২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোর্হে লুইস বোহের্সের শেষ সাক্ষাতকার- পর্ব ১

কিন্তু বুয়েনোস আইরেসে আমাকে কেউ পাত্তাই দেয়নি, আর বুয়েনোস আইরেসের লোকজন আসলে ছিল খুব, খুব নাকউঁচা, এবং একমাত্র তারা তখনই আমার দিকে নজর দেয় যখন তারা জানতে পারে যে আমাকে পুরস্কার দেয়া হয়েছে...

হোসেন মোফাজ্জল

Published : 14 Sep 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

হোর্হে লুইস বোর্হেসের এই শেষ সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল তাঁর মৃত্যুর এক বছর আগে। সাক্ষাতকারটি প্রথমে প্রচারিত হয়েছিল আর্হেন্তিনার লা ইসলা রেডিও এফ এম কর্তৃক ১৯৮৫ সালে। সাক্ষাতকারটি নিয়েছিলেন গ্লোরিয়া লোপেজ লেকিউব। সাক্ষাতকারটি স্প্যানিস থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন কিট মাওদে, আর ইংরেজি থেকে বাংলায় তর্জমা করেছেন অনুবাদক হোসেন মোফাজ্জল। বি.স.

আমার রাশি (যার উপরে আমার আবার বিশ্বাস নেই) অনেক আনন্দের মধ্যে যা আমাকে মঞ্জুর করেছিল তা হচ্ছে সাহিত্যিক এবং আধিবিদ্যক সংলাপ। যদিও এই দুটো অ্যাখ্যাতেই কিছুটা হলেও মিথ্যার ঝুঁকি থেকে যায়, আমি পরিষ্কার করতে চাই যে সংলাপ আমার কাছে কোন ধরনের বির্তক না, মনোলগ বা কর্তৃত্বপূর্ণ গোঁড়ামি না, বরং অনুসন্ধানে অংশ নেয়া। আমি সংলাপের ব্যাপারটা উল্লেখ করতে পারি না আমার বাবা, এবং রাফায়েল কানসিনোস-আসসেন্স, এবং মাসেদোনিও ফের্নান্দেসের কথা বাদ দিয়ে, এরকম অন্যান্য আররও অনেকেই আছেন যাদের নাম আমি উল্লেখ করতে পারছি না, কারণ দেখবেন যে কোনো নামের তালিকা করলে সবচেয়ে বিখ্যাত নামগুলো সবসময় কেন জানি বাদ পরে যায়। সেসব সত্ত্বেও আমার অব্যক্তিক সংলাপ প্রত্যয়, আমার প্রশ্নকর্তা আমাকে বলেছেন (এবং আমার স্মৃতি তা নিশ্চিত করেছে) যে আমি খানিকটা ধর্মপ্রচারকদের মত হয়ে উঠেছি এবং প্রচার করছি, কোনো রকমের নির্দিষ্ট একঘেয়েমি ছাড়া, পুরানা ইংরেজি এবং পুরানা নর্স, শোপেনহাওয়ার থেকে বার্কলে, এমার্সন এবং ফ্রস্ট পর্যন্ত। এই খন্ডের পাঠকবৃন্দ তা উপলব্ধি করতে পারবেন। আমার জন্য এটা বলা বেশি হবে যে আমি যদি কোনো কিছুতে ধনবান হয়ে থাকি, তা হলো সেটা নিশ্চয়তার থেকে বরং জটিলতায়।একজন সহকর্মী তার চেয়ার থেকে ঘোষণা দিয়েছেন যে দর্শনটা পরিষ্কার এবং সুনির্দিষ্ট বোঝাপড়া রয়েছে; আমি যদি এটাকে সঠিকভাবে বলি তাহলে এটা মানুষের দরকারী জটিলতার সংস্থা। আমার মেলা সুন্দর সুন্দর স্মৃতি আছে যুক্তরাষ্ট্র নিয়ে, বিশেষ করে টেক্সাস এবং নিউ ইংল্যান্ড নিয়ে। ক্যাম্ব্রিজে, ম্যাসাচুসেটসসে, আমি মেলা ঘন্টা অবসরে কথা বলেছি রিচার্ড বার্গিনের সাথে। আমার কাছে মনে হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল না কোনো প্রকার গুপ্ত স্বার্থ সাধনের। তার করা প্রশ্নে চাপিয়ে দেবার মত কিছু ছিল না বা এমন কি উত্তর দেবার কোন দাবীও ছিল না। কোনো প্রকার শিক্ষামূলকও ছিল না। ছিল একটা সময়হীনতার বোঝাপড়া। এই পৃষ্ঠাগুলি আবার পড়ুন। আমার মনে হয় আমি নিজেকে প্রকাশ করতে পেরেছি, প্রকৃতপক্ষে আমি নিজেকে কবুল করতে পেরেছি, এবং বেশ ভালভাবেই করেছি সেসবের তুলনায় যা আমি নির্জনে লিখেছিলাম অতিরিক্ত যত্নে এবং সর্তকতার সাথে। সকল প্রেমে, সকল বন্ধুত্বে, এবং সকল প্রকৃত সংলাপে ভাবনার আদান-প্রদানটা হচ্ছে একটা জরুরি শর্ত। দুজন লোক যারা একসাথে কথা বলতে পারেন তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন এবং প্রসারিত করতে পারেন অনির্দিষ্টকালের জন্য। আমার কাছ থেকে যা এসেছে তা নিয়ে আমি যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি হয়েছি অন্যদের কাছ থেকে আমি যা পেয়েছি তা নিয়ে। আমি জানি জগতে এমন লোকজন আছেন যাদের আমাকে জানার ব্যাপারে কৌতুহলী আগ্রহ আছে।

