বের সাথে প্রতিরোধ করে দেশের অখণ্ডতা ও স্বাধীনতা সংরক্ষণ করেন। এর পরপরই তিনি সুদীর্ঘ কালের একনায়কতান্ত্রিক সালতানাত বিলুপ্ত করে দেশটিতে প্রজাতান্ত্রিক সরকার ও একটি আধুনিক সমাজ প্রতিষ্ঠা করেন।
তুরস্কের কামাল পাশা (জন্ম: ১৯ মে, ১৮৮১-মৃত্যু: ১০ নভেম্বর, ১৯৩৮ খ্রিষ্টাব্দ) খ্যাত মোস্তফা কামাল আতাতুর্ক ছিলেন একজন তুর্কি ফিল্ড মার্শাল। তিনি ছিলেন একাধারে সামরিক যোদ্ধা, লেখক ও রাষ্ট্রনায়ক। কামাল আতাতুর্ক তুরস্কের ম্যালোনিকার একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল পর্যায়ে অধ্যয়নকালে ম্যালোনিকার সামরিক একাডেমিতে যোগ দেন। সেখানে প্রশিক্ষণকালে তার মেধা ও কর্মদক্ষতার উৎকর্ষের সুবাদে তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য কনস্টান্টিনোপলের সামরিক একাডেমিতে প্রেরণ করা হয়। সেসময় দেশটির সুলতান ছিলেন আব্দুল হামিদ। সামরিকবাহিনীতে অবস্থানকালে কামাল পাশা ওয়াতন নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি পরবর্তী সময়ে Committed of union and progress-এ পরিবর্তিত হলে তিনি তার সভাপতি নির্বাচিত হন। এই সংগঠনের মাধ্যমেই পরবর্তী পর্যায়ে সাম্রাজ্যবাদ ও সালতানাত বিরোধী আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়। অতঃপর ১৯২১ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। অটোম্যান শাসকদের খিলাফাত বিলুপ্ত করে তিনি দেশটিতে প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ছিলেন তুর্কি জাতির নবজাগরণের আলোকবর্তিকা। যে কারণে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে তুর্কিরা তাকে জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি তুরস্কের অচলায়তন ভাঙার জন্য এর খোলনলচে পাল্টে দেন। আমূল সংস্কারের মাধ্যমে দেশটিকে ইউরোপের আদলে আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য গ্রহণ করেন নানারৈখিক পদক্ষেপ। তিনি যে সব তাৎপর্যপূর্ণ সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা হলো-
ক. রাজনৈতিক সংস্কার : সূচনাতেই তিনি সালতানাত ও খিলাফতের বিলোপ তথা রাজতান্ত্রিক শাসনব্যবস্থা উচ্ছেদ করে ইউরোপীয় আধুনিক রাষ্ট্রসমূহের আদলে দেশে ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করেন। এ লক্ষ্যে সার্বজনীন ভোটের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ১৯২৪ খ্রিষ্টাব্দে জাতীয়তাবাদ ও গণতন্ত্র ভিত্তিক সংবিধান রচনা করেন। রাষ্ট্রপতি শাসিত শাসন কাঠামোতে একটি মন্ত্রিপরিষদের সংস্থান রাখলেও তিনি সুচারুরূপে সরকার পরিচালনার প্রয়োজনে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সাংবাদিক, অধ্যাপক, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। এ সময় সংবিধানের আলোকে সুবিধাবাদি গোষ্ঠীসমূহের সকল সুবিধা বিলোপনের মাধ্যমে সকল নাগরিকের জন্য সমঅধিকার প্রতিষ্ঠা করা হয়। আইন সকলের জন্য সমভাবে প্রয়োগের বিধান প্রবর্তিত হয়।
খ. অর্থনৈতিক সংস্কার : কামাল পাশার সরকার কর্তৃক ব্যাপক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশে একটি উদার ধারার পুঁজিবাদী ব্যবস্থা প্রবর্তন করা হয়। দেশে শিল্প, বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা হয়। এ পর্যায়ে যেমন বিনিয়োগের পরিবেশ উন্নত করা হয়, তেমনি পতিত জমি চাষের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়। এ সময় মিল্লাত প্রথাও বিলুপ্ত করা হয়। (উসমানীয় সালতানাতকালে এই মিল্লাত (মিল্লেত) প্রথা চালু করা হয়েছিল। এ প্রথা অনুযায়ী তুরস্কে বসবাসরত খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য অমুসলিমরা দেশটির নাগরিক হিসেবে স্বীকৃত হলেও তাদের ওপর সুলতানের ইসলামিক আইন প্রযুক্ত হতো না। তারা নিজ নিজ ধর্মীয় নেতাদের (যাজক) অধীনে থেকে শাসিত হতো, কর দিত এবং স্বায়ত্তশাসন ভোগ করত। কামাল পাশার প্রজাতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পর সকল নাগরিকের জন্য একই আইন ও একই অধিকার স্বীকৃত হলে; এ প্রথা বিলুপ্ত করা হয়) এছাড়া এ সময় বহুল চর্চিত ক্যাপিচুলেশন প্রথারও বিলোপ করা হয়। এ সকল নানারৈখিক ইতিবাচক সংস্কার সাধনের ফলে দেশটি খুব দ্রুত শিল্পায়িত হতে থাকে। কৃষিখাতও মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে থাকে। সার্বিক অর্থনীতি হয়ে ওঠে গতিশীল।
গ. সামাজিক সংস্কার : সামাজিক সংস্কার হিসেবে দেওয়ানি আইনের সংস্কারের মাধ্যমে নারী, পুরুষ, ধনী ও নির্ধন নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠা করা হয়। ফলে নারী মুক্তি, স্বাধীনতা ও ক্ষমতায়নের সকল প্রতিবন্ধকতা দূরীভূত হয়। একই সময় নারীদেরকে স্বামী ছাড়ার তথা তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়, বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয় এবং যুগ যুগ ধরে চলে আসা পুরুষদের বহুবিবাহের অধিকার রহিত করা হয়। এসব সুবিধা প্রবর্তনের ফলে নারীদের উচ্চ শিক্ষা গ্রহণ ও উচ্চপদে নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। সংস্কার হিসেবে বহুল ব্যবহৃত ফেজটুপি ও পাগড়ি পরিধান নিষিদ্ধ করা হয়। নারীদের পর্দা প্রথার বাধ্যবাধকতাও বিলুপ্ত হয়। পোশাক হিসেবে আরবীয় আলখেল্লার পরিবর্তে প্যান্ট, সার্ট, স্যুট, টাই ও হ্যাট পরিধান বাধ্যতামূলক করা হয়। শুক্রবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি রোববার নির্ধারণ করা হয়। জ্ঞান, বিজ্ঞান ও প্রগতির বিকাশমানতার প্রয়োজনে তিনি তুর্কি প্রজাতন্ত্রে শাইখ, দরবেশ, পীর ও শিষ্যদের প্রভাব বিলোপ করেন।
ঘ. আইন সংস্কার : ১৯২৪ সালের ২০ এপ্রিল কামাল পাশার উদ্যোগে তিনটি আইন পাশ হয়। এর প্রথমটি তুরস্ক হতে বহুকাল যাবত চলমান ইসলামি খিলাফতের বিলুপ্তি। দ্বিতীয়টি বিদ্যমান ওয়াকফ বিধির বিলুপ্তি। তৃতীয়টি ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যায়তনগুলোকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর।
