শায়লা নাহার মুক্তির কবিতা: অনিদ্রা
প্রিয়তম, আমার এই অসম্ভব স্বপ্নে মরে যাচ্ছি আমি... আর তুমি, অন্য কোনো জনম আর অতিদূর ছায়াপথ থেকে আসা... আমার নক্ষত্রধূলি... আমার অনিদ্রা হয়ে ওঠ তুমি।
অনিদ্রা
বুঝতে পারিনি আমি, প্রিয়তম, কোন দুর্দৈব ক্ষণে তুমি
আমার অংশ হয়ে গেছো,
আর আমি, অবিচ্ছেদ্য অংশ তোমার;
অথচ আমাদের সব ভোর এবং গোধূলি
এখন জড়িয়ে থাকে পরস্পরে,
আর আমি তোমার কথাই ভাবি… যখন ঘুমুতে যাই,
আর আমি তোমার কথাই ভাবি যখন সকালে আমি চোখদু'টো মেলি —
যারা অনিদ্রায় ক্লান্ত এবং লাল;
এমন আশ্চর্য বিভ্রম...
জীবন হয়ে উঠতে পারে এক পলকেই,
তারপরও সে কী মায়াসঞ্চারী!
এতোটাই যে,
আমার আত্মার বিমূঢ় চেতনা
ক্লান্ত চোখে তাকায় আমারই কুহকী চারিপাশে…
আর অনুভব করে আমার শ্বাসে হারিয়ে যাওয়া তোমার উষ্ণ নিঃশ্বাস…
তোমার আশ্চর্য ঠোঁটের স্পর্শ আমার ঠোঁটের প্রান্তে;
আর ভীষণ আনন্দে, বেঘোরে হারিয়ে যাওয়া তোমার জিভ, আমার জিভের আলিঙ্গনে…
আর আমি ভাবি, শুধু ভাবি
কেমন লাগবে আমার
এই শূন্য খোলস ছেড়ে
বিস্মরণে বিলীন হয়ে যেতে;
কিন্তু তখন... তোমার ভাবনা আর
তোমার অপার্থিব উপস্থিতির যতো বাঁক - তারা ধরে রাখে আমায়,
তারা আমায় হারিয়ে যেতে দেয় না… এখনই।
mi amor, me estoy muriendo en este loco sueño mío…
প্রিয়তম, আমার এই অসম্ভব স্বপ্নে মরে যাচ্ছি আমি...
আর তুমি, অন্য কোনো জনম আর অতিদূর ছায়াপথ থেকে আসা... আমার নক্ষত্রধূলি...
আমার অনিদ্রা হয়ে ওঠ তুমি।
