জাপানে জাপানি ভাষা ও বাংলা ভাষার অভিজ্ঞতা
জাপানি ভাষা হাজার বছরের ব্যবধানে ব্যাপক পরিবর্তন ঘটলেও ‘ল’ বা ‘এল’ বর্ণের শূন্যতা রয়েই গেল। তাতে অবশ্য জাপানিদের ভাষায় কোনো সমস্যা হয় না। কিন্তু বিদেশি ভাষা অনুবাদ করতে গেলে বিপত্তি ঘটে। অন্যদিকে, বাংলা ভাষায় অনেকগুলো স্বরবর্ণ থাকায় বিদেশি যেকোনো ভাষা অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল।
জাপানি ভাষাকে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা বলে অনেকেই মনে করেন। আর বাংলা ভাষাকে অনেকেই বলেন সহজ ভাষা। আমার জাপানি ভাষার সঙ্গে প্রণয়বন্ধনের ৪১ বছরের অভিজ্ঞতায় বলব, জাপানি ভাষা আদতেই কঠিন ভাষা। তুলনায় বাংলা ভাষাও আদৌ সহজ ভাষা নয়। কতজন বাংলাভাষী শুদ্ধ করে বাংলা লিখতে ও পড়তে পারে? যে শিক্ষক বাংলা ভাষা শেখান শিশুদেরকে তাদের কতজন শুদ্ধ করে বাংলা বলতে পারেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে, জাপানি শিক্ষক যাঁরা শিশুদেরকে মাতৃভাষা শেখান তাঁদের উচ্চারণ ও লেখন যথার্থ। তথাপি, জাপানিরা বলে থাকেন প্রায়শ যে, “নিহোনগো ওয়া মুজুকাশিই দেসু নে!” অর্থাৎ, “জাপানি ভাষা কঠিন, তাই না!” এই কথার সত্যতা ও ভিত্তি আছে বই কি!
জাপানি ভাষা জাপানিদের জন্য যত কঠিন তার চেয়েও কঠিনতর হচ্ছে বিদেশিদের জন্য। যদিও বা অনেকেই জাপানি বলতে পারঙ্গম, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে গরমিল থাকেই। আবার যদিও বা বলা যায়, কিন্তু লেখার ক্ষেত্রে প্রায়শ অক্ষম। বাংলা ভাষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জাপানিসহ অনেক বিদেশির মুখে বাংলা ভাষা শোনার অভিজ্ঞতা আমার রয়েছে। শতভাগ শুদ্ধ উচ্চারণ কারো দ্বারাই সম্ভবপর হয়নি। এমনকি, বাংলা ভাষার জাপানি শিক্ষকের মুখেও বিশুদ্ধ, যথার্থ উচ্চারণ শোনার অভিজ্ঞতা আমার নেই। তথাপি, অনেক বাঙালি তুলনামূলকভাবে জাপানি ভাষা লিখতে না পারলেও ভালো বলতে পারেন, অনর্গল বলতে পারেন এবং উচ্চারণ অনেকটাই জাপানিদের মতো শোনায়। পরিশুদ্ধ জাপানি ভাষা বলতে ও লিখতে সক্ষম একমাত্র কোরিয়ানরা বলে আমার বিশ্বাস। এর প্রধান কারণ প্রাচীনকালে দুদেশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং আধুনিকালে ৩৫ বছর জাপানের উপনিবেশ থাকা বলে মনে হয়।
জাপানি ভাষার উৎপত্তি এবং বিকাশের বিবর্তন অনুসন্ধান করলে দেখা যায়, এটা সম্পূর্ণ একটি ভাষা নয়, পাঁচটি স্বরবর্ণ থাকলেও ব্যঞ্জনবর্ণে ‘ল’ অর্থাৎ ইংরেজি ‘এল’ জাতীয় বর্ণ নেই। ফলে ‘র’ ও ‘ল’/ ‘আর’ এবং ‘এল’ এর উচ্চারণ জাপানিরা আলাদা করতে পারেন না। জাপানি ভাষা হাজার বছরের ব্যবধানে ব্যাপক পরিবর্তন ঘটলেও ‘ল’ বা ‘এল’ বর্ণের শূন্যতা রয়েই গেল। তাতে অবশ্য জাপানিদের ভাষায় কোনো সমস্যা হয় না। কিন্তু বিদেশি ভাষা অনুবাদ করতে গেলে বিপত্তি ঘটে। অন্যদিকে, বাংলা ভাষায় অনেকগুলো স্বরবর্ণ থাকায় বিদেশি যেকোনো ভাষা অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল।
