Published : 23 Jan 2026, 11:15 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারও ‘নীল নকশা বাস্তবায়ন বা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি’ হিসেবে ব্যবহার হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি দাবি করেছেন, একটি ‘স্বার্থান্বেষী মহলের প্রতারণার’ কারণে তারা জামায়াতের জোট থেকে বেরিয়ে এসেছে।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ-৪ আসনের পঞ্চবটি হরিহরপাড়া এলাকায় এক জনসভায় চরমোনাই পীর হিসেবে পরিচিত রেজাউল করিম বলেন, “যখন আমাদের প্রতারিত করলো, নিজেদের চলার সাথী-বন্ধুর সাথে প্রতারণা করলো, তখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই নীল নকশার বা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে, আমরা ব্যবহার হতে পারি না।”
দলের প্রতীক হাতপাখার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “দেশ, ইসলাম ও শরিয়ার প্রতি সম্মান রেখে আমরা একটা বাক্স রেখেছি হাতপাখা। আর কোনো বাক্স ইসলামের পক্ষে নাই।”
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জামায়াতে ইসলামী ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ করেছে। ইসলামী আন্দোলন জোটটি ১১ দলীয় হলেও আসন সমঝোতা নিয়ে টানাপড়েনের মধ্যে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় দলটি।

ভোটের প্রচারের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রাথী মো. ইছমাইল হোসেন কাউছারের সমর্থনে আয়োজিত জনসভায় দলের আমির বলেন, “ইসলামের পক্ষে একটা বাক্স রাখার চেষ্টা আমরা করেছিলাম। কারণ, বহু আদর্শের রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি, পরিবর্তন আনতে পারে নাই।”
রেজাউল করীম বলেন, “যে দেশে ৯২ ভাগ মুসলমান বসবাস করে, সে দেশে বাস্তবতা হল-ইসলামী নীতি-আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার দ্বারাই শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাবো। এই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যখন চলছিলাম তখন সাড়াও এসেছিল।
“কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল এ সুযোগটাকে ‘ব্ল্যাকমেইল’ করে আমাদেরকে প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তে একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের বড় লক্ষ্য, উদ্দেশ্যকে ম্লান ককে দিল। ‘পাকা ধানের ভেতর মই’ দিয়ে ধানকে ধ্বংস করে দিল।”
কোনো দলের নাম না নিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, “আমরা দেখলাম, ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। সম্পূর্ণ (ইসলামের) লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে।
“তারপর দেখলাম, গোপনে গোপনে পাশের রাষ্ট্র ভারতের সাথে, একবার নয় বহুবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় তীরের আঘাত দিয়েছে।”
এর আগে নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁয়ের কাঁচপুরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে তার দলের প্রার্থী গোলাম মসীহ্।
চরমোনাই পীর এ জনসভায় বলেন, “বন্ধুদের সঙ্গে যারা প্রতারণা করে, তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও প্রতারণা করবে। আমরা এই ধোঁকাবাজদের ক্ষমতার সিঁড়ি হতে চাই না। আমরা রাজনীতি করি এই দেশ ও মানুষের কল্যাণের জন্যে, ইসলামকে বাস্তবায়নের জন্য।”