১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হ‌ুমায়ূন আহমেদ, তাঁর হাস্যরসায়ন

হ‌ুমায়ূন আহমেদ কেন কিংবদন্তি লেখক? এটি একটি গুরুতর ও প্রাসঙ্গিক প্রশ্ন। কী তাঁর রচনার বৈশিষ্ট্য, বয়ানশৈলী, পরিবেশনা গুণ? মৃত্যুর ১৫ বছর পরও তাঁর রচনাসমূহের কদর-চাহিদায় ততটা ভাটা পড়েনি, যতটা দেখা গেছে অন্যান্য প্রয়াত লেখকের বেলায়।

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 19 Jul 2025, 12:23 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

একসময় রিডার্স ডাইজেস্ট পত্রিকায় প্রায়ই ছাপা হতো ‘লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন’ নামের কিছু জোকস। আসলেই, হাস্যরস কিন্তু অন্যরকম জীবনীশক্তি  জোগান দেয়। জননন্দিত কথাশিল্পী হ‌ুমায়ূন আহমেদ (জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮, মৃত্যু ১৯ জুলাই ২০১২) ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত সুরসিক। জমিয়ে গল্প বলতে পারতেন। আড্ডার মধ্যমণি হয়ে উঠতেন নিমেষেই। এটি অবশ্যই বিরল একটি গুণ। যাঁরা তাঁর সাহচর্য পেয়েছেন, এক বাক্যে একথা স্বীকার করবেন। সাহচর্য-পাওয়া অনেক জনের মধ্যে এই লেখকও একজন।

হ‌ুমায়ূন আহমেদ কেন কিংবদন্তি লেখক? এটি একটি গুরুতর ও প্রাসঙ্গিক প্রশ্ন। কী তাঁর রচনার বৈশিষ্ট্য, বয়ানশৈলী, পরিবেশনা গুণ? মৃত্যুর ১৫ বছর পরও তাঁর রচনাসমূহের কদর-চাহিদায় ততটা ভাটা পড়েনি, যতটা দেখা গেছে অন্যান্য প্রয়াত লেখকের বেলায়। হ‌ুমায়ূন-রচনা কেন সমাদৃত, কেন পাঠকনন্দিত? বিস্মরণের ধুলো কেন সেভাবে ম্লান করতে পারেনি তাঁকে? সেটিও বিরল ব্যতিক্রম এবং অবশ্যই চিন্তার খোরাক জোগায়।

হ‌ুমায়ূন-গবেষণা যা আজ অব্দি যতটা ব্যাপ্তি,পরিসর ও মাত্রিকতা নিয়ে সম্পন্ন হয়েছে, তাকে পর্যাপ্ত বলা চলে না। বর্তমান রচনাটি তাঁর রসবোধ নিয়েই আবর্তিত হবে। হ‌ুমায়ূন আহমেদের কণ্ঠস্বর ছিল মেয়েলি ধাঁচের। আপাতদৃষ্টে খুব একটা ইমপ্রেসিভ না। নব্য পরিচিত কারো পক্ষে অল্প সময়ে বোঝা সম্ভব হতো না যে এই মানুষটার গল্প জমানোর অদ্ভুত এক সম্মোহনী টান আছে। আরো একটি ব্যাপার বিশেষ অভিনিবেশ দাবি করে--সেটা হলো তাঁর বলা ও লেখার মধ্যে ছিল আশ্চর্য রকমের মিল। এরকমটা সাধারণত দেখা যায় না। হ‌ুমায়ূন আহমেদ রচিত গ্রন্থাবলি পাঠ করলে (কোয়ান্টাম রসায়ন বইটি বাদে) আমরা এ বক্তব্যের যাথার্থ্য দেখতে পাব।