ঙ. শিক্ষাগত সংস্কার: খিলাফত বিলুপ্তির পর কামাল পাশা ধর্মের প্রভাবমুক্ত একটি উদার ধারার শাসন কাঠামো প্রতিষ্ঠায় মনোনিবেশ করেন। এ লক্ষ্যে প্রথমেই হাত দেন শিক্ষা সংস্কারে। ১৯২৩ সালের পূর্ব পর্যন্ত দেশটিতে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। এর প্রথমটি ছিল মেড্রেস তথা আরবি ভাষায় কোরান মুখস্থ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যা ছিল আমাদের দেশের কওমি মাদ্রাসার মতো। দ্বিতীয় ধরনের বিদ্যায়তনগুলো ছিল ইদাদি এবং সুলতানি তথা তানজিমাত যুগের সংস্কারবাদী বিদ্যায়তন। তৃতীয় ধারায় ছিল আধুনিক বিদ্যায়তনগুলো। এসব স্কুল-কলেজে বিদেশি ভাষায় পাঠদান করা হতো। দেশের অগ্রগামী সুবিধাবাদি জনগোষ্ঠীর সন্তানরাই মূলত শেষোক্ত বিদ্যালয়গুলোতে শিক্ষা লাভ করত। সংস্কারকালে কামাল পাশা প্রথমেই মেডরেস শিক্ষার আধুনিকায়ন করেন। শিক্ষা বিষয়ক সংস্কারকে তিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে মনে করতেন। তার মতে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল একটি সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষার অধুনিকীকরণ। এ পথেই তিনি জাতীয় মুক্তির পথ সন্ধানে ব্যাপৃত ছিলেন।
ইপ্সিত শিক্ষা সংস্কার সফল করার জন্য ১৯২৪ সালে তিনি আমেরিকান শিক্ষা সংস্কারক জন ডিউইকে পরামর্শক হিসেবে আঙ্কারায় আমন্ত্রণ জানান। তার শিক্ষা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণসাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে জনসাধারণকে শিক্ষিতকরণ ও গণতান্ত্রিক চিন্তনের উৎকর্ষ সাধন। এ লক্ষ্যে তিনি সূচনাতেই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেন। এটি ছিল তার আধুনিক শিক্ষায় নবপ্রজন্মকে শিক্ষিতকরণের প্রয়াস, যা তার দৃষ্টিতে ছিল গণসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। এ জন্য দেশের সকল বিদ্যালয়ে একটি বৈষম্যহীন সার্বজনীন পাঠ্যসূচি প্রবর্তন করা হয় যা ৪৩০ নম্বর আইনি ধারার মাধ্যমে ১৯২৪ সালের ৩ মার্চ হতে কার্যকর করা হয়। নব-আঙ্গিকের শিক্ষাব্যবস্থা প্রবর্তনের ফলে উসমানীয় সুলতানদের শাসনকাল হতে চলে আসা শিক্ষাব্যবস্থা বিলুপ্ত হয়। নয়া শিক্ষা ব্যবস্থার নিরিখে ১৯৩৫ সালে আঙ্কারাতে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সংহতকরণের লক্ষ্যে যুবকদের জন্য তিন বছর মেয়াদি সামরিক প্রশিক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়।
চ. যোগাযোগ ব্যবস্থা: দেশের আর্থিক খাতকে গতিশীল করার জন্য ব্যাপক পরিসরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়। এ লক্ষ্যে যেমন পুরাতন সড়কগুলো মেরামত করা হয়, তেমনি নির্মাণ করা হয় নতুন নতুন সড়ক। সেই সাথে রেলপথের সম্প্রসারণকল্পে নয়া রেলপথ নির্মাণ করা হয়।
ছ. শিল্পায়ন: দেশটিকে শিল্পায়িত করার লক্ষ্যে নতুন নতুন কারখানা নির্মাণ করা হয়। বিশেষত বস্ত্র শিল্পের ওপর বিশেষ নজর দেওয়া হয়। গড়ে তোলা হয় কার্পাস ও পশম ভিত্তিক শিল্প কারখানা। ভারী শিল্পের ওপরও গুরুত্বারোপ করা হয়।
জ. প্রতিরক্ষা ব্যবস্থা : সামরিক দিক দিয়ে দেশকে শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। নয়া আঙ্গিকে তুরস্কের বিমান, নৌ ও পদাতিক বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়ন করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নতুন পোতাশ্রয় ও যুদ্ধ জাহাজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়।
ঝ. বর্ণমালার সংস্কার : বর্ণমালা সহজিকরণের লক্ষ্যে ১৯২৮ সালে আরবি বর্ণমালার ব্যবহার নিষিদ্ধ করা হয়। ল্যাটিন বর্ণমালাকে সরকারি বর্ণমালা হিসেবে গ্রহণ করা হয়। মাতৃভাষা চর্চার বিকাশকল্পে ১৯৩২ সালে তুর্কি ভাষা বিষয়ক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এছাড়া ১৯৩৫ সালে এক ফরমান বলে তুরস্কের জনগণকে ইউরোপীয় উপনাম গ্রহণের অনুমতি দেওয়া হয়।
দেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে যে পুরোনো সমাজ ভেঙে আধুনিকায়নের পথে পাল ওড়াতে হবে; একথা কামাল আতাতুর্ক সম্যক উপলব্ধি করেছিলেন। তার অনুসৃত সংস্কারসমূহে বিশ্বের বিভিন্ন প্রান্তের রক্ষণশীলরা নাখোশ হলেও প্রগতিপন্থিরা প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছিল। খোদ ভারতীয় উপমহাদেশের মুসলমানরাও একসময় খেলাফাত পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক পরিসরে আন্দোলন গড়ে তুলেছিল যা ইতিহাসে খেলাফাত আন্দোলন নামে খ্যাত। ভারতে যখন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন চলছিল, ভারতীয় কংগ্রেস যখন স্বরাজ নিয়ে উচ্চকিত ছিল, তখন মুসলমান সমাজ ছিল খেলাফাত পুনরুজ্জীবিতকরণে সংগ্রামরত। পরবর্তী পর্যায়ে কামাল পাশা কর্তৃক খেলাফাত বিলুপ্ত ঘোষিত হলে এ আন্দোলনের শিখাও নির্বাপিত হয়। কামাল পাশার উত্থানে প্রগতিপন্থি মুসলিম সমাজ দারুণভাবে উদ্দীপিত হয়েছিল। তার সংস্কারের গহিনে তারা মুসলমান সমাজের রেনেসাঁসের উপাদান পেয়ে আহ্লাদিত হয়ে আশায় বুক বেঁধেছিল। আহ্লাদে আটখানা হয়েছিলেন সমাজ প্রগতির অগ্রদূত কবি কাজী নজরুল ইসলামও। পরাণের সমস্ত চেতনা ও আবেগ দিয়ে তিনি লিখেছিলেন নাতিদীর্ঘ কবিতা কামাল পাশা। পরাধীনতার শেকল ভাঙার অমিত বিক্রমে তিনি দরাজ কণ্ঠে আওড়ান-
ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই
অসুর-পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই।
কামাল তুনে কামাল কিয়া ভাই।।
বলা বাহুল্য অসুরপুর বলতে কবি সাম্রাজ্যবাদী কুচক্রীদেরই বুঝিয়েছিলেন।
