২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র দেশের একজন বৃহৎ সমাজবিজ্ঞানী সা’দ উদ্দিন

তাদের দেখে আমাদের এক ছেলে ফিক ফিক করে হাসছে। সেই দেখে স্যার ধমকে উঠলেন, “এই ছেলে, তুমি ওদের দেখে হাসছো কেন? ওরা তো একটা অরিজিন্যাল রেস থেকে এসেছে। আর তুমি? তুমি তো একটা সংকর!” – এই হলেন আমাদের সাদ উদ্দিন স্যার।

শবনম ফেরদৌসী শবনম ফেরদৌসী

Published : 17 May 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 02:27 PM

কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯৫ সাল। সমাজবিজ্ঞান বিভাগের থার্ড ইয়ারের ক্লাস চলছে “সমাজতন্ত্র ও পুঁজিবাদ”। র‍্যাডিক্যাল মার্ক্সিসম পড়াচ্ছেন সা’দ উদ্দিন স্যার। সেসময় আফ্রিকা থেকে কিছু ছাত্র সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শুরু হয়েছে। তাদেরই ২/৩ জন ছাত্র জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। তাদের দেখে আমাদের এক ছেলে ফিক ফিক করে হাসছে। সেই দেখে স্যার ধমকে উঠলেন, “এই ছেলে, তুমি ওদের দেখে হাসছো কেন? ওরা তো একটা অরিজিন্যাল রেস থেকে এসেছে। আর তুমি? তুমি তো একটা সংকর!” – এই হলেন আমাদের সাদ উদ্দিন স্যার। যিনি সারা জীবন মানুষের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মানুষের সমতার জন্য লড়ে গেছেন কি তত্ত্বে কি বাস্তবতায়।   

জীবিত থাকা প্রাজ্ঞ এবং নিভৃতচারী মানুষদের নিয়ে আজকাল এদেশে আর আলাপ হয় না। তাঁরা আলোচনায় আসেন তাঁদের দেহজ মৃত্যুর পর। তখন টের পাওয়া যায়, তাঁদের কাজ এবং চিন্তনের প্রভাব সমাজে গভীরভাবে ব্যাপ্ত। এবং তখনি অনুভূত হয় একটা বিশাল গহ্বর সৃষ্টি হয়েছে তাঁদের অনুপস্থিতিতে। তেমন একজন মানুষ আমার শিক্ষক অধ্যাপক এ, কে, এম, সা’দ উদ্দিন, বাংলাদেশের অন্যতম সমাজ বিজ্ঞানী। এদেশের সমাজ অনেক বড়, সমাজবিজ্ঞানী গৌণ। হাতে গোনা কয়েকজন আছেন যারা এদেশে সমাজবিজ্ঞানের চর্চা শুরু করেছিলেন এবং তা দেশ স্বাধীন হবার বহু আগে থেকে। সেই পাইওনিয়ারদের একটি স্তম্ভ সা’দ উদ্দিন স্যার। একটা সময় দেশের এবং দেশের বাইরের নামকরা সমাজবিজ্ঞানীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকতা করেছেন। আমাদের পরম পাওয়া তাঁর মতো একজন শিক্ষকের ক্লাস করবার আমার সুযোগ হয়েছে। শুধু আমি নই, আমাদের বিভাগের সকলের কাছেই তিনি আজো নমস্য। 

