২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: তারেক রহমান

“ধানের শীষ যতবার বিজয়ী হয়েছে, ততবারই দেশ ও এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে।”

ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে: তারেক রহমান
বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শেরপুর উপজেলার ধুনট মোড় পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 05:25 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষে ভোট দিলে দেশ ও এলাকার উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “ধানের শীষ যতবার বিজয়ী হয়েছে, ততবারই দেশ ও এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।”

‎শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে বেলা ৩টায় শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ধুনট মোড় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বহু বছর পর আজ আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য মহান রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

“অতীতে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমরা আবারও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”

‎শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “নিজেদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।”

‎পথসভা ঘিরে শেরপুর ও ধুনট এলাকার হাজারো মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎এর আগে পথসভায় ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, শেরপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউসার কলিন্স বক্তব্য দেন।