কবি নজরুল ইসলামের মতো আফগান বাদশাহ আমানুল্লাহও কামাল পাশার প্রভাবে প্রভাবিত হয়ে তুরস্কের আঙ্গিকে নিজ পিতৃভূমিকে আলোকিত করতে চেয়েছিলেন। ভাগ্যাহত আফগান জাতিকে একটি উচ্চতর আসনে প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সে নিরিখে গ্রহণ করেছিলেন নানামুখী প্রগতিবান্ধব পদক্ষেপ-কর্মসূচি। এ লক্ষ্যে তিনি নিম্নোক্ত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন-
প্রশাসনিক সংস্কার: আফগান সমাজ চলত মূলত গতানুগতিক ঐতিহ্যবাহী আইনে। পশতুন এলাকায় ছিল পশতুনওয়ালি, অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো তাদের নিজস্ব আচার ও মূল্যবোধভিত্তিক আইনে চালিত হতো। বাদশাহ আমানুল্লাহই প্রথম দেশটিতে প্রতিষ্ঠানিক আইনি কাঠামো দাঁড় করিয়ে সর্বজনীন আইন প্রবর্তন করেন। ৯ মার্চ ১৯২৩ সালে তিনি ৭৩ ধারা বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন করেন। সংবিধানে প্রজা সাধারণের সমঅধিকারের বিষয়টি স্বীকৃত হয়। আইন, শাসন ও বিচার বিভাগকে আলাদা করা হয়। লয়া জিরগা কে রাজ্য পরিচালনায় সম্পৃক্তকরত তাদের অনুমোদনক্রমে রাজতান্ত্রিক শাসন কাঠামোর ভেতর গণপ্রতিনিধিত্বমূলক একটি আইন পরিষদ ও উচ্চকক্ষ বিশিষ্ট পরিষদ তথা দরবারে আলা প্রতিষ্ঠা করা হয়। প্রণীত সংবিধানে নাগরিক অধিকার ও ব্যক্তি-স্বাধীনতা স্বীকৃত হয়।
অর্থনৈতিক সংস্কার: আধুনিক রাষ্ট্রের আদলে আফগানিস্তানে আমানুল্লার উদ্যোগে ১৯২২ সালে প্রথম বারের মতো রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করা হয়। কর ব্যবস্থার সংস্কার হিসেবে নগদ অর্থে কর প্রদানের প্রথা চালু করা হয়। পশুজাত পশম রফতানির ক্ষেত্রে আরোপ করা হয় যথাযথ কর। ১৯২৪ সালে ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা হয়। আর্থিক খাত আধুনিকীকরণের জন্য ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
বাণিজ্যিক সংস্কার: সেসময় দেশটির রফতানি বাণিজ্যে ছিল ব্রিটিশ বেনিয়াদের একচেটিয়া কর্তৃত্ব। এ অবস্থার অবসানকল্পে তিনি ব্রিটিশ বণিকদের একচেটিয়াত্ব খর্ব করেন এবং নিজ দেশের বণিকদের এতে সম্পৃক্ত করেন। এছাড়া এশিয়া ও ইউরোপের বহুদেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বৃদ্ধি করেন। বিশেষত ইউরোপের দেশগুলোর সাথে বিশেষ বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন।
শিক্ষা সংস্কার: সেসময় দেশটির ৯০ শতাংশ মানুষ ছিল আধুনিক শিক্ষা হতে বহুদূরে। শিক্ষা বলতে ছিল কিছু মাদ্রাসা ও মক্তবকেন্দ্রিক শিক্ষা। আফগানদের তৎকালীন শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে চমৎকার বিবরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী। তার বিবরণে জানা যায়, কাবুলে যে কয়জন হাতে গোনা উচ্চশিক্ষিত মৌলভী ছিলেন- তারা ভারত হতে ফার্সি ও উর্দু ভাষা শিখে গিয়েছিলেন। দেশের বাদবাকি লোকেরা ছিল গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের দ্বারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। গ্রামের এই মোল্লারা ছিল প্রবল প্রতাপশালী ও আফগানদের জাতীয় জীবনের চালিকাশক্তি। মুজতবা আলীর পর্যবেক্ষণে গ্রামীন জনপদের বিদ্যাচর্চা বলতে যা ছিল তা হলো- সকালবেলা গাঁয়ের মসজিদে জড়ো হয়ে আমপারা মুখস্থ করা। এ ধরনের এক পশ্চাদপদ পরিস্থিতিতে বাদশাহ আমানুল্লাহ কর্তৃক ব্যাপক পরিসরে আধুনিক শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে তিনি পশ্চিমা ধাঁচের আধুনিক ক্যারিকুলাম প্রবর্তন করেন। একই সাথে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়। সারা দেশে তিনি প্রায় চার হাজার বিদ্যালয় প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেন। এ সব বিদ্যালয়ের ছাত্রদের জন্য বৃত্তিরও ব্যবস্থা করা হয়। এই বিদ্যালয়গুলোতে শিক্ষক যোগান দেওয়ার জন্য ১৯২৪ সালে জার্মানির সহায়তায় কাবুলে একটি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া কাবুলে একটি কৃষি বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করা হয়। নব প্রতিষ্ঠিত এসমস্ত বিদ্যায়নের জন্য বিশ্বের নানা দেশ থেকে শিক্ষক সংগ্রহ করা হয়। সৈয়দ মুজতবা আলীও কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ১৯২৭ হতে ১৯২৯ সাল পর্যন্ত পড়িয়েছেন। তিনি ছিলেন ইংরেজি ও ফারসি ভাষার শিক্ষক। বিজ্ঞান, চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে অধ্যয়নের জন্য বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে বিদেশে প্রেরণেরও ব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য তার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ হতে প্রয়োজনীয় পুস্তক সংগ্রহ করা হয়।
পুরুষদের পোশাক: তুরস্কের মতো আফগানিস্তানেও পাশ্চাত্য পোশাক বাধ্যতামূলক করা হয়। যাকে স্থানীয় ভাষায় বলা হতো দেরেশি। ইংরেজি ড্রেস থেকে এই দেরেশির উদ্ভব হয়েছিল। দেরেশি মানে ছিল; হ্যাট, কোর্ট, টাই ও জামা-প্যান্ট। সকল পর্যায়ের সরকারি কর্মচারীর জন্য এই দেরেশি পরিধান ছিল বাধ্যতামূলক। বাদশাহর ফরমান বলে দেরেশি পরিধান বাধ্যতামূলক করার পর কেউ তা প্রতিপালন না করলে জরিমানা গুনতে হতো। যে কারণে সৈয়দ মুজতবা সাহেবের নফর আব্দুর রহমানও শেলোয়ার কুর্তা ছেড়ে দেরেশি পরতে আরম্ভ করেছিল।
