ভাতুড়িয়া
মনে হচ্ছিলো এই বুঝি বজ্রপাত তাদের মাথার উপর পড়ে তিনজনকেই জীবন্ত জ্বালিয়ে দেবে।
এতোটা পথ হেঁটে এসে যদি এতো আশার খাবার না খেয়েই ফিরে যেতে হয় সেই আশঙ্কায় পেয়ে বসল দুজনকেই।
ক্ষুধাটা থেমে থেমে পেটের মধ্যে হাতুড়ির আঘাত হানছে বারবার। মনে হচ্ছে পেটের মধ্যে যত নাড়িভুঁড়ি আছে সব দলা মোচড় দিয়ে গলা দিয়ে বের হয়ে আসবে। তার ধারনা, পেটের নাড়িভুঁড়ি নিচের দিকে থাকে। পেট ভরা থাকলে সেই নাড়িভুঁড়ি খাবারের চাপে নিচে পরে থাকে। আর পেট খালি থাকলে সেটা উপরে আসতে আসতে একসময় গলা দিয়ে বের হয়ে যায়। এটা নুরীর কাছে নতুন কোন বিষয় নয়। জন্মের পর থেকেই সে জানে ক্ষুধার কি সে এক ভয়ানক চেহারা। তার মনে পড়ে না কখন সে শেষবার একবেলা পেট ভরে খেয়েছে। খাবার দিয়ে পেটটা যে ভরা যায় সেটা সে এখনও দেখেনি। মায়ের কাছ থেকে শুনেছে, তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য দু’বেলা পেটপুরে খাওয়া। নুরী জীবনে অন্তত একবার দেখতে চায়, পেটপুরে খাওয়ার কি মজা। পেটপুরে খাওয়ার পরে মানুষের কি সুখ হয়, কি হয় না। আজ হয়তো সে এটা জেনে যাবে। নুরী জানে না সময়টা এখন কি, কয়টা বাজে। সূর্যই তার ঘড়ি। সূর্যের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এখন মধ্য সকাল। আর কিছুক্ষণ পরেই সূর্যটা ঠিক তার মাথার উপর চলে আসবে। কিন্তু এই এতো বেলা হবার পরও বিলুর কোন খবর নেই। গতকাল থেকেই নুরী বারবার বিলুকে বারবার সতর্ক করে দিয়েছে, সকাল সকালই রওয়ানা দিতে হবে। এখান থেকে চার মাইল পথ পাড়ি দিতে হবে তাদের। সূর্য মাথার উপর আসার অনেক আগে রওয়ানা না দিলে ঠিক সময়ে ওখানে হাজিরই হতে পারবে না। আর সেটা যদি না পারে, তাহলে এতো খালি পেটে তারা আবার জীবিত ফিরে আসতে পারবে কিনা ঘোরতর সন্দেহ। নুরী রেগে গিয়ে মনে মনে বলল – এই বিলুটা যে কথায় গেলো। নুরী কতক্ষণ “ওই বিলু, কই রে” বলে চিৎকার করলো। কোন সাড়া এলোনা। নুরীর ডাকাডাকি শুনে ওর মা সাফিয়া ঘর থেকে বের হয়ে এলো। ঘর বলতে এই ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে খাস জমিতে একটা ছাপরা ঘর। হোগলা পাতা আর গাছের ডাল দিয়ে এই হাত দশেক প্রস্থ একটা ঘর। জানালা ছাড়া সেই ঘরের দরজা বলতে নারিকেল গাছের শুকনা পাতা ঝোলানো পর্দার মত একটা জিনিস। এটাকে যদি ঘর বলতে হয় তবে ঘর। তবে নুরীর ঘোরতর সন্দেহ আছে এটাকে ঘর বলা যায় কিনা। গত বছর শ্রাবণ কি আশ্বিনে দুইবার এই ঘরটা ভেঙ্গে গিয়েছিলো। সব মিলিয়ে বারো চৌদ্দ দিন ঝড় বাদল মাথায় নিয়ে খোলা আকাশে নিচে তারা থেকেছে। বর্ষায় সেবার প্রচণ্ড বৃষ্টির সাথে সে যে কি বজ্রপাত। মনে হচ্ছিলো এই বুঝি বজ্রপাত তাদের মাথার উপর পড়ে তিনজনকেই জীবন্ত জ্বালিয়ে দেবে। সে যাত্রায় কোনক্রমে