বই থেকে বাস্তবে: নারীর শক্তি, নারীর সাহস
সাহিত্যের এই নারীরা একেকজন আলাদা রঙে আঁকা, কিন্তু এক সূত্রে বাঁধা। তারা নিজের মতো করে বাঁচতে জানে। তাদের জীবন কখনও সহজ নয়, কিন্তু তাদের আত্মবিশ্বাস, শিক্ষা আর সাহস আমাদের শেখায়। নারী শক্তি কেবল সংগ্রামে নয়, অন্তর্গত আলোতেও নিজেকে মহিমান্বিত করে।
স্থিরপ্রতিজ্ঞ, বুদ্ধিমতী এবং আত্মবিশ্বাসে অবিচল লিজি বেনেট আমাদের সমাজের সেইসব নারীর প্রতিনিধি, যারা নিজ সিদ্ধান্ত গ্রহণে অকপট। সমাজের বাঁধাধরা নিয়ম ভেঙে নিজের পথ নিজেই বেছে নেওয়ার সাহস লিজিকে করেছে অনন্য ও অনুকরণীয়। তিনি প্রমাণ করেছেন- নারীর জীবনের পরিণতি কেবল বিয়ে কিংবা সামাজিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং শিক্ষা, আত্মমর্যাদা ও ব্যক্তিত্বই হতে পারে একজন নারীর প্রকৃত পরিচয়।
লিজি বেনেট আমাদের মনে করিয়ে দেন যে, ভয়কে জয় করেই এগোতে হয় সামনের দিকে। তার চরিত্র কেবল সাহিত্যেই নয়, বরং বাস্তব জীবনের নারীদেরও অনুপ্রেরণা জোগায়,বিশ্বজয়ের স্বপ্নে উজ্জীবিত করে তোলে।
ন্যান্সি ড্রু নামটা শুনলেই রহস্য আর রোমাঞ্চের এক ভুবন চোখের সামনে ভেসে উঠে। ক্যারোলিন কীন সৃষ্ট এই কিশোরী গোয়েন্দা আমার মতো অসংখ্য পাঠকের শৈশবের সঙ্গী। ন্যান্সির বুদ্ধি, সাহস আর দৃঢ়তা সেই শৈশব পেরিয়ে আজও আমাকে মুগ্ধ করে।
আমার সবসময় মনে হয়, ন্যান্সি ড্রু কেবল কল্প-কাহিনীর চরিত্র নয়, বরং সে একজন প্রতীকী নারী- যে দেখিয়েছে, মেয়েরাও বুদ্ধি আর সাহস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। তাই তো আজও ন্যান্সি ড্রুর রহস্যগাথা যেমন জনপ্রিয়, তেমনি অনুপ্রেরণাদায়ক।
গার্থ নিক্স-এর সৃষ্ট স্যাব্রিয়েল ফ্যান্টাসি জগতের চরিত্র হলেও, তার শক্তি বাস্তবতার প্রতীক। মৃত্যু যেখানে ভয়ের প্রতীক, সেখানে স্যাব্রিয়েল দাঁড়ায় রক্ষক হয়ে। সাতটি জাদুকরী ঘণ্টার শক্তি ব্যবহার করে সে অন্ধকারের সঙ্গে লড়ে।
তবে তার আসল শক্তি জাদু নয়, বরং সাহস ও দায়িত্ববোধ। সে শেখায়- ভয়কে জয় করেই পাওয়া যায় আলোর পথ। আমার কাছে স্যাব্রিয়েল দৃঢ়তার প্রতীক, যে নারী নিজের কোমলতার ভেতরেও জেগে থাকে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে।
রোয়াল ডাল-এর সৃষ্ট মাটিল্ডা, শিশুসাহিত্যের এক বিস্ময়। অবহেলার মধ্যে বড় হওয়া এই মেয়ে বইকে করে নেয় অস্ত্র, আর জ্ঞানের আলোয় জ্বলে ওঠে তার ছোট্ট পৃথিবী।
শিক্ষালয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মাটিল্ডা আবিষ্কার করে নিজের বিশেষ ক্ষমতা, টেলিকাইনেসিস। সেই শক্তি দিয়ে সে প্রতিষ্ঠা করে ন্যায়। মাটিল্ডা প্রমাণ করে, শিক্ষা আর সাহসই প্রতিকূলতাকে জয় করার আসল অস্ত্র।
হারমায়নি বুদ্ধি, শৃঙ্খলা ও সাহসের প্রতীক। অল্প বয়সেই ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝে সে দাঁড়ায় সঠিক দিকের পাশে। বন্ধুত্বের প্রতি তার নিষ্ঠা, অধ্যবসায়ের প্রতি ভালোবাসা এবং নৈতিক দৃঢ়তা তাকে করে তুলেছে সত্যিকার নায়িকা।
আমার কাছে হারমায়নির সবচেয়ে বড় গুণ- সে নিখুঁত নয়, তবু কখনো হাল ছাড়ে না। এই অসম্পূর্ণ অথচ অক্লান্ত নারীত্বই কৈশোরে আমাদের অনুপ্রাণিত করেছে, ন্যায়ের পথে।