১৯৮৪ সালে জাপানে জাপানি ভাষা শিখতে এসে প্রথমেই বেশ চমৎকৃত হয়েছিলাম। কারণ, বাংলা ব্যাকরণ এবং দৈনন্দিন জীবনযাপনে সাবলীল কথোপকথনের সঙ্গে অদ্ভুত মিল দেখে। যেমন, “আমি স্কুলে যাই”, জাপানি ভাষায় “ওয়াতাশি ওয়া গাক্কোও এ ইকিমাসু।” “আমি গান গাই”, জাপানিতে “ওয়াতাশি ওয়া উতা অ উতাইমাসু।” কিছু বাংলা শব্দের সঙ্গে জাপানি শব্দের মিল দেখা যায়, যেমন ‘আরু’, বাংলায় ‘আছে।’ বাংলা ‘নাই’, জাপানিতেও ‘নাই।’ বাংলায় ‘চা’, জাপানিতেও ‘চা’। এর মূলে কি সংস্কৃত ও প্রাকৃত ভাষার প্রভাব রয়েছে? জাপানি ভাষার যে ৫০টি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলোর উচ্চারণে ব্যবহৃত হয়েছে সংস্কৃত ভাষা। যেমন ‘আ ই উ এ অ’, ‘কা কি কু কে কো’, ‘সা শি সু সে সোও’ ইত্যাদি। একে জাপানি ভাষায় “গোজুউঅন” বলা হয়।
এ প্রসঙ্গে জাপানি ভাষার প্রখ্যাত গবেষক ও পণ্ডিত ওওনো সুসুমু মহাশয় ৪০ বছরের বেশি গবেষণা করে মতামত লিখেছেন যে, জাপানি ভাষা তামিল ভাষার দ্বারা গভীরভাবে প্রভাবিত। অবশ্য সংস্কৃত, প্রাকৃত, তুর্কি প্রভৃতি ভাষার প্রভাব থাকায় সম্ভবত বাঙালিরা জাপানি ভাষায় দ্রুত অভ্যস্ত হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে সুদক্ষ শিক্ষক ও যথার্থ শিক্ষাপদ্ধতি অনস্বীকার্য। সৌভাগ্যবশত, আমার জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষকরা ছিলেন অত্যন্ত আন্তরিক এবং ইংরেজি ভাষায় সুদক্ষ। কিন্তু আমার জাপানি ভাষা শেখার সবচেয়ে ভালো এবং কার্যকরী শিক্ষক আমার স্ত্রী মিইয়াজাওয়া নোরিকো। কারণ, দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত ভাষা, আত্মীয়, অন্তরঙ্গ সঙ্গীদের ক্ষেত্রে ব্যবহৃত ভাষা যাকে বলে “তামেকুচি”, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত ভাষাও ভিন্ন। সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে কথাবলার ক্ষেত্রে সর্বোচ্চ মানসম্মত বা ভদ্র ভাষা যাকে বলা হয় “কেইগো” বা “তেইনেই কোতোবা” সেখানেও ভাষার প্রকাশ ও শব্দের ভিন্নতা লক্ষণীয়। শুধু তাই নয়, জাপানি ভাষায় প্রতিশব্দ বাংলা ভাষার মতোই সুপ্রচুর। চলিত ভাষা ও লেখ্যভাষার মধ্যেও পার্থক্য রয়েছে। সবচেয়ে কঠিন যে বিষয় সেটা হল, জাপানি ভাষার উচ্চারণ। অধিকাংশ ক্ষেত্রেই জাপানি শব্দের উচ্চারণ দীর্ঘধ্বনিযুক্ত। যেমন, ‘শোওবাই’ যার অর্থ ব্যবসা। ‘শোবাই’ বললে জাপানিরা বুঝবে ‘হাৎসু উমে!’ যার অর্থ উমে ফুলের প্রথম উন্মেষ! যেমন, “ওতোওসান” মানে পিতা, এবং “ওকাআসান” মানে মাতা। ‘অতোসান’, ‘অকাসান’ বললে জাপানিরা সহজে বুঝতে পারবেন না। সম্মানিতদের সঙ্গে কথা বলার সময় শারীরিক ভাষা বা অঙ্গভঙ্গিও ভিন্ন জাপানি ভাষার ক্ষেত্রে। জাপানি সমাজে “মে নো উয়ে তো মে নো শিতা” বলে একটি রীতি আছে, যার আক্ষরিক অর্থ হল ‘চোখের উপরে’ এবং ‘চোখের নিচে’, অর্থাৎ চোখের উপরে যে মানুষ সে বয়সে বড় এবং সম্মানিত জন। চোখের নিচে মানে সাধারণ বা বন্ধুবান্ধব। সেক্ষেত্রে ভাষা ব্যবহারের রীতি সম্পূর্ণ ভিন্ন। বিখ্যাত, সম্মানিত, উচ্চপদাধিকারীর ক্ষেত্রে “কেইগো” ব্যবহার অপরিহার্য। এছাড়াও বিশুদ্ধ ও উচ্চমাত্রায় জাপানি ভাষা বলতে গেলে ‘পেসিভ ভয়েসে’ কথা বলা এবং ‘ইতাদাকিমাসু’, ‘গোজোনজিমাসু’, ‘কাশিকোমারিমাসু’, ‘উকেতামাওয়ারিমাসু’ ইত্যাদি ব্যবহার স্বাভাবিক রীতি। নিজেকে সবসময় প্রতিপক্ষের চেয়ে অধঃস্তন রেখে কথা বলা জাপানি সংস্কৃতির অনন্যসাধারণ দিক। কিন্তু আমাদের বাংলা ভাষা বা ভারতীয় কোনো ভাষাতেই এসবের বালাই নেই।
জাপানি ভাষার তিনটি বর্ণ যেমন ‘হিরাগানা’, ‘কাতাকানা’ ও ‘কানজি।’ এগুলো ধ্বনিগত। হিরাগানা অক্ষর হচ্ছে জাপানের নিজস্ব ভাষা এবং সহজ লেখা। যেমন, ‘আরিগাতোও’, অর্থ ‘ধন্যবাদ।’ ‘কোদোমো’ হচ্ছে ‘শিশু।’ কাতাকানা অক্ষর ব্যবহৃত হয় বিদেশি শব্দ লেখার ক্ষেত্রে যেমন, ইংরেজি ‘লাভ’, জাপানি কাতাকানায় লিখতে হয় ‘রাবু’ (লক্ষণীয়, জাপানি ভাষায় ‘ল’ বর্ণ না থাকায় ‘রা’ ব্যবহার্য)। আবার ইংরেজি ‘রেডিও’ এর ক্ষেত্রে হবে ‘রাজিঅ।’ ‘ডি’ বর্ণ না থাকলেও ডি বা ডে লেখা সম্ভব যেমন, ‘রাডিও’ বা ‘রেডিও’ কিন্তু জাপানিদের কাছে সহসা বোধগম্য হবে না। এরকম সমস্যা বিদ্যমান। আর কানজি অক্ষর হচ্ছে মূলত চিনাভাষাগত বর্ণ যা জাপানে প্রবেশ করে প্রতিবেশী চোওছেন রাজ্য বা কোরিয়া উপত্যকা হয়ে ৫ম শতাব্দিতে। প্রথমদিকে সরকারি নথিপত্র, বৌদ্ধ ধর্মীয় মন্ত্রাদির ক্ষেত্রে চিনা কানজি ব্যবহৃত হত। তখন জাপানি ভাষার লেখ্যরূপ তথা অক্ষর ছিল না। ‘আসুকা যুগে’ (৭ম-৮ম শতাব্দি) এসে কানজিকে জাপানি উচ্চারণ ও ব্যাকরণের সাথে ব্যবহারের উপযোগী করে তোলা হতে থাকে লিখিত কাজকর্মের সুবিধার্থে। হিরাগানায় লিখলে বাক্য দীর্ঘতর হয়ে যায়। কাজেই সংক্ষিপ্তাকারে লেখার জন্য চিনা কানজি ব্যবহারের বিকল্প ছিল না। তবে চিনা কানজি যেমন হুবহু রাখা হয়েছে, আবার অনেক কানজিকে অবদলবদল করে জাপানি কানজি বর্ণ করা হয়েছে। ফলে দুটি উচ্চারণের ধারা নির্ধারিত আছে জাপানি ভাষায়। যেমন, চিনা কানজি হলে ‘অন-য়োমি’ এবং জাপানি কানজি হলে ‘কুন-য়োমি’ হবে। কানজিকে ভেঙ্গে হিরাগানা ও কাতাকানা অক্ষর তৈরি করা হয়েছে। হিরাগানা অক্ষরে লিখিত দীর্ঘ শব্দ বা বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য কানজির বিকল্প নেই এখনো। যেমন, হিরাগানায় ‘গাকুকোও’, উচ্চারণ হবে ‘গাক্কোও’, এখানে চারটি অক্ষরে লিখিত। কিন্তু কানজি হলে দুটি অক্ষরে লেখা সম্ভব। একটি কানজি ‘গাকু’র জন্য, ‘কোও’ এর জন্য আরেকটি কানজি। দুটি কানজি অক্ষরে একটি শব্দ ‘গাকুগোও’ তথা ‘গাক্কোও’। এর উচ্চারণ ও অর্থ অভিন্ন।