চিরকাল ছাত্ররা যা করে থাকে আরকি! শিক্ষকদের একটা উপনামে দেয় নিজেদের মধ্যে। শিক্ষকরা তা জেনে থাকেন, হাসেন হয়তো লুকিয়ে। তো সা’দ উদ্দিন স্যারকে আমরা ডাকতাম ‘স্যাড’ বলে, ইংরেজির একটা ‘এ’ অফ করলে স্যারের নাম হয়ে যায় sad। কদাচিৎ তাঁকে আমরা হাসতে দেখেছি। এখন বুঝি সেকালে কপট গাম্ভীর্য বজায় রাখা ছিলো শিক্ষকদের একটা স্টাইল। স্যার সম্ভবত সেই নিয়ম রক্ষা করতেন। এই যে লিখতে বসেছি স্যারকে নিয়ে, এটি আমার কাছে ধৃষ্টতার মতো লাগছে। কারণ ক্লাসের বাইরে স্যারকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তাঁকে দেখেছি ওই ক্যাম্পাসের করিডোর ধরে হেঁটে যাবার সময় জড়সড় হয়ে দাঁড়িয়ে নাজুক গলায় সালাম দেবার সময়। সালাম নয় যেন কুর্নিশ। সালাম গ্রহণ করতেন তিনি আমাদের দিকে না তাকিয়ে। যদি কোনদিন মৃদু হাসির দেখা পেলাম কি পেলাম না, স্যার আদৌ তাকালেন কি তাকালেন না, তাতেই আমরা ছেলেপিলের দল মোমের মতো মেঝেতে গলে পরি আর কি! পরে জেনেছি প্রস্তরসম গাম্ভীর্যের মোড়কে ঠাসা দয়ায় আর্দ্র মানুষ তিনি। তাঁর অন্তর ছিলো সুরুচি এবং সূক্ষ্ম চেতনার অধিকারী। 

স্যার ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী এবং সমাজতান্ত্রিক ভাবধারার আদর্শ ধারণ করা মানুষ। শুধু বিশ্বাসে নয়, জীবন যাপনেও সেই চর্চা বজায় রেখেছেন। স্যার মুক্তিযুদ্ধ প্রত্যক্ষভাবে সংগঠিত করেছেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য সংহতি আন্দোলন করেছেন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, প্রগতিশীল চর্চায় ছিলেন অগ্রগামী। ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন বেশ কয়েক বছর। এমনকি তাঁর মতো করে এত দুর্দান্ত সমাজতত্ত্ব ও পুঁজিবাদ পড়ানো খুব কম শিক্ষকের পক্ষেই সম্ভব ছিলো। যে একবার তাঁর লেকচার শুনবে তাঁর কাছে কঠিন সব তত্ত্ব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাঁর ছাত্রদের তিনি যে দীক্ষায় দীক্ষিত করে গেছেন তা অনেকের পাথেয় হয়ে আছে। আমার আরেকটা প্রিয় সাবজেক্ট সোশ্যাল চেইঞ্জ, যা স্যার পড়াতেন। বিশেষ করে সমাজ এবং ধর্ম ব্যবস্থা কিভাবে সমাজে প্রভাব ফেলে এবং সমাজকে পরিবর্তন করে। এই স্টাডিগুলো খুব জরুরী আমাদের দেশের জন্য। স্যার সেই কাজটিও করে গেছেন। বাংলাদেশের সমাজ ব্যাবস্থা, সংস্কৃতি, সমাজ পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, পড়িয়েছেন তো বটেই।  

ছাত্রী হিসেবে স্যারের সঙ্গে আমার একটা স্মৃতি নজরানার মত হয়ে আছে। ২০০৯ এ আমার একটা ফিল্মের প্রিমিয়ারে স্যার এলেন। অর্থনীতিবিদ এবং রবীন্দ্র গবেষক ড. আনিসুর রহমানের রবীন্দ্র সঙ্গীত নিয়ে একটা প্রামাণ্যচিত্র “ভুবন ভরা সুর”, স্যার এলেন অতিথি হয়ে, আনিসুর রহমানের দীর্ঘকালের বন্ধু তিনি। আমার একটা রেয়াজ আছে, শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করা। তো স্যারকে সালাম করে বললাম যে আমি তাঁর ছাত্রী। স্যার একটু অবাক হলেন। এবং ছবি শেষে অতিথি হিসেবে বক্তব্য রাখলেন, যা আমার মাথার মুকুট হয়ে রইলো। আজ স্যারের প্রয়াণের পড় ভাবি, স্যার নির্ঘাত জানতেন তাঁর ছাত্ররা তাঁকে সমীহ করে চলে এবং ভয় পায়। কিন্তু, তিনি কি জানতেন, তাঁকে আমরা কতটা ভালবাসতাম! ঠিক ততটাই নিখাদ সেই ভালবাসা যতটা তিনি তাঁর হৃদয়ে এদেশের মানুষের জন্য লালন করতেন।