২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমেনা আফাজ রচনাবলি প্রকাশ করবে ঐতিহ্য

বাংলা সাহিত্যের ব্যতিক্রমী প্রতিভা প্রয়াত রোমেনা আফাজ প্রায় আড়াইশ বইয়ের লেখক৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 01:48 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

'দস্যু বনহুর' উপন্যাসের জন্য খ্যাতি পাওয়া সাহিত্যিক রোমেনা আফাজের রচনাসমুদয় পাঠকের কাছে পৌঁছে দিতে খণ্ডে খণ্ডে 'রোমেনা আফাজ-রচনাবলি' প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য'।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐতিহ্য জানায়, সম্প্রতি পুরানা পল্টনে ঐতিহ্যের প্রধান কার্যালয়ে রচনাবলি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং 'রোমেনা আফাজ স্মৃতি পরিষদ'-এর কোষাধ্যক্ষ ও  প্রয়াত রোমেনা আফাজের ছেলে মো. মন্তেজুর রহমান আঞ্জু।

বাংলা সাহিত্যের ব্যতিক্রমী প্রতিভা প্রয়াত রোমেনা আফাজ (১৯২৬-২০০৩) প্রায় আড়াইশ বইয়ের লেখক৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলা রহস্যরোমাঞ্চ উপন্যাসে রোমেনা আফাজ যোগ করেছেন নতুন মাত্রা। ছোটগল্প, কবিতা, কিশোরসাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তার রচিত বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে। কিন্তু তার রচনা নতুন প্রজন্মের পাঠকের কাছে একত্রে সুলভ নয়৷"

এই লেখকের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে আনার ভাবনা থেকেই এই রচনাবলী প্রকাশের পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছে ঐতিহ্য।