আমি জানি জগতে এমন লোকজন রয়েছে যাদের আমাকে ভাল করে জানার ব্যাপারে কৌতুহলী আকাঙ্খা আছে। প্রায় সত্তর বছর ধরে, বড় কোন প্রচেষ্টা ছাড়াই, আমি কাজ চালিয়ে গিয়েছে একই রকমের পরিসমাপ্তির দিকে। ওয়াল্ট হুইটম্যান ইতিমধ্যে বলেছিলেন: “আমি মনে করি আমি আমার প্রকৃত জীবন সম্পর্কে সামান্য অথবা কিছুই জানি না।” রিচার্ড বার্গিন আমাকে সাহায্য করেছেন আমার নিজেকে জানতে।

--হোর্হে লুইস বোর্হেস

বোর্হেস কর্তৃক কৈশোরে আঁকা বাঘ

গ্লোরিয়া লোপেজ লেকিউব: লেখালেখি বা যেসব প্রিয় বই আপনাকে পাঠ করে শুনানো হয় এর বাইরে আর কী কী করতে আপনার ইচ্ছা করে?

হোর্হে লুইস বোর্হেস: আমার বেড়াতে যেতে ভাল লাগে, দেশ নিয়ে ভাবতে এবং কল্পনা করতে আমার ভাল লাগে; যদিও সম্ভবত বেশ ভুলভাবে কারণ. . .

গ্লোরিয়া: মানে আপনার সাথে যে সঙ্গী হিসেবে যায় তিনি আপনাকে বর্ণনা করেন?

বোর্হেস: জ্বি। আমি মারিয়া কোদামার সাথে ভ্রমণ করি, সে আমার কাছে জিনিসগুলো বর্ণনা করে এবং আমি সেসব কল্পনা করি, অবশ্যই খারাপভাবে।

গ্লোরিয়া: আপনি কী সেসব রঙিন কল্পনা করেন?

