সন্ত টমাস একুইনাস: ধর্মতত্ত্ববিদ, দার্শনিক ও কবি
“আমি আর লিখতে পারি না, কারণ ঈশ্বর আমাকে এমন গৌরবময় জ্ঞান দিয়েছেন, যার তুলনায় আমার সমস্ত রচনা গোরুর খাদ্য হিসেবে খড়ের মতোই অযোগ্য—তুলনাই হয় না এই পবিত্র বিস্ময়ের।” এর তিন মাস পরই তাঁর মৃত্যু হয়।
সেন্ট টমাস একুইনাস (Saint Thomas Aquinas, ১২২৫–১২৭৪) মধ্যযুগের সবচেয়ে প্রভাবশালী ধর্মতাত্ত্বিক ও দার্শনিকদের একজন। তাঁর কাজ খ্রিস্টীয় ধর্মতত্ত্ব এবং পশ্চিমা দর্শনে গভীর প্রভাব ফেলেছে, বিশেষত এরিস্টটলীয় চিন্তাধারাকে খ্রিস্টীয় বিশ্বদর্শনের সাথে সমন্বয় করার মাধ্যমে। একুইনাস শুধু দার্শনিকই ছিলেন না, তিনি একজন কবিও ছিলেন, যার রচিত ধর্মীয় স্তোত্রগুলো আজও ক্যাথলিক উপাসনায় ব্যবহৃত হয়।
টমাস একুইনাস ১২২৫ সালে ইতালির নেপলসের কাছে রোকাসেক্কা দুর্গে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর বয়সে তিনি মন্টে ক্যাসিনোর বিখ্যাত বেনেডিক্টাইন মঠে শিক্ষা লাভ শুরু করেন। পরবর্তীতে নেপলস বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ডোমিনিকান সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট হন এবং ১২৪৪ সালে ডোমিনিকান ফ্রায়ার হিসেবে যোগ দেন।
একুইনাসের পরিবার তাঁর ডোমিনিকান হওয়ার বিরোধিতা করেছিল, এমনকি তাঁকে এক বছর গৃহবন্দীও করে রেখেছিল। কিন্তু তিনি অটল থাকেন এবং শেষ পর্যন্ত প্যারিসে আলবার্টাস ম্যাগনাসের অধীনে পড়াশোনা করেন। আলবার্টাস ম্যাগনাসই একুইনাসকে এরিস্টটলের দর্শনের সাথে পরিচয় করিয়ে দেন, যা পরবর্তীতে তাঁর চিন্তাধারার মূল ভিত্তি হয়ে ওঠে।
১২৫৬ সালে একুইনাস প্যারিস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হন এবং সেখানে তিনি তাঁর বিখ্যাত রচনাগুলো লিখতে শুরু করেন, যেমন 'সুম্মা থিওলজিকা' (ধর্মতত্ত্বের সারসংক্ষেপ) এবং 'সুম্মা কন্ট্রা জেন্টাইলস' (অখ্রিস্টীয়দের বিরুদ্ধে যুক্তি)। তিনি নেপলসে ফিরে গিয়ে শিক্ষকতা ও লেখালেখি চালিয়ে যান।
টমাসের জীবনে বহু আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটেছিল। নানা কাহিনিতে পাওয়া যায়, তিনি কখনো কখনো ধ্যানে এতটাই মগ্ন হয়ে যেতেন যে চারপাশের কিছুই টের পেতেন না। তা সত্ত্বেও, তিনি ছিলেন এক প্রচণ্ড লেখনশীল ব্যক্তি—জীবনে ১০০-রও বেশি গ্রন্থ রচনা করেন।
জীবনের একেবারে শেষে, নেপলসের সেন্ট নিকোলাস গির্জায় তিনি এক মহাজাগতিক প্রকাশের অভিজ্ঞতা লাভ করেন। এরপর তিনি বলেন :
“আমি আর লিখতে পারি না, কারণ ঈশ্বর আমাকে এমন গৌরবময় জ্ঞান দিয়েছেন, যার তুলনায় আমার সমস্ত রচনা গোরুর খাদ্য হিসেবে খড়ের মতোই অযোগ্য—তুলনাই হয় না এই পবিত্র বিস্ময়ের।” এর তিন মাস পরই তাঁর মৃত্যু হয়।
১২৭৪ সালের ৭ মার্চ, পোপ দশম গ্রেগরির আমন্ত্রণে লিয়নের কাউন্সিলে যোগ দেওয়ার পথে একুইনাস অসুস্থ হয়ে পড়েন এবং ফসসানোভা মঠে মৃত্যুবরণ করেন। ১৩২৩ সালে পোপ দ্বাবিংশ জন তাঁকে সন্ত হিসেবে ঘোষণা করেন।
