২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যতীন সরকারের জীবনাবসান: বুদ্ধিজীবিতা ও সাধারণ মানুষের জীবন প্রসঙ্গে

জীবনবোধে, প্রজ্ঞায়, রুচিতে তাঁর সমতুল্য মানুষ আর দু-চার জন আমাদের সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ। পাণ্ডিত্যে তাঁর চেয়ে শ্রেয় মানুষ থাকতে পারেন, কিন্তু যাপিত জীবনের সঙ্গে বৌদ্ধিকতাকে সমন্বিত করে চলা তাঁর মতো মানুষ আমি বেশি দেখিনি।

যতীন সরকারের জীবনাবসান: বুদ্ধিজীবিতা ও সাধারণ মানুষের জীবন প্রসঙ্গে
যতীন সরকারের প্রতিকৃতি: গৌতম কুমার দেবনাথ

আহমাদ মাযহার

Published : 13 Aug 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

যতীন সরকারের এক জন্মদিনে যা লিখেছিলাম তা অনেকটা এরকম– 

আমাদের কৈশোরোত্তীর্ণ কালে সমাজে কিছু মানুষকে দেখতাম যাঁরা বিদ্যায়, রুচিতে, মূল্যবোধে ছিলেন ঋদ্ধ। এমনকি ক্ষমতা কাঠামোয় কিংবা অর্থবিত্তে সমৃদ্ধিশালীরাও এই ধরনের মানুষদের অনেকটাই মান্য করতেন। এর মূল কারণ এঁরা আজকের দিনের অগ্রগণ্য মানুষদের মতো ধান্ধাবাজি কিভাবে করতে হয় তার অনুশীলন করতেন না! 

২.

এমন কিছু মানুষও দেখেছি, কৃষিসংস্কৃতির মধ্যে থেকে সাধারণ জীবন যাপন করেও উচ্চতর ও মানবিক বিবেচনাবোধে যাঁদের শ্রেয়তা দৃশ্যমান থাকত। কিছু স্কুল-কলেজের শিক্ষককে দেখতাম তাঁরা উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষকতায়ও ছিলেন অন্য সাধারণ কৃষকদের মতোই কর্মশীল। তাঁদেরও কখনো কখনো হালচাষ করতে দেখেছি, কিংবা দেখেছি ক্ষেতে নিড়ানি দিতে বা ফসল মাড়াই করতে। জ্ঞানের দিক থেকে সক্রেটিস, প্লেটো, রুশো, রবীন্দ্রনাথ, নজরুল, শহীদুল্লাহর মতো উচ্চ মানবেরা যেমন তাঁদের জীবনে প্রাসঙ্গিক ছিলেন তেমনই আউশ আমন বোরো কিংবা রবিশস্য নিয়ে তাঁদের যাপিত জীবন ছিল সাধারণ আর দশজন কৃষকেরই মতো! ফলে তাঁদের জীবনবোধে যেমন ধান্ধার কোনো তাৎপর্য ছিল না তেমনি জীবনের দর্শন অনুধাবনকে ভাষায় প্রকাশ করতে অচেনা অভিব্যক্তির আশ্রয় নিতে হতো না! ফলে তাঁদের ভাষা বুঝতে খুব একটা অসুবিধা হতো না সমাজের কোনো স্তরের মানুষদেরই। 

৩.

বিশ্বায়ন-প্ররোচিত উন্নয়ন আমাদের অর্থনৈতিক জীবনকে উত্তরোত্তর নানা নতুন সূচকে উন্নত করে তুললেও তা আমাদের চারপাশে সহজ সরল সেই ধরনের বৌদ্ধিক মানুষগুলোকে বেঁচে থাকতে দিচ্ছে না! আবার বুর্জোয়া সংস্কৃতির পরিশীলন না হওয়ায় বিত্ত ও ক্ষমতাশালীরা বুর্জোয়া ন্যায়বোধের সংস্কৃতিতেও নিজেদের উত্তীর্ণ করতে পারেননি। ফলে চারপাশে দেখা যায় রুচির দুর্ভিক্ষ! সংগঠনে চাঁদা দিয়ে তা়ঁরা বিশেষজ্ঞসুলভ বক্তৃতা দেয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। কবিতা বিবেচনায় নয়, ক্ষমতাকাঠামোর নৈকট্যের বিবেচনায় তাঁরা হন পুরস্কৃত! সমাজে সম্মান তাঁরা অর্থ, রাষ্ট্রীয় পদবী বা কোনোভাবে ক্ষমতাশালী হওয়ার বিনিময়ে ‘ক্রয়’ বা ‘আদায়’ করেন।

৪.