বোর্হেস: জ্বি। স্বাভাবিক ভাবে, এবং আমি স্বপ্নও দেখি রঙিন। কিন্তু আমি যখন স্বপ্ন রঙিন দেখি তখন রঙগুলো আমার কাছে আরও বেশি চমকপ্রদ মনে হয়। যে সময়টাতে জেগে থাকি, সেটা যে সময়টাতেই হোক না কেন, যেমন ধরেন ঠিক এই মুহূর্তে আমি ঘিরে আছি কুয়াশায়, এবং উজ্বল, কখনও বা নীলাভ, কখন ধূসর যদিও আকৃতিগুলো অতটা ভালভাবে নির্ধারিত থাকে না। শেষমেশ যে রঙটা আমার সাথে রয়ে গিয়েছিল তা হলো হলুদ। আমি একটা বই লিখেছিলাম, দ্য গোল্ড অব টাইগার্স, এবং সেই বইটাতে একটা কবিতা ছিল এরকম - যেখানে আমি বলেছিলাম, বেশ, যদি সঠিকভাবে মনে থাকে, প্রথম যে রঙ আমি দেখেছিলাম তা ছিল বাঘের লোমের হলুদ রঙটা। আমি চিড়িয়াখানায় গেলে বাঘের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাবার করে দিতাম, এবং যখন আমি আমার দৃষ্টিশক্তি হারাতে শুরু করলাম তখন আমার কাছে যে রঙটা থেকে যায় তা হল হলুদ, কিন্তু এখন আমি সেটাও হারিয়েছি। সবার আগে যে রঙটা আমি হারিয়েছিলাম তা হল কালো এবং লাল। যার মানে আমি কখনো অন্ধকারে ছিলাম না। প্রথম প্রথম খানিকটা অস্বস্তি লাগতো। তারপরে অন্য যে রঙগুলো আমার কাছে রয়ে গিয়েছিল: তা হল সবুজ, নীল আর হলুদ, কিন্তু সবুজ আর নীল বিবর্ণ হতে হতে একসময় বাদামী রঙের হয়ে যায় আর তারপরে হলুদ হয়ে যায়। এখন আর কোন রঙ বাকি নেই, যা আছে তা হলো শুধু আলো আর তার চলাফেরা।

গ্লোরিয়া: একবার আপনি বলেছিলেন যে অন্ধত্বটা আপানার কাছে একটা উপহার হিসেবে নাজিল হয়েছে, এবং যার কল্যাণে লোকজন আপনাকে পছন্দ করে।

বোর্হেস: বেশ, আমি তাই ভাবতে চেষ্টা করি, কিন্তু, বিশ্বাস করুন...

গ্লোরিয়া: এতে আপনার মেজাজ চড়ে যেত না?

বোর্হেস: আমাকে বিশ্বাস করুন: অন্ধত্বের সুবিধাটা আসলে অনেক অনেক বাড়িয়ে বলা হয়েছে। যদি আমি দেখতে পেতাম তাহলে আমি বাসার থেকে বেরই হতাম না। আমি বাসার ভেতরে থেকে বই পড়তাম যা আমার চারপাশে রয়েছে। এখন সেসব আমার থেকে আইসল্যান্ডের মতো দূরে মনে হয়। যদিও আমি আইসল্যান্ডে দুবার গিয়েছিলাম এবং আর আমি কখনই আমার বইগুলোর কাছে যেতে পারব না। এবং তবুও, একই সাথে, আমি যে পাঠ করতে পারি না যা আমাকে বাধ্য করতো...

গ্লোরিয়া: জগতের সাথে সংযোগ স্থাপনে?

বোর্হেস: না, জগতের সাথে সংযোগ না, না মানে যা আমাকে বাধ্য করে স্বপ্ন দেখতে এবং কল্পনা করতে। না, আমি জগতটাকে জানি মূখ্যত মানুষের কাছ থেকে।

গ্লোরিয়া: এতে আপানার রাগ হয় না? অন্ধ হওয়াতে আপনার নিজেকে কী অক্ষম মনে হয় না?

বোর্হেস: না, বেশ, ব্যাপারটা ব্যক্তিগত হতে পারে, কিন্তু আমার দায়টা হচ্ছে ...

গ্লোরিয়া: ঠিক কখন আপনি নিজেকে ব্রোঙ্কো (ক্ষুব্ধ) মনে করেন?

বোর্হেস: না ব্রোঙ্কো না, এটা বেশ শক্ত শব্দ।

গ্লোরিয়া: আপনি নিজে ব্রোঙ্কো বোধ করেন নাই কখনো?

বোর্হেস: আমি জানি না, ব্রঙ্কো নাকি লুনফার্দো, মানে রাগ হয় কিনা? আমি জানি না। না, রাগ না, কোনো কোনো সময় আমি চুপসে যাই। কিন্তু সেটা তো সহজাত ব্যাপার আমার মত এই বয়েসে... বুড়ো বয়েসটা হচ্ছে একধরনের চুপসে যাওয়া, কিন্তু রাগ করার মত কী আছে এখানে? এটতো আর কারুর দোষ না।

গ্লোরিয়া: আপনার কী মনে আছে আপনার চেহারা, শরীর বা হাত দেখতে কেমন?