একুইনাসের দর্শন মূলত স্কলাস্টিসিজম-এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা যুক্তি ও ধর্মের সমন্বয় সাধন করে। একুইনাস বিশ্বাস করতেন যে প্রাকৃতিক যুক্তি (reason) এবং ঈশ্বরপ্রদত্ত বিশ্বাস (faith) পরস্পরবিরোধী নয়, বরং পরিপূরক। তিনি এরিস্টটলের দর্শনকে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের সাথে মেলানোর চেষ্টা করেন। বিশ্বজগতের আদি কারণ এবং সত্য-ভালো-সুন্দরের পরম মান হিসাবে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নানা যুক্তি দেন তিনি।
প্রাকৃতিক নীতি (Natural Law) এর উপর ভিত্তি করে একুইনাসের নীতিশাস্ত্র গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে ঈশ্বরপ্রদত্ত একটি নৈতিক বোধ আছে, যা ভালো-মন্দের পার্থক্য করতে সাহায্য করে।
একুইনাস শুধু দার্শনিকই ছিলেন না, তিনি একজন গীতিকারও ছিলেন। তাঁর রচিত কিছু ধর্মীয় স্তোত্র ক্যাথলিক উপাসনায় এখনও ব্যবহৃত হয়।
একুইনাসের দর্শন (Thomism) রোমান ক্যাথলিক চার্চের সরকারি দর্শনে পরিণত হয়েছে। ১৮৭৯ সালে পোপ ত্রয়োদশ লিও তাঁর দর্শনকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। আজও তাঁর চিন্তাভাবনা ধর্মতত্ত্ব, দর্শন ও নীতিশাস্ত্রে প্রভাব বিস্তার করে চলেছে।
সেন্ট টমাস একুইনাস ছিলেন একজন বহুমুখী প্রতিভা—দার্শনিক, ধর্মতাত্ত্বিক, কবি ও শিক্ষক। যুক্তি ও বিশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে তিনি পশ্চিমা চিন্তাধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁর রচিত স্তোত্রগুলো আজও বিশ্বজুড়ে ক্যাথলিকদের ধর্মীয় জীবনে প্রেরণা যোগায়। মধ্যযুগের এই মহান পণ্ডিতের চিন্তা ও সৃষ্টি আজও প্রাসঙ্গিক এবং মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ।
সেন্ট টমাস একুইনাসের কয়েকটি কবিতা ও স্তোত্র :
তুমি কি তা আলিঙ্গন করতে পারো?
তুমি কি তা আলিঙ্গন করতে পারো?
আমি ঈশ্বরকে বলি, “আমাকে তোমায় ভালোবাসতে দাও।”
ঈশ্বর বললেন, “কোন্ অংশটা?”
“তোমার সবটাই।” বলি আমি।
“প্রিয়,” ঈশ্বর বললেন, “তুমি যেন এক ইঁদুর, যে সন্তান ধারণ করাতে চায়
এক বাঘকে—যার কিনা গর্ভধারণের মনোভাবেই নেই।
এ তো তোমার সাহস আর শক্তির অনেক অনেক বাইরে।
আমি যদি আমার মুখোশ খুলে ফেলি,
তুমি দৌড়ে পালাবে।”
আমি আবার বললাম,
“প্রিয়তম, আমি তোমায় ভালোবাসতে চাই—
তোমার প্রতিটি দিক, প্রতিটি রন্ধ্রে।”
এইবার ঈশ্বর বললেন,
“আমার শরীরে এক ভয়ংকর দাগ আছে,
যদিও তা আমার সত্তার এক অতি ক্ষুদ্র অংশ—
তুমি কি তাকে চুম্বন করতে পারো, যদি তা আমি প্রকাশ করি?”
“আমি চেষ্টা করব, প্রভু, আমি চেষ্টা করব।”
ঈশ্বর বললেন,
“সে দাগই এই পৃথিবীর সব ঘৃণা আর
নৃশংসতা।”
জিজ্ঞাসা করো যে-কোনো কিছু
“জিজ্ঞাসা করো যে-কোনো কিছু।”
আমার প্রভু আমাকে বললেন।
আমার মন ও হৃদয় গভীরভাবে ভাবল
এক সেকেন্ড,
তারপর এক শব্দেই উত্তর দিল,
“কবে?”