এটা ঠিক যে, বন্ধু সুহৃদদের সঙ্গে আড্ডায় মজলিশে তিনি প্রায়শই অন্যকে খোঁচাতে পছন্দ করতেন। কখনো কখনো তা বেশ নির্মমও হতো। আরো একটি ব্যাপার উল্লেখ করতেই হয়--সেটি হচ্ছে তিনি নিজেকেও ছাড় দিতেন না। অর্থাৎ নিজকে নিয়েও দুর্দান্ত সব রসিকতা করতেন। হ‌ুমায়ূন-গ্রন্থরাজিতে আমরা সবক্ষেত্রেই কম বেশি এই রসবোধের পরিচয় পাই। কোনো কোনো ক্ষেত্রে হাস্যচ্ছলে তিনি অনেক গুরুগম্ভীর ও জরুরি মেসেজও দিয়েছেন। সেসব তাঁর সমাজচিন্তনের পরিচয় দ্যোতক।

খ্যাতির মধ্যগগনে ওঠার প্রাক্কালে হ‌ুমায়ূন আহমেদ উন্মাদ পত্রিকায় একটি কলাম লিখতেন। বাহুল্য বলা, সরস এই কলামটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। পরে দুইখন্ডে ‘এলেবেলে’ নামেই বইটি বের করেছে সময় প্রকাশন। লেখাগুলোর কোনো শিরোনাম নেই। মজার মজার প্রসঙ্গের অবতারণা করা হয়েছে বইটিতে। বিষয়ের বৈচিত্র্যও রয়েছে। পাঠক সমীপে একটি রচনা এখানে হুবহু উদ্ধৃত করা হলো--

দুপুর বেলা আমাদের ছাদে একটা চোর ধরা পড়ল।

আমি খবরের কাগজ নিয়ে রোদে বসেছিলাম। ছুটির দিনে আরাম করে কাগজ পড়ব--হৈ চৈ শুনে ছাদে গেলাম।

সেখানে শিশুদের একটা জটলা। জটলার মাঝখানে সুখী-সুখী চেহারার একটা লোক। গোল গোল মুখ। সুন্দর করে চুল আঁচড়ানো। পরনে লুঙ্গি, সাদা পাঞ্জাবি। আমাদের কাজের ছেলেটি শক্ত করে লোকটির হাত ধরে আছে এবং কিছুক্ষণ পর পর ভাঙা গলায় চেঁচাচ্ছে--চোর! কাপড় চোর!

আমাকে দেখে সেই চোর মধুর স্বরে বললো, ভাইসাব ভালো আছেন?

আমি স্তম্ভিত। বলে কি এই লোক। আমি ভালো করে তাকালাম। লোকটি পান চিবুচ্ছে। পান চিবুনোর কারণেই হয়তো লোকটির মধ্যে শান্তি শান্তি ভাব। এ রকম প্রশান্ত চেহারার কাউকে চট করে তুই বলা যায় না। তবু চোরদের তুই করে বলাই নিয়ম। কাজেই আমি যথাসম্ভব কর্কশ গলায় বললাম, তুই ছাদে কি করছিস?

সে হাসি মুখে বললো, চুরি করতে আসছিলাম ভাইজান।

আমি কি বলব ভেবে পেলাম না। চোর কখনো বলে না চুরি করতে এসেছিল।

তাহলে কি এই লোকটি চোর নয়? আমি দ্বিধার মধ্যে পড়ে গিয়ে বললাম (এইবার তুমি সম্বোধনে)।

: কি চুরি করতে এসেছ?

: শাড়ি লুঙ্গি এই সব। বাচ্চা-কাচ্চার কাপড় আমি নেই না ভাইসাব।

: নাও না কেন ?

: মার্কেট নাই।

: বাড়ি কোথায় তোমার?

: নেত্রকোনা, গ্রাম ধূপখালি, বারহাট্টা।

: ঢাকায় থাক কোথায়?

