Published : 08 Feb 2026, 09:53 PM
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ট্রাক প্রতীকে গোলাফ হোসেন।
সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় জালাল উদ্দিনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।”
এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ নির্বাচনি পরিবেশ উপভোগ করতে যাচ্ছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
তিনি জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মত চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে ধানের শীষের পক্ষে তারা কাজ করবেন।
গোলাফ হোসেন ও গণঅধিকার পরিষদের নেতাদের স্বাগত জানিয়ে জালাল উদ্দিন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চান তিনি। যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি সাইফুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাছুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, সহসাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা।