বইমেলা, চিন্তার গণতন্ত্রের মঞ্চ
বইমেলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা চিন্তার ঘর। বইমেলা সেই ঘরটাকে মেরামত করে, রঙ করে, আলো জ্বালিয়ে রাখে। যে জাতি নিজের ভাষায় লিখে, পড়ে, বিতর্ক করে সে জাতি সহজে হারিয়ে যায় না।
সৈয়দ মুজতবা আলীর সেই বাণী--খুব কম বাঙ্গালী আছেন যে মুখস্ত করেননি , “বই কিনে কেউ দেউলিয়া হয় না।” তবে বই প্রকাশের সাথে যারা যুক্ত তাদের সকলের একই কথা: বইয়ের ব্যবসায় লাভের অংক কমেছে, সেই সাথে এটাও শুনতে পাচ্ছি, একটা কথা মাঝে মাঝে ফেসবুকে অনেকের পোষ্টে দেখি “বই পড়ার অভ্যাস দ্রুত কমছে।” ব্যক্তিগতভাবে আমি এই আশঙ্কাটি পুরোপুরি মেনে নিতে পারলাম না। বর্তমানে ই বুকস্ সহজলভ্য হওয়ার জন্য ছাপা বইয়ের কেনাবেচা হয়ত আর আগের মত নেই , সেই সাথে নতুন প্রজন্মের পাঠকদের ইংরেজী বইয়ের প্রতি অনুরাগ বৃদ্ধি ও বাংলা বইয়ের চাহিদা হ্রাসের অন্যতম প্রধান কারণ হতে পারে । তবে ধ্রুপদী ও জনপ্রিয় কিছু বই ছাড়া আধুনিক বাংলা সাহিত্যের চাহিদা পড়তির দিকে, এটা যখন শুনি সত্যি মেনে নিতে কষ্ট হয়। গত কয়েক বছর বইমেলায় গিয়ে বই কেনাবেচার সমাগমটা দেখিনি নিজ চোখে। যদি এমন হয়েই থাকে তবে বাংলা ভাষার সাহিত্যিকদের আত্নসমীক্ষার দরকার আছে বৈকি। বাঙালির বই কেনার প্রবণতা ও পড়ার অভ্যাস কেন কমছে তা খতিয়ে দেখার বিষয় । তার কারণগুলো অবশ্যই আলাদা দৃষ্টিকোন থেকে দেখা দরকার।
যদিও বলা হয়, বই আর পাঁচটা সামগ্রীর মত পণ্য, যা সাধারণত বড় বড় বিপনীগুলোতে সাজানো থাকে। কিন্তু বই তো সে রকম অপরিহার্য জিনিস নয়। তাই হয়ত বই জনপ্রিয় কোনো বস্তু নয়, না কিনলেও কিছু যায় আসে না। আসল কথা হলো বিদ্যাচর্চার মানসিকতা, সময় সুযোগ দিন দিন কমে আসছে। এখন বই পড়তে নয়, জামাকাপড় কেনার একটা ট্রেন্ড এসেছে যেখানে কবিতা, গান, ছড়া , স্লোগান, রূপকথা , বাণী সব স্কীন প্রিন্টের ছাপ, এমন জামা কাপড় গায়ে চাপালেন, ব্যস সব পড়া হয়ে যায়। নিজেকে রবীন্দ্র কিংবা শরৎবাবুর ভক্ত বানিয়ে ঘোরা যায় সহজেই, সে ক্ষেত্রে সময় নষ্ট করে কে আর বই পড়ার দিকে ছুটবে শুনি! বিদ্যাচর্চার মানসিকতা সময় সুযোগ দিন দিন কমে আসছে, এর মূল কারণটি হলো, বাঙালী যখন বই কিনে পড়ে, তখন সে লিখতেও চায়। সে ক্ষেত্রে ফেসবুকে চোখ রাখলেই দেখা যায় সবাই লেখক, কিন্তু ভালো মানের বই বের হচ্ছে কিনা, লেখা হচ্ছে কিনা, তেমন বাছবিচার করার মত মানদন্ডের মাপকাঠিতে বিচার করার মত দাড়ি-পাল্লা কোন প্রকাশক বা প্রতিষ্ঠান আজও কি জন্ম