তারা বেঁচে গিয়েছিলো। তিনজন, তারা তিনজনই মাত্র এই সংসারে। নুরীর বাপটা বছর চারেক আগে মরে গেছে। বিলু তখন পাঁচ বছরের, আর নুরী আট। বাপটা মরে যাবার আগে তারা কখনও হয়তো দুয়েক বেলা আধ পেট খেতে পেয়েছে। কিন্তু সে মরে যাবার পর ক্ষুধার যে গজব শুরু হয়েছে সেটা এখনও ধারাবাহিকভাবে চলছে। ভর পেট তো দূরে থাক, আধ পেটা খাবার যে কি সেটা এই সংসারের তিনজনই একেবারে ভুলে গেছে। নুরীর মা সাফিয়া গ্রামের অবস্থাসম্পন্ন গৃহস্থের ঘরে কাজ করে। কিন্তু সেই কাজ নিয়মিত কিছু না। সাধারণত শীতকালে ফসল ওঠার পর ধান মাড়াইয়ের সময়ে কাজ জোটে মাস দু’একের জন্য। বছরের বাদবাকি সময় এ বাড়ি ও বাড়িতে ছুটা কাজ। যখন কোন গৃহস্থের বাড়িতে কাজ থাকে, তারা খেতে দেয় দুপুরের বেলা। সেই খাবারের কিছুটা সে খায়, আর বাকিটা নুরী আর বিলুর জন্য নিয়ে আসে। তারা ভাগ করে খায়। শীতকালটাতেই তাদের পেটে যা দুটো খাবার যায়। খুব ভোর বেলা ঘুম থেকে উঠে দুই ভাই বোন মানুষের ফসলের জমিতে জমিতে যায়। ধান কাটার পর জমিতে যে আলগা ধান পরে থাকে তা টুকিয়ে কিছুটা মেলে। কিন্তু সেখানেও আজকাল অনেক প্রতিযোগিতা। কখনও কখনও একই ক্ষেতে দশ বিশজন ধান টোকায়। দিন শেষে হয়তো এক আধ সের ধান মেলে – আমন, আউশ, ইরি, বোরো আর নানান ধরনের ধান মিশানো। ফসলের সময় শেষ হবার পর শুরু হয় কঠিন সময়। ধান মেলে না, চাল মেলে না। গ্রামে ভিক্ষা দেবে কে? প্রায় সবাই গরীব। লোকে এতো ছোট ছেলে মেয়েকে কাজেও নিতে চায় না। একে তো বয়স এতো কম, তার উপরে দুই ভাই বোনেরই হ্যাংলা পাটকাঠির মত শরীর। ওদের শরীরে যে কয়টা হাড় তা খুব সহজেই যে কেউ গুনে বলে দিতে পারবে। রোদে পোড়া কালচে চামড়া ভেদ করে এমনভাবে সেই হাড়গুলি দৃশ্যমান যে দেখলে মনে হবে এই বুঝি খুলে খুলে মাটিতে পড়ে যাবে। নুরীকে বিলুর নাম ধরে ডাকাডাকি করতে দেখে দুশ্চিন্তায় পড়ে যায় সাফিয়া। বারবার আজকের দুপুরের খাবারের কথা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও ছেলেটা যে কোথায় গেছে। সাফিয়া এরকম একটা খাবারের সুযোগের খবর পেয়ে কয়েকদিন আগে থেকেই ছেলে মেয়ে দুটিকে প্রতিদিন মনে করিয়ে দিয়েছে তারা যাতে আজকের দুপুরের খাবারের সুযোগটি হেলায় না হারায়। বিষ্ণুপুরের তালুকদার বাড়িতে আজকে এক বিশাল খাবারের আয়োজন। মজিদ তালুকদারের বড় ছেলে রাসেদুল বিদেশ থেকে অনেকদিন পরে দেশে এসেছে। এখন তার অনেক টাকাকড়ি হয়েছে। গ্রামে এসেই তার দাদার নামে বিশাল এক ভোজের আয়োজন করেছে। ইউনিয়নের সবাইকে দাওয়াত দিয়েছে তারা। মাইকিং করেছে গ্রামে গ্রামে যাতে সবাই সেই ভোজে যায়। এটা শোনার পর থেকেই সাফিয়া প্রতিদিন তার দুই ছেলে মেয়েকে মনে করিয়ে দিচ্ছিল শুক্রবারের কথা যাতে তারা ভুলে না যায়। সাফিয়া একরকম