নিহনজিন ১৯ – পুরুষ-প্রধান ল্যাবে কোনো ছাত্রী ছিল না
একা পেলেই বলতো, তোমরা নাকি চারটি পর্যন্ত বিয়ে করতে পার? আমি কিন্তু তোমার প্রথম স্ত্রী হয়ে থাকতে চাই। বলেই খিলখিল হাসিতে লুটিয়ে পড়ে নিজের হাসি নিজেই উপভোগ করতো।
ক্যাম্পাসে সুদর্শনা যুবতী মেয়ে ও মহিলা দেখা গেলেও ওসাকা ও কিয়োতো বিশ্ববিদ্যালয়ের যে কয়টি ল্যাবে আমি সময় কাটিয়েছি তার কোথাও কোনো ছাত্রী ছিল বলে মনে পড়ে না। শিক্ষক ও ছাত্রদের সবাই ছিল পুরুষ। ২০-৩০ জন সদস্যের ল্যাবগুলোতে একমাত্র নারী সদস্যটি হতো অধ্যাপক বা ল্যাবের সেক্রেটারি। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গেলে অনেক ছাত্রীর দেখা পাওয়া যেতো ঠিকই কিন্তু এদের প্রায় সবাই হতো স্নাতক বা আন্ডারগ্রাজুয়েট ক্লাশের। কেউ কেউ ডাক্তারির ছাত্রীও ছিল। কিন্তু স্নাতকোত্তর শ্রেণিতে আমি কোনো ছাত্রী দেখিনি বা আছে বলে শুনিনি।
এই অভিজ্ঞতা থেকে মনে হতে পারে জাপানে তখনকার মেয়েরা খুব মেধাবী ছিল না। আসলে ব্যাপারটি হয়তো সেদেশে ঐতিহাসিকভাবে পুরুষ আধিপত্য-মানসিকতা প্রসূত ছিল। ঐতিহাসিকভাবে মেয়েদের স্থান ছিল গৃহস্থালী কাজের মাঝে সীমাবদ্ধ। ঘরের বাইরের, দৈহিক ও মানসিক পরিশ্রমের কাজগুলো নির্ধারিত ছিল শুধুমাত্র পুরুষদের জন্য। হয়তো এই মানসিকতার ফলেই মেয়েরা উচ্চশিক্ষা বা গবেষণায় স্বীকৃতি পেতো না। সোদা-ল্যাবে অন্য কোনো ল্যাব থেকে আসা ডঃ কিডো নামে এক জাপানি মহিলা বিজ্ঞানীর কথাই ধরা যাক। তিনি আমেরিকা থেকে পোস্ট-ডক করে এসেছিলেন, কিন্তু জাপানে তাঁর কোনো সম্মানজনক চাকুরি হচ্ছিল না। পূর্বেকার পরিচিতির খাতিরে অধ্যাপক সোদা তাকে নিজ ল্যাবে স্বল্পদিনের জন্য অতিথি-গবেষকের সুযোগ করে দিয়েছিলেন। এ ধরনের ব্যতিক্রম থাকলেও জাপানি মেয়েরা উচ্চতর গবেষণার যে উপযোগী ছিল, তা নিচে দেয়া মিসেস হিরাযাওয়ার একটি উদাহরণ থেকেই স্পষ্ট হবে।
সেক্রেটারিরা বেশভূষা ও সাজসজ্জায় সবাই থাকতেন পরিপাটি হয়ে হয়ে কিন্তু কাজে ছিলেন খুবই চটপটে। সাধারণতঃ ল্যাব বা অধ্যাপকের ব্যক্তিগত সেক্রেটারি সাধারণতঃ হতেন অধ্যাপকের বয়সের কাছাকাছি।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের তাগুচি-ল্যাবের মিসেস সোয়াযুমির কথা এই বইয়ের প্রথমে বিস্তারিত উল্লেখ করেছি। ফুকুই-ল্যাবের সেক্রেটারি মহিলা ছিলেন খুবই চুপচাপ, সারাদিন ল্যাবেই পড়ে থাকতেন। তিনি যে কার কাজ করে দিতেন তা বুঝতে পারতাম না কারণ অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা নিজের সব কাজ নিজেরাই করতেন।
দীর্ঘ সাড়ে তিনটি বছর সোদা-ল্যাবের মিসেস হিরাযাওয়াকে কাছ থেকে দেখেছি। তিনি সবার আগেই ল্যাবে পৌঁছে যেতেন। অপিসে ঢুকলে অতি ব্যস্ততার মাঝেও সহাস্যে আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করতেন। তাঁর দিনের প্রথম কাজটি ছিল সকালে অফিসে প্রবেশের সাথে সাথে অধ্যাপকের সামনে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে এককাপ চা এনে দেয়া। অধ্যাপকের কাছে কোনো অতিথি আসার সাথে সাথে তাঁর সামনে সদ্য-প্রস্তুত গরম চা এগিয়ে দেয়ার আবশ্যিক দায়িত্বটিও ছিল তাঁরই। প্রতিটি সদস্যসহ ল্যাবের নাড়ি-নক্ষত্রের খোঁজ তিনি রাখতেন। এই কাজগুলো গভীর মনযোগের সাথে ওসাকা বিশ্ববিদ্যালয়ের মিসেস সোয়াযুমিকেও করতে দেখেছি।
