মোহাম্মদ রফিকের কবিতা: ভালোবাসার মাস
সে তো পড়ে রইল ধলেশ্বরী পদ্মা বংশী বিষখালি
পেরিয়ে যতদূর বিস্তৃত মেঘনা যমুনা গজারিয়া তিস্তা;
কোথাও-বা তিরতির জলে হাই তুলছে বালি, বেগানা
হাওয়ায় ঘোমটা খুলছে তৃণ!
থমকে-যাওয়া মেঘে-মেঘে ক্ষয়ে-আসা চতুর্দিকে প্রক্ষিপ্ত সূর্যের
ছায়াভস্ম, এতটাই নিরুদ্বিগ্ন; যেন সময়ের অশ্বক্ষুরধ্বনি
থেমে আছে পলাশীর প্রান্তরসীমা ছুঁয়ে আম্রকাননে!
শুধুমাত্র একপাল অভিবাসী পাখির দঙ্গল উড়ে চলে
মাঠ-ঘাট-নদী, কচুরিপানার ঝাঁক, হোগলার ঝোট
ছেড়ে; পায়ে কাদা, মুখে ধানশিষ!
নিঃসাড় হয়ে এলো দেহ! এইমাত্র বেরিয়ে গেল শ্বাস!
জল ভাবে, চুড়ি-শাঁখা-নোয়া ভেঙে শুরু হলো
বেপথু হওয়ার কাল! পালটে নেয়
জ্যোৎস্না-ধোয়া ধবধবে সাদা থান!
রাত্তির কিন্তু গাঢ়স্বরে বলে, না!
ওই দেখো, অন্ধকার বাঁশঝাড়ে, শটিবনে, দেহখানা নড়েচড়ে,
হায় হায় জলগন্ধে ভুরভুর নিঃসীম পাথার!