নারী শিক্ষা ও পর্দা: আদিকাল হতেই আফগান নারীরা ছিল চার দেয়ালে অবরুদ্ধ। তাদের স্বতন্ত্র সত্তা বলে কোনোকিছু সমাজে স্বীকৃত ছিল না। পুরুষরা তাদের স্বার্থের নিরিখে যতটুকু প্রয়োজন ততটুকু নিরাপত্তা নিশ্চিত করত। রানি সোরায়া এই অচলায়তন ভেঙে নারীদের জন্য একটি স্বপ্নময় জগতের সন্ধান দিতে চেয়েছিলেন। সে লক্ষ্যে প্রথমেই নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং নানারৈখিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমীর আমানুল্লাহ তুরস্ক ও ইরানের মতো নারী শিক্ষার বিকাশ ও পর্দা প্রথা বিলোপের ওপর গুরুত্বারোপ করেছিলেন। এ লক্ষ্যে চিকিৎসা বিদ্যায় দীক্ষা অর্জনের জন্য ৫০ জন তরুণীকে তুরস্কে পাঠিয়েছিলেন। এ দলটিকে আশীর্বাদ করার জন্য আমীর স্বয়ং বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তৃতা করেছিলেন। বক্তৃতায় বলেছিলেন- তিনি পর্দা প্রথার পক্ষপাতী নন, তাই মেয়েদের বিনা বোরকায় তুরস্কে পাঠাচ্ছেন। কাবুলের কোনো মেয়ে মুখের নেকাব সরিয়ে রাস্তায় বেরুতে চাইলে তিনি তাকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু এতে কোনো জবরদস্তি নাই। রানি সোরায়াও যদি বোরকা পরতে চান, তাতেও তার আপত্তি নাই। আমানুল্লাহর ওই আহবানে নারী মহলে ব্যাপক সাড়া পড়েছিল। বিশেষত শহরাঞ্চলের মেয়েরা ছিল এক্ষেত্রে অগ্রগামী। শহরের ভদ্রমহিলা মাত্রই সেসময় উঁচু হিলের জুতা, হাঁটু অবধি ফ্রক, অস্বচ্ছ সিল্কের মোজা, লম্বাহাতার আঁটসাট ব্লাউজ, দস্তানা আর হ্যাট পরে ঘুরে বেড়াত। (রানি সোরায়া অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে)
শিল্পায়ন: কৃষিভিত্তিক অর্থনীতির দেশটিকে শিল্পায়িত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমানুল্লাহর উদ্যোগে জার্মান কারিগরি সহায়তায় রেশম, বস্ত্র, সিমেন্ট, কাগজ, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মাঝারি শিল্প কারখানা স্থাপন করা হয়। ফলে দেশে আধুনিক ধারার শ্রম বাজার ও উৎপাদন ব্যবস্থা প্রবর্তিত হয়। যদিও এসব উদ্যোগ কারিগরি জ্ঞানের অভাব ও খুচরা যন্ত্রাংশের অভাবে পরিপূর্ণভাবে সফল হয়নি। তদুপরি তা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল।
বিচার ব্যবস্থা: দেশটিতে বিচার ব্যবস্থা বলতে ছিল শরিয়াভিত্তিক আইন, যা মোল্লাদের ফতোয়ার আলোকে কার্যকর হতো। এক্ষেত্রে এক এক গোত্র বা গোষ্ঠী তাদের নিজ নিজ সামাজিক আচারের নিরিখে শরিয়া আইন অনুসরণ করত। আমানুল্লাহর উদ্যোগে প্রথমবারের মতো দেশটিতে একটি সর্বজনীন বিচার কাঠামো দাঁড় করানো হয়। এ লক্ষ্যে আধুনিক ধর্মনিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এ জন্য চালু করা হয় কোড অব ল।
প্রতিরক্ষা ব্যবস্থা: ইউরোপের মতো একটি আধুনিক সেনাবাহিনী গঠনের সদিচ্ছা থাকলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। তবে তুরস্কের মতো সকল পুরুষের জন্য তিন বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেন। এ লক্ষ্যে কাবুলে একটি মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করে তাতে জার্মান প্রশিক্ষকদের নিয়োগ দেন। রুশ ও তুর্কিদের সহায়তায় একটি অস্ত্র কারখানা নির্মাণ করেন। সোভিয়েতদের সহযোগিতায় গঠন করেন বিমানবাহিনী। সামরিক খাতের এসব ব্যয় মেটাবার প্রয়োজনে তাকে জনগণের ওপর করের মাত্রা বাড়াতে হয়। ফলে জনগণের মধ্যে যেমন ক্ষোভ সঞ্চারিত হয়, তেমনি সেনাবাহিনীর বেতন ভাতা অনিয়মিত হয়ে পড়ায় তাদের মধ্যেও সঞ্চারিত হয় চাপা ক্ষোভ ।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: যোগাযোগের ক্ষেত্রে তৎকালীন আফগানিস্তানের অবস্থা ছিল অত্যন্ত করুণ। এ অবস্থা হতে উত্তরণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে হিন্দুকুশ থেকে ভারতবর্ষ পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হয়। রেললাইন সম্প্রসারণ করা হয়। রেডিও, টেলিফোন ও টেলিগ্রাম ব্যবস্থা প্রবর্তন করা হয়। গঠন করা হয় বাণিজ্যিক বিমান সংস্থা। কাবুল থেকে জার্মান পর্যন্ত বিমান সার্ভিস চালু করা হয়।
সংবাদ পত্র: আমানুল্লাহ কর্তৃক পিতার আমলে প্রবর্তিত সংবাদপত্র শিল্পের পৃষ্ঠপোষকতা করা হয়। তার সময় ৯ টি পত্রিকা প্রকাশিত হতো। সংবাদপত্রের পৃষ্ঠপোষকতার জন্য সরকারি কর্মকর্তা ও উচ্চবিত্তদের জন্য দুটি করে পত্রিকা রাখার বাধ্যতামূলক বিধান চালু করা হয়।
চিকিৎসা: বাদশাহর উদ্যোগে ব্যাপক পরিসরে চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণ করা হয়। বিভিন্ন হাসপাতালে জার্মান ও তুর্কি ডাক্তার নিয়োগ দেওয়া হয়। প্রসূতি মাতা ও শিশুমৃত্যু রোধকল্পে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র হতে বিনামূল্যে ঔষধ সরবরাহের ব্যবস্থা করা হয়।
সামাজিক সংস্কার: তার উদ্যোগে বহুল প্রচলিত বাল্যবিবাহ ও চার বিবাহ নিষিদ্ধ করা হয়। বিবাহের ক্ষেত্রে নারী ও পুরুষের বিয়ের বয়স ১৮ ও ২২ বছর নির্ধারণ করা হয়। পর্দা প্রথা রহিত এবং ঐতিহ্যবাহী সোলোয়ার কুর্তার পরিবর্তে পশ্চিমা পোশাক চালু করা হয়। এজন্য ১৯২৮ সালে ড্রেস রেগুলেটিং অ্যাক্ট জারি করা হয়। শুক্রবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয় রবিবার।
বিনোদন: নাগরিক সাধারণের বিনোদনের জন্য সিনেমা হল, থিয়েটার হল ও বিনোদন পার্ক নির্মাণ করা হয়। খেলাধুলায় উৎসাহিত করার জন্য নির্মাণ করা হয় আধুনিক স্টেডিয়াম।
অচলায়তন : আফগানিস্তানের গ্রামীন সমাজ কাঠামোর পুরোটাই ছিল গোত্রকেন্দ্রিক। ভারতীয় পঞ্চায়েতের মতো লয়া জিরগা ছিল এই গ্রামীণ প্রশাসনের ভিত্তি। যা পরিচালিত হতো বয়োজ্যেষ্ঠ গোত্র প্রধানদের নেতৃত্বে। আইন কানুনের সবই ছিল শরিয়া আইন ও ঐতিহ্যবাহী আচার প্রথাভিত্তিক। শহরের সাথে এ সমস্ত গ্রামের ছিল বড় রকমের বিচ্ছিন্নতা। গ্রামের উৎপাদক শ্রেণি তাদের উৎপাদিত ফসলাদি, পশু-প্রাণী ও অন্যান্য পণ্যদ্রব্য একপ্রকার জলের দরে শহরের বাজারগুলোতে বিক্রি করতে বাধ্য হতো এবং শহরের বাজার হতে চড়া দরে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করত। তারা ছিল সর্বপর্যায়ে শোষিত। রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনার অনুপস্থিতি হেতু স্থানীয় সুদের কারবারিদের কাছে তারা ছিল পুরোপুরি জিম্মি। সেসময় উপনিবেশসহ অন্যান্য দেশে যেমন সরকারের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী জনহিতকর সুযোগ সুবিধা তথা বিদ্যালয়, রাস্তাঘাট, হাসপাতাল ও জলসেচের ব্যবস্থা করা হতো, তেমনটা আফগানিস্তানের প্রান্তিক অঞ্চলগুলোতে কখনো করা হয়নি। ফলে অনাদিকাল থেকে তাদের সমাজ আবর্তিত হয়েছে একই অচলায়তনের চক্রাবৃত্তে। গ্রামে চিকিৎসা ব্যবস্থার পুরোটাই ছিল মোল্লা নির্ভর। অসুখ-বিসুখ তথা বিমারিকালে তাদেরই দ্বারস্থ হতে হতো অসহায় জনদের। যে কোনো রোগ হতে আরোগ্যর জন্য তারা দিত নানা ধরনের তাবিজ-কবচ ও পানি পড়া। মরে গেলে মোল্লারাই মরদেহ ধোলাই ও দাফনের ব্যবস্থা করত। কৃষি উৎপাদন ও বাণিজ্যও ছিল আধুনিক সমাজ হতে বহুদূরে। আধুনিকতা বলতে আফগানিরা শুধু বন্দুক চালনায় অভ্যস্ত ছিল।