অধ্যাপক সোদা সেন্সেয়-র সারাদিনের কাজের তদারকি করা ছাড়াও তাঁর বিদেশ-ভ্রমণ সংক্রান্ত টিকেট ও কাগজের ব্যবস্থা করা, কোনো সরকারী সংস্থা বা কোম্পানি থেকে পাওয়া অনুদানের প্রাপ্তি ও খরচের হিসাব রাখা, জোসুসহ প্রতিটি ছাত্রের ফাইল ঠিক রাখা, এবং ল্যাব থেকে প্রকাশিত গবেষণাপত্রের রক্ষণাবেক্ষণ করা। অধ্যাপকের নির্দেশে বিদেশের সদ্য-প্রকাশিত গবেষণাপত্রের কপি সব ছাত্রের টেবিলে পৌঁছে দিতেন। জাপানি কোনো অতিথি অধ্যাপকের সাথে দেখা করতে এলে উপঢৌকন হিসেবে সাথে করে নিয়ে আসতেন সুস্বাদু ও দামী স্ন্যাক-জাতীয় কোনো খাদ্য। অধ্যাপক সেগুলো কখনওই বাড়ি নিয়ে যেতেন না। মিসেস হিরাযাওয়া প্যাকেট খুলে কোনোদিন একাধিকবার সেসব প্রতিটি ছাত্র ও শিক্ষকের টেবিলে রেখে যেতেন।
ল্যাব সেমিনারেও তিনি উপস্থিত থাকতেন। শুধু তাই নয়, গবেষণার জন্য অধ্যাপক নিজ হাতে যে এক্সপেরিমেন্ট করতেন, এই সেক্রেটারি হতেন তাঁর সার্বক্ষণিক সহযোগী। এর প্রমাণ আমি পেয়েছি শুধুমাত্র এই দুইজনের লিখিত কয়েকটি গবেষণাপত্র আমেরিকার বিখ্যাত জার্ণালে প্রকাশিত হতে দেখে!
কিয়োতো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে ভর্তি-পরীক্ষায় উত্তীর্ণ হবার ইচ্ছায় ইযুমি তানাকা নামের একটি মেয়ে সোদা-ল্যাবে কাটিয়েছিল দেড় বা দুই বছর। কথা বলার সময় খিলখিল করে হাসতে থাকা মেয়েটি মোটামুটি সর্বক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। শেষ পর্যন্ত সফল হয়নি। আমার সাড়ে চার বছর জাপান বাসকালে কাছ থেকে দেখা সেই ছিল একমাত্র ছাত্রী। সে ল্যাবেরই আরেক ছাত্রের প্রেমিকা ছিল বুঝতে পারতাম। মেয়েদের ব্যাপারে আমার লাজুকতা লক্ষ করে আমার প্রায় সমবয়সী এবং বন্ধুস্থানীয় জোসু ড. এসাকি আমাকে ইযুমি তানাকার কাছে ঠেলে দিতেন। মেয়েটি একবার চারতলার নির্জন ঘরে চা বানানোয় ব্যস্ত ছিল। ড. এসাকি আমাকে সেই ঘরে ঠেলে দিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে সটকে পড়েছিলেন। সেই অবস্থায় মেয়েটির সাথে কী কথা বলেছিলাম এখন মনে নেই, কিন্তু ড. এসাকি কিছুক্ষণ পর নিজ থেকেই তালাটি খুলে দেয়ার আগ পর্যন্ত দুজনেই বেশ বিব্রতকর অবস্থায় পতিত হয়েছিলাম। তবে এরপর থেকে মেয়েটি নিজেই আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে দ্বিধা করতো না। একা পেলেই বলতো, তোমরা নাকি চারটি পর্যন্ত বিয়ে করতে পার? আমি কিন্তু তোমার প্রথম স্ত্রী হয়ে থাকতে চাই। বলেই খিলখিল হাসিতে লুটিয়ে পড়ে নিজের হাসি নিজেই উপভোগ করতো।