ঈশ্বরের বাহু তখন খুলে গেল
আর আমি প্রবেশ করলাম নিজের ভেতর।
আমি প্রবেশ করলাম নিজের মধ্যে
যখন আমি প্রবেশ করলাম খ্রিস্টের ভেতর।
আর করুণার পাঠ শিখে আমি
আমার আত্মাকে
থাকতে দিলাম।
সব কিছু চায় ঈশ্বরের মতো হতে
সব কিছু চায় ঈশ্বরের মতো হতে,
আর অসীম আকাশ এক আয়না
যা চেষ্টা করে
তাঁর শরীর প্রতিফলিত করতে।
কিন্তু পারে না।
সমগ্র অসীম সত্তা যা দেখাতে পারে
ঈশ্বর সম্পর্কে—
তা কেবল একটি বিন্দুর সমান।
ঈশ্বর এক রাতে নিজের পেছনে দাঁড়ালেন
আর এক উজ্জ্বল ছায়া ফেললেন,
যেখান থেকে সৃষ্টি হলো এই জগৎ।
এই ছায়াও এমন এক জ্যোতি যে
প্রতি সেকেন্ডে মথগণ আত্মোৎসর্গ করে
এই সৌন্দর্যকে ধরার দুর্বার সাধনায়।
সৃষ্টিজগৎ যতটা পারে ঈশ্বরকে আয়নায় দেখায়,
তবু কী ভীষণ ঔদ্ধত্য
যে কোনো প্রতিচ্ছবির
যে কোনো মানুষের
যদি সে ভাবে যে সে জানে
ঈশ্বরের ইচ্ছাকে :
কারণ ঈশ্বরের ইচ্ছা কখনো উচ্চারিত হয়নি,
তাঁর কণ্ঠস্বর জ্বালিয়ে দেবে
পৃথিবীর ডানা
এবং তার সমস্ত প্রাণকে।
আমরা ঈশ্বর সম্পর্কে মিথ্যে গড়ে তুলি
নিজেদের রক্ষা করতে,
সেই নেকড়ের ডাক থেকে যা আমরা শুনি
আর নিজেরাই তৈরি করি।
সব কিছু চায় ঈশ্বরের মতো হতে,
সব কিছু চায়
ভালোবাসতে।
আমি তোমাকে ভক্তিভরে বন্দনা করি
১।
আমি তোমাকে ভক্তিভরে বন্দনা করি, হে লুক্কায়িত ঈশ্বর,
যিনি এই রুটির আকারের অন্তরালে সত্যিকারভাবে গোপনে বিরাজমান।
আমার হৃদয় সম্পূর্ণরূপে তোমার কাছে আত্মসমর্পণ করছে,
কারণ তোমার প্রতি গভীর মনোযোগে আমি নিজেকে হারিয়ে ফেলি।
২।
দৃষ্টিশক্তি, স্পর্শ এবং স্বাদ—সবকিছুই তোমার উপস্থিতি বুঝতে ব্যর্থ হয়;
শুধু শ্রবণই নিরাপদ বিশ্বাসের পথ দেখায়।
ঈশ্বরের পুত্র যা কিছু বলেছেন, আমি তা বিশ্বাস করি;
এই বাক্যের চেয়ে সত্য আর কিছু হতে পারে না।
৩।
ক্রুশে তোমার মধ্যে শুধুমাত্র ঈশ্বরত্ব গোপন ছিল,
কিন্তু এখানে (এই ইউখারিস্টে) ঈশ্বরত্ব এবং মানবত্ব—দুটোই গোপনে উপস্থিত।
তবুও আমি এই দুইয়ের উপর বিশ্বাস রাখি ও তা স্বীকার করি;
আর আমি সেই অনুতপ্ত চোরের মতোই সেটি চাই,
যা সে শেষ মুহূর্তে প্রার্থনা করেছিল।
৪।
আমি টমাসের মতো তোমার ক্ষত দেখতে পারি না,
তবুও আমি বিশ্বাস করি যে তুমি আমার ঈশ্বর।
আমাকে তুমি যেন আরও গভীরভাবে তোমাকে বিশ্বাস করতে শেখাও,
তোমার মধ্যে আমার আশা স্থাপন করতে দাও, এবং তোমাকে ভালোবাসতে শেখাও।
৫।
হে প্রভুর মৃত্যুর স্মারক,
তুমি জীবন্ত রুটি, যা মানুষকে জীবন দান করে।
আমার মন যেন তোমার দ্বারা জীবিত হয়,
এবং সর্বদা যেন তোমার স্বাদ আমার কাছে মধুর মনে হয়।
৬।
