কবিতার আলোচনায় উঠে এল রাজনীতি ও গণতন্ত্র
“কবিতার ধ্রুপদী ধারার বৈশিষ্ট্য সমসময় এক রকম থাকে না। সময়ের দাবিতে তা বদলেও যায়।”
বাংলাদেশে উত্তম গণতান্ত্রিক শাসন ছিল তুলে ধরে সেই গণতান্ত্রিক শাসন কেন বারবার স্বৈরাচারে রূপ নেয় তা গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী।
কবিতা নিয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে এ কথা বলেন তিনি।
শুক্রবার এ আলোচনার আয়োজক সংস্কৃতিবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের তরুণদের কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে ধ্রুপদী সাহিত্যের প্রসঙ্গ টানেন ফয়জুল লতিফ।
তিনি বলেন, “কবিতার ধ্রুপদী ধারার বৈশিষ্ট্য সমসময় এক রকম থাকে না। সময়ের দাবিতে তা বদলেও যায়।
“রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শামসুর রাহমান, আল মাহমুদ, আবুল হাসানদের লেখা ধ্রুপদী; কিন্তু তারা কেউ-কেউ আলাদা সময়ের কবি। কেউবা একই সময়ের। তাদের লেখা আলাদা বৈশিষ্ট্যের হয়েও ধ্রুপদী হয়ে উঠেছে।”
সাম্প্রতিক আলোড়ন-আন্দোলনের বিষয়টি তুলে ধরে এই সময়ের তরুণ কবিদের মনোযোগ আকর্ষণ করে এই প্রাবন্ধিক বলেন, “সুপরিচিত ঘটনা ও প্রসঙ্গকে অপরিচিত করে তোলা শিল্প-সাহিত্যের কাজ।”
এই অপরিচিতকরণ কৌশল এখনকার সময়ের বাংলাদেশের শিল্প-সাহিত্যে প্রয়োগের ওপর জোর দেন তিনি।
‘কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতা’ শিরোনামে তরুণ কবিদের কবিতা পাঠ এবং সেসব কবিতার ওপর আলোচনার আয়োজন করে সংস্কৃতিবাংলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর মিরপুরের বৌটুবানি মিলনায়তনে এই আয়োজনে ছিল ২০ তরুণের কবিতা পাঠ, আলোচনা ও গান।
উদ্বোধনী বক্তব্যে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ বিগত শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বলেন, “দীর্ঘ একটা সময় গেছে, যখন আমরা প্রশ্ন করতে পারতাম না।”
প্রশ্ন করার পরিসর যেন আবার সীমাবদ্ধ হয়ে না পড়ে সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজনে তরুণ কবিদের কবিতার বৈশিষ্ট্য, বিশিষ্টতা ও খামতির নানা দিক নিয়ে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক ফয়েজ আলম।
তিনি বলেন, “বহুমতের সমাবেশ ছাড়া একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায় না।”
এই সময়ের কবিদের বহুমত, বহুমাত্রিকতা এবং বহুস্বরিকতার নানা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে ফয়েজ আলম বলেন, “এই আয়োজনে যারা কবিতা পড়লেন, তাদের অনেকের কবিতায় এমন এক ব্যাপার আছে যা এই আয়োজনের শিরোনাম ‘কবিতার স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গের কবিতার’ সঙ্গে খুব যায়।
“২০২৪ সালের ৫ অগাস্টের আগে-পরে যা ঘটেছে, তার প্রতিক্রিয়া রয়েছে কবিতাগুলোয়। সে সময়ের ক্ষোভ ও দুঃখও আছে এসব কবিতায়।”
কবিতা পাঠ করেন রাসেল রায়হান, রোজেন হাসান, শাকিল মাহমুদ, রনক জামান, খান আলাউদ্দিন, আবিদ আজম, হিম ঋতব্রত, মঈন মুনতাসীর, শামস আরেফিন, তাজ ইসলাম, সায়্যিদ লুমরান।
তরুণ কবিদের কবিতাপাঠের এই আয়োজনে সংস্কৃতিবাংলার পক্ষে বক্তব্য রাখেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক চঞ্চল আশরাফ। তিনি সংস্কৃতিবাংলার বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনাজ পারভিন। নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশন করেন তরুণ কণ্ঠশিল্পী তানজিনা রহমান মীম।