সর্বমোট ৫০ হাজার কানজি অক্ষর বিদ্যমান। কিন্তু জাপানি ভাষায় দরকার ২১৩৬টি কানজি। প্রাথমিক বিদ্যালয়ে ১০২৬টি কানজি শিখতে হয়। মাধ্যমিক পর্যায়ে সর্বমোট ২১৩৬টি। বিদেশিদের জন্য বিশেষ করে, আমাদের সময়ে এন-৩ লেবেল পর্যন্ত ৮০০ কানজি শেখা ছিল অবধারিত। পড়া ও লেখা ছিল বাধ্যতামূলক। আর এই কানজি স্মরণে রাখা যে কতখানি হাড়ভাঙা কষ্টসাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না। কানজি অক্ষর একাধিক রেখা বা স্ট্রোক দ্বারা নির্মিত, এই রেখাকে বলে ‘কাকু।’ একটি রেখা থেকে শুরু করে ৩৩টি রেখাযুক্ত কানজি বিদ্যমান জাপানি ভাষায়। আবার একটি কানজির অন-য়োমি, কুন-য়োমি মিলে একাধিক উচ্চারণ বিদ্যমান, যা মাথা গুলিয়ে দেয়। কানজি অক্ষরের ঘরানা/শ্রেণি আছে, যাকে বলে ‘বুশু’ অর্থাৎ কানজি অক্ষরের র্যাডিকেল অর্ডার। যেমন, সানজুই, নিনবেন, কুচিহেন, কানেহেন, কুসা কানমুরি, কিহেন, মুশিহেন এরকম অনেক। এগুলো বিশেষ চিহ্ন এবং কানজির অংশবিশেষ যা মূল কানজি অক্ষরের সঙ্গে সংযুক্ত থাকে এবং কানজি খুঁজে পেতে বা উচ্চারণ, অর্থ, লেখার পদ্ধতি বুঝতে সহায়ক। মোদ্দাকথা, এসব কারণে জাপানি ভাষাকে চিনা ভাষা বা হিব্রু ভাষার চেয়েও কঠিন বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। জাপানিরাই অনেক সময় ভুলে যান কানজি লিখতে গিয়ে কত রেখায় লিখতে হয়! অনেক কানজি আছে মানুষের নামকরণের ক্ষেত্রে, যা ইচ্ছে করেই তারা সেসব কানজির উচ্চারণ পরিবর্তন করে নাম রাখেন। ফলে জাপানে মানুষের নাম সঠিকভাবে জানা না থাকলে বিড়ম্বনার সমূহ সুযোগ থাকে।
আমার তিন বছরের জাপানি ভাষার কার্যক্রমে ৮০০ কানজি অক্ষর মুখস্ত করা সম্ভব হয়নি তবে কয়েকশ কানজি পড়তে সক্ষম হয়েছিলাম। পত্রিকা, বই, ম্যাগাজিন মোটামুটি পড়ার মতো। কম্পিউটারে লেখতে পারি। ফলে চাকরির ক্ষেত্রেও কোনো অসুবিধা হয়নি আমার। একসময় ফটো প্রিন্টিং নামক একটি কোম্পানিতে চাকরি করার সময় কানজি অক্ষরের ভুল ধরা ছিল অন্যতম প্রধান কাজ। বহু কানজির মধ্যে মিল থাকায় বিভ্রান্তির শেষ নেই। একটি রেখা না থাকলে সেই কানজি ভিন্ন অর্থ বা অর্থহীন বলে বিবেচিত। কানজির বিবর্তন ঘটেছে বিগত শত বছরে জাপানে। শত বছর আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্যবহৃত কানজি ছিল অনেক কঠিন। সেসব কঠিন কানজির উচ্চারণ ও অর্থ খুঁজতে গিয়ে দীর্ঘসময় ব্যয় করতে হয়েছে। পুরোনো দলিলপত্রে মুদ্রিত কানজি অক্ষর সুস্পষ্ট নয়, বুজে গেছে অথবা প্রায় মুছে গেছে; কিছুতেই বুঝতে পারছি না, আমার স্ত্রীও বুঝতে অক্ষম, তখন দলিলপত্র বগলদাবা করে জাপানের শীর্ষ রবীন্দ্রগবেষক অধ্যাপক কাজুও আজুমা স্যারের বাড়িতে যেতে হয়েছে। তিনি দেখামাত্রই বুঝিয়ে দিয়েছেন। কখনো আজুমা স্যার না থাকলে মাদাম কেইকো আজুমা। এভাবে দিনের পর দিন রবীন্দ্রনাথ-জাপান সম্পর্ক, জাপানের ইতিহাস, জাপানের সঙ্গে এশিয়ার