২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদচন্দ্রিকা

এক সংস্কৃতির ভিন্ন ঢেউ বন্ধুতার হাত ধরে অপর সংস্কৃতির দেয়ালে আছড়ে পড়ে অপার আনন্দে৷ সেখানে কোনো উঁচু-নিচু সঙ্কীর্ণতা নেই। সেখানে আকাশের মত উদার সৌজন্যে খান খান হয়ে যায় মাটিতে থাকা ঠুনকো কাচের বাসনের মতো বিভেদের বৈভব!

সুস্মিতা চক্রবর্তী সুস্মিতা চক্রবর্তী

Published : 21 Mar 2026, 01:18 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

বাজার, বন্ধুতা আর খাবার-- এই তিনের স্বাস্থ্যকর দিক হলো, এরা মানুষের সঙ্কীর্ণতা খানিকটা ঘুচিয়ে দিতে পারে। ব্যক্তি মানুষ যত শিক্ষিত-পরিশীলিত প্রক্রিয়ার সাথে বাস করতে থাকে তত সে একলা হয়৷ সামষ্টিক বা গোষ্ঠীসম্মত আচারআচরণে বিশাল বদল ঘটে। আবার বাস্তব জীবনজীবিকাজনিত বাস্তুচ্যুতির মত নানান সময়ের পরিবেশপরিস্থিতির বদলের মধ্য দিয়েও ব্যক্তি মানুষের নানা রূপান্তর ঘটে। এই রূপান্তর স্বাধীন ব্যক্তিমানসের জন্য কাঙ্ক্ষিত আর অপরিহার্য হলেও মানুষের মগ্নচৈতন্যে ফেলে আসা সামষ্টিক আচারের টুকরো স্মৃতি ভিন্ন পরিস্থিতির মধ্যেও নতুন রূপে জেগে ওঠে, জাগরূক থাকে। সেখান থেকে যুক্তি ও আবেগের দ্বিধাদ্বন্দ্ব ছাপিয়ে ব্যক্তি তার পছন্দ মতো সাংস্কৃতিক আচার ধারণ করে; যোজন-বিয়োজন করে। একমাত্র স্বাতন্ত্র্যবোধই ব্যক্তির জন্য নিজস্ব এক সাংস্কৃতিক বোধ আর চর্চার নতুন চৌকাঠ তৈরি করে। ফলে স্বতন্ত্র ব্যক্তিও নানান বাস্তবতায় ও সাংস্কৃতিক পরিসরে অন্যের সাথে মিলনের পথে পছন্দ মতো পা বাড়ায়। জীবন গড়িয়ে যখন মধ্যাহ্ন আসে নিজেকে সাপুড়ের মত লাগে। মনে হয় নিজেই অদৃশ্য কোনো বিন বাজাচ্ছি আর তার সুরেতালে ফেলে আসা সামূহিক স্মৃতির ঝাঁপি খুলে যাচ্ছে ফরাৎ ফর করে। কত কত স্মৃতি যে চোখের সামনে জ্যান্ত ফণার নাচন তোলে সে কেবল প্রাকৃত ‘স্মার্ত’জন কিংবা সাপ-খেলুড়েই জানে! 

