২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে আজ তবে বৃষ্টি আসুক

shameem_shiddiki

Published : 25 May 2015, 08:05 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM


বৃষ্টি এলে আমার কেমন মুক্তক মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত লাগে
ত্রিশালে আজ তবে বৃষ্টি আসুক
তীব্র রঙের ফুল আম-লিচু-কাঁঠাল
প্রকৃতির কণায় কণায়
সরস টগরধারা বৃষ্টি জৈষ্ঠ্য মাসের

কেমন স্নেহের দোলা নিয়ে আসেন দারোগা রফিজ উল্লাহ
চাকচিক্য-কুলীন শহর ঘুরে ঘুরে শেষাবধি নামাপাড়া
দরিরামপুর
কিশোর কবি দুখু দুঃখ ভুলে প্রকৃতির
আকাশ ছাপানো স্নেহে তার ভরেন হৃদয়
মন্দাক্রান্তা বৃষ্টির সুরে লয়ে

তাই কি এমন হয়
দুঃসাহসী হতে গেলে এমন
শৈশবেই কি দুঃখ জড়াতে হয়
পরিবার প্রতিষ্ঠান আতিশয্যের বাইরে গিয়ে কাটাতে হয়
পরাক্রান্ত সোমত্ত শৈশব!
বুদ্ধি সংকোচ দ্বিধা জড়োজড়ো স্নেহের আগল
ছুঁতেও পারে নি তার বাড়ন্ত সময়
বলে রিম ঝিম ঝিম ঝিম ঝিম ঝিম পৃথিবীপ্রতীম
হৃদয়ও তার প্রকৃতির শুশ্রূষাতেই ভরেছিলো কানায় কানায়

তাই কি অতোটা রঙিন হলো
চোখ গেলো বউ কথা কও পাখি
ভোর হলো দোর খোল বলে সচকিত প্রতিটি শিশুর মন
আলোয় আলোয় ভরে পৃথিবী-প্রকৃতি
রূপ-রস-গন্ধ-স্পর্শ অদম্য স্পৃহা-
কি করে এমন পৃথিবীর মতো
আলো-বাতাসের মতো
ঘূর্ণীর মতো
অটল হিমালয়ের মতো
জাতির গ্রন্থি জুড়ে ফুঁকে দেন চির উন্নত শির

নির্ভীক বাঙালি জীবনে নজরুল
বড় গভীরে প্রোথিত