এসো বেয়াত্রিচে, আজ
ঝিনুকের মতো তুমি খুলে যাও আপন খেয়ালে/ সৌন্দর্য এমন হবে, রহস্যের বেদনার ভার,/ তুমি হবে একাকার মরকতমণির শোভায়/ শুক্তিটির ফাঁক থেকে দেখে নেব মুক্তাটি তোমার।
ঝিনুকের মতো তুমি খুলে যাও আপন খেয়ালে
সৌন্দর্য এমন হবে, রহস্যের বেদনার ভার,
তুমি হবে একাকার মরকতমণির শোভায়
শুক্তিটির ফাঁক থেকে দেখে নেব মুক্তাটি তোমার।
তোমার মনের লেখা পাঠ করি নৈঃশব্দ্য বিলোলে
উদ্যান-সংগীত আজ করে তোলে চিত-উতরোল
তুমি তাকে লীলাময় গান করো অধরের ছলে
সে তোমাকে ছুঁয়ে যাক, হোক আজ চিত্তটি দোদুল।
ফেলে-আসা জীবনটাই ছিল ঠিক জীবন তোমার
এখন তো আছ তুমি ছাইমাখা, গুপ্ত মনোভারে
অশ্রুপাখি ডানা ঝাপটিয়ে হয় নিশ্চুপ আবার
তার বুকে খেলা করে বেদনারা অসীম পাথারে।
এ জীবনে ছায়া আসে, জমে মেঘ অন্ধকার ভার
গাছগুলি জানে না তা গায় শুধু বাতাসের তান
মুক্তাটি হারিয়ে তুমি ভোগো নাকো গুপ্ত মনোভাবে,
এসো বেয়াত্রিচে, আজ গাই একে অপরের গান!