ঈদ সমাসন্ন। ফলে ফেলে আসা স্কুলবেলার রোজা আর ঈদের দিনের কথা মনে করতে বসি। গল্প শুরু হয় মফস্বলি সময়ের রোজার দিনগুলোয় এক ভিন্নধর্মী পরিবারের ইফতারির স্বাদ নেওয়ার নিয়মিত আনন্দ আর আন্তরিকতা থেকে। বাবা আমাদের জন্য প্রায় বিকেল-সন্ধ্যায় ইফতারি কিনে আনতেন৷ বাবার হাতে ধরা ঠোঙায় লেগে থাকা গরম তেলের ছাপ আর গন্ধের পিছে আমাদের খুশির রোজার দিন লেগে থাকতো! গরম গরম বেগুনি, পেঁয়াজু, মুড়ি আর বুটের সমারোহে আমাদের আমোদ-আড্ডা চলতো। এমনিতে পানি আর জলের মত আলাদা শব্দের আচারে প্রতিনিয়ত বিভাজিত হিন্দু-মুসলমান সমাজ-পরিবারে ভোজনরসিকতা আর বন্ধুতাই কিন্তু ঐক্যের বাতাস বইয়ে দিত৷ ঈদের দিন সকাল সকাল সাজগোজ করে বান্ধবীরা মিলে বের হতাম রাস্তায়। এই দিন আমাদের জন্য আনন্দের দিন আর বাড়তি স্বাধীনতার দিনও। কারণ সারা বেলা বাইরে থাকলেও অভিভাবকের কোনো নিষেধাজ্ঞা নেই। মনে আছে, এক বান্ধবীর বাসার নাস্তায় তখন বাসন-ভরা মফস্বলি পরম্পরার  রঙিন বাহারি সব ফুলেফেঁপে থাকা পাঁপড়, কিশমিশ দেয়া বুটের বরফি, সুজির বরফি, চিনিতে ভাজা বাদামি রঙের শুকনো সেমাই, ঘন দুধে ভেজানো বাদাম-কিশমিশের লাচ্ছাসেমাই, নুডুলস আর ডুবো তেলে ভাজা চিনির শিরায় ডোবানো বিচিত্র নকশার, আমাদের সেই আদি-অকৃত্রিম, আকর্ষণীয় চুনমুনে পাকোয়ান পিঠা! আহা কী তার স্বাদ! তখন খাবার নিয়ে ক্যালোরির হিসাব করার মত বেরসিক সচেতনতা বা যাচাইবাছাই করার মতো স্বাস্থ্যকর বিলাসিতা কোনোটিই চিনি না। কেবল জানি ঈদের দিনে এরা সব আমাদের জন্য বাসায় বাসায় ডাইনিং টেবিলের ডিশে-বাটিতে সাজানো থাকে। আমরা বান্ধবীরা দল বেঁধে কারণেঅকারণে মহানন্দে ঘরেবাইরে উপচে পড়ি আর এবাড়ি ওবাড়িতে গিয়ে ভুরভুরে সুঘ্রাণের খাবার ইচ্ছেমতো সাবাড় করি। নাস্তা শেষে আবার বের হয়ে পড়ি রাস্তায়-- হুডখোলা রিকশায় তিনজন তিনজন করে প্রজাপতি হয়ে ঘুরি। এই দিন রিকশাভাড়া নিয়ে কোনো ধরনের চিন্তা থাকে না৷ সবার হাতে পরিষ্কার টাকা জ্বলজ্বল করতে দেখি। আড্ডা আর ঘোরাঘুরিতে দিনের বেশিরভাগ সময় পার হয়ে যায়৷ বাসায় ফিরে দেখি মায়ের অফিসের বন্ধুপ্রতিম বস্, যিনি বন্ধুবৎসলও বটে, যাঁকে আমরা সমীহ করে 'বড় আন্টি' ডাকি তিনি বক্স ভরে খাবার পাঠিয়েছেন৷ ঢাকনা খোলামাত্রই জুলজুলিয়ে ওঠে পোলাউ, রোস্ট আর জর্দার মত আশ্চর্য হলুদ রঙের খাবার, আমাদের হিন্দু পরিবারের অপরিচিত কিন্তু যে-কারো জন্যই লোভনীয়। সেসব খাবার আমরা চেটেপুটে খাই। মনে আছে, চরম গরমের ঈদের দুপুরে কোনো এক বান্ধবীর বাসায় কেবল চটপটি খেতেই বসে পড়ি। তেঁতুলের টক মিশিয়ে শশা, টমেটো আর ধনিয়াপাতা দেয়া চটপটিতে আমরা যে যার মতো গ্রেট করে রাখা ডিম মেশাতে মেশাতে গালগল্পে মশগুল হই, মাঝেমধ্যে হয়তো বিষমও খাই। ঈদের সারা দিনের ঘোরাঘুরি আর আড্ডা শেষে ক্লান্ত আমরা যখন বাড়ি ফিরতাম  তখন সত্যি আর আনন্দ করার মত কিছু অবশিষ্ট থাকতো না! মনে পড়ে, কোনো এক ঈদে বান্ধবীদের একই রকমের নতুন জামা পরার সই-পাতানো আনন্দে যাতে শামিল হতে পারি সেজন্য আমাকেও সেই নতুন জামা বানিয়ে দেয়া হয়েছিলো। সেবার একইরকম নতুন জামায় আমাদের পুলক হয়েছিলো দেখবার ও দেখাবার মতোন। মেয়েবেলার এমন নির্মল কত কত আনন্দ ঈদের সাথে চন্দ্রিকার মতো জড়িয়ে আছে। তবে শহরতলির হিন্দু পরিবারের নারীদের তখনও মেহেদিপাতায় হাত রাঙানোর মতো উদারতা ছিলো না যদিও আজ কেতাদুরস্ত সর্বগ্রাসী বাজারে সে ভেদও ঘুচে যেতে দেখি। এখন মেহেদি পরার চল হিন্দু-মুসলমান, ধনী-দরিদ্র নির্বিশেষে দেখা যায়, বিশেষত বিয়ের অনুষ্ঠানে সাজগোজের অনুষঙ্গে, যেমন লক্ষ করা যায় পহেলা বৈশাখের বাজারে সাদা-লাল রঙের বাহারি পোশাকের বেচাবিক্রির ক্রমপ্রসারিত দাপট। 