ধাক্কা দিয়েই নুরীকে বলল বিলু যেখানেই থাকুক তাকে খুঁজে নিয়ে আসতে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একসময় বিলুকে কোত্থেকে যেন নিয়ে এলো নুরী। বিলুকে দেখেই তার মা অনেক রাগারাগি করলো। কিছুক্ষণ গালমন্দ করে দুজনকেই তালুকদার বাড়ির দিকে রওয়ানা হতে বলে দিলো। তার নিজেরও যাবার ইচ্ছা ছিল, কিন্তু আজ কয়েকদিন ধরে শরীরটা এতো দুর্বল যে এই দীর্ঘ পথ হেঁটে গিয়ে আবার ফিরে আসার ধকল সে সইতে পারবে না বলে সে যাবেনা বলে সিদ্ধান্ত নিলো। নুরী আর বিলু যাবার আগে ওদের মা ঘরের ভিতর থেকে একটা সিলভারের বাটি আর একটা পুরনো ময়লা গামছা এনে নুরীর হাতে দিলো। বলল তালুকদাররা যদি দয়া করে কিছু খাবার বাড়িতে নিয়ে যাবার জন্য দিতে রাজি হয় তাহলে যেন এই বাটিতে করে দিয়ে দেয়। নুরী বাটিটিকে গামছা দিয়ে পেঁচিয়ে বিলুর হাতে দিলো। দুই ভাই বোন মিলে রওনা দিলো তালুকদার বাড়ির দিকে। সূর্যটা তখন ঠিক মাথার উপর। দুজনেই জোরে জোরে হাঁটতে শুরু করলো। চার মাইল পথ যেতে এক ঘণ্টার বেশি লেগে যাবে। দুজনেরই সারা শরীর ঘামে ভিজে গেছে। কপাল থেকে ঘাম ঝরে পড়ছে অনবরত। এভাবে সোয়া ঘণ্টা হাঁটার পর যখন তারা তালুকদারদের বাড়িতে এসে হাজির হল তখন সেখানে লোকে লোকারণ্য। বাড়ির উঠানে ও আশেপাশে লোকে খেতে বসে গেছে। বসার কোন জায়গা না পেয়ে দুজনেই ঢোক গিলল। এতোটা পথ হেঁটে এসে যদি এতো আশার খাবার না খেয়েই ফিরে যেতে হয় সেই আশঙ্কায় পেয়ে বসল দুজনকেই। অনেক কষ্টে খাবার তদারকি করছিলো এমন একজনকে কাছে পেয়ে অনেক অনুনয় বিনয় করে কোনোমতে একটা মাদুরের উপরে বসার সুযোগ পেয়ে গেলো দুই ভাই বোন। দুজনেই গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো কখন তাদের খাবার দেওয়া হবে। সেই সাথে তারা পাশের লোকদের খাবারের দৃশ্য দেখতে থাকলো। লোকে মুখ বড় হা করে ভাত আর মাংস খাচ্ছে। বিলু তাদের খাবার দেখে মনের অজান্তেই দুই তিনবার জিহ্বা বের করে ঠোঁটে লাগাল। নুরীও তাই। কিছুক্ষনের মধ্যেই দুজনে বেশ অধৈর্য হয়ে উঠলো – কখন যে খাবার আসবে। কখন যে তাদের মাংস দিয়ে পেট ভরে ভাত খাবার স্বপ্ন পূরণ হবে। এতগুলি লোক খাবার পরিবেশন করছে – কিন্তু তাদের এক জনেরও কি একটু ফুসরত নেই তাদেরকে খাবার দেবার? এটাও কি হয়। এদিকে দুই ভাইবোনের পেটে যে ঝড় শুরু হয়েছে। আশপাশের লোকদের মজা করে খেতে দেখে তাদের ক্ষুধাটা যেন দশগুণ বেড়ে গেছে। সহ্য করতে না পেরে বিলু প্রায় উঠেই যাচ্ছিলো কোন একজনকে গিয়ে খাবার দিতে বলবে বলে। কিন্তু তার বোন হাত ধরে বসিয়ে দিলো।