Published : 10 Feb 2026, 01:58 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহন ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে প্রার্থী ও তার প্রত্যেক এজেন্ট একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে চলাচল করার সুযোগ রয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহার
>> প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে জিপ বা কার বা মাইক্রোবাস বা সিএনজি চালিত অটোরিকশা কিংবা রিকশা আকৃতির একটি ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। প্রার্থী ও নির্বাচনি এজেন্টের গাড়িতে লাইসেন্সধারী চালকসহ সবমিলিয়ে পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান থাকলে তিনিও ওই পাঁচজনের অন্তর্ভুক্ত হবেন।
>> যেসব এলাকায় মোটর সাইকেল ব্যতীত অন্যকোনো বাহন চলাচল সম্ভব নয়, সেক্ষেত্রে প্রার্থী নিজে ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে দুটি করে মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটর সাইকেলে চালকসহ দুজন করে থাকতে পারবেন।
>> নৌযানের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট সর্বোচ্চ পাঁচজন করে গাড়িতে চলাচল করতে পারবেন।
যানবাহন ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনি এজেন্টকে যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের (প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত) জন্য রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করতে হবে। একইসঙ্গে
রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া স্টিকার গাড়িতে প্রদর্শন করতে হবে। প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না।
যানবাহনে বিধিনিষেধ
সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দুইদিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে আগে ইসি ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পাশাপাশি ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহনের জন্য শিথিল থাকবে।
এছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহনের জন্য বিধিনিষেধ শিথিল থাকবে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো; গণভোটেরটি গোলাপি।
ভোটকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রয়েছে সবধরনের প্রচার।
সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলে দুই হাজারেরও বেশি প্রার্থী রয়েছে। এবার ভোটার রয়েছে প্রায় পৌনে ১৩ কোটি।