নিয়েছে? তবে এটা ঠিক যে ব্যাঙের ছাতার মত প্রকাশনা সংস্থা গড়ে উঠেছে, যদি লাভের অঙ্ক কমেই যায় তবে এই বাণিজ্যে কেন আসা? নামী লেখকদের কথা বাদ দিলে, নতুন বা নবীন লেখকদের কথা বই প্রকাশের ক্ষেত্রে “ফেলো কড়ি মাখো তেল” নীতি চালু করেছে অনেক প্রকাশনা সংস্থা। অনেকের দাবী প্রকাশনার বেড়ে চলা খরচের ঝুঁকির সমান অংশীদার হতে বলা হচ্ছে সেই সব লেখকদের। বিনিময়ে তারা পাবেন সমমূল্যের বই, যা বিক্রিয় দায়ও তাঁদেরই। যত শত বই বের হয়, হচ্ছে সে ক্ষেত্রে বই সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণও খুবই গুরুত্ব পূর্ণ। ছোট ছোট ঘরগুলোতে বিরাট জায়গা জুড়ে থাকা বইয়ের সম্ভার পরবর্তী প্রজন্ম কি রাখতে চাইবে? কারণ নতুনদের পেশা, বৃত্তি, শিক্ষা, রুচি আলাদা, ফলে সব বিষয়ের বইয়ে তাদের আগ্রহ না থাকাই স্বাভাবিক। নিজ অভিজ্ঞতা থেকে দেখেছি ফুটপাতেরপুরোনো বইয়ের দোকানে যখন যেতাম কত কত বিখ্যাতদের ব্যক্তিগত সংগ্রহের সারি। তারা মারা যাওয়ার পর হয়ত বাড়ির লোক সব বেচে দিয়েছে। বইয়ের শেষ পরিণতি বা অনিবার্য নিয়তি মনে হয় তাই। অনেকেই হয়ত মনে করেন বিপুল অর্থ ব্যয় করে বই কিনে ঘরে জড়ো করা অর্থহীন। আর পশুশ্রম তো বটেই! যারা জোগাড় করে তাঁরাই জানে বিশেষ বিশেষ বই জোগাড় করা কতটা পরিশ্রম, সময় ও টাকা লাগে। তবে নতুন প্রজন্মের পছন্দ ট্যাবলেটের বই, খুব সুবিধে তাতে। তারা শক্তি চট্টাপাধ্যায়ের কবিতার ভাষায়, বই পড়ে বই মুছে ফেলে! তাই জন্য হয়ত বা বইক্রেতা বাঙালী পাঠক এক লুপ্ত শ্রেণির প্রাণী হওয়ার পথে পা বাড়িয়েছে। বাংলাদেশে একসময় যখন আজীজ সুপার মার্কেটে যেতাম তখন বইয়ের গন্ধে মন ভরে যেতো, এখন যায় পোষাকের গন্ধে। এমন পরিস্থিতি দেখে মনে হয়েছিল তবে কি বইবাজার বিলুপ্ত হয়ে যাবে? যে হারে রাজধানীতে বিদেশী খাবারের রেস্তোরাঁর বিপুল চাহিদার পাশাপাশি বুক স্টোর বা বই বিপণি ক্রমশ বিলুপ্ত হচ্ছে। ভবিষ্যতে বাঙালির বই-প্রেম নিয়ে আর কিছু বলার জায়গা থাকবে না হয়ত।
এ কথা অনস্বীকার্য, প্রকৃত পাঠক বা বইপ্রেমীর সংখ্যা বর্তমানে কোনও পরিসংখ্যান দ্বারা পরিমেয় নয়। অথচ নিয়ম করে বইমেলা হয়, বইমেলা উপলক্ষে এবং নববর্ষে বই প্রকাশ তো চিরায়ত রেওয়াজ আমাদের। কিন্তু বিশেষ কোন বই নিয়ে হামলে পড়া বা সেই সব বই সংগ্রহের জন্য বই-বিপণিতে সর্পিল লাইন পড়ার দৃশ্য কি চোখে পড়ে? বাংলাদেশের একুশের বই মেলাতেই মনে হয় কেবল পাঠকের সাগ্রহ বিকিকিনি বা বই বিক্রির পরিসংখ্যান পাঠে বিশ্বাস করতে চমকে উঠতে হয় বই কি।
