ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র্যাব
“যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।”
ভোটের মাঠে টাকা লেনদেনসহ অনিয়মের কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করেছে র্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল।
বুধবার পুরান ঢাকার কবি নজরুল সরকারী কলেজ মাঠে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।
নির্বাচনে টাকা লেনদেন ঠেকাতে র্যাব কী পদক্ষেপ নিচ্ছে সাংবাদিকরা জানতে চাইলে শিথিল বলেন,"এক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
“প্রত্যেক প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবেন। নির্বাচন সুরক্ষা নামে একটি অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপসে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেবো।"
বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম বলেছেন জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের ৭৪ লাখ টাকা ছিল।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনের যে কোনো ধরনের অরাজকতা নির্মূল করতে র্যাব- ১০ প্রস্তুত রয়েছে বলে লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল জানান।
তিনি বলেন,"আমাদের দ্বায়িত্ব ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনের। এই আসনের নিরাপত্তার দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেকটা কেন্দ্রে পেট্রোল ফোর্স ইতোমধ্যে চলে গেছে । প্রতিটি কেন্দ্রে ড্রোন ডগ স্কোয়ার্ড থাকবে। ইতোমধ্যে সকল কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যেকোনো ধরনের গুজব ও নাশকতা মূলক কর্মকান্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতাও আছে। ভোট শুরু থেকে গননা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো।"
তিনি বলেন,"নির্বাচনে পুলিশ,আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কোনো অরাজকতা আর তারা নির্মূল করতে না পারলে র্যাপিড একশন ব্যাটালিয়ন ও সেনাবাহিনী পদক্ষেপ নিবে।"
এরপরে তারা পার্শ্ববর্তী ঢাকা গভ. মুসলিম হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন।