ইতিহাসবিষয়ক গ্রন্থ ও দলিলপত্র ঘাঁটাঘাঁটি করার সময় গলদঘর্ম হতে হয়েছে অবোধ্য কানজি অক্ষর নিয়ে আমাকে। তিক্তবিরক্ত হয়ে মাথার চুল ছিঁড়তেও ইচ্ছে হত! কপাল ভালো যে, জাপানি স্ত্রী থাকায় অনেকসময় উৎরে গেছি। জাপানি বন্ধুরাও সাহায্য করেছেন বিভিন্ন সময়। যে-কারণে জাপানি ভাষায় বক্তৃতা লেখা এবং গ্রন্থলেখা সম্ভব হয়েছে। জাপানি ভাষায় লিখিত আমার যে বইটি ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে জাপান থেকে “নিহোন গা আজিয়া অ মেজামে সাসেতা” (জাপান এশিয়াকে জাগ্রত করেছে) নামে তার সিংহভাগ লেখাই বিভিন্ন সময় জাপানি ভাষায় রচিত প্রবন্ধ বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় পাঠকৃত। ২০২১ সালের প্রথম দিকে আমাজন অনলাইনে বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে গ্রন্থটি। রয়্যালিটি পেয়েছি প্রায় ৯ লক্ষ টাকা। তার একটি বড় অংশ বন্ধু লেখক, গবেষক ও কলামিস্ট মিউরা কোতারোও এবং আমার স্ত্রীকে প্রদান করেছি। কারণ দুজনেই তথ্যাদি এবং পাণ্ডুলিপিটি কয়েকবার পাঠ করে ভাষার ভুলভ্রান্তি সংশোধন করে দিয়েছেন। তারপর প্রকাশনা সংস্থার সম্পাদক মণ্ডলি কর্তৃক অনুমোদিত হয়েছে কয়েক মাস পর। গ্রন্থটি প্রচুর প্রশংসিত হয়েছে। কষ্ট করলে যে মিষ্টি পাওয়া যায় এই ঘটনাই তার উজ্জ্বল প্রমাণ।
জাপানে বাংলা ভাষার অভিজ্ঞতা আমার জীবনে অবিস্মরণীয় এবং অভূতপূর্ব আনন্দদায়ক ইতিহাস। বিদেশে থাকলে পরে সবচেয়ে বেশি শূন্যতা অনুভূত হয়, সেটা হল মাতৃভাষায় স্বজাতির মানুষের সঙ্গে কথা বলতে না পারা। মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী জাতীয়তাবাদী অনুষঙ্গ হচ্ছে মাতৃভাষা। একে অস্বীকার বা অবজ্ঞা করা অসম্ভব। আর সেটা সবচেয়ে বেশি অনুভূত হয় বিদেশে বা প্রবাসে। বিদেশ বা প্রবাস মানেই নানা ধরনের ব্যতিব্যস্ততা। অধিকাংশ সময়ই ব্যস্ত থাকতে হয় রুটিরোজগারের কাজে ও ধান্ধায়। পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে সামান্য নির্দিষ্ট সময় ছাড়া কথা বলা, আড্ডা দেয়া ছাড়া দীর্ঘসময় কাটানো সম্ভবপর হয় না। আমার সৌভাগ্য যে, জাপানে এই সমস্যাটা তেমন প্রকট ছিল না। জাপানে আসার পর অনেক বাংলাদেশি তরুণ ছিল যাদেরকে নিয়ে সংগঠন করেছি, গানবাজনা--সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, রাজনৈতিক আলোচনা-আন্দোলনে সোচ্চার থেকেছি। সপ্তাহের একাধিক দিনই আড্ডা দিয়েছি। বিয়ের পর আমার স্ত্রীকে কিছু কিছু বাংলা শিখিয়েছি। রবীন্দ্রগবেষক ও বাংলা ভাষার শিক্ষিক মাদাম কেইকো আজুমার অধ্যাপনারত বিখ্যাত তোওহোও গাকুয়েন বা ইস্টার্ন ইনস্টিটিউটে এক বছর বাংলা ভাষা শিখিয়েছি। রবীন্দ্রনাথের গান নোরিকোর খুব পছন্দ ছিল একসময়।
২০২০ সালে প্রকাশিত জাপানে বেস্ট সেলার জাপানি ভাষার গ্রন্থ
