Published : 12 Feb 2026, 08:31 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে ভোটের আগের রাতে ‘নির্বাচন বয়কটের’ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে এ ঘোষণা দেন হারিকেন প্রতীকের প্রার্থী মোস্তফা।
তিনি বলেন, “প্রার্থিতা ঘোষণার পর থেকে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ছিলেন। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করলেও তা পূরণ করা হয়নি।
“তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বিকার নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “জেলার ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এজন্য আমি হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোস্তফাসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।