ভাইকে সতর্ক করে দিলো এই বলে যে এর ফল হিতে বিপরীত হতে পারে। তারা বিরক্ত হয়ে ওদের দুজনকে যদি খাবার না দিয়েই বের করে দেয় তখন কি হবে? বিলু বসে পড়ল বোনের সতর্কবাণী শুনে। নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া আর উপায় নেই। অনেকক্ষণ পর খাবার পরিবেষণকারীদের একজন দুই ভাইবোনের সামনে মাটির থালা রেখে গেলো। নিজেদের সামনে মাটির থালা দেখে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো। তাহলে শেষ পর্যন্ত তাদের স্বপ্ন সফল হতে যাচ্ছে। দুই জনই নিজেদের সামনে রাখা থালা দুটিকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে থাকলো। ভয়, কেই যাতে আবার ছোঁ মেরে এই থালা দুটি নিয়ে না যায়। থালা ধরে থেকে তারা উদগ্রীব দৃষ্টিতে তাকাল কেই তাদের দিকে খাবার নিয়ে আসছে কিনা। খুব রাগ হল তাদের। এতগুলি লোক খাবার পরিবেশন করছে কিন্তু তাদেরকে খাবার দেবার কারও সময় নেই। কতো লোক মজা করে মাংস আর ঘন ডাল দিয়ে ভাত খাচ্ছে। সেই খাবারের মসলার ঘ্রান তাদের নাকে গিয়ে কিরকম যেন একটা ঘোর তৈরি করছে। কতো বছর যে তাদের পেটে কোন মসলামাখা খাবার যায়নি। আসলে মসলার স্বাদ যে কেমন সেটা তারা জানেই না। আরও একবার তারা মসলা দেয়া খাবারের ঘ্রান পেয়েছিলো, কিন্তু সেবার সেই খাবার তাদের পেট পর্যন্ত যেতে পারেনি। বিয়ে বাড়ির গেট থেকেই দুই ভাই বোনকে খেদিয়ে দেয়া হয়েছিল। হঠাৎ বিলু নুরীকে কনুইয়ের গুঁতো দিয়ে বলল – বুবু ওই দ্যাখ। দুজনেই দেখল একটা লোক তাদের দিকে ভাতের একটা বড় গামলা নিয়ে আসছে। দেখে দুই জনেরই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো। এখনও তারা ভাতের থালা শক্ত হাতে ধরে আছে। লোকটা এসে নুরী আর বিলুর সামনে এসে ভাতের গামলাটা মাটিতে রাখল। গরম ভাত, এখনও সে ভাত থেকে ধোঁয়া উড়ছে। লোকটা খুব ব্যাস্ত। এতো লোককে খাবার দিতে হবে। সে খুব দ্রুত গতিতে বিলু আর নুরীর থালা ভরে দিলো ভাত দিয়ে। তারপর সে প্রায় উঠেই যাচ্ছিলো। এই সময় নুরী আর বিলু দুজনেই একসাতে অনুনয়ের সুরে বলল – আর একটু ভাত দেন। লোকটা খুব আশ্চর্য হয়ে বলল – আরও? দুজনের থালা ভর্তি ভাত। তারপরও এই ছোট ছোট ছেলে মেয়ের করুণ মুখ দেখে সে আরও কিছু ভাত তাদের থালায় তুলে দিলো। থালা দুটি এখন প্রায় ভাতের টিবির মত মনে হচ্ছে। লোকটা ভাবল – এরা এতগুলি ভাত খেয়ে শেষ করতে পারবে তো? সে এবার চলেই যাচ্ছিল। এমন সময় নুরী নিজেদের আনা বাটিটা লোকটার সামনে এগিয়ে দিয়ে আবার অনুনয় করে তার মায়ের জন্য কিছু ভাত দিতে বলল। লোকটা বলল – মায়ের জন্য? ঠিক আছে। সে থালাটা ভর্তি করে দিলো ভাত দিয়ে দিলো। লোকটা ভাত দিয়ে যাবার পর বিলু মুঠো ভর্তি ভাত মুখে নিতে যেয়েও নিলো না, নুরী বলল মাংসের জন্য অপেক্ষা করতে। শুনে বিলু মুঠোর ভাত আবার থালায় রেখে দিলো। যে লোকটা লোকজনকে মাংস বেড়ে দিচ্চিল সে প্রায় চলে এসেছে কাছাকাছি। মাংসের গামলার গা বেয়ে ঘন ঝল কিছুটা চুইয়ে চুইয়ে পড়ছে। সেটা দেখেই ভাই বোন দুজনের