১৯৯১ সালে জাপানে প্রথম মুদ্রিত বাংলা পত্রিকা “মানচিত্র” ট্যাবলয়েড প্রকাশ করেছি সদ্য আগত ব্যয়বহুল অ্যাপল কম্পিউটার্সের “ম্যাকিনটস” পিসির সাহায্যে। তখন বাংলা ফন্ট ছিল না। বন্ধুবর কম্পিউটার ইঞ্জিনিয়ার শিবলী আজম ভাই আমেরিকা থেকে “শহীদ লিপি” নামে একটি ডট ফন্ট বাংলা অ্যাপ্লিকেশন, পেইজমেকার, অলডাস ফ্রিহ্যান্ড গ্রাফিক সফটওয়্যার ইত্যাদির কপি ইনস্টল করে দিয়েছিলেন। অ্যাপলেরই ডট প্রিন্টার ও স্ক্যানার ব্যবহার করে পত্রিকার ডেটা বা মেটার তৈরি করেছি একা একাই। জীবনে কোনেদিন টাইপরাইটার ধরিনি, কিন্তু স্বপ্নে বিভোর থাকা, ভালো উন্নতমানের বাংলা ভাষার কাগজ প্রকাশের স্বপ্ন নিয়ে জাপানে আগত আমাকে চাকরি থেকে ফিরে গভীর রাত পর্যন্ত টাইপিং শিখতে হয়েছে। শহীদ লিপিতে বোল্ড অক্ষর ছিল না, ফলে লেখার শিরোনাম বোল্ড করতে হয়েছে তোশিবা কোম্পানির নতুন উদ্ভাবিত ‘রূপো ওয়ার্ড প্রসেসর’ মেশিনে একটি একটি করে ডট সাজিয়ে দীর্ঘসময় ধৈর্য ধরে। কত লেখা যে লিখতে হয়েছে ছদ্মনামে! প্রচুর বাঙালি জাপানে ছিল কিন্তু লেখক ও সাংবাদিক আঙুলে গোনা কজন মাত্র। তারাও লেখা দিয়ে, সংবাদ দিয়ে সহযোগিতা করেছে। আমার স্ত্রীর আগ্রহ ও উচ্ছ্বাসের শেষ ছিল না! কত ভাবেই না সাহায্য করেছে আমাকে!
জাপানের প্রিন্টিং সিস্টেম এবং বাংলাদেশের প্রিন্টিং সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। জাপানের সিস্টেম শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। যে কারণে জাপানের প্রিন্টিং ও প্রকাশনা এখনো বিশ্বসেরা। যাহোক, সব সমস্যা অতিক্রম করে ১৯৯১ সালের ৩১ মার্চ প্রকাশিত হল সাদাকালো ৮ পৃষ্ঠার ট্যাবলয়েড ‘মানচিত্র’ পত্রিকা। অভূতপূর্ব সাড়া পড়ে গেল জাপানে ৩০ হাজারের বেশি বাংলাদেশির মধ্যে। তখন জাপানে বাংলা ভাষার কোনো পত্রিকা, ম্যাগাজিন, গ্রন্থ কিছুই আসত না, পাওয়াও যেত না। ফলে লুফে নিয়েছিল পত্রিকাটি ২০০০ জন। ২২০০ কপি ছাপা হয়েছিল। এমনকি, জেরক্স কপিয়ার মেশিনে কপি করে বিক্রি করে পয়সা কামিয়েছে কিছু তরুণ! অথচ, পত্রিকাটি বিনামূল্যে বিতরণের জন্য ছিল।
‘মানচিত্র’ কতখানি জনপ্রিয় হয়েছিল তা যারা জানার জানেন। দামি গ্লোসি ও ম্যাট পেপারে বেশ কয়েকটি কালার ট্যাবলয়েড প্রকাশের পর ১৯৯৫ সাল থেকে ৫২ পৃষ্ঠার মাসিক ম্যাগাজিনে রূপান্তরিত হল মানচিত্র। ঢাকা থেকে ছাপিয়ে জাপানে আনা হত। সম্পাদনা করতে হত আমাকেই চাকরি, সংসার ও সাংগঠনিক কাজের পাশাপাশি। ফ্যাক্স মেশিনে ও টেলিফোনে চলত আদানপ্রদান ও নির্দেশনা। মানচিত্রর দেখাদেখি আরও দশ/বারোটটি মাসিক ম্যাগাজিন প্রকাশ করেছিল প্রবাসীরা। কিন্তু টেকেনি বেশিদিন। প্রায় ১২ বছর একটানা প্রকাশের পর ২০০২ সালে ‘মানচিত্র’ বন্ধ করে দিতে হল নানা কারণে। ঢাকা ও কলকাতার বহু খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক মানচিত্রে লিখেছেন। ২০০ জনের মতো বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার ছাপা হয়েছে।
