২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জগত ও অন্যান্য কবিতা

পিপাসিত ওষ্ঠ অপসৃয়মান আলোর শেষ রশ্মিটুকু/ চুমুকে পান করে ডুবে যায় দ্রাক্ষার গহ্বরে।

অন্তর্জগত ও অন্যান্য কবিতা
চিত্রকর্ম ম্যাক্স এর্নস্ট

সাদিয়া নাজিব সাদিয়া নাজিব

Published : 29 Nov 2025, 11:02 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

অন্তর্জগত 

তুমি ভাবছো ভোর হয়ে এলো বুঝি

অন্ধকারের গর্ভ থেকে বেরিয়ে 

নিশাচক্রের খেলায়

গ্রেগর সামসার মেটামরফোসিস ধাঁধায়

যেমন! 

বাস্পীভূত জানালায় সিগারেটের ধোঁয়া 

কুণ্ডলী পাকিয়ে বহির্গমণ খোঁজে 

তোমার হ্রস্ব পৃথিবী কাল্পনিক সূত্র ছিঁড়ে

সূচনা করে পুনর্বার একঘেয়ে দিন

 অভ্যস্ত স্বমৈথুনে জন্ম - মৃত্যুর দ্বান্দ্বিকতা

ইদানিং 

মুখোশের আড়ালে মুখোশ 

বরফ শীতল অসারতায় আচ্ছন্ন হৃদয় 

অনুভব করে বুদ্ধিবৃত্তিক দাস জনম

মগজে কাফকার অট্টহাসি 

মেটামরফোসিস এবং গ্রেগর সামসা

মূলত যুগপৎ স্বীকৃতি ও পরিচয়ের 

সুতীব্র দ্বন্দ্ব,  একটি আত্ম-জিজ্ঞাসা

একটি পরাজিত ভোর। 

প্রচ্ছন্ন

চাঁদ যখন পিছু নিলো

বুঝেছি, এবার অন্তর্গত হবো কলংকের।

চক্রাকারে ঘিরে ধরেছে, বিজনপ্রহরে

বিরহের নদীভূত বোল।

তুমি হেঁটে যাও দীর্ঘ ছায়া ফেলে 

চৌচির হৃৎপিণ্ড,

তবুও গোলাপ ফোটে!

পিছু নিয়েছে চাঁদ

গৃহবাস ফেলে আমি ও কি হবো সিদ্ধার্থ? 

তবে প্রেমগীত কন্ঠে নিয়ে, 

যোগিনীরা নিরুদ্দেশ হবে 

তখন 

চাঁদের কলংক শুধু চাঁদেরই রবে।

অতল নিমজ্জনে

দ্রাক্ষার ভেতরে হারিয়েছে তৃষ্ণা

ওষ্ঠ বেয়ে হেঁটে চলেছে মধুকর 

ঈষৎ বেঁকে যাওয়া চাঁদ

গোধুলির ইশারায় নৈঋতের দুয়ার খুলে 

নেমে যায় অতলান্তে।

জলের ভেতরে তবু জলের তৃষ্ণা বেড়ে চলে 

বৃক্ষবাকলের মরুময়তা

দু চোখের পাতার প্রগাঢ় নিস্তব্ধতা 

ক্ষয়ে যাওয়া দিগন্ত রেখায়

এগিয়ে চলে যেনো সরিসৃপ।

পিপাসিত ওষ্ঠ অপসৃয়মান আলোর শেষ রশ্মিটুকু

চুমুকে পান করে ডুবে যায় দ্রাক্ষার গহ্বরে।

চাই প্রেম

আমাকে প্রেম দাও

উদগমন হই মৃত্তিকার অতল ফুঁড়ে

যেন

লতিয়ে উঠি লেডিফার্ন, ভগ্নপ্রাসাদের করোটিতে। 

আমাকে প্রেম দাও

ধমনিতে হই উচ্ছ্বলিত রাইন,

প্রাণোচ্ছ্বাস শুনতে পাবে হৃদয় থেকে হৃদয়ে। 

তুমি সাকার ঈশ্বর প্রতীয়মান

প্রলয়ের মতো ঘূর্ণির মতো স্রোতের মতো 

টেনে নিয়ে যাও পৌরুষের বলিষ্ঠতায়।

নখাগ্র থেকে কেশাগ্র পুড়ছে জলহীন

যেন শত সহস্র বিরান কালাহারি। 

আমাকে প্রেম দাও

আষাঢ়ের প্রথম বৃষ্টির সোঁদাগন্ধ হবো।

বিলোল বর্ষণে পাললিক অঞ্চলে 

উন্মুক্ত হবে দক্ষিণ দুয়ার। 

আমাকে প্রেম দাও পুরুষ 

আমি যে রমণী হবো!

জননী 

এই যে, এখান থেকে ভোর হবে 

চেয়ে দেখো, এইখান থেকে

ঠিক আমার নাভীমূল থেকে 

এঁকেবেঁকে নদীর মতো, নদীর শাখার মতো

বৃক্ষশাখার মতো 

শাখা প্রশাখা বিস্তারী সকল জীব অণুজীবের 

ভোর হবে এইখান থেকে

এই মানবীনাভীর গোড়া থেকে। 

শ্রাবণ ধারায় ক্ষয়ে ক্ষয়ে যদিও যাবে তার চোখ

মেঘ থেকে কাজল নিয়ে তবু্ও সে পরবে।

সূর্যকে করবে টিপ 

হাওয়া নামের পুরনো অধ্যায় খুলে দেবে অনসূয়া অন্ধকারে 

তুমি ফুটবে চিন্ময় নাভীর প্রকোষ্ঠে 

জানি, যদিও 

এই শিকড় তুমিই কাটবে ঈর্ষা ও লোভের করাতে

তবুও

স্থিতধী মৃত্তিকার গভীর অনন্তে ভোরের আলো চমকাবেই।