সোদা-ল্যাবে ২৫-৩০ বছরের আরেকজন শিক্ষানবিশ সেক্রেটারি ছিল বছর দেড়েক, কিন্তু তার উড়ু উড়ু ভাবের জন্য কাজে বেশিদিন স্থায়ী হতে পারেনি। তাকে নিয়ে আমি ভ্যালেন্টাইন দিবসের একটি গল্প লিখেছি বেশ আগে। সে ছিল কিয়োতো বিশ্ববিদ্যালয়ের কোনো বিখ্যাত অধ্যাপকের কন্যা। সুন্দরী ও অল্প বয়স হেতু ল্যাবের ছেলেরা ওকে পছন্দ করতো। আসল নামটি ভুলে গেছি কিন্তু স্বভাবের সাথে মিলিয়ে নিজেকে সে পরিচয় দিতো ওতেম্বা নামে, যদিও শব্দের সঠিক অর্থটি আমার জানা নেই। অপিসের কাজে অমনযোগী হওয়ায় তাকে চাকুরি থেকে সরিয়ে দেয়া হয়েছিল। শুনেছিলাম সে তাঁর বয়সের দ্বিগুণ, এক বিবাহিত পুরুষের প্রেমে মশগুল ছিল, কিন্তু লোকটিতো ওকে বিয়ে করবে না! জাপান ছাড়ার ঠিক দশ বছর পর সেদেশে আবার নিমন্ত্রিত হয়ে গেলে এক অনুষ্ঠানে নিজ থেকে এসে সে পরিচয় দিয়ে বলেছিল, চিনতে পারছেন? আমি ওতেম্বা সান, জানেন আমি কিন্তু আজও বিয়ে করিনি! কোমল বয়সের সিদ্ধান্ত ভুল হলেও মেয়েটি প্রথম প্রেমের স্মৃতিতেই জীবন কাটিয়ে দিয়েছে। ওর জন্য দুঃখবোধ করলাম।
ল্যাবে কোনো ছাত্রী না থাকলেও মেয়েদের সান্নিধ্য পেতে চায় সবাই। শিক্ষকসহ ফুকুই ল্যাবের ছাত্ররা স্কি-ভ্রমণে যাবে। সাথে মেয়ে থাকলে আনন্দটা জমে ভালো। ল্যাবের স্নাতক পর্যায়ের এক ছাত্রকে বলা হলো তোমার কিছু মেয়ে বন্ধুকে সাথে নিয়ে নাও। শিক্ষক ও বড়ভাইদের নির্দেশ, পালন করা অবশ্যকর্তব্য। সেই ছাত্রের কল্যাণে ফুটফুটে ও আদুরে চারটি মেয়ে আমাদের ভ্রমণ-সংগী হয়েছিল। একত্রে এলেও মেয়েগুলো সর্বক্ষণ নিজেদের নিয়েই ব্যস্ত থাকতো।
আরেকটি পর্যবেক্ষণ। ল্যাবের কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়া শুধুমাত্র পুরুষদের মাঝে একমাত্র মেয়ে থাকলে সবাই তাঁর কাছাকাছি থাকতে চাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাহ্যতঃ আমি এর প্রমাণ পাইনি। সোদা-ল্যাবের একমাত্র নারী সদস্য ইযুমি তানাকা-কে পরবর্তীতে একই ল্যাবের জর্জ গোতো নামের এক ছাত্র বিয়ে করেছিল, তা ঠিক, কিন্তু ল্যাবে তাদেরকে কখনোই একত্রে দেখা যায়নি। তদুপরি কোনো সদস্যকেই মেয়ে-বন্ধুদের ল্যাবে নিয়ে আসা বা তাঁদের সম্পর্কে কোনো কথা বলতে শুনিনি। তাদের কোনো মেয়ে-বন্ধু ছিল কিনা তা নিয়ে কোনো আলোচনাও শুনিনি।
কেউ কেউ বিবাহিত থাকলেও স্ত্রীদের নিয়ে কোনো মন্তব্য বা আলোচনাও কখনো শুনিনি। দূরবর্তী শহরে এক বিজ্ঞান সম্মেলনে গিয়ে সন্ধ্যায় শুনতে পেলাম সোদা-ল্যাবের এক বন্ধুর কন্যাসন্তান হয়েছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি যাচ্ছ না? কন্যা সন্তানের জন্য তুমি কি খুশি নও? বললো, না, না আমি খুবই খুশি, এই দেখ ছবি, কী সুন্দর মেয়ে আমার। বললাম, কিন্তু এই সময় তোমার স্ত্রী তো তোমাকে কাছে পেতে চাইবে, যাও তুমি চলে যাও স্ত্রীর কাছে। আমার এই মন্তব্যে সে বেশ আশ্চর্য হয়েছিল! বলেছিল, সন্তান জন্মের ব্যাপার, আমার তো কিছু করার নেই। স্ত্রীর কাছে আমার মা আছেন, শ্বাশুড়ি আছেন, কাছেই হাসপাতালের ডাক্তার-নার্স আছে। এই সময়ে স্ত্রীর যা যা প্রয়োজন, তারাই দেখছেন। আমি যাওয়া মানে তাঁদের কাজের ব্যাঘাত ঘটানো। তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো আমি তো আমার একটি কাজে এসেছি, এখন যাই কী করে! আমি থ’ হয়ে গিয়েছিলাম।
২৩শে মার্চ, ২০২৩
চলবে