‘মানচিত্র’ প্রকাশের পরপরই জাপানি গণমাধ্যম জগতে ব্যাপক সাড়া ফেলেছিল। যা ছিল অভাবনীয় আমার কাছে এবং জাপানি সংবাদিকদের কাছেও। তারা বিস্মিত হয়েছিলেন জাপানে বাংলা অক্ষর নেই, বাংলা প্রেস নেই কিন্তু কীভাবে সম্ভব হল এমন একটি কাগজ প্রকাশ করা! তাদের কৌতূহলের শেষ ছিল না। ১৯৯২ সালেই দুটি মূলধারার প্রভাবশালী জাতীয় দৈনিক মাইনিচি শিম্বুন এবং সানকেই শিম্বুন পত্রিকায় আমার সচিত্র সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এরপর একাধিক জাপানি ম্যাগাজিন ও পত্রিকায়। ১৯৯৩ সালে জাপানের জাতীয় সংবাদসংস্থা কিয়োওদোও ৎসুউশিন প্রতিষ্ঠানের সিনিয়র একজন সাংবাদিক আমার একাধিক সাক্ষাৎকার গ্রহণ করে পাঁচটি প্রদেশের পাঁচটি দৈনিক কাগজে প্রকাশ করেছেন। ১৯৯৮ সালে জাপানের একমাত্র প্রভূত প্রভাবশালী অর্থনীতি-বাণিজ্যভিত্তিক দৈনিক নিহোন কেইজাই শিম্বুনের সাপ্তাহিক ইংরেজি সংস্করণ দি নিক্কেই উইকলি আমার একটি সাক্ষাৎকার গ্রহণ করে জাপানে বসবাসরত এশিয়ানদের কর্মকাণ্ডের মধ্যে জার্নালিজম ক্যাটাগরিতে “এশিয়ান কী পার্সন” তালিকায় স্থান দিয়ে সম্মানিত করেছে। ২০০৩ সালে আমি একটি ৩২পৃষ্ঠার সম্পূর্ণ কালার তথ্যভিত্তিক ম্যাগাজিন ‘অন্যচিত্র’ প্রকাশ করেছিলাম, সেটা নিয়েও দৈনিক মাইনিচি শিম্বুন পত্রিকা আমার সাক্ষাৎকার প্রকাশ করেছিল। সত্যিকার সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না। বাংলাভাষাকেন্দ্রিক এইসব ঘটনা অমূল্য সম্মানজনক প্রাপ্তি বলেই মনে করি।
‘মানচিত্র’ কাগজ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ সোসাইটি জাপান, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, আওয়ামী লীগ জাপান শাখা, জাপান ইউনেসকো, শাপলা নীড় এনজিও, বাংলাদেশভিত্তিক জাপানি ম্যাগাজিন সোকা (উজান যাত্রী), বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, স্বরলিপি কালচারাল একাডেমি, প্রজন্ম প্রবাস ’৭১, দোয়েল কালাচারাল গ্রুপ, শিল্পী ফোরাম, আড্ডা টোকিও, আড্ডা টোকিও পত্রিকা, টোকিও সংবাদ প্রভৃতি প্রতিষ্ঠানের প্রচারপত্র, স্মরণিকা, পোস্টার, ব্যানারের ডিজাইন ও মুদ্রণের কাজ করে দিয়েছি বাংলা ভাষায়।
এসবের পাশাপাশি জাপানিদের সঙ্গে চলেছে সমানভাবে সাহিত্য, প্রকাশনা ও সাংস্কৃতিক ভাববিনিময়। যা শুরু হয়েছিল ১৯০২ সালে কলিকাতায় জাপানি মনীষী ওকাকুরা তেনশিন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যৌথ পৌরহিত্যে। আমাদের আয়োজিত নানা অনুষ্ঠানে জাপানি সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক যথাক্রমে, অধ্যাপক কাজুও আজুমা, অধ্যাপিকা মাদাম কেইকো আজুমা, অধ্যাপক ড.নারা ৎসুয়োশি, অধ্যাপিকা ড.নিওয়া কিওকো, এনএইচকে বেতারের বাংলা সম্প্রচার বিভাগের প্রধান পরিচালক সাংবাদিক ওয়াতানাবে কাজুহিরো, সোকা ম্যাগাজিন সম্পাদিকা ও বাংলা লোকসাহিত্যের অনুবাদিকা সুজুকি কিকুকো প্রমুখ প্রায়শ উপস্থিত থাকতেন এবং বাংলা ভাষায় বক্তৃতা দিতেন, আলোচনা করতেন।