সিংহাসনে অধিষ্ঠানের পর প্রথম অবস্থায় আমীর আমানুল্লাহ দেশের জনগণের নিকট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি এই অচলায়তন ভেঙে দেশকে আধুনিকায়নের জন্য নানামুখী সংস্কারে হাত দিয়েছিলেন। রাজত্বকালের এক পর্যায়ে ১৯২৪ সালে সংঘটিত খোস্ত বিদ্রোহ তিনি অত্যন্ত দক্ষতার সাথে দমন করেন। তিনি ভারত ও ইউরোপের বাহাইদের সাথে সাক্ষাৎ করেন এবং দেশের উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন। যা স্থানীয় রক্ষণশীলরা মোটেই সুনজরে দেখে নাই।
অসময়ে ইউরোপ সফর: ডিসেম্বর, ১৯২৭ হতে জুলাই, ১৯২৮ সাল পর্যন্ত বাদশাহ আমানুল্লাহ রানি সোরায়া তরজিকে নিয়ে ইউরোপ সফর করেন, সাথে ছিলেন তার শ্বশুর মাহমুদ তরজির। তারা করাচি থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে কায়রোতে মিশরের বাদশাহ প্রথম ফুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পর্যায়ক্রমে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইটালি ও পোল্যান্ড সফর করেন। ২ মে, ১৯২৮ সালে তারা সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করেন। ইউরোপ ও সোভিয়েত ইউনিয়ন সফরকালে বিভিন্ন দেশে তাদেরকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়। এসময় মাহমুদ তরজি দ্বিপাক্ষিক স্বার্থ, বাণিজ্যিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়াদি নিয়ে বিভিন্ন রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করেন। এই সফরকালের অনেক অনুষ্ঠানের ছবি বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ করা হয়, রানির সেসমস্ত খোলামেলা বেপর্দা ছবি পরবর্তী সময়ে বাদশাহর জন্য কাল হয়েছিল। দেশে ফেরার পর তিনি বুঝতে পারেন- পরিস্থিতি অনুকূল নয়। বাদশাহ দেখতে পান- ইতিমধ্যে তাদের অনুপস্থিতিতে রক্ষণশীলরা ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং নিজেদের অনেকটা সংঘবদ্ধ করেছে। বাদশাহকে কাফের ঘোষণা দিয়ে তাকে উন্মাদ বলা হচ্ছে। রানি সোরায়া তরজিকে বলা হচ্ছে বেকারিয়তি আওরাত তথা বেশ্যা। বাদশাহ জানতেন এ ধরনের সংস্কার করতে হলে অনেক ধরনের প্রতিকূলতারই মুখোমুখি হতে হবে। যে কারণে তিনি জনগণকে বোঝানোর আপ্রাণ কোশেশ করেন। এ বিষয়ক এক বক্তৃতায় বাদশাহ বলেন- ধর্ম কোনো ঠুনকো জিনিস নয়। অন্ধবিশ্বাস আর গোঁড়ামির স্থান ইসলামে নেই। বিমারি হলে যথাযথ চিকিৎসা করানোর ক্ষেত্রে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং সুযোগ সত্ত্বেও রোগের চিকিৎসা না করালে তাতে গুনাহ্ হয়। খোদার নেয়ামত হিসেবে চিকিৎসার সুযোগ গ্রহণ না করাটা অন্যায়। এ বিষয়ে ধর্মে কী বলা আছে তা জানুন এবং ধর্মের নির্দেশনা মেনে চলুন। রোগ বালাইয়ের ক্ষেত্রে আধুনিক চিকিৎসা গ্রহণ করুণ। লক্ষ লক্ষ আফগানি খরচা করে আমি যেসব দাতব্য চিকিৎসালয় ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছি, সেখানে শরিয়ত বিরোধী কোনোকিছু করিনি। ডাক্তার স্বল্পতার কারণে মহিলা রোগীদের জন্য আপাতত কিছু পুরুষ ডাক্তার নিয়োগ করা হলেও অদূর ভবিষ্যতে এ নিয়মের অবসান হবে। যে ৫০টি ছাত্রীকে ডাক্তারি পড়ার জন্য তুরস্কে পাঠানো হয়েছে, ফিরে এলেই তারা মহিলা রোগীদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শরিয়ত বিরোধী কাজ করছি বলে আপনারা আমার বিরুদ্ধে মসজিদে মসজিদে যে প্রচার চালাচ্ছেন, তাতে সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা বিভ্রান্ত হচ্ছে। এসব কথা শোনার পর মনে অনেক চোট পেয়েছি। কারণ, আজ এশিয়া ও আফ্রিকার সর্বত্র সভ্যতার আলো প্রবেশ করেছে। আদিম জমানার অবসান ঘটেছে। চারিদিকে মানুষ জেগে উঠেছে। এ অবস্থায় আফগানিস্তানও পিছিয়ে থাকতে পারে না। আমি চাই, আপনারাও জেগে উঠুন।
ইতিমধ্যে আমানুল্লার নানারৈখিক সংস্কার উদ্যোগের সুখ্যাতি বিশ্ববলয়ে ছড়িয়ে পড়েছিল। ইউরোপের পত্র-পত্রিকায় এ নিয়ে বিস্তর প্রশংসাসূচক প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল। ১৯২৭ সালের ডিসেম্বরে তিনি ভারত সফরে এলে; বোম্বাইতে (এখন মুম্বাই) তাকে সাড়ম্বরে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ সংবর্ধনায় ব্রিটিশ ভারতের সরকারি প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন- কস্তুরি বাই গান্ধী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, আলী ভ্রাতৃদ্বয় ও হাকিম আজমলের মতো বিশিষ্ট ব্যক্তিগণ।
অবিভক্ত বাংলার কবি কাজি নজরুল ইসলামও বাদশাহ আমানুল্লাহর ব্রিটিশবিরোধী যুদ্ধ জয় এবং তার গৃহীত সংস্কার কর্মসূচিতে মুগ্ধ হয়েছিলেন। নিজ দেশের পরাধীনতা ও বাদশাহর স্বাধীন সত্তার নিরিখে তাকে অভিনন্দিত করার জন্য তিনি উদ্দীপিত হয়ে রচনা করেছিলেন ‘আমানুল্লাহ’ কবিতাটি। কবিতাটি জিঞ্জীর গ্রন্থে প্রকাশিত হয়েছিল ১৯২৮ সালে। কবি লিখেছিলেন-
খোশ্ আমদেদ আফগান শের! অশ্রুরুদ্ধ কণ্ঠে আজ
সালাম জানায় মুসলিম-হিন্দু শরমে নোয়ায়ে শির বে-তাজ!
বান্দা যাহারা বন্দেগী ছাড়া কি দিবে তাহারা, শাহানশাহ্!
নাই সে ভারত মানুষের দেশ! এ শুধু পশুর কতল্-গাহ!
দস্তে তোমার দস্ত রাখিয়া নাই অধিকার মিলাতে হাত,
রূপার বদলে দু-পায়ে ভূর হাত বাঁধা রেখে খায় এ জাত!
