১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আপিলে আরও ৬০ জনের প্রার্থিতা ফিরল

আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 11:25 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে আরও ৬০টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন আপিল শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান।

এ নিয়ে ছয় দিনে ৩৩৫ আপিলকারী প্রার্থিতা ফিরে পেলেন। আর বাছাইয়ে বৈধ হওয়া দুজনের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।

ষষ্ঠ দিনে ১০৪টি আবেদনের ওপর শুনানি হয় বলে তথ্য দেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর হয়েছে। ২৯টি আবেদন নামঞ্জুর হয় এবং কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে পাঁচটি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে অপেক্ষমাণ রয়েছে ১০টি আপিল।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিল ১ হাজার ৮৪২ জন। পরে আপিলে বাদ পড়েছেন দুজন। আর আপিলে ৩৩৫ জনের প্রার্থিতা ফেরায় এখন বৈধ প্রার্থী হয়েছে ২ হাজার ১৭৫ জন।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।

তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর প্রার্থী চূড়ান্ত হবে কতজন ভোটে থাকবে।

২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাবেন। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।