চোখ মুখ আনন্দে নেচে উঠলো আরেকবার। তাহলে আজই সেই দিন? পেট ভরে ভাত খাবার দিন? দুজনেই এক দৃষ্টিতে চেয়ে আছে মাংস বিলির লোকটির দিকে। আসলে না, তারা চেয়ে আছে মাংসের গামলাটার দিকে। এমনভাবে তাকিয়ে আছে ওটার দিকে যেন চোখ ফেরালেই গামলাটা হয়ত পালিয়ে যাবে। একটু পরেই লোকটি মাংসের গামলা নিয়ে ওদের পাতে মাংস তুলে দিতে লাগলো। নুরী আর বিলু লোভাতুর দৃষ্টিতে মাংসের দিকে চেয়ে আছে। বিলুর মুখটা এর মধ্যেই হা হয়ে আছে। আরেকটু দেন – দুই জনেই একসঙ্গে বলে উঠলো। তারপর মায়ের জন্য যে থালাটাতে বাটিটা নিয়ে এসেছিলো সেটা এগিয়ে দিয়ে মায়ের জন্য কিছু মাংস চেয়ে নিলো। তারপর সেটাকে গামছায় পেঁচিয়ে সযত্নে পাশে রাখল। এর মধ্যে বিলু খাওয়া শুরু করে দিয়েছে। নুরীও এখন খেতে শুরু করলো। তাদের চোখ শুধু ভাতের থালার দিকে সীমাবদ্ধ। আর কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদের খেয়াল নেই। বিলু একটা হাড় সহ মাংসের টুকরা খাচ্ছিল। টুকরাটা অনেক বড়, হাড়টাও বেশ মজার। সে টুকরাটা মুখে নিয়ে একটু মাংস ছিঁড়ে বাকি অংশটা মুখের সামনে এনে দেখছে আবার মুখে দিচ্ছে। তার কাছে এই মাংসের টুকরাটা এখন জীবনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস। একবার খাওয়া হয়ে গেলে আবার সে জীবনে কখন এরকম আরেকটা মাংসের টুকরা পাবে সে জানে না। কাজেই আজকে এই মাংসের সব স্বাদ, গন্ধ ও রস ভালোভাবে নিয়ে নিতে চাচ্ছে। গোগ্রাসে খাওয়ার কারণে বিলুর পাত থেকে কিছু ভাত মাদুরের উপর পড়ে গিয়েছিলো। ভাত কেন মাদুরে পড়ে গেলো এই বলে নুরী তাকে একটা ধমক দিয়ে মাদুর থেকে সেই ভাত তুলে বিলুর পাতে তুলে দিলো। একটা ভাতও নষ্ট করা যাবে না। এক একটা ভাতের দানাকে মনে হয় দামি মুক্তার মত। এরই মধ্যে আরেকজন লোক ঘন ডাল দিয়ে গেলো সবাইকে। ডালেরও যে এতো স্বাদ হয় সেটা তাদের কোনদিন জানাই ছিলনা। খেতে খেতে দুই জনেরই পেট ঢোলের মত ফুলে উঠেছে। কিন্তু এখনও থালায় কিছু খাবার আছে। আস্তে আস্তে তারা দুজনেই সব খাবার শেষ করে উঠলো। ভাই বোন দুই জনই টের পেলো এখন তাদের গলা পর্যন্ত খাবার উঠে গেছে। খাবার শেষ করে দুজনেই বাড়ির পথে রওয়ানা দিলো। পেট অতিরিক্ত ভরা থাকার কারণে হাঁটার গতি খুব স্লথ। নুরী মায়ের খাবারটা আগেই গামছা দিয়ে বেঁধে নিয়েছিলো। এবার সে ওটাকে কাঁধে ঝুলিয়ে নিলো সতর্কভাবে। বিলু এরই মধ্যে তাকে দুইবার সাবধান করে দিয়েছে যাতে খাবারটা পড়ে না যায়। নুরীও যক্ষের ধনের মত সেটকে যত্ন করে নিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে থালাটাকে স্পর্শ করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। এই ভাত মায়ের জন্য নিয়ে যেতেই হবে। মা বাড়িতে অপেক্ষা করে আছে একবেলা পেট ভরে সাদা ভাত খাবে বলে।