বোর্হেস: না।

গ্লোরিয়া: আপনি কী আপনার চেহারাটা ছুঁয়ে দেখেন? আপনার হাত দিয়ে?

বোর্হেস: বেশ, অবশ্যই। দাড়ি কামাবার আগে ও পরে, তবে অতটা নয়। কে জানে আয়নার ভেতর দিয়ে কোন বুড়ো আবার আমার দিকে তাকিয়ে আছে? তাকে যদিও আমি দেখতে পাই না, অবশ্যই। আমি তাকে আর আয়নায় চিনতেও পারব না (যা আমার আর নেই, অবশ্যই); শেষবার আমি যখন নিজেকে দেখেছিলাম তা হবে ১৯৫৭ দিকে। আমার ভয় যে আমি মনে হয় বড় রকমের বদলে গেছি; একটা বলিরেখার চরাচর, সন্দেহ নেই তাতে।

গ্লোরিয়া: কিন্তু বলিরেখা তো অভিজ্ঞতার লক্ষণ।

বোর্হেস: জ্বি। তাহলে উদাহরণ দিয়েই বলি যে আমার চুল ছিল বাদামী রঙয়ের এবং আমার মনে হয় আমি এখন টাকেরও অধম। [হাসি।]

গ্লোরিয়া: আপনার মাথায় এখনও মেলা চুল আছে, তাই আপনি নালিশ করতে পারেন না।

বোর্হেস: জ্বি, কিন্তু টাক থাকা আবার একই সাথে চুল আউলাজাউলা থাকাটা অদভুত ব্যাপার তাই না।

গ্লোরিয়া: আপনি যদিও চোখে দেখেন না তবুও আমি এখন যখন আপনার সাথে কথা বলছি তখন আমার মনে হচ্ছে আপনি আমার দিকে তাকিয়ে আছেন। এটা কেমনে কী?

বোর্হেস: বেশ, এটা একটা চালাকি, আপনি যেভাবে বলতেছেন তাতে ব্যাপারটা একটা ফেসিয়াল মিথ্যার মত শুনাচ্ছে।

গ্লোরিয়া: আমার কাছে না আপনার কাছে?

শিল্পীর চোখে বোর্হেস 

বোর্হেস: না, আপনার গলার আওয়াজটা যে দিক থেকে আসছে, আমি তো সে দিকেই তাকিয়ে থাকব। তাই আপনার মনে হচ্ছে আমি আপনার দিকে তাকিয়ে আছি। আপনি যদি চান, আমি আমার চোখ বন্ধ করে রাখতে পারি, তাতে যদি আপনি আরও খানিকটা স্বস্তি বোধ করেন। তবে আমি কোনো পার্থক্য বলতে পারব না।

গ্লোরিয়া: না, আমার মনে হচ্ছে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি।

বোর্হেস: বেশ, যদি তাই সত্য হয়ে থাকে, বা হতে পারে আমরা দুজনা দুজনার দিকে তাকিয়ে আছি; কিন্তু আমার মনে হয় আমাদের ইন্দ্রিয়গুলি অতটা টের পাচ্ছে না।

গ্লোরিয়া: আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান আপনি কেমন বোধ করেন? কারণ আপনি হচ্ছেন একধরনের থার্মোমিটারের মতো, তাই না? একটা শ্রবণেন্দ্রিয় থার্মোমিটার বাইরে থাকা লোকজনদের মাঝে?