আমরা দেখছি বহু চিত্রতারকা, শিল্পীরা নামী রেস্তোরাঁ খুলেছেন, বুটিক সাজিয়ে বসেছেন, কিংবা বিউটিপার্লার, কিন্তু কেউই একটা অভিজাত বই-বিপণি খোলার কথা স্বপ্নেও ভাবেন না। কিংবা ঢাকার বড় বড় ঝাঁ ঝকঝকে বিপণিগুলোতে হাজারো ক্রেতা, এমনকি ভ্রমণকারী নিয়মিত উইন্ডো শপিং করেন। ভাবা যায় মুগ্ধ হওয়ার মত একটা বুক স্টোর এতে থাকে না? যতটা দেখা যায় মানুষ রেস্তোরাঁ গিয়ে খাবারে নাক ডুবাচ্ছেন, তখন বিলক্ষণ কল্পনা করা যেতেই পারে: ইশ, যদি এই রকম একটি বই-বিপণির কথা, যেখানে মগ্ন পাঠক বই বাছছেন, কিনছেন বা দেয়ালে হেলান দিয়ে প্রিয় বইয়ে চোখ বুলাচ্ছেন। হাতে হাল্কা পানীয় চা কফির পেয়ালা। সেখানে খাবার রেস্তোরাঁর সহাবস্থান থাকবে না। বাজবে মৃদু সঙ্গীত। ভেবে দেখতে পারেন কিন্তু ব্যবসায়ীরা। মনে হয় মাঠে মারা যাবেন না। পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে টেক্কা দিয়ে যদি মল বানাতে পারে, তবে আধুনিক বই-বিপণি বানাতে কেন পিছিয়ে থাকবে? যতটুকু ধারণা করা যায় থাই ইতালিয়ান, চাইনিজ খাবার চেটেপুটে খাওয়ার লোক যেমন আছে, অপর দিকে জ্ঞানপিপাসু পাঠকও কিন্তু ডাইনোসরের মত বিলুপ্ত হয়ে যায় নি। ফলে প্রকাশকরা আর বলবেন না বই ব্যবসা, নাশের ব্যবসা। সৈয়দ মুজতবা আলী মজা করে একটা কথা বলেছিলেন যে , ‘বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না।” হয়ত এটাই ঠিক।
বিদেশবিভূঁই থেকে বইমেলাকে খুব মিস করি, বইমেলা এলেই শহরের ভেতর এক অদ্ভুত উষ্ণতা জেগে ওঠে। কাগজের গন্ধ, নতুন মলাটের ঝলক, স্টলের সামনে ভিড়-- সব মিলিয়ে যেন এক উৎসব, যেখানে মানুষ বই কিনতে আসে, আর অজান্তেই নিজের ভেতরটা একটু বড় করে নিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন-, “পড়িতে জানিলে সব জানা যায়।” বইমেলায় দাঁড়িয়ে এই কথাটাই সত্যি মনে হয়। একটা বই হাতে নেওয়া মানে কেবল গল্প নয়, একটা দিগন্ত তুলে নেওয়া। যে মানুষ পড়তে শেখে, সে প্রশ্ন করতে শেখে; আর যে প্রশ্ন করতে পারে, সে বাঁচতে শেখে।
আমরা কত কিছুতেই খরচ করি, কিন্তু বইয়ের পেছনে খরচ মানে নিজের চিন্তার ভাণ্ডার বাড়ানো। আজ যে বই কিনছি, হয়তো কাল সেটাই কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়াবে।
জর্জ রেমন্ড রিচার্ড মার্টিন বলেন-
