২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্ট ফ্রস্টের কবিতা: ভূর্জগাছেরা

দেখে মনে হয় আকাশতলের গম্বুজ বুঝি সহসাই ভেঙে পড়ে গেছে নিচে/ মাটিতে শয়ান হঠাৎ কখন।/ ওজনের ভারে নু'য়ে পড়ে গেছে ঘাসের উপর -ভেঙে পড়েনি তো!

মোস্তফা তোফায়েল

Published : 08 Sep 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সোজা হয়ে আছে কালো গাছগুলো, ফাঁকে ফাঁকে তার ভূর্জগাছেরা,

ভালো লাগে বেশ যখনই দেখি- সেই ভূর্যদের তরুণ ছেলেরা

খাওয়াচ্ছে দোল, দিচ্ছে দুলুনি। যেমন তুষার ঝড় বয়ে গেলে

ওরা দোল খেয়ে ভূমিতে লুটায়- তেমনটা নয়। যে-রাতে দেখেছি

ঘন বরষণ, তার পরদিন, তুষার মাখানো শরীর ওদের

ঝকমক করে ঊষার কিরণে। যখন বাতাস জোরে জোরে বয়,

ভূর্যশাখারা ঠোকাঠুকি খায় অনেক রঙের বর্ণবিভায়

ভরপুর হয় ডালপালাগুলো; মটমট করে ভাঙে এনামেল

তুষার মাখানো; হালকা ঝড়ের ঝাঁকুনিদোলায় চুরচুর ভাঙে।

ধীরে ধীরে বাড়ে রোদেলা গরম, ভূর্যশরীরে বরফ স্ফটিক 

ফাটে চৌচির মর্মরধ্বনি, পড়ে ঝুরঝুর টুকরো টুকরো;

ধীরে ধীরে তার তলে জমে যায়

শত ভঙুর কাচ আর কাচ;

দেখে মনে হয় আকাশতলের গম্বুজ বুঝি সহসাই ভেঙে পড়ে গেছে নিচে

মাটিতে শয়ান হঠাৎ কখন।

ওজনের ভারে নু'য়ে পড়ে গেছে ঘাসের উপর -ভেঙে পড়েনি তো!

কাত হয়ে আছে বহুদিন ধরে, দাঁড়াতে পারেনি মাথা তুলে আর।

ধনুকের মতো বাঁকা হয়ে ওই ডালপালাগুলো ঝোপে আর ঝাড়ে

অনেক বছর পরেও দেখেছি এলানো পাতায় ভূমিতে ছড়ানো,

যেমন বালিকা ভেজা চুল তার হাতে ও হাঁটুতে দিয়েছে বিছিয়ে 

সূর্যকিরণে শুকিয়ে নিতেই,

দিবসের বেলা, অবনত মাথা।

কিন্তু, আমি যা দেখেছি, বলছি-

সে এক সত্য -হুড়মুড় বেগে

ঢুকে পড়ে ত্বরা, বরফ ঝড়ের জীবনরাঙানো কাহিনির ঘরে।

না-হয়ে তুষার ঝড়, যদি হতো রাখাল বালক, দূরের গাঁয়ের,

গরুদের খোঁজে মাঠে চলে গেছে,

গাছেতে উঠেছে, বেইজবল খেলা

শেখার সাধনা হয়তো করেছে, হয়তো করেনি- দৌড়ে মেতেছে-

গরমে বা শীতে একাই খেলেছে, ভূর্জের ডালে একাই উঠেছে, 

বাবার খামারে; যেমন ইচ্ছে গাছের শেখরে ওঠার খেলায়

মেতেছে একাই, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে কত কতবার।

এভাবে তারই ওজনের ভারে ডালপালাগুলো বেঁকেই গিয়েছে,

হারিয়ে তাদের সোজা, ঋজুভাব।

সবগুলো গাছ, সবগুলো ডাল

রাখাল বালক বাঁকিয়ে ফেলেছে, একা একা তার হাতের মুঠোয়।

তড়িঘড়ি নয়, তাড়াহুড়ো নয়, হুড়মুড় করে লাফ দিয়ে নয়,

জবরদস্তি -সেভাবেও নয়-

গাছগুলো তার চোরের কবলে

পড়ে নাই লুটে ভূপাতিত হয়ে; বরং রাখাল দিনে দিনে একা

পরম ধৈর্য্যে, দেহের সাম্য বজায় রেখেছে, মগডালে উঠে 

ঝুলেছে, খেলেছে, দিনে দিনে একা,

উঠেছে নেমেছে, দুলেছে খেলেছে,

পেয়ালায় যেন অল্প অল্প জল ঢেলে দিয়ে পেয়ালা ভরানো-

পরম ধৈর্য্যে টইটম্বুর, পরম যত্নে তেমনই খেলেছে।

সামনে বাড়িয়ে দুই পা শপাং, শূন্যে লাফিয়ে ঝুলেছে ডালেতে,

পায়ের লাথির কসরত করে গাছের ডালেই ডিগবাজি খেয়ে 

ঝুলেছে বালক বাতাসের গায়ে,

পড়েছে বালক লাফিয়ে মাটিতে।

আমিও একদা ছিলাম বালক, কত না ঝুলেছি গাছের ডালেতে,

ভাবি মনে মনে, সেই ভূর্যবনে

ফিরে যেতে পারি যদি কোনকালে।

এখন বয়স শুকনো বিচার বিবেচনা আর নীরস কথার;

এখন সময় কুজ্ঝটিকার, 

পথহারা বনে, অজানা গহনে,

গাছের সূচালো ডালেরা কপোলে খোঁচা মারে আর মাকড়শা জাল

মুখমন্ডলে জড়ায় নিয়ত,

একচোখে নামে অশ্রুর ধারা,

এ ডালে ও ডালে ফ্যাঁকড়া শাখারা

ঝটিতি চাবুকে কোনাকুনি হানে।

এ জগৎ থেকে ছুটি নিয়ে যদি 

যেতে পারতেম ভূর্জ বাগানে,

যদি পারতেম কিশোরের কালে

আবার ফিরতে নতুন জীবনে!

আমার নিয়তি এই কথা শুনে 

ভুল বুঝে যেন আধা ছুটি নিয়ে 

মাঝপথে এই জীবনের গতি 

থামাতে না চায়; ফেরার সুযোগ

হঠাৎ করেই বন্ধ না করে! 

প্রেমের জন্য শ্রেষ্ঠ এটাই-

এ জগৎটাই: আর জানা নেই 

এর চেয়ে ভালো অন্য ভুবন।

অভিলাষ হয় ভূর্জ বাগানে গাছে গাছে উঠি, শুধু দোল খাই,

ডালপালাগুলো মিশমিশে কালো,

গুঁড়িগুলো সাদা বরফের মতো,

দোল দিয়ে দিয়ে উঠবো সরগে দোলার শীর্ষে, সবার ওপরে,

গাছের দোলনা আপন গতিতে ফিরে আসে যেন দোলনের তালে,

মাথা নিচু করে দিক সে নামিয়ে ভূমিতে আবার ছিলেম যেখানে। 

ডালে ডালে ঝুলে দোলনায় দুলে

চলে যাওয়া আর ফিরে ফিরে আসা,

এই ছুটি ভোগ কত না মজার,

ভূর্জশাখায় দোল খেয়ে ফেরা।