বোর্হেস: আমার মনে হয় আমাকে ঘিরে আছে বন্ধুত্ব, উদারতা, ব্যাখ্যাতীত বন্ধুত্ব। লোকজন আমাকে পছন্দ করে, জানি না কেন, আমি এর ব্যাখ্যা দিতে পারব না, বেশির ভাগ লোকজন আমি কী লিখেছি তা পাঠ করেনি। এই বন্ধুত্বটা রহস্যময় কিন্তু অদভুত ধরনের। যেন আমি একটা ধ্বংসাবশেষ। আমি যেবার টেক্সাসে গিয়েছিলাম, ৬১ সালের দিকে, আমার মায়ের সাথে, আমি অবাক হয়ে টের পাই যে লোকজন আমাকে গুরুত্বের সাথে নিচ্ছে, আমি নিজেকে জিজ্ঞাসা করি এমনটা হবার কী কারণ থাকতে পারে। আমার মনে হয় আমি উত্তরটা খুঁজে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম ‘‘অবশ্যই”, আমার বয়স তখন বাষট্টি, এবং লোকজন বলেছিল বেটা বুড়া, আমি যদিও তা মনে করতাম না আসলে, আমার কাছে আমি তখনও তরুণ, কিন্তু লোকজন ভেবেছিল তাই, ফলে আমি ছিলাম একটা বুড়ো লোক, একষট্টি বছর বয়সের, আমি ছিলাম একজন কবি, আমি ছিলাম অন্ধ, আর এসব মিলিয়ে আমাকে বানিয়ে দেয়া হল অনেকটা এমন আমি যেন মিল্টন, হোমারের মত একটা কিছু। এবং অবশ্যই আমি দক্ষিণ আমেরিকার, আবার টেক্সাসে যার মানে হল বহিরাগত, তাদের কাছে আমি একধরনের মেক্সিকান, আর এসবই ছিল আমার জন্য বড় ধরনের সুবিধা, যা ছিল আমার পক্ষে, আমি যা কিছু লিখেছিলাম সেসব বাদ দিলে, যেগুলি কি না আবার তখন অনুবাদও হয়নি। তাই আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম আর তা ছিল আমি অন্ধ, দক্ষিণ আমেরিকার কবি, কিন্তু বুয়েনোস আইরেসে আমাকে কেউ পাত্তাই দেয়নি, আর বুয়েনোস আইরেসের লোকজন আসলে ছিল খুব, খুব নাকউঁচা, এবং একমাত্র তারা তখনই আমার দিকে নজর দেয় যখন তারা জানতে পারে যে আমাকে পুরস্কার দেয়া হয়েছে, ইউরোপিয় সম্পাদকদের দেয়া, ফরমেনটর পুরস্কার। আচানক তারা লক্ষ্য করে, আরে আমি তো এখানে। তার আগে পর্যন্ত আমি ছিলাম যেন ওয়েলসের অদৃশ্য মানব, যা ছিল আরও স্বস্তিদায়ক, কিন্তু হঠাৎ করেই তারা আমার দিকে মনযোগ দিতে শুরু করে।

গ্লোরিয়া: এবং তারপরে কী ঘটে যখন তারা আরও বেশি করে মনযোগ দিতে শুরু করে আপনার প্রতি, তখন কী ঘটে? বিশেষ করে আপনি যেমন লাজুক প্রকৃতির?

বোর্হেস: আমার এই লাজুক ব্যাপারটা আসলে গড়ে উঠেছিল সময়ের সাথে সাথে, অনেকটা আমার জনসমুক্ষে কথা বলার আতঙ্কের মত। প্রথম দিকে আমি এখনকার থেকে কম ভয় পেতাম কারণ আমি এখন তো ঝানু তাই না, আচ্ছা তাহলে বলি, প্যানিক নিয়ে।

কৌতুকালেখ্যে বোর্হেস

গ্লোরিয়া: প্যানিক? আপনি যখন শ্রোতাদের সামনে দাঁড়ান তখন আপনার কেমন লাগে?

বোর্হেস: এখন, আমি আতংকিত হই, অবশ্যই আমার অন্ধত্বটা হতে পারে একটা ঢাল। আমার বন্ধুরা আমাকে বলবে যে কেউ আসেনি, পুরা হল ফাঁকা, কিন্তু আমি তো জানতাম এসব বলতো তারা আমার নার্ভকে শান্ত রাখার জন্য। তারপরে, কখনও কখনও, আমি হলের বাইরে চলে গেলে, হাততালির শব্দ শুনতে পেতাম, তখন আমি টের পেতাম আমার বন্ধুরা, উদারতার সাথে,আমায় মিথ্যা বলেছিল এবং আমি তখন আবার সেই বিষন্নতা টের পেতে শুরু করতাম।

গ্লোরিয়া: কিন্তু আপনি কত সহজেই বলেন...

বোর্হেস: না, না, না, আমাকে বিশ্বাস করুন, এটা অনেকটাই কঠিন ছিল। আমি খুঁজে পেয়েছি যে নিজেকে নিয়ে লেখাটা বিশেষভাবে জটিল।

গ্লোরিয়া: আপনার কয়টা ছড়ি আছে, বোর্হেস?