পরের পায়ের পয়্জার বয়ে হেঁট হল যার উচ্চ শির,
কি হবে তাদের দুটো টুটো বাণী দু-ফোঁটা অশ্রু নিয়ে, আমির!’ (অংশ বিশেষ)
এভাবে বিশ্বের প্রগতিপন্থিরা যখন তাকে তার গৌরবময় সংস্কার কর্মসূচির জন্য বাহবা দিচ্ছিল এবং আফগান জাতির মুক্তিদূত হিসেবে সম্মানের আসনে আসীন করছিল; তখন নিজ দেশের রক্ষণশীলরা তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা ও জাতির সাথে বিশ্বাসঘাতকতার এলজাম আরোপ করে দেশ জুড়ে লাগাতার বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছিল। এভাবে তারা অতিদ্রুত আমানুল্লাহকে উৎখাতের জন্য গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করছিল। এর নেতৃত্বে ছিল কাবুলের শোর বাজারের আধ্যাত্মিক পীর করন আলী শাহ্ যিনি তাকে কাফের অভিধায় অভিষিক্ত করেছিলেন। একই সময় প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে রাজ পরিবার থেকেও বিদ্রোহীদের উস্কানি দেওয়া হতে থাকে।
এসময় বিদ্রোহের হোতারা উপজাতিভুক্ত গোত্রের লোকজনদের এ কথা জোরালোভাবে বোঝাতে থাকে যে, ধর্মচ্যুত কাফের আমানুল্লাহর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে; তারা হবে দীন ইসলামের হেফাজতকারী। আর যারা রাইফেল কিংবা অর্থের লোভে বাদশাহর হয়ে জেহাদিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তারা কাফের হিসেবে জাহান্নামে দাখিল হবে। এক্ষেত্রে শুরু তারাই নন, তাদের পূর্ববর্তী চৌদ্দগোষ্ঠী জান্নাতের নাগাল পাবে না। প্রকাশ থাকে যে জালালাবাদ এলাকার শিনওয়ারি গোষ্ঠীর লোকেরাই প্রথম এই বিদ্রোহের সূচনা করেছিল। আমানুল্লাহ এই ক্ষুদ্র পরিসরের বিদ্রোহ দমন করার জন্য প্রথম অবস্থায় দস্যু বাচ্চা সাকার সহায়তা কামনা করেছিলেন। এই দস্যু এতটাই দুর্ধর্ষ ছিল যে, ইতিপূর্বে একাধিকবার তার বিরুদ্ধে অভিযান চালিয়েও তাকে আটক করা যায়নি। যে কারণে তার সক্ষমতার বিষয়ে বাদশাহ অনেকটাই আস্থাশীল ছিলেন। বাদশাহর আহ্বানে সাড়া দিয়ে সে যথাযথ সহায়তা করার জন্য কোরান ছুঁয়ে শপথও করেছিল। এ কাজের জন্য সরকারি মালখানা থেকে সাকাকে ১০০ টা রাইফেলও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সাকা কথা রাখেনি। বাদশাহর সাথে বেইমানি করেছিল। স্থানীয় বিদ্রোহীদের প্ররোচণায় সে বাদশাহকে উৎখাতের জন্য অস্ত্র ধারণ করেছিল। সাকার পক্ষ পরিবর্তনের সুবাদে শিনওয়ারিরা আরও বলশালী হয়ে ওঠে। আমানুল্লাহর রাজকীয় রেজিমেন্টের সেনারাও বিদ্রোহ সামাল দিতে পারে নাই। শহরের অন্যান্য সাধারণ যোদ্ধারাও জান্নাত হারাবার শঙ্কায় বিদ্রোহীদের পক্ষাবলম্বন করেছিল। ফলে আমানুল্লাহ হয়ে পড়েছিল নিরুপায়।
প্রকাশ থাকে যে, ইতিপূর্বে তিন তিনটা যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশদেরকে বাধ্য হয়ে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছিল। অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে পড়েছিল। এছাড়া মেসোপটেমিয়া অঞ্চলে প্রভাব বিস্তার ও দখলিসত্ব কায়েম রাখার জন্য কৌশলগত দিক দিয়ে দেশটি বরাবরই ব্রিটিশদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ১৯১৯ সালে তৃতীয় ইঙ্গো-আফগান যুদ্ধের পর অনেকটা আশাহত হয়ে দেশটি ছাড়লেও ধূর্ত ব্রিটিশরা হাল ছাড়ে নাই। ইতিপূর্বে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলে; নবগঠিত সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ রোধকল্পে এবং দখলকৃত ভারতকে নিরাপদ রাখার লক্ষ্যে ব্রিটিশদের জন্য দেশটি দখলে নেওয়া আরও অত্যাবশ্যক হয়ে পড়েছিল। এছাড়া আমানুল্লাহ সরকারের সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা, লেনিনের বলশেভিক বিপ্লব সমর্থন ও ভারত থেকে আফগানিস্তানের ভেতর দিয়ে সোভিয়েত নিয়ন্ত্রিত তুর্কমেনিস্তানের দিকে ব্রিটিশ সেনাবাহিনী প্রেরণের আবদারে সম্মত না হওয়ায় ব্রিটিশরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এ অবস্থায় বহুভাবে কায়দা করেও নতজানু করতে না পারায় বাদশাহ আমানুল্লাহকে উচ্ছেদ করে সেখানে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার জন্য ধূর্ত ব্রিটিশরা উঠে পড়ে লাগে। সে নিরিখে গ্রহণ করতে থাকে নানাবিধ অপকৌশল। আমানুল্লাহ ইউরোপীয় ধাচে দেশে একটি গণবান্ধব আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে নানামুখী সংস্কারমুখী কর্মসূচি হাতে নিলেও তথাকথিত উদার ধারার ব্রিটিশরা তাতে প্রীত না হয়ে তার ছিদ্রান্বেষণে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ধর্মীয় অনুভূতিকে উপজীব্য করে তারা অশিক্ষিত রক্ষণশীল জনগোষ্ঠীকে ক্ষেপিয়ে তোলার দিকে নজর দেয়। অতঃপর শুরু হয় বাদশাহ বিরোধী নানা প্রকার প্রপোগান্ডা। সে লক্ষ্যে আফগানিস্তানের জাতীয়তাবাদী বাদশাহ আমানুল্লাহ খানকে উচ্ছেদ করার জন্য ব্রিটিশ গোয়েন্দারা এক নোংরা চক্রান্তের জাল বিস্তার করে। এ চক্রান্তের ধারাক্রমে তারা এক সুবিধামতো সময়ে বাদশাকে সস্ত্রীক দাওয়াত দিয়ে নিয়ে যায় ব্রিটেনে। সেখানে অবস্থানকালে তাকে নানা পর্যায়ে লোক দেখানো সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রানি সোরায়া সেসব অনুষ্ঠানে পাশ্চাত্য পোশাক পরে পুরুষদের সঙ্গে খানা খেত, অনুষ্ঠানে অংশ নিত এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত; সাংবাদিকরা সেসব ছবি তুলে পরম উৎসাহে বিভিন্ন পত্রিকায় ছেপে দিত। যা ব্রিটিশ এজেন্টরা কৌশলে জালালাবাদের ক্ষুব্ধ লোকজনের মাঝে ছড়িয়ে দিত। একই সময় লরেন্স অব এরাবিয়া খ্যাত কুখ্যাত গোয়েন্দা টি ই লরেন্সের মাধ্যমে বিদ্রোহকে বেগবান করার জন্য বিতরণ করা হয় বিপুল পরিমাণ অর্থ। এছাড়া চিকিৎসার প্রয়োজনে রানির যেসব ছবি তোলা হয়েছিল, সেসবের মধ্যে নগ্ন পায়ের ছবিগুলো ডাক্তারদের মাধ্যমে ব্রিটিশ গোয়েন্দাদের হস্তগত হলে; তারা সেগুলো ছাপিয়ে হ্যান্ডবিল আকারে জালালাবাদ এলাকার বিদ্রোহীদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যা ছিল আগুনে ঘৃত নিক্ষেপের নামান্তর। এমনিতেই নানামুখি সংস্কার কর্মসূচির কারণে বাদশাহ ও রানির প্রতি প্রভাবশালী রক্ষণশীল গোষ্ঠী ক্ষুব্ধ হয়েই ছিল। এসব ছবি দেখার পর সেই ক্ষোভ পরিণত হয় অগ্নিরোষে। জোরদার হয়ে ওঠে তাদের তথাকথিত বিদ্রোহী চেতনা।