রবীন্দ্রগবেষক, বাংলাভাষাপ্রেমী দেশিকোত্তম আজুমা স্যারের বাড়িতে কত যে আড্ডা দিয়েছি রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য, বাংলার নবজাগরণ, জাপান-বাংলা সম্পর্ক, মহান মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে তার হিসেব নেই। কলকাতা বা বাংলাদেশ থেকে বিশিষ্ট কেউ এলেই স্যারের বাসায় আড্ডা হত সম্পূর্ণ বাংলা ভাষা ও বাঙালি আপ্যায়নে। ৪০ বছর ধরে বিরামহীন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করার ফলে দুজনেই একেবারে খাঁটি বাঙালি হয়ে গিয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনেই অনর্গল বাংলা বলতেন, একটি অক্ষরও জাপানি বা ইংরেজি ব্যবহার করতেন না। অসাধারণ, অমূল্য কত কাজ যে করে গেছেন তাঁরা রবীন্দ্রনাথ, বাঙালি জাতি ও বাংলা ভাষার জন্য সেসব জানেই না বৃহত্তর বাঙালি! তাঁদের সঙ্গে আমার ৩০ বছরের বেশি বন্ধুত্ব ছিল। একসঙ্গে নানা কাজও করেছি। মনে পড়ে, ২০০৬ সালে স্যার খুবই অসুস্থ, শুয়ে শুয়ে গবেষণা করেন। কলকাতার দেশ পত্রিকার মাসিক বইয়ের দেশ একটি বিশেষ সংখ্যায় আজুমা স্যারের একটি প্রবন্ধ চেয়েছেন সম্পাদক। স্যার শুয়ে শুয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছিলেন বাংলা হস্তাক্ষরে “রবীন্দ্রনাথের চোখে জুজুৎসু” নামে। দীর্ঘ প্রবন্ধটি কম্পিউটারে টাইপ এবং সম্পাদনা করার সুবর্ণ সুযোগ দিয়েছিলেন তিনি আমাকে। সেটা যেভাবে সম্পাদনা করে দিয়েছিলাম দাঁড়িকমাসহ হুবহু ছাপা হয়েছিল। শুধু একটি বাক্য সম্পাদক যুক্ত করেছিলেন প্রবন্ধের শেষে যে, “এই প্রবন্ধটি লেখার সময় আমার বন্ধু প্রবীরবিকাশ সরকারের সহযোগিতা নিয়েছি।” আজুমা স্যার মনে হয় ফোনে সম্পাদককে বলে দিয়েছিলেন। জাপানে আজুমা স্যার শুধু রবীন্দ্রগবেষকই ছিলেন না, ছিলেন বাংলা ভাষার অসামান্য একজন ভাষ্যকার। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত দুটোর মূল বাংলা থেকে জাপানি ভাষায় অনুবাদ করেছেন তিনি। বিশ্বভারতীতে জাপানি শিক্ষা অনুষদ নিপ্পন ভবন এবং কলকাতার সল্টলেকে অবস্থিত ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্র: রবীন্দ্র-ওকাকুরা ভবন তাঁরই অবদান। তাঁরই উদ্যোগে ১৯৮১ সালে ১২ খণ্ডে প্রকাশিত হয়েছে বাংলা থেকে জাপানি ভাষায় রবীন্দ্ররচনাবলী। এমন কর্মবীর মানুষের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারার স্মৃতি কোনোদিন মলিন হওয়ার নয়।
পরিশেষে বলব, আমার প্রায় ৩০টি গ্রন্থের ২৯টিই জাপানে বসে রচনা করেছি। অন্তরে, মননে এবং শরীরে মাতৃভাষা বাংলার অনুরনণ প্রতিনিয়ত বেজে চলেছে এতেই আমি মুগ্ধ, প্রাণিত ও অগ্রসরমান।
