২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রশিল্পী তরুণ ঘোষ: প্রস্থানে নয়, উপস্থিতিতে

আজীবন উদাসীন, বাউণ্ডলে কিন্তু নিজের কাজের প্রতি আস্থাশীল এই শিল্পীকে ব্যক্তিগতভাবে আমার জানার সুযোগ হয়েছিল। অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, পাশাপাশি অবহেলিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

সাইফুজ্জামান

Published : 21 Apr 2026, 03:01 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে  তরুণ ঘোষ বিশেষভাবে পরিচিত ছিলেন তাঁর সৃজনশীল চিত্রকর্মের জন্য। তাঁর দীর্ঘ জীবনের অধিকাংশ সময় কেটেছে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধীন চারুকলা কলেজ ও জাতীয় জাদুঘরের সমকালিন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগে। ছিলেন কাজ-পাগল, তুমুল; আড্ডা বাজ ও সৃজনশীল শিল্পী হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। ছিলেন আত্মমগ্ন, নিভৃতচারী ও প্রাণবন্ত, মানবিক গুণে গুনান্বিত একজন মানুষ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক চিত্রশিল্পী তরুণ ঘোষ  ৮ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেছেন। অ্যাজমা রোগে দীর্ঘদিন তিনি ভুগছিলেন – অবশেষে ৭৩ বছরের জীবনের অবসান ঘটে।

জন্ম: ২০ আগস্ট, ১৯৫৩ রাজবাড়ী।

শৈশব থেকে ছিলেন প্রকৃতিমগ্ন , প্রথাগত জীবন যাপনে অনাগ্রহী। প্রগতিশীল সংগঠনে যুক্ত ছিলেন। চারপাশের  সবকিছু তার দৃষ্টি কেড়েছে । চিত্র অংকন, সামাজিক অনাচার ও রাজনৈতিক ঘটনাপ্রবাহে তাঁর ভুমিকা  ছিল অগ্রগন্য।

তরুণ ঘোষ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক উত্তীর্ণ হন। বরোদার এম. এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আজীবন উদাসীন, বাউণ্ডলে কিন্তু নিজের কাজের প্রতি আস্থাশীল এই শিল্পীকে ব্যক্তিগতভাবে আমার জানার সুযোগ হয়েছিল। অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, পাশাপাশি  অবহেলিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। 

তাঁর চিত্রশিল্পে মনস্তত্ত্ব ও পৌরাণিক বিষয় অগ্রাধিকার পেয়েছে। মানুষের মুখের অভিব্যক্তির বিভিন্ন  প্রকাশ ছিল তাঁর চিত্রকলার অপরিহার্য বিষয়। তাঁর বেহুলা সিরিজ বিশেষভাবে আলোচিত। মুখশ্রী, ভঙ্গি, অভিব্যক্তি, মানুষের স্বরূপ প্রকাশ কতো ভাবে যে করা যায় তা তাঁর জানা ছিল। স্বপ্নের মানু্ষ, কাঙ্ক্ষিত মানুষ, হারিয়ে যাওয়া মুখ তরুণ ঘোষ বারবার আবিষ্কার করেছেন। চিত্রশিল্পী হিসেবে তিনি আলাদা মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করেছিলেন। তিনি চলচ্চিত্রে শিল্প নির্দেশক  হিসেবে পারচিতি ছিলেন। তিনি নিজে একটা ঘরানা তৈরী করেছেন তা অধরা, কিছু প্রকাশিত, অন্যদিকে অপ্রকাশ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে তিনি বিশেষভাবে সম্মানীয়। তাঁর শিক্ষক ছিলেন  ঢাকা চারুকলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ছিলেন তার ভাব শিষ্য ও অনুরাগী।

ভারতের ববোদায় গিয়ে মহারাজা সায়াজিয়াত বিশ্ববিদ্যালয়ে তাঁর সাথে পরিচয় ঘটে খ্যাতিমান চিত্র শিল্পী কেজি সুব্রহ্মণ্যনের সাথে। দেশজ শিল্প অনুসন্ধান, সভ্যতা ও সংস্কৃতি সংলগ্ন শিল্পশৈলী তাঁকে রহস্যময় জগতে প্রবেশ করায়।

একের মধ্যে একাধিক সত্তার উপস্থিতি তাঁকে করে তোলে অন্য শিল্পীদের থেকে পৃথক।

জাতীয় আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। তারেক মাসুদ পরিচালিত 'মাটির ময়না'র অন্যতম শিল্প নির্দেশক ছিলেন তরুণ ঘোষ। তিনি ' বেহুলা' ও ‘১৯৭১’ সিরিজ চিত্রকর্মের জন্য বিশেষভাবে আলোচিত।  সাংগঠনিক কর্মকাণ্ড তাঁর সত্তার আরেক দিক। ১৯৮৯ সালে মঙ্গল শোভাযাত্রার 'বাঘ' প্রতীক সৃষ্টি তাঁর শিল্পকুশলতার অনন্য নিদর্শন। 

 চারুকলা ইন্সটিটিউট, ছবির হাট, আজিজ মার্কেট আড্ডায়  তিনি ছিলেন রসিক। আসর মাতাতে সবাই পারে না। কথায় চলনে বলনে কিঞ্চিৎ অভিনয়ের মাধ্যমে তিনি চারপাশ রাঙিয়ে দিতেন। 

১৯৮৯ সালে তরুণ ঘোষ জাতীর জাদুঘরে কর্মেসূত্রে যোগদান করেন। ২০১২ সালে তাঁর অবসর জীবনের শুরু হয়। ‘মাটির ময়না’র পর তিনি 'নরসুন্দর' চন্দ্রাবতী কথার শিল্প নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেন। 'সখা বঙ্গমালা'রও  তিনি শিল্প নির্দেশক। লোক ঐতিহ্য মিথ, ইতিহাস ও মানুষের বিচিত্র দিক ছিল তাঁর চিত্রমালার বিষয়। ১৯৮৫ থেকে ১৯৮৭ পর্যন্ত ফোক পেইন্টিং প্রোগ্রামে কাজ তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। 

 লালবাগের পোস্তা শ্মশান ঘাটে তাকে স্বজন, বন্ধু ও সহকর্মীরা বিদায় জানিয়েছে। শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে ছিল তাঁর প্রতি ভালোবাসার প্রকাশ। তরুণ ঘোষের বাড়ীতে তাঁর গড়ে তোলা স্টুডিওতে তাঁর অসংখ্য কাজ। ক্যানভাসে জলরঙ ও অন্যমাধ্যমে আঁকা তাঁর  চিত্রশিল্প সংরক্ষণ প্রয়োজন। তার চিত্রকর্ম, শিল্প নির্দেশনা নিয়ে ডকুমেন্টরী নির্মাণ করার উদ্যোগ নিলে খুব ভালো হয়। তরুণ ঘোষ তার সৃজন কর্মে স্মরণীয় হয়ে থাকবেন।