মানুষের সংস্কৃতি বড় জটিল আর বিচিত্র। শ্রেণিগত, সম্প্রদায়গত, ধর্মীয়, লিঙ্গীয় ও বাজারি পরিপ্রেক্ষিত ও প্রক্রিয়ার মধ্য দিয়ে একে বোঝাপড়া করার ভিন্ন ভিন্ন সম্ভাবনা ও সুযোগ সমাজে রয়েছে। ফলে পাশাপাশি বাস করা ভিন্ন ভিন্ন সমাজ-সংস্কৃতির পড়শি উৎসবঅনুষ্ঠান ঘিরে যে পারস্পরিক আদানপ্রদান চলে সেটা অন্যরকমভাবে স্মৃতিতে থেকে যায়। সেজন্য যেখানেই থাকি, ঈদের দিনে অন্তত সেমাইটুকু না খেলে প্রাণে স্বস্তি আসে না, যেমনি করে রোজার দিনে আমার মত বেরোজদারেরও ইফতার করা লাগে, সরস্বতী পূজায় সাদা শাড়ি পরে অঞ্জলি দিতে ইচ্ছে করে, ফাল্গুনের প্রথম দিনে একটু হলুদ রং গায়ে জড়াতে ইচ্ছে করে, পহেলা বৈশাখে ইচ্ছে করে সাদালাল রং পরতে, দুর্গা পূজায় একটু প্রতিমা দর্শন আর ঢাকের শব্দ শোনার জন্য শরীরমন কেমন মুখিয়ে থাকে; ওদিকে শবেবরাতের দিন হালুয়ারুটি পেলে বর্তে যায় মন কিংবা পূজার দিনে নাড়ু আর প্রসাদের খিচুড়ি-তরকারি খাওয়ার লোভ তাতিয়ে বেড়ায়, এমনকি শীতের দিনে পিঠা খাওয়ার মত সামষ্টিক স্মৃতির চিহ্ন ধরে পিঠা বানানোর শিল্পকলা এই আনাড়ি আমাকেও অগত্যা আগুনের সামনে হাজির করে! সামষ্টিক রেওয়াজের চমৎকার সব মফস্বলীয় স্মৃতি এভাবে গল্পে-কথায়-কল্পনায় আর সর্বোপরি খাবারে ভর করে শেকড়চ্যুত জীবনেও ফিরে ফিরে আসে। এক সংস্কৃতির ভিন্ন ঢেউ বন্ধুতার হাত ধরে অপর সংস্কৃতির দেয়ালে আছড়ে পড়ে অপার আনন্দে৷ সেখানে কোনো উঁচু-নিচু সঙ্কীর্ণতা নেই। সেখানে আকাশের মত উদার সৌজন্যে খান খান হয়ে যায় মাটিতে থাকা ঠুনকো কাচের বাসনের মতো বিভেদের বৈভব!