মিরপুর দুই নম্বর সেকশন। সদর রাস্তার পাশে গ্রীন ফার্মেসি। গ্রীন ফার্মেসির পিছনে। আমার নাম মোঃ ইসমাইল। গ্রীন ফার্মেসিতে আমার নাম জিজ্ঞেস করলে বাসা দেখায়ে দিবে।

আমি আরো ধাঁধায় পড়ে গেলাম--নাম ঠিকানা সব বলে দিচ্ছে, ব্যাপারটা কি?

চোর এইবার উদাস গলায় বললো, মারধোর যা করার করে ফেলেন। বাসায় যাব।

: মারধোর করব?

: তাতো ভাইসাব করতেই হয়। চোর ধরলে চোররে তো কেউ চা-বিস্কুট খাওয়ায় না।

এলেবেলের পাঠক মাত্রই বুঝতে পারছেন, এ জাতীয় চোরদের মারধোর করা অত্যন্ত কঠিন। আমি তাকে ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম বলাটা ঠিক হবে না। চোরকে টোস্ট দিয়ে এক কাপ চাও খাওয়ালাম। সে যেমন হাসিমুখে ধরা পড়েছিল, তেমনি হাসি মুখে বিদেয় হলো।

এখন কথা হচ্ছে চোরকে আমি চা-বিস্কুট খাইয়ে বিদেয় করলাম কেন? সে আমার সঙ্গে অদ্ভুত আচরণ করেছে বলেই কি? এই অদ্ভুত আচরণটা কি তার একটা কৌশল? নাকি লোকটার মাথা খারাপ? ভদ্রলোকের মধ্য প্রচুর মাথা খারাপ আছে, চোরদের মধ্যে থাকবে না কেন?

আর এটা যদি তার আত্মরক্ষার কৌশল হয় তাহলে চমৎকার কৌশল, স্বীকার না করে উপায় নেই। অন্যকে বোকা বানানোর সুন্দর কৌশল৷ একজন রিকশাওয়ালার গল্প বলি--গুলিস্তানে উঠেছি, যাব ভূতের গলি। ভাড়া চাইল তিন টাকা। আমি বেশ খানিকটা দ্বিধার ভাব নিয়েই রিকশায় উঠলাম। যেখানে আট টাকা ভাড়া হওয়া উচিত, সেখানে তিন টাকা চাচ্ছে, রহস্যটা কি? কোনো রকম রহস্য টের পাওয়া গেল না। তিন টাকা দেয়া মাত্র রিকশাওয়ালা দেখি চলে যাচ্ছে। আমি ডাকলাম, অবাক হয়েই বললাম, এত কম ভাড়া নিচ্ছ ব্যাপারটা কি?

রিকশাওয়ালা করুণ গলায় বললো, পরশু আসছি ঢাকা শহরে । ভাড়া কত জানি না। যা পাই তাই নেই। কেউ কেউ বেশি দেয়। আমি মনে মনে কই আলহামদুলিল্লাহ। কেউ কেউ আমারে ঠকায়। আমি বেজার হই না। সবই আল্লাহর হুকুম ।

আমি মানিব্যাগ থেকে দশটা টাকা বের করে দিলাম। যখন রিকশাওয়ালার সততায় পুরোপুরি মুগ্ধ হয়ে যেতে শুরু করেছি, তখন চট করে মনে হলো, যে লোক পরশু ঢাকা শহরে এসেছে, সে গুলিস্তান থেকে ভূতের গলির মতো জায়গায় চলে এলো কিভাবে? রিকশাওয়ালা কি আমাকে পুরোপুরি বোকা বানিয়ে গেল?