বোর্হেস: সাতটা কি আটটা, সেসব বেশ সাধারণ মানের।

গ্লোরিয়া: এগুলো কী উপহার হিসেবে পাওয়া?

বোর্হেস: জ্বি। সবগুলোই উপহার হিসেবে পাওয়া।

গ্লোরিয়া: যেসব দেশে বেড়াতে গেছেন সেখানকার লোকজনদের দেয়া বা...?

বোর্হেস: তার মধ্যে কয়েকটা উপহার পাওয়া আর বাকিগুলো মারিয়া কোদামার দেয়া, এসব হচ্ছে  কানান এলাকার আশেপাশের আরব রাখালদের বাঁকানো লাঠি।

গ্লোরিয়া: আর আপনি কী সবসময় এরকম কাপড়চোপড় পরে থাকেন, স্যুট আর টাই?

বোর্হেস: জ্বি। কিন্তু আমি জানি না আমি কোন রঙয়ের স্যুট পরে আছি, কারণ আমি অন্ধ।

গ্লোরিয়া: দাঁড়ান ...আপনাকে আমি বলছি।

বোর্হেস: আপনি আমাকে বলতে পারেন এটা জোকারদের পরিচ্ছদ এবং আমি সিদ্ধান্ত নেব কথাটা আমি বিশ্বাস করব না কি বিশ্বাস করব না। আশা করি তা করতে হবে না।

গ্লোরিয়া: আপনি আসলে যা পরে আছেন তা হলো একটা কটকটে লাল রঙের স্যুট সাথে গোলাপী রঙের সার্ট আর গোলাপী রঙের টাই...

বোর্হেস: আসলেই? গোলাপী সার্ট? এটা তো মেলা সাহসের ব্যাপার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না... আমার মনে হচ্ছে এটা একটা সাদা সার্ট।

গ্লোরিয়া: না আমি যা বলেছি সত্য ছিল না। আমি কৌতুক করেছিলাম। আপনি নিঁখুতভাবে কাপড় পরেছেন।

বোর্হেস: জ্বি। আমার মনে হয় না আমার বাসায় কোন গোলাপী সার্ট আছে। আর আমি তা পরাতে অনুমতি দিতাম বলে মনে হয় না।

গ্লোরিয়া: না সার্টটা ধূসর রঙের, স্যুটটা হালকা বাদামী, আর আপনি খুব সুন্দর একখানা টাই ঝুলিয়েছেন গলায় ধূসর আর বেগুনি মেশানো, ইভ সান লোরনের।

বোর্হেস: ওহ ঈশ্বর। কিছুটা অবাক শুনাচ্ছে আমার কাছে, যাক ঠিক আছে।

গ্লোরিয়া: চিন্তা করবেন না।

বোর্হেস: বেগুনী?

গ্লোরিয়া: এটা চমৎকার তো।

বোর্হেস: বেশ অদ্ভুত। আমি কিন্তু বেগুনী রঙ পছন্দ করি না, কিন্তু রঙটা দেখতে যদি ভাল লাগে, আমি না...[হাসি।]

গ্লোরিয়া: কে আপনাকে কাপড় পরিয়ে দেয়, ফেনি?

বোর্হেস: মারিয়া কোদামা।

গ্লোরিয়া: আচ্ছা, আপনার একটা কাজের মেয়ে ছিল না, সালতেনার মেয়েটা, আপনার বাসায়...

বোর্হেস: নো...

গ্লোরিয়া:... তাহলে কে কথা বলত আমাদের মত সাংবাদিকদের সাথে এবং সে বলত ‘‘সেনঞর ঘুমাচ্ছেন” বা ‘‘উনি ঘুমাচ্ছেন।”

বোর্হেস: সেই সালতিনা আসলে ছিল কোরিয়েনতিনার।

গ্লোরিয়া: ওহ, আমি দুঃখিত, আমি ভেবেছিলাম সে সালতার থেকে আসা।

বোর্হেস: সে প্রদেশ থেকে আসা মেয়ে এবং কথা বলতো গুয়ারানি ভাষায়, যার একটা শব্দও আমি বুঝতে পারতাম না।

(চলবে)