হে দয়ালু পেলিকান, প্রভু যিশু,
আমি পাপমুক্ত নই—তোমার রক্ত দিয়ে আমাকে বিশুদ্ধ কর।
তোমার রক্তের এক ফোঁটাই যথেষ্ট
সমগ্র পৃথিবীকে সমস্ত পাপ থেকে রক্ষা করতে।
৭।
হে যিশু, যাকে আমি এখন ঢাকা অবস্থায় (রুটির রূপে) দেখি,
আমি প্রার্থনা করি—আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হোক,
যাতে আমি একদিন তোমাকে উন্মুক্ত মুখাবয়বে দেখতে পারি,
এবং তোমার গৌরব দর্শনের আনন্দে ধন্য হই।
আমেন।
হে প্রকৃত রুটি, হে উত্তম রাখাল
হে প্রকৃত রুটি, হে উত্তম রাখাল, আমাদের পালন কর।
হে যিশু, তোমার প্রেমে আমাদের বন্ধু করে নাও।
তুমি আমাদের পুনরুজ্জীবিত কর, আমাদের রক্ষা কর,
তোমার অনন্ত শুভতা বর্ষণ কর আমাদের ওপর,
যাতে আমরা জীবনের সেই দেশে (স্বর্গে) তা দর্শন করতে পারি।
তুমি—যে সবকিছু জানো এবং সবকিছু পারো,
পৃথিবীর এই নিচে এমন খাদ্য (ইউখারিস্ট) দান করেছ,
আমাদেরকে—এমনকি আমরা যদি ক্ষুদ্রতম হই—
তোমার সেই স্বর্গীয় ভোজে,
তোমার সমস্ত সাধুদের সাথে উত্তরাধিকারী ও অতিথি করে নাও।
হে মুক্তিদানকারী যিশু
হে মুক্তিদানকারী যিশু, খুলে দাও স্বর্গের দরজা,
যাতে পৃথিবীর মানুষ প্রবেশ করতে পারে।
চারপাশ থেকে শত্রুরা আমাদের আক্রমণ করে;
তুমি আমাদের সাহায্য কর, আমাদের শক্তি দাও।
তোমার মহামহিম নাম চিরকাল বন্দিত হোক;
তুমি অনন্ত ঈশ্বর, এক কিন্তু ত্রয়ীসত্তায়।
আমাদের অনুগ্রহ কর যেন
আমরা চিরদিনের জন্য সেই সত্যিকার স্বদেশে (স্বর্গে) বাস করতে পারি।
দিব্যবাণী
দিব্যবাণী পিতার দিক থেকে নির্গত হয়ে --
তবুও পিতার পাশ ত্যাগ না করেই --
পৃথিবীতে নিজের কার্য সম্পন্ন করল
এবং একসময় জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছাল।
এক মিথ্যাবাদী শিষ্য তাকে শত্রুদের হাতে তুলে দিল,
যারা তাঁর প্রাণ নিতে চেয়েছিল।
কিন্তু তিনি নিজেই, যিনি স্বর্গীয় রুটি,
প্রথমে তা নিজের শিষ্যদেরই দিয়ে দিলেন।
তিনি নিজেকে দুই প্রকারে (রুটি ও দ্রাক্ষারস) দিলেন—
তাঁর মূল্যবান দেহ এবং মূল্যবান রক্ত,
ভালবাসার পূর্ণতায় তিনি এই পরিকল্পনা করলেন
যাতে মানুষ তাঁর সম্পূর্ণ সত্তা দ্বারা পুষ্ট হয়।
তিনি জন্মসূত্রে মানুষদের সঙ্গী,
তাঁদের খাদ্যরূপে বসেছেন টেবিলে,
তাঁদের মুক্তিকর্তা হয়ে প্রাণ দিলেন,
এবং এখন চিরকাল রাজত্ব করেন—
তাঁদের চূড়ান্ত পুরস্কার হয়ে।
[এই স্তোত্র বা Hymn-গুলি ক্যাথলিক গির্জার লিটার্জিতে তথা আনুষ্ঠানিক উপাসনায়, Eucharist বা Holy Communion-এর সময় ব্যবহৃত হয় এবং খ্রিস্টের আত্মবলিদান, প্রেম ও ঐশ্বরিক রহস্যের গভীর প্রতিফলন বহন করে।]