মুশকিল হচ্ছে কি, এরকম বোকা আমরা হরদম বনছি। এই যুগের মন্ত্র হচ্ছে, কে কাকে কতটা বোকা বানাতে পারে। নাট্যকার নিদারুণ করুণ গল্প লিখে চেষ্টা করছেন দর্শকদের কাঁদিয়ে বোকা বানাতে। দর্শকরা সেই করুণ রসের নাটক দেখে হা হা করে হেসে নাট্যকারকে বোকা বানাতে চেষ্টা করছেন। রাজনীতিবিদ চেষ্টা করছেন জনগণকে বোকা বানাতে, জনগণ চেষ্টা করছেন রাজনীতিবিদদের ফাঁদে ফেলতে। কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যার কথাটা ধরা যাক ৷ কেন বন্যা হলো সেই সম্পর্কে নানান রকম থিওরি। প্রতিটি থিওরি একদলকে বোকা বানানোর জন্যে তৈরি। যেমন--

(ক) বন্যা হয়েছে কারণ আগের সরকার অপরিকল্পিতভাবে খাল কেটেছেন। নদী ড্রেজিং করাননি। (এই থিওরি বিএনপিকে বেকায়দায় ফেলার জন্যে)।

(খ) বন্যার মূল কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র। তাদের ফারাক্কা বাঁধ। এই থিওরি খুব সম্ভব শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্যে, কারণ তিনি ইদানীং খুব বলে বেড়াচ্ছেন বন্যার সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। কেন বলছেন কে জানে, হয়তো কাউকে বোকা বানাতে চান।

(গ) বন্যা হচ্ছে আল্লাহর গজব। আল্লাহ যেমন ফেরাউনকে শায়েস্তা করবার জন্যে নূহ নবীর সময়ে মহাপ্লাবন দিয়েছিলেন--বাংলাদেশের বন্যাও তাই।

মন্তব্যটি এরশাদ সাহেবের জনৈক মন্ত্রীর। মন্ত্রী ফেরাউন বলতে কাকে বোঝাচ্ছেন, কে জানে! যদি এরশাদ সাহেবকে বোঝাতে চান, তাহলে বলতে হবে তিনি বোকা বানাতে চাচ্ছেন খোদ রাষ্ট্রপ্রধানকেই। তবে আমার তা মনে হয় না। এরকম কূটবুদ্ধির কাউকে এরশাদ সাহেব মন্ত্রী বানাবেন না।

(ঘ) বন্যার মূল কারণ আমেরিকা। তাদের কারণেই বিশ্বজোড়া পরিবেশ দূষণ হয়েছে। যার কারণে এই ভয়াবহ বন্যা।

বামপন্থীদের কথা। তারা সম্ভবত নিজেদেরকেই বোকা বানাতে চাচ্ছেন। আমার এলেবেলে শ্রেণীর লেখাগুলোর মূল উদ্দেশ্যও কিন্তু তাই। পাঠকদের বোকা বানানো। প্রথমে চোর নিয়ে অবিশ্বাস্য একটি গল্প ফাঁদলাম, তার সঙ্গে রিকশাওয়ালাকে নিয়ে গল্পটি (এটি সত্যি গল্প) জুড়ে দিলাম। কারণ মিথ্যা সত্যির সঙ্গে মিশিয়ে পরিবেশন করতে হয়, নয়ত তা গ্রহণযোগ্য হয় না। এর পর পরই বোকা বানানো প্রসঙ্গ এনে কিছু আঁতেল জাতীয় কথাবার্তা বলা হলো এই আশায় যাতে কিছু পাঠক মনে করেন আরে এই লোকের অ্যানালিসিস তো খারাপ না।

অবশ্যি পাঠকরা (যেহেতু তাঁদের বুদ্ধিবৃত্তি লেখকদের চেয়ে উচ্চস্তরের) কি করবেন, তাও আমি জানি। এলেবেলে শেষ করে কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে লেখকের উদ্দেশ্যে দু’অক্ষরের একটি গালি দেবেন, যে গালিতে আমার বোনের সঙ্গে পাঠকের একটি সম্পর্ক স্থাপিত হবে। তা নিয়ে আমি ঠিক বিচলিত নই, কারণ বিচলিত হবার কিছু নেই, যুগটাই এমন।