এক পর্যায়ে বাদশাহর সমস্ত প্রতিরোধ গুড়িয়ে বাচ্চা সাকা ও অন্যান্য মোল্লা বাহিনী কাবুল ঘেরাও করলে বাদশাহ বিচলিত হয়ে তাদের নিকট শান্তি প্রস্তাব প্রেরণ করেন। এতে সাড়া দিয়ে বিদ্রোহীরা জানায়- বাদশাহ তাদের ১৮ দফা প্রস্তাবে সম্মত হলে তারা শান্তি ও সমঝোতায় রাজি আছে। তৎপ্রেক্ষিতে ৯ জানুয়ারি, ১৯২৮ সালে যে দাবিগুলো তারা বাদশাহর সমীপে উত্থাপন করেছিল, তা হলো-
১. বাদশাহকে ৫০ সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠন করতে হবে। প্রস্তাবিত পরিষদের অধিকাংশ সদস্য গ্রহণ করতে হবে মোল্লা শ্রেণি হতে। ২. বাদশাহকে বাহাইদের সম্পৃক্ততা পরিহার করতে হবে। তাদের নিকট হতে আনীত কাবুল লাইব্রেরিতে সংরক্ষিত গ্রন্থগুলো পরিত্যাগ করতে হবে এবং বাদশাহ যে একজন সাচ্চা মুসলিম, তাকে তা প্রমাণ করতে হবে। ৩. সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি মামলায় বিবাদমান উভয় পক্ষকে নিজ নিজ উকিল মোক্তার নিযুক্তির অধিকার দিতে হবে। ৪. যে ৫০ জন তরুণীকে চিকিৎসাবিদ্যা শেখার জন্য তুরস্কে প্রেরণ করা হয়েছিল, তাদেরকে দেশে ফেরত আনতে হবে। ৫. ভারতের দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত আলেমদের দেশে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ৬. সরকারি অফিসের ঘুষ গ্রহিতা ও ঘুষ দাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপের ব্যবস্থা করতে হবে। ৭. মহিলাদেরকে ঘরের বাইরে আসতে হলে নেকাব পরতে হবে এবং পর্দাপ্রথা কঠোরভাবে সংরক্ষণ করতে হবে। ৮. ধর্মীয় আলেমদের যোগ্যতার জন্য কোনো প্রকার সনদপত্র প্রযোজ্য হবে না। ৯. বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিধান রহিত করতে হবে। ১০. মদ্যপানের জন্য কঠোর শাস্তির বিধান চালু করতে হবে। ১১. আলেম তথা মাওলানাদেরকে যে কোনো ব্যক্তিকে মুসলিম আইন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার অধিকার দিতে হবে। ১২. রানি সোরায়া তিরজিকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ১৪. লোকজনকে প্রত্যেক জেলার পীর ফকির মোল্লাদের নিকট যাবার অনুমতি দিতে হবে। সাধারণ লোকেরা এই সব সাধুদের পদচুম্বন এবং তাদের পায়ের সমীপে ভূ-লুণ্ঠিত হতে পারবে। এই পীর, ফকির ও মাওলানারা যে ফতোয়া দিবে তা দেশের আইনের মতো প্রতিপালন করতে হবে, সরকার তাতে কোনো প্রকার বাধা দিতে পারবে না। ১৫. বালকেরা বিদ্যালয়ে অধ্যয়কালীন অবস্থায় বিবাহ করতে পারবে। ১৬. কোনো ধরনের জামানত না রেখেও লোকজন টাকা হাওলাত নিতে ও দিতে পারবে। ১৭. অবিলম্বে বালিকাদের সমস্ত বিদ্যালয় বন্ধ করতে হবে। ১৮. পাশ্চাত্য পোশাকের পরিবর্তে সকলকে শরিয়াসম্মত পোশাক পরিধান করতে হবে।
প্রগতিপন্থি বাদশাহ আমানুল্লাহ এ সমস্ত দাবি মানতে সম্মত হননি। ১৮টি দাবির মধ্যে তিনি শুধু ৩ ও ৬ নম্বর দাবি দুটি মানতে সম্মত হন। এ পরিস্থিতিতে সমঝোতার সম্ভাবনা নস্যাৎ হলে নীতিবান বাদশাহ আমানুল্লা স্ত্রীকে পরিত্যাগের পরিবর্তে সিংহাসন ত্যাগকেই শ্রেয়তর মনে করেন। অতঃপর অবস্থা বেগতিক হলে ১৯২৯ সালের ১৪ জানুয়ারিতে ছোট ভাই এনায়েতুল্লাহ খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে রাতের অন্ধকারে প্রাসাদ থেকে বেরিয়ে কান্দাহার হয়ে ভারতে চলে যান। এর দুইদিন পর জানুয়ারির ১৬ তারিখে বাচ্চা সাকা যুদ্ধ অথবা আত্মসমর্পনের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ করলে নির্বিরোধী এনায়েতুল্লাহ আত্মসমর্পন করেন এবং জানুয়ারির ১৭ তারিখে বাচ্চা সাকার হাতে ক্ষমতা তুলে দিয়ে ইরানে চলে যান। এভাবেই সমাপ্ত হয় সংস্কারবাদী বাদশাহ আমানুল্লাহর শাসনকাল।
সৈয়দ মুজতবা আলীর বর্ণনায় জানা যায়- আক্রমণের প্রথম পর্যায়ে বাচ্চা সাকা কাবুল শহরের উত্তর প্রান্তের আরায় ঢুকেছিল। সেখানে ছিল মক্তব এ হবীবিয়া। সেই স্কুলেই সাকার লোকেরা প্রথম রাতটি কাটায়। সেসময় বেশিরভাগ ছাত্রই ভয়ে স্কুল ছেড়ে পালিয়ে গিয়েছিল। শুধু সাকার কহিস্থান এলাকার ছাত্ররা তার আগমনের অপেক্ষায় ছিল। আগমনের পর সাকার চেলারা রাতের খাবারের জন্য ছাত্রদের জন্য মজুদকৃত চাল, ডাল ও তেল দিয়ে পোলাও রেঁধে খেয়েছিল। রান্নার জ্বালানি হিসেবে তারা ব্যবহার করেছিল স্কুলের চেয়ার টেবিল, মোটা মোটা অভিধান, মানচিত্রের গোলক ও ছাত্রদের বইখাতা। এসবই ছিল তাদের বিবেচনায় কাফেরি উপাদান যা ধ্বংস করে তারা এক ধরনের স্বর্গীয় সুখ অনুভব করেছিল। আমানুল্লাহর বিদায়ের পর মোল্লাদের অনুমোদনক্রমে সাকা বাদশাহ ঘোষিত হলে শুক্রবারের জুম্মার নামাজে তার নামে খুতবা পাঠ করা হয় এবং এর মাধ্যমে তার ক্ষমতা গ্রহণের আইনগত দিকটি স্বীকৃত হয়। এ পর্যায়ে সে তার নাম পরিবর্তন করে হাবীবউল্লাহ কালাকানি নাম ধারণ করেছিল।
প্রকাশ থাকে যে, ওই বিদ্রোহের জন্য ব্রিটিশ গোয়েন্দারা শুধু রানি সোরায়ার কিছু নগ্ন ছবি দিয়েই রক্ষণশীলদের উস্কে দেয়নি। এর পেছনে তারা বিপুল পরিমাণ অর্থও ব্যয় করেছিল। বিদ্রোহীদেরকে তারা আফগান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল। কবি নজরুল ইসলাম তার এক পত্রিকায় এই দস্যু সাকাকে নিয়ে সে সময় কটাক্ষ করেছিলেন।