স্কারলেট জীবনের প্রতিটি বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে থেকেও হার মানেনি। তার অহং, জেদ, ভুল - সবকিছুর পরও সে নিজের শক্তি হারায়নি।
আমার কাছে স্কারলেট এক যোদ্ধা, যে জানে কিভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকেও নতুন করে জীবন গড়া যায়। তার মুখের সেই বিখ্যাত সংলাপ- “After all, tomorrow is another day.” আমাকে প্রতিবার নতুন করে বাঁচার সাহস দেয়।
জো মার্চ স্বাধীনচেতা, সৃজনশীল এবং সমাজের চোখে 'অন্যরকম' এক নারী। সে লেখালেখিকে ভালোবাসে, নিজের পায়ে দাঁড়াতে চায়, এবং বিয়ে বা সামাজিক প্রত্যাশাকে জীবনের লক্ষ্য করে না।
জো আমাকে মনে করায়, স্বপ্ন দেখা মেয়েদের কোনো সীমা নেই। সে শেখায়, নারী নিজের প্রতিভায়ও পৃথিবী জয় করতে পারে।
ক্যাটনিস শুধু লড়াকু নয়, সে মানবিকও। সে ক্ষুধা, ভয়, আর মৃত্যুর খেলায় নেমে শুধু টিকে থাকে না, অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক হয়ে ওঠে।
ক্যাটনিস সেই শক্তি, যে নিজের ভয়কে শক্তিতে রূপান্তরিত করে। সে মনে করিয়ে দেয়, একজন নারীর সাহস কখনও ক্ষুদ্র নয়। একজন নারীর সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে।
শার্লট ব্রন্টির সৃষ্ট জেন আয়ার সাহিত্যের ইতিহাসে আত্মসম্মানের আরেক নাম। সমাজ তাকে অবহেলা করলেও, সে নিজের মর্যাদা কখনও বিসর্জন দেয় না।
আমার ভালো লাগে জেনের নীরব আত্মবিশ্বাস, যেখানে ভালোবাসা থেকেও সে নিজের সম্মানকে বেশি মূল্য দেয়। সে শেখায়, অন্যের সত্যিকার ভালোবাসা পেতে হলে, আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়।
দীপাবলি আপোষহীন, দৃঢ়, সমাজের বাঁধন ভাঙার প্রতীক। তার সিদ্ধান্ত, তার আত্মপরিচয় এবং তার প্রতিরোধ এক সাহসী নারীর ছবি আঁকে।
আমার কাছে দীপাবলি আলোর প্রতীক, যে দেখিয়েছে, নারী যদি নিজের ওপর বিশ্বাস রাখে, তবে তাকে কেউ থামাতে পারে না। এবং আমি মনে করি প্রতিটি বাঙালী মেয়ের এই বইটি পড়া উচিৎ। প্রথমবার কৈশোরে, পরেরবার প্রথম যৌবনে। এবং বারবার পড়া উচিৎ। নিজেকে বুঝতে, নিজের আত্মসম্মানবোধ কী তা জানার জন্য।
লাবণ্য শান্ত, সংযত, কিন্তু এক অদম্য শক্তির প্রতীক। অমিতের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, সে নিজের মর্যাদা হারায় না।
লাবণ্য'র নীরব দৃঢ়তা আমার ভালো লাগে। সে ভালোবাসাকে মাপতে জানে আত্মসম্মানের পাল্লায়। তার চরিত্র শেখায়, ভালোবাসা মানেই আত্মবিসর্জন নয়, বরং আত্মমর্যাদার সঙ্গে সহাবস্থান।
বিমলা আধুনিকতার টানাপোড়েনে দ্বিধান্বিত এক নারী, কিন্তু তার ভেতর আছে উপলব্ধির শক্তি। সে ভালোবাসা, কর্তব্য আর আদর্শের মধ্যে নিজের সত্যকে খোঁজে।
আমার কাছে বিমলা এক বাস্তব নারী, যে ভুল করে, তবু শেখে। তার চরিত্র আমাকে মনে করিয়ে দেয়, শক্তি মানে নিখুঁত হওয়া নয়, নিজের ভুল বুঝে নতুন করে দাঁড়ানোর ক্ষমতা।
সাহিত্যের এই নারীরা একেকজন আলাদা রঙে আঁকা, কিন্তু এক সূত্রে বাঁধা। তারা নিজের মতো করে বাঁচতে জানে।
তাদের জীবন কখনও সহজ নয়, কিন্তু তাদের আত্মবিশ্বাস, শিক্ষা আর সাহস আমাদের শেখায়। নারী শক্তি কেবল সংগ্রামে নয়, অন্তর্গত আলোতেও নিজেকে মহিমান্বিত করে।