যতীন সরকারের জীবনাবসানের খবর শুনে ওপরের কথাগুলো আবার মনে এলো। অনেকেই তাঁকে মৃত্যূত্তর শ্রদ্ধা জানাচ্ছেন। জীবনবোধে, প্রজ্ঞায়, রুচিতে তাঁর সমতুল্য মানুষ আর দু-চার জন আমাদের সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ। পাণ্ডিত্যে তাঁর চেয়ে শ্রেয় মানুষ থাকতে পারেন, কিন্তু যাপিত জীবনের সঙ্গে বৌদ্ধিকতাকে সমন্বিত করে চলা তাঁর মতো মানুষ আমি বেশি দেখিনি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাঁকে হয়তো বামপন্থী বা বামপন্থার নিকটজন বলা যাবে, কিন্তু কখনোই তাঁকে বামমোল্লাদের কাতারে ফেলা যাবে না। বামপন্থার সমর্থক তিনি বঞ্চিতের বেদনার সঙ্গি বলে। বামপন্থার মানবিকতা তাঁর আপন আচরণীয় যেমন, তেমন তিনি এর সৌন্দর্যেরও অনুরাগী। অন্য দিকে, তাঁর মনন কোনো রূপ সংস্কার দ্বারা আচ্ছন্ন নয় বলে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কবি ইকবাল কেন আমাদেরও তা বুঝতে তাঁর অসুবিধা হয় নি! আমাদের আধুনিকতাবাদী জীবনদৃষ্টি যে গ্রামীণ আত্মনির্ভর শ্রমশীল মানুষদের সঙ্গে সাঁকো বাঁধতে পারেনি সেই ভ্রান্তিকে তিনি আধুনিকতা অভিমুখী সাহিত্যের মধ্যেকার সীমাবদ্ধতা হিসাবে দেখেছেন। পশ্চিমের আধুনিকতাবাদের চেয়ে যে আমাদের দৃষ্টি আলাদা হওয়া উচিত সে অনুভবের সন্ধানও তিনি দিয়েছেন আমাদের। পাকিস্তানের জন্মমৃত্যু দেখতে দেখতে এগিয়ে চলা নিজের জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছেন তাঁর কালের প্রবহমান দেশজ সমাজচৈতন্যকেই। আমাদের সমাজে বৌদ্ধিকতার এই ধারাটি যদি শক্তিশালী হতে পারতো তাহলে গণতন্ত্র এবং উন্নয়ন এমন পরস্পর জটিল সম্পর্কে নিপতিত হতে পারত না। 

৫.

বয়সে তিনি আমার পিতার চেয়েও জ্যেষ্ঠ! তিনি সক্রিয় চিন্তায় বেঁচে আছেন এই ধারণা আমাকে এই মর্মে স্বস্তি দিত যে, মুক্ত মনে শ্রদ্ধা করার মতো এই মানুষটির কাছে আমি যেতে পারব। আজ তাঁর জীবনাবসানের খবর শুনে মন গভীরভাবে বিষণ্ণ হয়ে পড়ল। একজন মানুষের জীবনের দৈর্ঘ্য বিবেচনায় তাঁর জীবন হ্রস্ব হয়তো ছিল না, কিন্তু তাঁর অনুপস্থিতি আমাদের সাংস্কৃতিক জীবনবোধকে রিক্ত করে দিল। আমাদের এই দীনতার কথা অনুভব করে এর থেকে উত্তরণের আকাঙ্ক্ষাই হতে পারে তাঁকে শ্রদ্ধা জানানোর উপায় হিসাবে করণীয়!!

১৩ আগস্ট ২০২৫