বাচ্চা সাকার ক্ষমতা দখলের পরপরই আফগান জাতির জীবনে নেমে আসে মহাদুর্ভোগ। প্রথমেই সে কাফেরি শিক্ষা আখ্যা দিয়ে দেশের সকল আধুনিক স্কুল কলেজ বন্ধ করে দেয়। নিষিদ্ধ করে সর্বপর্যায়ের নারী শিক্ষা। একই সাথে এসমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেশি বিদেশি যত শিক্ষক নিয়োজিত ছিলেন, তাদেরকে বরখাস্ত করা হয়। এ সময় সারা শহরে অবাধে লুটতরাজ চালানো হয়। কায়েম করা হয় নৈরাজ্যিক রাজত্ব। তাদের কোপানল থেকে বাদশার প্রাসাদও রক্ষা পায়নি। মূল্যবান দ্রব্যাদি, আসবাবপত্র, ব্যবহার্য হাড়ি পাতিল, এমনকি প্রাসাদের দরোজা জানালাও খুলে নিয়ে যায় বাচ্চা সাকার লুটেরা অনুসারীরা। দীর্ঘদিন দরোজা জানালাহীন ওই রাজপ্রাসাদটি ইতিহাসের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় কাবুলের মাটিতে দাঁড়িয়ে ছিল দীর্ঘকাল। অতঃপর আমেরিকার দখলদারিত্বকালে বিধ্বস্ত প্রাসাদটির প্রয়োজনীয় সংস্কার করা হয়। শুধু রাজপ্রাসাদ নয়, এই বিদ্রোহী নামধারী স্বেচ্ছাচারীরা ইচ্ছেমাফিক কাবুলের লোকজনের বাড়িঘরে হানা দিয়ে বেপরোয়া লুণ্ঠনে প্রবৃত্ত হয়েছিল। তারা গুপ্তধনের সন্ধান লাভের প্রত্যাশায় আমানুল্লাহর মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের খালি পায়ে বরফের ওপর দাঁড় করিয়ে নির্যাতন চালিয়েছিল। সারা শহরকে তারা এক নরকপুরিতে পরিণত করেছিল। সে সময় রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ডাকু পড়েছে, ডাকু পড়েছে চিৎকার ভেসে আসত। এর পরপরই দেখা দিয়েছিল শহর জুড়ে খাদ্য ও চিকিৎসা সংকট। সবকিছু মিলিয়ে এই কুশিক্ষিত বিদ্রোহীরা কাবুল শহরটিকে রীতিমতো জাহান্নামে পরিণত করেছিল।
বাচ্চা সাকার কোনো শিক্ষা ছিল না, সে ছিল আদিম প্রকৃতির এক দস্যু। সে কোন পর্যায়ের আদম ছিল, তা তার স্ত্রীর আচরণে সহজেই অনুমেয় বলে এখানে তার স্ত্রীর একটি বিষয় তুলে ধরা হলো- ব্রিটেনে ভ্রমণকালে বাদশাহ আমানুল্লাহ যে রোলস রয়েস গাড়িতে চড়ে রাজকীয় ব্রিটিশ সেনাবাহিনীর কুচকাওয়াজ পরির্দশন করেছিলেন, বিদায়কালে সম্রাট পঞ্চম জর্জ সেই গাড়িটি তাকে উপহার দিয়েছিলেন, যা তিনি সঙ্গে করে কাবুলে এনেছিলেন। কাবুল ত্যাগের সময় তিনি গাড়িটি তার প্রাসাদেই ফেলে রেখে যান। ক্ষমতা দখলের পর স্ত্রীকে গ্রাম থেকে আনয়নের জন্য বাচ্চা সাকা ওই গাড়িটি পাঠালে; তার এককাঠি সরস মূর্খ স্ত্রী গাড়ির চালককে বলেছিল- তোমার মনিবকে গিয়ে বলো, নিজে এসে আমাকে খচ্চরের পিঠে বসিয়ে যেন নিয়ে যায়। আধুনিকতার পথে ধাবিত একটি দেশ যে কোন ঘরানার তথাকথিত বিদ্রোহীদের কোপানলে পড়েছিল, তা এ ঘটনার মাধ্যমে সহজেই অনুমেয়।
এ ষড়যন্ত্রের মাধ্যমে দেশের তথাকথিত বিদ্রোহীরা শুধু একজন ব্রিটিশবিরোধী বাদশাহকে পরাভূত করেনি, তারা আধুনিকতা অভিমুখী উদীয়মান একটি দেশের সমৃদ্ধির সকল সম্ভাবনাকে পুরোপুরি সমাধিস্থ করেছিল। আফগান জাতির দুর্ভাগ্য--ব্রিটিশদের প্ররোচণায় তারা একজন দেশপ্রেমিক শাসককে চিরতরে হারিয়েছিল। ক্ষমতাচ্যুতির পর পরই বাদশাহ আমনুল্লাহর সমস্ত সংস্কার কর্মসূচি মুখ থুবড়ে পড়েছিল। দেশটি নিপতিত হয়েছিল পুরানো অন্ধকারের গহীনে।
বাদশাহ আমানুল্লাহর ব্যর্থতার কারণ: যে সমস্ত কারণে বাদশাহ আমানুল্লাহকে বিপর্যস্ত হতে হয়েছিল, তা পরবর্তী সময়ে বিভিন্ন গবেষক কর্তৃক নিম্নোক্তভাবে চিহ্নিত করা হয়েছে- ১. আধুনিকায়নের জন্য জনগণের মানসিক প্রস্তুতির ঘাটতি। ২. শত বছরের ঐতিহ্য পরিহারে কুশিক্ষিত জনগণ সম্মত ছিল না। ৩. পর্দা প্রথার বিলোপন, পাশ্চাত্য পোশাক পরিধানের বাধ্যবাধকতা ও নারী শিক্ষা গ্রহণের অনীহা। ৪. রক্ষণশীলরা মনে করত পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে তাদের ইমান নষ্ট হবে, তারা কাফের হয়ে যাবে। ৫. সংস্কার কর্মসূচিতে সম্পৃক্ত বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতি স্থানীয়রা মেনে নিতে পারেনি। ৬. অনভিজ্ঞতা ও খুচরা যন্ত্রাংশের সংকটে নবপ্রতিষ্ঠিত কারখানাগুলো অকেজো হয়ে পড়লে এর সাথে সম্পৃক্ত লোকজনেরা হতাশ হয়ে পড়ে। ৭. ব্যাপক পরিসরে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনে অধিক মাত্রায় করারোপ করা হলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এসময় সেনাবাহিনীর বেতনে টান পড়লে তারাও ক্ষুব্ধ হয়ে ওঠে। ৮. সার্বজনীন বিচার ব্যবস্থার কারণে গোত্র প্রধানদের কর্তৃত্ব ও মোল্লাদের ফতোয়াবাজি হুমকির মুখে পড়লে তারাও ক্ষুব্ধ হয়ে ওঠে। ৯. কামাল পাশাকে অনুসরণ করলেও তিনি তার মতো কোনো দল বা সমর্থক গোষ্ঠী সৃষ্টি করতে পারেননি, তাছাড়া একটি জাতীয়তাবাদী চেতনার নিরিখে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেননি। ১০. ইউরোপ ভ্রমণকে কেন্দ্র করে তার সাথে প্রান্তিক জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ১১. ব্রিটিশ সাম্রাজ্যবাদিরা তাকে উৎখাতের জন্য যে কূট চাল চেলেছিল, তা তিনি প্রজ্ঞাবলে নিরোধ করতে পারেননি। ১২. রক্ষণশীল জনগোষ্ঠীর অনুভূতি উপলব্ধিতে ব্যর্থতা। ১৩. পরিবেশ পরিস্থিতির নিরিখে রয়ে-সয়ে অগ্রসর না হয়ে তিনি খুব দ্রুততার সাথে অগ্রসর হয়েছিলেন, ফলে এক ধরনের গণবিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল। ১৪. নারীদের নানামুখী সংস্কারের প্রশ্নে ধাপে ধাপে অগ্রসর না হয়ে তিনি অস্থির চিত্তে অগ্রসর হয়েছিলেন। ১৫. ঐতিহ্যপ্রিয় জনগোষ্ঠীর অনুভূতির দিকটি তিনি একেবারেই আমলে নেন নাই। ১৬. সরকারি কর্মচারীদের বেপরোয়া দুর্নীতির কারণে জনগণ অতিষ্ট হয়ে উঠেছিল। ১৭. একটি সংহত সেনাবাহিনী গঠন অত্যাবশ্যক হলেও তিনি সেদিকে নজর দেন নাই। ফলে একজন সাধারণ দস্যুর আক্রমণ তিনি সামাল দিতে পারেন নাই।