“A reader lives a thousand lives before he dies.” বইমেলায় হাঁটতে হাঁটতে মনে হয়, আমরা প্রত্যেকে হাজার জীবনের দরজার সামনে দাঁড়িয়ে আছি। একেকটা স্টল মানে একেকটা জীবন, একেকটা সম্ভাবনা। বইমেলা আসলে আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলে। এখানে প্রতিভা অহংকারে নয়, পাঠকের ভালোবাসায় বেঁচে থাকে। এখানে মূর্খতা লজ্জায় নয়, কৌতূহলে হার মানে। এখানে সমালোচনা নয়, সংলাপ জন্ম নেয়। শেষ পর্যন্ত বইমেলা আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক, চিন্তার জন্য, সত্যের জন্য, সৌন্দর্যের জন্য একটু জায়গা রাখতেই হয়। বই সেই জায়গাটা তৈরি করে। একটা বইমেলা কোনো সাধারণ সাংস্কৃতিক আয়োজন নয়। এটা একটা জাতির চিন্তার মানচিত্র। ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে—কৌতূহলী, মানবিক, নাকি অন্ধ অনুসারী—তার ইঙ্গিত অনেকটাই লুকিয়ে থাকে বইমেলার ভিড়ে।
প্রথম কথা, বইমেলা পাঠাভ্যাস তৈরি করে। শিশুরা যখন বাবা মায়ের হাত ধরে স্টলে ঘোরে, বই উল্টেপাল্টে দেখে, লেখকের অটোগ্রাফ নেয়, তখন বই তাদের কাছে পাঠ্যবইয়ের বোঝা থাকে না, আনন্দ হয়ে ওঠে। এই আনন্দ থেকেই জ্ঞানের প্রতি প্রেম জন্মায়। আর যে প্রজন্ম পড়তে ভালোবাসে, তাকে বিভ্রান্ত করা সহজ নয়।
দ্বিতীয়ত, বইমেলা চিন্তার বৈচিত্র্য শেখায়। একই জায়গায় কবিতা, উপন্যাস, গবেষণা, ইতিহাস, দর্শন সব পাশাপাশি থাকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর-এর মানবতাবাদ যেমন আছে, তেমনি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহও আছে। নতুন প্রজন্ম শেখে একটা সত্যকে বুঝতে হলে নানা দিক দেখতে হয়। এই অভ্যাসই তাদের যুক্তিবাদী করে।
তৃতীয়ত, বইমেলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা চিন্তার ঘর। বইমেলা সেই ঘরটাকে মেরামত করে, রঙ করে, আলো জ্বালিয়ে রাখে। যে জাতি নিজের ভাষায় লিখে, পড়ে, বিতর্ক করে সে জাতি সহজে হারিয়ে যায় না। আরেকটা বড় বিষয় আছে: সংলাপ। বইমেলা লেখক, পাঠক, প্রকাশক সবাইকে একই মাটিতে দাঁড় করায়। প্রশ্ন হয়, মতভেদ হয়, তর্ক হয়। এই তর্কই গণতান্ত্রিক মানস গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্ম শেখে মতের ভিন্নতা মানেই শত্রুতা নয়।
সবশেষে, বইমেলা আশা তৈরি করে। একজন তরুণ লেখক যখন নিজের প্রথম বই হাতে পায়, একজন কিশোরী যখন প্রথম কবিতার বই কিনে সেখানে ভবিষ্যৎ জন্ম নেয়। জাতির ভবিষ্যৎ কেবল অর্থনীতিতে নয়, চিন্তার গভীরতায় নির্ভর করে। আর সেই গভীরতার বীজ বোনা হয় বইমেলার মাটিতে।
সোজা করে বললে একটা বইমেলা মানে আগামী দিনের মানসিক স্বাধীনতার প্রস্তুতি। যে জাতি বইমেলা উদ্যাপন করে, সে আসলে নিজের ভবিষ্যৎকে বিনিয়োগ করে।
